চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম সুজন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল রবিবার বিকেল ৩টায় দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিমের ছেলে। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার শোবার ঘর থেকে ৬০০ পিস নেশা-জাতীয় মাদকদ্রব্য (বুপ্রেনরফিন ইঞ্জেকশন)সহ সুজনকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওই দিনই মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিদর্শক আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ পরিচালিত ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার প্রত্যেককে ৫ লাখ টাকা করে এই অনুদান দেয়া হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অনুদানের চেকগুলো বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, বিআরটিএ-চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান, জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদসহ অন্যরা। নিহতদের মধ্যে ২০২৪ সালের ১৫ মে জেলার নাচোল উপজেলার জোবদুল হকের ছেলে আতাউর রহমান, ৩০ মে সদর উপজেলার সুলতান আলীর ছেলে রেজাউল্লাহ, ১৪ জুন নাচোল উপজেলার আব্দুল মতিনের ছেলে জাহিদ হাসান, ২৮ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার আফসার আলীর ছেলে শাহজাহান আলী এবং ১ অক্টোবর গোমস্তাপুর উপজেলার আইনাল হকের ছেলে নূর আমিন সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত হবার পর পরিবারগুলো বিআরটিএ কর্তৃক পরিচালত ট্রাস্টি বোর্ডে ক্ষতিপুর দাবি করে আবেদন করলে এই ৫ জনের পরিবারের অনুকূলে ৫ লাখ টাকা করে মঞ্জুর করা হয়। রবিবার জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ এই চেকগুলো বিতরণের আয়োজন করে।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ লংমার্চ কর্মসূচি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত ফেলানিসহ সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়। রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ উপলক্ষে জেয়াফতের আয়োজনের পাশাপাশি সংক্ষিপ্ত প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। ‘বাংলাদেশ জনগনে’র ব্যানারে আয়োজিত সভায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের চেষ্টার প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেয়া হয়। এ সময় ভারত ও ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন স্লোগানে স্লোগানে হাই স্কুল মাঠ মুখরিত করে তোলেন অংশগ্রহণকারীরা। শেষে মডেল হাই স্কুল মাঠ থেকে কিরণগঞ্জ বর্ডার অভিমুখে একটি লংমার্চ শুরু হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই দুটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন তারা। ভারত এদেশে আর দাদাগিরি করতে পারবে না বলেও হুশিয়ারি দেয়া হয়। ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুশিয়ারি দেন তিনি। ‘বাংলাদেশের জনগণে’র মুখপাত্র আবু মোস্তাফিজ বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশকে শোষণ করে এসেছে। সীমান্তে বড়ভাইয়ের মতো আচরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে জিরো লাইনে ভারতকে বেড়া নির্মাণের অনুমতি দিয়ে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আর এসব মেনে নেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কাস্তে হাতে বিএসএফকে প্রতিহত করেছে, ঠিক একইভাবে দেশের সকল মানুষকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। স্থানীয় কলেজ শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, দেশের জন্য যারা কাজ করছে, ভারতের অন্যায়ের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছে তাদের উৎসাহ দিতেই তিনি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ লংমার্চে যোগ দেন এবং সবাইকে সোচ্চার হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

এলিমিনেটরে হারের বৃত্ত ভাঙতে স্থানীয় খেলোয়াড়দের দিকে তাকিয়ে রংপুর

এলিমিনেটরে হারের বৃত্ত ভাঙতে স্থানীয় খেলোয়াড়দের দিকে তাকিয়ে রংপুর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে স্থানীয় খেলোয়াড়দের বড় অবদান রাখতে হবে বলে মনে করেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার মাহেদি হাসান। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনার মুখোমুখি হবে রংপুর। এ ম্যাচের বিজীয় দল ফাইনালের আশা বাঁচিয়ে রেখে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। আর হেরে যাওয়া দল বিপিএল থেকে বিদায় নিবে। এলিমিনেটর ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। গত দুই আসরে বিপিএলের এলিমিনেটর রাউন্ড থেকে বাদ পড়েছিলো রংপুর। এবার এলিমিনেটর বাঁধা টপকে যাওয়াই রংপুরের মূল লক্ষ্য বলে জানান মাহেদি। আজ মাহেদি বলেন, ‘গত দুই বছর ধরে আমরা এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এ বছরও আমাদের সুযোগ আছে। এবার আমরা এলিমিনেটর বাঁধা টপকাতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে উঠার জন্য আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের সাতজন স্থানীয় খেলোয়াড় আছে, এ ম্যাচে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের চার বিদেশি খেলোয়াড়ও ছন্দে আছে। কিন্তু নক আউট ম্যাচে স্থানীয় খেলোয়াড়দের বড় ভূমিকা রাখা উচিত।’ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপার স্বাদ নিয়ে বিপিএল খেলতে নামে রংপুর। জয়ের ধারা অব্যাহত রেখে বিপিএলে টানা আট ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে রংপুর। কিন্তু‘ নবম ম্যাচ থেকে খেই হারায় তারা। শেষ চার ম্যাচের সবগুলোতেই হেরে যায় দলটি। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে নেমে যাওয়ায় এলিমিনেটর খেলতে হবে নুরুল হাসান সোহানের দলকে। প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। প্রথম কোয়ালিফাইয়ারের বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে। যা অঘোষিত সেমিফাইনাল হিসেবে বিবেচিত। লিগ পর্বের শেষ চার ম্যাচ হারলেও দলের আত্মবিশ্বাসে চিড় ধরেনি বলে জানিয়েছেন মাহেদি। তিনি বলেন, ‘আমরা যদি শীর্ষ দুই দলের মধ্যে শেষ করতে পারতাম, তাহলে ভালো হতো। তারপরও আমরা ভেঙ্গে পড়িনি। আমাদের চ্যালেঞ্জ হলো বড় কিছু অর্জন করা।’ তিনি আরও বলেন, ‘যদি আমরা শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারতাম তাহলে আমরা দু’বার সুযোগ পেতাম। আমরা এখন নকআউট পর্বে রয়েছি। এটা এখন আমাদের জন্য ডু-অর-ডাই ম্যাচ হয়ে গেছে। এটা নিশ্চিত যে আমরা নিজেদের সেরাটা উজার করে দিবো।’ শেষ চার ম্যাচে হার নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের সামর্থ্যরে উপর আস্থা রাখতে চান মাহেদি। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্যের উপর আস্থা আছে। প্রতিটি খেলোয়াড়ই ম্যাচ জয়ের জন্য মাঠে নামবে। কিন্তু প্রতিদিন একইরকম যায় না। আমরা শীর্ষ দু’দলের মধ্যে থাকতে পারিনি। কিন্তু বিষয়টা এই নয় যে সব কিছু শেষ হয়ে গিয়েছে।’ মাহেদি বলেন, ‘আমাদের এখনও সুযোগ আছে। আমরা এই সুযোগকে ইতিবাচকভাবেই নিচ্ছি। আমি মনে করি দলের সবাই ভালো ছন্দে আছে। কারণ এই সময়ে আমরা যদি দল হিসেবে ভেঙ্গে পড়ি আমরা এখান থেকে বের হতে পারবো না।’

কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে নির্বাচক পদ ছাড়লেন হান্নান

কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে নির্বাচক পদ ছাড়লেন হান্নান কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ওপেনার হান্নান সরকার। তিনি জানিয়েছেন, শনিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এক মাসের নোটিশের মেয়াদ পূরণ করতে এ মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন হান্নান। আজ সাংবাদিকদের হান্নান বলেন, ‘যদিও কাজটি (নির্বাচক) আনন্দদায়ক এবং সম্মানজনক। আমি মনে করি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কোচিংয়ে।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি কোচিংয়ের মাধ্যমে আমি বাংলাদেশ ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারবো। এমন নয় যে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই এ বিষয়টি নিয়ে ভাবছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছি।’ ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হান্নান। নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার আগে কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। ২০১০ ও ২০১১ সালে বিসিবি থেকে লেভেল-১ এবং লেভেল-২ কোর্স সম্পন্ন করেন হান্নান। ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলেন সাবেক ওপেনার হান্নান।

ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের

ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। রোববার ফ্লোরিডার পাম বিচ থেকে এএফপি জানায়, নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প এই প্রস্তাব দেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ‘কানাডাকে শত শত বিলিয়ন ডলার’ ভর্তুকি দেয়, এটি ছাড়া কানাডা একটি কার্যকর দেশ হিসেবে টিকে থাকতে পারবে না। তাই তিনি বলেন, ‘কানাডার আমাদের প্রিয় ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত, যা কানাডার জনগণের জন্য অনেক কম কর ও আরও ভালো সামরিক সুরক্ষা নিশ্চিত করবে এবং কোনো শুল্ক থাকবে না।’ সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য সম্পর্কের উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্যের পুনরুক্তি করলেন। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যা কানাডার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২৫% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা মার্কিন পণ্য যেমন বিয়ার, ওয়াইন, ফল, জুস, পোশাক, খেলাধুলার সরঞ্জাম এবং গৃহস্থালী যন্ত্রপাতির ওপর প্রযোজ্য হবে। এছাড়া, কানাডার অন্টারিও প্রদেশের মুখ্যৃমন্ত্রী ডগলাস ফোর্ড ২৭ ফেব্রুয়ারি একটি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন, যাতে তিনি ট্রাম্পের প্রস্তাবিত শুল্কের বিরুদ্ধে শক্তিশালী ম্যান্ডেট পেতে পারেন। ফোর্ড সতর্ক করেছেন যে, এই শুল্ক অন্টারিওর অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং হাজার হাজার চাকরি হুমকির মুখে পড়বে। ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়ায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই মন্তব্যকে ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা’ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এই প্রস্তাব এবং সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘস্থায়ী মিত্রতার মধ্যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। জানুয়ারি মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম রাজ্যের অংশ হতে চায়।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে।’ এর আগে, ডিসেম্বর ২০২৪ সালে, ফ্লোরিডায় অনুষ্ঠিত একটি বৈঠকে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রস্তাব দেন যে, কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে পারে। তবে, এই প্রস্তাবটি হাস্যরসের ছলে করা হয়েছিল বলে জানা যায়।

নিত্যপণ্যের বাজারকে সহনীয় করতে ট্যারিফ কমিশন ও এনবিআর কাজ করছে

নিত্যপণ্যের বাজারকে সহনীয় করতে ট্যারিফ কমিশন ও এনবিআর কাজ করছে সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রতিযোগিতা কমিশন আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, ব্যবসায়ী পরিসর বৃদ্ধি করার জন্য টিসিবি আছে। সর্বোপরি বাজারকে ভোক্তার জন্য সহনীয় করতে ট্যারিফ কমিশন ও এনবিআর কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ রোববার দুপুরে ঢাকার স্থানীয় একটি হোটেলে খাদ্য পণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক পলিসি কনক্লেভ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় উৎপাদক, আমদানিকারক ও ব্যবসায়ীদের বাজারকে প্রতিযোগিতাপূর্ণ করার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের যে দাম দেখি, দেশের বাজারে তাতে দাম কমার কথা। দাম বাড়ার কোনো কারণ দেখি না। দেশে আমদানি ব্যবস্থা ও মজুত যথেষ্ট আছে। তেল, চিনি, ছোলা ও খেজুরের কোন সংকট বাজারে নেই। ইনশাআল্লাহ রমজান উপলক্ষে কোন সমস্যা হবে না। খাদ্য পণ্যের যৌক্তিক মূল্য কি হতে পারে তা নিয়ে আজ অনেক আলোচনা হয়েছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, এগুলেকো কিভাবে বাস্তব কর্মে পরিণত করা যায়, তা নিয়ে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হবে। এছাড়া ভোক্তাকে প্রকৃত সাহায্য করার জন্য নীতি প্রনয়ন দরকার বলেও অভিমত দেন তিনি। তিনি আরো বলেন, বছরে ৫-৬ লাখ টন রাইস ব্র্যান অয়েল ভারতে চলে যেত। রাইস ব্রান অয়েল স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমরা এটার রপ্তানি কঠিন করে দিয়েছি। অলরেডি ২৫ শতাংশ রেগুলেটরি ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। এই তেল বাজারে আসলে বর্তমানের চেয়ে তেলের বাজার আরো স্থিতিশীল হবে। বোতল তেল ও খোলা তেলের ভেতর কোন পার্থক্য নেই, একমাত্র পার্থক্য দাম বলেও উল্লেখ করেন উপদেষ্টা। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকার প্রতিযোগিতা কমিশনকে স্বাধীন করার উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ্য বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের নীতিগুলো ধনিক শ্রেণির সুবিধার জন্য তৈরি হয়েছে, সাধারণ মানুষের জন্য নয়। গত ১৫ বছরে দেশে বড় কোনো বিনিয়োগ হয়নি, ফলে কর্মসংস্থানও বাড়েনি। বিনিয়োগ না বাড়ে ট্যাক্স কালেকশন কিভাবে বাড়বে প্রশ্ন রেখে উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে অপরাধ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। ইসলামী ব্যাংক, টিসিবি ধ্বংস করা হয়েছে। টিসিবি’র তালিকায় ৪৩ লাখ ভুয়া উপকারভোগী পাওয়া গেছে, যা আরও যাচাই করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

শিবগঞ্জে বইমেলা, উদ্যোক্তা ও তারুণ্য মেলার প্রস্তুতি সভা

শিবগঞ্জে বইমেলা, উদ্যোক্তা ও তারুণ্য মেলার প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ডা. রবিউল ইসলাম, সাংবাদিক আহসান হাবিব, সাংবাদিক একেএস রোকন, ফয়সাল আজম অপু, অধ্যাপক সাইদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাইয়াজ রহমান তনয় ও সাইমুন সাদাবসহ অন্যরা। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় জানানো হয়, আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হবে। তিনটি মেলা উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয় ।

রহনপুর ভিশন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

রহনপুর ভিশন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রহনপুর ভিশন প্রি-ক্যাডেট স্কুলে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ক্রীড়া ও রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন। এতে শিক্ষার্থীরা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙ্গা,অংক দৌড়, চেয়ার খেলা, দড়ি খেলা, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, কেরাত,কবিতা আবৃত্তিসহ নাটিকা পরিবেশন করেন। এরআগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক তরিকুল ইসলাম বকুল। এ সময় শিক্ষক কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়ারা হলেন ওই মহল্লার আব্দুস সামাদের ছেলে মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৮)। এদিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তারা দুজনই একই সঙ্গে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে দুই সন্তানের জননী টুশি বেগম তার পরকীয়া প্রেমিক রাকিবকে নিয়ে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করছিলেন। বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পায়। পরে চোখলজ্জার ভয়ে তারা এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। পরে পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, রবিবার সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।