চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাহশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান। বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন- বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবী বদলাতে ভূমিকা রাখছেন তরুণ উদ্যোক্তারাই। আর এ তরুণ উদ্যোক্তাদের প্রমোট করছে বিসিক। ইকো ফ্রেন্ডলি বা মাদকমুক্ত ব্যবসা। বিসিক যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। আশা করি, এই মেলা তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় মোট ৫০টি স্টল রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় যুব ক্লাব ও ফোরামের সদসদের সাথে সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষায় যুব ক্লাব ও ফোরামের সদসদের সাথে সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার উদ্দেশ্যে যুব ক্লাব ও ফোরামের সদসদের সক্ষমতা বৃদ্ধিতে যুব সমর্থকদের বৃহত্তর নেটওয়ার্ক বৃদ্ধির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার শিবতলায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ারা বেগম ও আব্দুল খালেক, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিমসহ বিভিন্ন যুব ফোরাম ও ক্লাবের সদস্যরা। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ উপজেলা থেকে যুব সংগঠন, যুব আত্মকর্মী, নারী উদ্যোক্তা, প্রশিক্ষণার্থীসহ যুব ও যুব মহিলাদের অংশ গ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেন্ডার স্পেশালিস্ট ইউএনডিপি প্রতিনিধি শামীমা আকতার শাম্মি, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ। কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী (নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মধ্যে গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ আয়োজিত এই কর্মশালায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে পিঠা উৎসব উদযাপন

রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে পিঠা উৎসব উদযাপন গোমস্তাপুর উপজেলার রহনপুর জ্ঞানচক্র একাডেমি আয়োজনে পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। দিনব্যাপি এই উৎসবে ফিতা কেটে উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারোওয়ার হাবিব, প্রধান শিক্ষক নায়েমা খাতুন সহ অন্যরা। এদিকে প্রতিষ্ঠানটিতে সকাল থেকে নাচগান, বাহারী নকশা ও হরেক রকম মজাদার পিঠা নিয়ে চলে এই উৎসব। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা ৮টি স্টলে হরেক রকম মজাদার পিঠা প্রদর্শিত করেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পিঠা উৎসব অংশ নেয়া ৩জন শিক্ষার্থীকে বিজয়ী করেন।

শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. আরাফাত জান্নাত আরবি

শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. আরাফাত জান্নাত আরবি শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু করেছেন মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী’র পত্নী। জানা গেছে- প্রতি সপ্তাহে শনিবার ও রোববার শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে গাইনী ও ডায়াবেটিসসহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। এদিকে শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।

শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চককীর্তি ইউনিয়ন

শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চককীর্তি ইউনিয়ন তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-১ গোলে দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চককীর্তি ইউনিয়ন ফুটবল দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী র্কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন ও ফারুক আহমেদসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ভিশন স্কুলের আযোজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এই উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে স্কুলচত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রহনপুর পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, রহনপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন ও প্রতিষ্ঠানটির পরিচালক তরিকুল ইসলাম বকুল। আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

শিবগঞ্জে প্রাথমিকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

শিবগঞ্জে প্রাথমিকের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিবগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, মমতাজ মহল, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বরকতউল্লাহ ও মনিরুজ্জামানসহ অন্যরা। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

শিবগঞ্জ ও গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ ও গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটির বিভিন্নস্তরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমন্বয়কারী আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইসারুল ইসলাম, ইউপি সদস্য অলিউর রহমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা বিবি ও রোসনারা বেগমসহ অন্যরা। এ সময় স্থানীয় ইমাম, শিক্ষক, যুব সমাজ, উদ্যোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই। এছাড়াও ফৌজদারী ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পরে গ্রাম আদালতের যে গুরুত্ব রয়েছে তার উপর ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিকে গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় রহনপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। মতবিনিময় সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুরশালিন, ইউপি সদস্য মুনিরুল ইসলাম মুকুল। কমিউনিটি মতবিনিময় সভায় ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ী, কৃষক, আদিবাসী নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রায় ৫০ জন অংশ নেন। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়া, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের ওপর একটি নাটক প্রদর্শন করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

নারী উদ্যোক্তাদের প্রধান অন্তরায় পুঁজির অভাব নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেছেন, নারী উদ্যোক্তাদের প্রধান অন্তরায় হচ্ছে পুঁজির অভাব। তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। আমাদের যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তাদের প্রচণ্ড অনীহা রয়েছে নারীদের ঋণ দিতে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে তিন দিনের নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন- বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংককে লক্ষমাত্রা নির্ধারণ করে দেয়, কোন খাতে কত শতাংশ ঋণ বিতরণ করতে হবে। কিন্তু তারা তা করে না। নারীদের বেলায় তাদের প্রচণ্ড অনীহা। অথচ এনজিওগুলো বিশেষ করে গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে, নারীদের যে ঋণ দেয়া হয় সেই ঋণ শোধ হয়। অন্যদিকে আমরা অত্যন্ত আগ্রহী বড় বড় করপোরেটদের ঋণ দিতে। যারা বিদেশে টাকা পাচার করে দেয়। আমার আপনার টাকা নিয়ে তারা ব্যবসার নামে ফূর্তি করে, তারা টাকা ফেরত দেয় না, তারা হয় ঋণ খেলাপি। তাদেরকে ধরাও যায় না। কারণ তাদের সঙ্গে অনেকেই জড়িত থাকে। ধরতে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার সম্ভাবনা থাকে, তখন তাকে আরো ঋণ দেয়া হয়। ব্যাংকগুলোর উদ্দেশ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন- আপনারা ৫০ হাজার টাকা আমাদের নারী উদ্যোক্তাদের দিয়ে দেখেন, তারা টাকা ফেরত দেয় কিনা দেখেন। তাদের টাকা দিলে সেই টাকা মার যাবে না। তিনি বলেন, নারীদের এখনো অনেক প্রতিবন্ধকতা আছে। প্রধান অতিথি বলেন- তিন দিনের এই মেলায় একদিন সেমিনার থাকলে ভালো হতো, সেই সেমিনারে উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংকের একটি সমন্বয় ঘটানো যেত। অতিরিক্ত বিভাগীয় কমিশনার চতুর্থ শিল্প বিল্পবের সঙ্গে নিজের খাপ খাওয়ানোর জন্য নারীসহ সকলকে তৈরি হওয়ার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় মহিলা সংস্থার ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ এই মেলার আয়োজন করেছে। মেলায় প্রায় ৬৬টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের নানান ধরনের পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছেন। তিন দিনের মেলায় নারী উদ্যোক্তাদের নানান ধরনের তৈরি পোশাকসহ বিভিন্ন গার্মেন্টস পোশাক, চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নকশিকাঁথাসহ নানান বৈচিত্র্যের হস্তশিল্প, প্রসাধনী, নানান ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।