জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগ্রেসদের। এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার। অধিনায়ক নিগারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। এরপর বল হাতে থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস ৭ রান খরচায় নেন ৫ উইকেট নেন। নারী ওয়ানডেতে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। দারুন জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে খুশি বাংলাদেশ দলনেতা নিগার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’ বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেন তিনি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে আলোচনার কথা রয়েছে। তারা আরও জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা এবং কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার নূরুল

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার নূরুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির সভাপতি পদে ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট দেলওয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডহক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম ফলাফল ঘোষণা করেন। পরে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহসভাপতি ফিরোজ আহম্মেদ ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম; সহসাধারণ সম্পাদক ফুরকান হাবিব; কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক; সাংগঠনিক সম্পাদক মো. সারিউল ইসলাম রাজু (সদর), মেজর (অব.) মো. আমিরুল ইসলাম (শিবগঞ্জ), মোহা. আবুল কালাম আজাদ (ভোলাহাট), মো. মশিদুল হক (নাচোল) ও মো. কামরুল হাসান (গোমস্তাপুর); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক প্রকৌশলী শামিম আহমেদ; সমাজকল্যাণ সম্পাদক মো. আনারুল ইসলাম; মহিলা বিষয়ক সম্পাদক মোসা. রেবেকা সুলতানা ও দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. আবুল কালাম আজাদ, মো. দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, মো. শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মো. মাহ্্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম মাসুম ও অ্যাড. ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সংহিসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও সংহিসতা প্রতিরোধে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী চাঁপাইনবাবগঞ্জে শিশুর সুরক্ষা, সংহিসতা প্রতিরোধ ও মোকাবিলার জন্যে বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত ও প্রশিক্ষণ বিষয়ক ১০-১২ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে, এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় ধর্মীয় নেতারা। অনুষ্ঠানে ইমাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণে ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নারী ও শিশু কর্মকর্তা রোকসি খানম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুফতী মো. আবদুল হানিফ কাদের ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আতাউর রহমান এবং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আবদুর রহিমসহ অন্যান্যরা। প্রশিক্ষণে বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান। এই সময়ে ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে নিরোধ আইন, কারণ ও প্রতিরোধ, বন্ধে অভিভাবক ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন এবং প্রত্যেকে নিজ নিজ গ্রাম ও ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর জোনের (সদর, রানীহাটি, শিবগঞ্জ ও নতুনহাট অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে অবস্থিত জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এই উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে এলাকাভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়, তার ওপর রিপোর্টভিত্তিক পর্যালোচনা করা হয়। সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কিত তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ইউনিট ম্যানেজারগণ। সমস্যার সমাধান কীভাবে করা যাবে তা নিয়ে আলোচনা করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি সকলের উদেশ্যে বলেন— মাঠপর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি কর্মী ও কর্মকর্তারা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন। সমাবেশে উপস্থিত ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) আব্দুস সালাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মো. সাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর জোনের জোনাল ম্যানেজার মো. তরিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ সদর, রানীহাটি, শিবগঞ্জ ও নতুনহাট জোনের আঞ্চলিক ব্যবস্থাপক, ইউনিট ম্যানেজার ও কর্মকর্তা এবং প্রয়াসের সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারীগণ।
শিবগঞ্জ-সোনামসজিদ সড়কে দুর্ঘটনা রোধে বাঁক সরলীকরণের সুপারিশ

শিবগঞ্জ-সোনামসজিদ সড়কে দুর্ঘটনা রোধে বাঁক সরলীকরণের সুপারিশ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধের লক্ষে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় চেক পোস্ট বসিয়েছে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। এছাড়া দুটি বাঁক সরলীকরণের জন্য জেলা সড়ক ও জনপথ বিভাগকে চিঠির মাধ্যমে সুপারিশ করা হয়েছে। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান জানান, অনেক সময় লাইসেন্সধারী চালক নিজে না গিয়ে তার সহকারীকে দিয়ে সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নিতে ট্রাক পাঠায়। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। কোনো চালক যেন এই কাজটি করতে না পারে, সেজন্য সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কয়লাবাড়ী এলাকায় গত ৯ এপ্রিল থেকে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে প্রতিটি যানবাহনের চালকদের লাইসেন্সসহ পরিচয়পত্র চেক করা হচ্ছে। যাতে আর কেউ সহকারীকে দিয়ে গাড়ি চালাতে না পারে। বিষয়টি এক চিঠিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। এছাড়া জেলা বিশ্বরোড মোড় ও উপজেলা মডেল মসজিদ সংলগ্ন তুত ফার্মের মোড়ের বাঁক দুটি সরলীকরণের জন্য জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়— এই দুটি বাঁক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে বিশ্বরোড মোড়ে বড় গাড়ি বাঁক নেয়ার সময় উল্টে যাওয়ার ঝুঁকি থকছে। তাছাড়া যানবাহন বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক জ্যামও হচ্ছে। বাঁকটি সরল করা হলে সেই ঝুঁকি থাকবে না। পাশিপাশি ট্রাফিক জ্যামও থাকবে না। চিঠিতে আরো বলা হয়েছে, শাহ নেয়ামতুল্লা কলেজ মোড় অর্থাৎ বিশ্বরোড চত্বরে বিশেষ করে ১০ চাকার গাড়িগুলো বাঁক নিতে গিয়ে প্রায় সময় চাকা বাস্ট হয়। এক জোড়া চাকার দাম প্রায় ১ লাখ টাকা। এতে একদিকে মালিকের অপূরণীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে জীবনের ঝুঁকিও বাড়ছে। এছাড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক দেন্দ্রের পাশে তুত ফার্মের দেয়াল থাকায় বাঁকটি অন্ধকার হয়ে থাকে। ফলে যে কোনো মুহূর্তে প্রাণ হানির আশঙ্কা রয়েছে। কাজেই তুত ফার্মের বাঁকটি সোজা হওয়া প্রয়োজন। উল্লেখ্য, জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে অসংখ্য বাঁক রয়েছে। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ী মোড়, শিবগঞ্জের বেকির মোড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের

বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠককালে এই আগ্রহ ব্যক্ত করেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এসময় উপদেষ্টা সিঙ্গাপুরের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে চা, আলু, মৌসুমি ফল ও হিমায়িত মাছ আমদানির আহ্বান জানান। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, সিঙ্গাপুরে মৌসুমি ফলের চাহিদা রয়েছে। সিঙ্গাপুরের চাহিদা পূরণে তারা বাংলাদেশ থেকে আম, লিচু, কলা ও আলু আমদানির আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ-১) মো. ফিরোজ উদ্দিন আহমেদ ও যুগ্মসচিব (রপ্তানি-২) নাহিদ আফরোজ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিটার হাস

অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিটার হাস মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’র শো দ্বিগুণ!

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’র শো দ্বিগুণ! সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দর্শক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন বলে দাবি করছেন সিনেমাটির প্রযোজক অভি। এবার দর্শক চাহিদার কারণে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো বেড়েছে। প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউজফুল যাচ্ছিল। তবু ‘বরবাদ’ ও ‘দাগি’র কারণে ‘জংলি’র শো-এর পরিমাণ কম ছিল। যে কারণে দর্শকরাও টিকিট না পেয়ে ফিরে যাচ্ছিলেন। এমন অবস্থায় বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করলে স্টার সিনেপ্লেক্সে ‘জংলি’র শো বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। অভি বলেন, “আমাদের ‘জংলি’ গল্পের সিনেমা। এই এক সপ্তাহে সেটা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে ‘জংলি’ দেখছেন। একজন দর্শকও ‘জংলি’র কোনো খারাপ রিভিউ দেয়নি। এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। এমন একটি গল্পের সিনেমার শো কমিয়ে রাখা হয়েছিল এতদিন; সিনেপ্লেক্সের সবগুলো শাখায় আমাদের মাত্র সাতটি শো দিয়েছিল। অথচ সবগুলো শোয়ের টিকিট অগ্রিম আগেই বিক্রি হয়ে যাচ্ছিল। তারপরও শো বাড়ানো হচ্ছিল না। অথচ ঈদের সিনেমার সর্বাধিক ভাইভ ছিল ‘জংলি’র। দর্শকদের ভালোলাগা আর চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় কেবল স্টার সিনেপ্লেক্সেই জংলির শো দ্বিগুণ করা হয়েছে।” স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষে থেকে জানা যায়, ঈদের দিন জংলির কেবল সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৯টি। চতুর্থ দিনে সেটা কমিয়ে শো দেওয়া হয় মাত্র ৬টি। অষ্টম দিনে শো হয় ৮টি। নবম দিনে এসে সিনেমাটির শো দেওয়া হয়েছে ১৪টি; যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ। ‘জংলি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন নৈঋতা। মুক্তির পরের দিন থেকেই সিনেমাটির গল্প ও আর্টিস্টদের অভিনয় দারুণভাবে প্রশংসিত হচ্ছে। ‘জংলি’ সিনেমার চারটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।
সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি

সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের আজকের (৮ এপ্রিল) সভায় সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল বুধবার (৯ এপ্রিল) আবার সভা হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঈদের আগে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা সভার পরও দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে ছুটির পরে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম সভা হয়। সেদিন কোনো সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) দপ্তরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক জন ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা সভায় উপস্থিত ছিলেন। আজ বেশকিছু সময় সভা চললেও দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।