নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ২৭

নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ২৭ ডোমিনিকা প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নৈশ ক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ কমপক্ষে ২৭ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। ডোমিনিকা প্রজাতন্ত্রের জরুরি অপারেশন সেন্টারের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল কাজ করছে। উপকূলের কাছে অবস্থিত জেট সেট নৈশ ক্লাবের ভিতরে কতজন লোক ছিল তা এখনো জানা যায়নি। প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন, নিহতদের মধ্যে উত্তর মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে রয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে পহেলা বৈশাখের শোভাযাত্রা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও উপসচিব উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা মৎস্য অফিসার মাবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ নেন। শোভাযাত্রাতে বাঙালী ঐতিহ্য তুলে ধরার বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়। সেই সাথে পহেলা বৈশাখের আয়োজন বর্ণিল ও জাঁকজমকপূর্ণ করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও’র অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হবে এবং সেটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় বাঙালীয়ানার বিভিন্ন সাজ যেমন, জেলে, কৃষক, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ি, পালকি ইত্যাদি রাখার বিষয়ে আলোচনা ও সীদ্ধান্ত গৃহীত হয়। পরে ঐদিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখী গান, ঝান্ডি গান, আদিবাসী নৃত্য, আলকাপ, গম্ভীরা, লাঠি খেলা সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হবে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতি সভা পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা । সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শিক্ষক আব্দুল অহাব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল ইসলাম রানু সহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী পালনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে দুই দিনের কৃষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে দুই দিনের কৃষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে দুই দিনের কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে গত সোমবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। দুই দিন প্রশিক্ষণ দেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, এই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এম.এম. আমিনুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মো. বুলবুল আহম্মেদ ও মো. আব্দুল হালিম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ ও মো. নাঈদ উদ্দিন সরকার। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন। সোমবার প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এ আজিজুর রহমান।

ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের লক্ষে আরো দুটি বিওপি চালু করল বিজিবি। মঙ্গলবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীন সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন এই বিওপি দুটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন- বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। প্রথমে খড়কপুর বিওপি ও পরে সুরানপুর বিওপির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিওপি দুটির উদ্বোধন শেষে বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবসে শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবসে শোভাযাত্রা ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় তিনি বলেন- পড়ালেখার পাশাপাশি স্কাউটসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দু’টি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সোয়া ৮টায় সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মমিনটোলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নারীদের জন্য সামিয়ানা টেঙ্গে পর্দা করে পৃথক ব্যবস্থা করা হয়। সংশ্লিস্ট ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। এদিকে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘী গ্রামেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হয়েছে। আজ সকাল সোয়া ৮টায় আনুমানিক ১২৫ জন গ্রামবাসী ঈদের জামাতে অংশ নেন। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক খলিল উদ্দিন জানান, নামাজে ইমামতি করেন গোমস্তাপুর উপজেলা থেকে আসা মাওলানা ফজলুল হক। কয়েক বছর যাবৎ একই স্থানে একই ইমামের তত্বাবধানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা’র নামাজ আদায় ও ঈদ পালন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংগঠনের ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শাড়িগুলো বিতরণ করা হয়। এর মধ্যে ধাইনগর, মনাকষাসহ কয়েকটি ইউনিয়নে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী নিজে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন। এ সময় তিনি বলেন- ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ১ হাজার ৮০০ শাড়ি বিতরণ করা হলো। ইকর’অ-র ঈদ উপহার পেল ৫০ পরিবার চাঁপাইনবাবগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের ৫০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ। শনিবার সকালে জেলাশহরের বিশ্বরোড মোড়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক ওমর ফারুক, সভাপতি ওবায়দুল হক, সহসভাপতি শাহিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য মাশরাফি, সংগঠনের সদস্য বাঁধন, হাসান আলীসহ অন্যরা। ঈদের উপহারের মধ্যে ছিল- আতপ চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, দুধ, পাপড়, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সংগঠনটির সভাপতি ওবায়দুল হক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ-র পক্ষে থেকে ৫০টি পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। এটি সামান্য হলেও পরিবারগুলোকে ঈদ উদ্যাপনে সহায়তা করবে। ভবিষ্যতে বড় পরিসরে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিবগঞ্জে “সেবা সংস্কৃতিতে আমরা” এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ “সেবা সংস্কৃতিতে আমরা” সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জে গরিব মেহনতি মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এবং ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। সংগঠনের সভাপতি আবু মহারিপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল, ৭১ টিভি ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন, ডেইলি ট্রাইবুনাল জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, প্রভাষক নুরতাজ আলম সহ অন্যরা।

শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ সন্তানের জননী রুলিয়ারা বেগম (৪৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া রুলিয়ারা উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-সাহাপড়া নুরেশ মোড় গ্রামের শরিফুল ইসলামের প্রথম স্ত্রী। শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় স্বামী শরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী শরিফুল ইসলাম পুলিশি হেফাজতে রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু সাংবাদিক মেহেদির

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু সাংবাদিক মেহেদির চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান সবুজ (২৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া সবুজ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মাহবুব ইসলাম বাবুর ছেলে। মেহেদি হাসান সবুজ দেশ বুলেটিন নামের একটি পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমানত উল্লাহ ও নিহতের চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, রাজশাহৗ থেকে ছেড়ে আসা শাটল-১ ট্রেনটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেনডাইং রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনে সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মেহেদি হাসান সবুজ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সবুজকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জসিম উদ্দিন বলেনÑ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই সবুজের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ভোলাহাট উপজেলায় পুলিশ অভিযানে ১১৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি ভোলাহাটের রাধানগর কলোনি গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পুলিশ জানায়, আজ দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরের বসত বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।