আসছে সিয়াম-বুবলীর রসায়ন

আসছে সিয়াম-বুবলীর রসায়ন ঈদ সামনে রেখে নতুন সিনেমা প্রচারে একে একে টিজার ও গান প্রকাশিত হচ্ছে। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে এম. রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এই জুটির ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হয়েছে শুক্রবার বিকালে। ‘এ আমার কি হলো/পাগল পাগল লাগে/হাওয়া এসে জানিয়ে দিলো এমনতো হয়নি আগে’—এমন কথামালায় সাজানো গানে দর্শক বুঁদ হয়েছেন, আর মুগ্ধতা প্রকাশ করেছেন এই জুটির রসায়ন দেখে। কেউ কেউ সিয়াম, বুবলী জুটিকে সালমান শাহ, শাবনূর জুটির সঙ্গে তুলনা করছেন। রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কেউ লিখেছেন, ‘‘লোকেশন, মিউজিক, লিরিক্স,গায়ক,গায়িকা,অভিনয় সব কিছু মিলে অসাধারণ।’’ আবার কেউ লিখেছেন, ‘‘এই ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে সেরা গান,ভালোবাসা ইমরান-কনা, সিয়াম-বুবলী।’’ সজীব দে নামের একজন লিখেছেন, ‘‘মনে হচ্ছে, এন্ড্রু কিশোর আর কনকচাঁপার কণ্ঠে ঠোঁট মিলিয়েছে সালমান শাহ, শাবনূর’’। শ্রাবণ আহমেদ নামের একজন লিখেছেন, ‘‘পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলি সিয়াম। গানের কথা, গায়কী, সুর লোকেশন, ২ জনের কম্বিনেশন জমে ক্ষীর।’’ @36BD36 নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘‘পুরাই মধু মধু’’। এই গানের স্রষ্টা প্রিন্স মাহমুদকে নিয়ে একজন লিখেছেন, ‘‘প্রিন্স মাহমুদের গানে আলাদা শান্তি লাগে’’ এর পর একটি হার্ট সাইন যুক্ত করে দিয়েছেন তিনি। দর্শক প্রতিক্রিয়া দেখে জংলি সিনেমার কেন্দ্রীয় চরিত্র সিয়াম আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুগো শোনো’ ভালোবাসা কুড়াচ্ছে দর্শকের। এই ভালোবাসা অকল্পনীয়, এই ভালোবাসা মায়াময়।’’ উল্লেখ্য, সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
গাজাবাসীকে রাফাহর একাংশ খালি করার নির্দেশ ইসরাইলি সেনাবাহিনীর

গাজাবাসীকে রাফাহর একাংশ খালি করার নির্দেশ ইসরাইলি সেনাবাহিনীর গাজা উপত্যকাজুড়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার তারা ফিলিস্তিনিদের গাজার রাফাহ শহরের একাংশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অপরদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় সংগঠনটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ইসরাইলের সামরিক মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, সেনাবাহিনী রাফাহর তাল আল-সুলতান অঞ্চলে ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ বিরুদ্ধে হামলা শুরু করেছে। তিনি ফিলিস্তিনিদের ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ছেড়ে আরো উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তাল আল-সুলতান জেলায় ড্রোন থেকে একই বার্তা সম্বলিত লিফলেট ছুঁড়ে ফেলা হয়েছে। রোববার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার আল-মাওয়াসিতে একটি তাঁবুর ওপর ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল-বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন। হামাসের সুপরিচিত ব্যক্তিত্ব বারদাউইল সংগঠনটির রাজনৈতিক ব্যুরো ও ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য ছিলেন। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনেও অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযানের সময় যুদ্ধবিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’ চলতি বছর ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে ইসরাইল। ১ মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়। নতুন করে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় না গিয়ে, ইসরাইল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে গত মঙ্গলবার গাজায় ব্যাপক বোমা হামলা চালায় ও গাজার স্থলভাগে সেনা মোতায়েন শুরু করে। পুনরায় হামলার আগে মার্চের শুরুতে, ইসরাইল যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেয়। ইসরাইলি কর্তৃপক্ষ গাজায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়, যাতে হামাস যুদ্ধবিরতি বাড়াতে ইসরাইলের শর্ত মেনে নেয় এবং তাদের কাছে জিম্মি ৫৮ জন ইসরাইলি নাগরিককে মুক্তি দিতে বাধ্য হয়। ইসরাইলের সরবরাহকৃত বিদ্যুৎ গাজার প্রধান পানি বিশুদ্ধকরণ (নির্লবণীকরণ) কেন্দ্রে সরবরাহ করা হত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে গাজার ২৪ লাখ মানুষের ভয়াবহ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। মিশরের সীমান্তে অবস্থিত গাজা উপত্যকার রাফাহ শহরটি প্রায় এক বছর আগে ইসরাইলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দুর্নীতির সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত জনপ্রশাসন বিষয়ক কমিটির গত ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় সভার সিদ্ধান্তের চিঠিটি আজ রোববার প্রকাশ করা হয়। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনিয়র সচিব, সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের গত ২০ মার্চ এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ‘মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন। বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিডা এই সম্মেলনের আয়োজন করেছে। আশিক মাহমুদ বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধানতম উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন। বিডার চেয়ারম্যান বলেন, চারদিনব্যাপী সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৮ এপ্রিল তারা নারায়নগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৯ এপ্রিল সকালে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এদিন স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হবে। একইদিন বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের জানাতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। চৌধুরী আশিক জানান, সম্মেলনে ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ২ হাজার প্রতিনিধি থাকবেন। তিনি বলেন, আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আশিক মাহমুদ বলেন, বিনিয়োগকারীরা স্টার্ট আপ থেকে শুরু করে বড় বিনিয়োগ সব কিছু নিয়ে কথা বলেন। পুরো আয়োজনে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক,কৃষিখাত, স্বাস্থ্য এবং হালকা প্রকৌশল খাত প্রাধান্য পাবে। অনুষ্ঠানে বিশ্বের খ্যাতনামা কয়েকটি ব্রান্ডের বিনিয়োগকারীরা আসবেন। এ ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক হবে আয়োজক দেশের। আশিক মাহমুদ আরও বলেন, বর্তমানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ বিলিয়ন ডলারের কম। এটি থাকা না থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ বিনিয়োগ আরও ১০গুণ হওয়ার কথা। সে কারণে বিনিয়োগ বাড়াতে এই আয়োজন। তিনি বলেন, বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী চিন্তা করে। ফলে দ্রুতই বিনিয়োগ বাড়ানো কঠিন। তবে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। এ ছাড়াও এবারের সম্মেলনে বেশ কিছু এমওইউ স্বাক্ষর হবে। এক প্রশ্নের জবাবে আশিক মাহমুদ বলেন, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে চীনে যাবেন তিনি। সেখানে দেশটির বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক হবে। সব মিলিয়ে ২ শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হবে। আশা করা হচ্ছে, এতে বিনিয়োগে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তিনি বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে। আর ৯০দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দাবিতে মানববন্ধন মউশিক কল্যাণ পরিষদের

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দাবিতে মানববন্ধন মউশিক কল্যাণ পরিষদের চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, জেলা শাখা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য দেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মো. ওয়ালিদ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মো. এলাম উদ্দীন, মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. সাবের আলী, শিক্ষক মো. হযরত বেলাল, মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মো. বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুক্তার আলী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল হামিদ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অন্যদাবিগুলো হচ্ছে- নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। শিক্ষকদের গ্রেডভুক্ত করে চাকরি রাজস্ব খাতে নিয়ে স্থায়ীকরণ করতে হবে। কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেয়া যাবে না। শিক্ষক / শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক / শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।
শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া গোলাম আজম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আবদুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে একটি গোখাদ্যের দোকান রয়েছে আজমের। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে দোকান থেকে ইফতারির জন্য নিজ বাড়ি যাচ্ছিলেন গোলাম আজম। এ সময় শেখটোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এদিকে রবিবার বিকেল সোয়া ৫টায় শেখটোলা কেন্দ্রীয় গোরস্থানে গোলাম আজমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
শিবগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত

শিবগঞ্জে ট্রাক চাপায় কৃষক নিহত শিবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকালে বাইসাইকেলযোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ছুটি শুরু হওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জে ঘরে ফেরা মানুষের ঢল

ছুটি শুরু হওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জে ঘরে ফেরা মানুষের ঢল এবারের ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন অনেকেই। তবে সেই ছুটি শুরু হওয়ার আগেই নাড়ির টানে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকেই। এদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যায় বেশি। তাই ব্যস্ত হয়ে পড়েছে জেলাশহরের বিশ্বরোড মোড় এলাকা। শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচগুলো যানজটের কবলে পড়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে ঢুকে পড়ায় বিশ^রোড মোড়ে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুতই যানজট মুক্ত করা হয়। ছবিটি বিশ্বরোড মোড় এলাকা থেকে তোলা
গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। এ বিষয়ে কর্তব্যরত রেলস্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। তবে দুর্ঘটনাকবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে তিনি জানান। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রাকিব উদ্দিন জানান, রহনপুর রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে হিরুপাড়া এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং ক্ষতিগ্রস্ত ট্রাক্টরসহ মরদেহ উদ্ধার করি।
চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, সহকারী পরিচালক আবু মাসুদ খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুখতার আলী, সিসিডিবি’র চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নাইমা ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা। সমন্বয় সভায় প্রধান অতিথি অংশীজনদের নিজ নিজ অবস্থান ও প্রতিষ্ঠান থেকে গ্রামআদালত কার্যক্রম বিষয়ে আরো জনসচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দেন।