ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার একদিনেই কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজায় হামলার মাত্রা আরও বাড়ানো হবে। তার এই ঘোষণা আসে, যখন হামাস ইসরায়েলের প্রস্তাবিত একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। হামাসের দাবি, যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধের নিশ্চয়তা ছাড়া তারা বন্দিমুক্তির কোনও চুক্তিতে যাবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরুর পর গত ১৮ মাসে গাজায় ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১১৬,৫০৫ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস আরও ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছে। তাদের দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন, যাদের অনেকেই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। তাই প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে বলে তারা জানিয়েছে। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত পশ্চিম তীরে তুলকারেম শহরের উত্তরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে পায়ে আহত করেছে ইসরায়েলি সেনারা। তাছাড়া বেইত উম্মার, ইদনা শহর এবং নাবলুস-এ অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। নুর শামস শরণার্থী শিবির (তুলকারেমের কাছে) থেকে এক ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তুতা শহরে অভিযানের সময় ব্যাপকভাবে টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা ব্যবহার করা হয়েছে, যা এলাকায় আতঙ্ক ছড়ানো হয়। পাশাপাশি, সালফিত গভর্নরেটের বেশ কয়েকটি গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রুকিন ও দেইর বল্লুত।
বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ

বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবিচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং একমাত্র গ্রাউন্ড-হ্যান্ডলিং এজেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরবচ্ছিন্ন কার্গো কার্যক্রম সহজতর করতে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া শুক্রবার বাসস’কে বলেছেন, আমরা (বেবিচক ও বিমান বাংলাদেশ) বিমানের কার্গোকে আরো সাশ্রয়ী করার জন্য বর্তমান বেসামরিক বিমান চলাচল ও গ্রাউন্ড-হ্যান্ডলিং শুল্ক সংশোধন করতে একসঙ্গে কাজ করছি। তিনি বলেন, কার্গো কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ফি ও খরচ সহজতর ও হ্রাস করতে সরকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে সকল অংশীদারদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা করছে।
ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ

ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। গতকাল শনিবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে’। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখপাত্র শফিকুল আলম বলেন, ‘আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।” তিনি বলেন, বাংলাদেশ এমন দেশ নয়, যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোন বৈষম্যের শিকার হন।প্রেস সচিব পুনরায় উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে। তিনি বলেন, ‘এই নির্দিষ্ট ঘটনায়, আমরা নিশ্চিত হয়েছি যে ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানাননি।’ শফিকুল আলম জানান, ময়নাতদন্ত রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও, মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান এবং বলেন, ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ‘আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য,’তিনি যোগ করেন। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবেশ চন্দ্র রায়ের হত্যাকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ বলে মন্তব্য করে। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন: ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ‘এই হত্যাকাণ্ড একটি ধারাবাহিক নিপীড়নের অংশ, যেখানে হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এবং পূর্বের ঘটনাগুলোর অপরাধীরা বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে,’ তিনি দাবি করেন।
আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন,জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। দেশের ইতিহাসে এ প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এক লাফে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজি

এক লাফে পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজি চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আট-ময়দা, সকল প্রকার শাখ-সবজিসহ মাছ মাংসের দাম গত সপ্তাহের মতো থাকলেও এক লাফে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। গত সপ্তাহে দেশি ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৩৫-৪০ টাকা থাকলেও শুক্রবার হঠাৎ করে দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা। গ্রীস্মকালীন দেশি পেঁয়াদের মজুত শেষ হওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ও পুরাতন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। পুরাতন বাজারের পাইকারী ও খুচরা পেঁয়াজ বিক্রেতা মেহের আলী জানান, গ্রীস্মকালীন দেশি পেঁয়াজ শেষ হয়ে আসছে। এতে বাজারে সরবরাহ কমে গেছে। এখন শীতকালীন দেশি পেঁয়াজ একমাত্র ভরসা। তিনি জানান, বতর্মানে গ্রীস্মকালীন দেশি পেঁয়াজ পাইকারী বিক্রি করছেন ৩৫ টাকা ও শীতকালীন পেঁয়াজ বিক্রি করছেন ৪৬ টাকা প্রতি কেজি হিসেবে। এছাড়া মেহেরপুরের লাল পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা দরে। অন্যদিকে নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, গত সপ্তাহে ভালো মানের দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা। শুক্রবার বেড়ে হয়েছে ৬০ টাকা। তিনি জানান, জিরাসাইল চাল প্রতিকেজি ৮৫-৮৬ টাকা, মিনিকেট চাল ৮৮-৯০ টাকা, সাদা স্বর্ণা ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৮০ টাকা। চিনি প্রতিকেজি ১১৭-১১৮ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটোর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৮০ টাকা ও মুগ ডাল প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়। গত সপ্তাহেও এই দামই ছিল। তিনি আরো জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঝিঙ্গা ৫০-৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, দেশি করোলা ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, আলু ২০-২৫ টাকা, দেশি সজনে ডাটা ১০০-১২০ টাকা, কাঁচকলা ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, গাজর ৪০ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা। এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিড়কা মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা, রুই ওজনভেদে ২৪০-৩৫০ টাকা, বড় কাতলা ৩২০-৪২০ টাকা, সিলভার কার্প ২১০ টাকা, শোল ৬৫০-৭০০ টাকা, ট্যাংরা ৬০০-৮৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, সিং ৬০০-৮০০ টাকা, বোয়াল ৭৫০-৮০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, একজি ওজনের ইলিশ ২০০০-২২০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০০ টাকা, কালবাউস ৫০০ টাকা, বাচা ৩২০ টাকা। এদিকে মুরগি বিক্রেতা হজুরুল জানান, দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২০-৫৩০ টাকা। শরিফুল জানান, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা, লাল লেয়ার ২৯০-৩০০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা, প্যারেন্স মুরগি ৩০০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। তুলনামূলক দেশি ছাড়া অন্যান্য মুরগির দাম কিছুটা কমেছে। অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জে ৭ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, উপকারভোগী কৃষকরা ধান বীজ ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। কেউ বীজ ও সার হস্তান্তর কিংবা বিক্রয় করবেন না। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ অন্যরা। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উদযাপন

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী বেগপুর কায়েমপুর এলাকায় এই পূজা পালন করা হয়। বেগপুর শ্রী শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দির আয়োজিত এই পূজায় পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শনার্থীরা অংশ নেন। স্থানীয় ও দর্শনার্থীরা জানান, অনেক বছর ধরে রঘুনাথ পূজা হয়ে আসছে। এ পূজা উপলক্ষে সকলে উপস্থিত হয়েছেন বিশ্বাসের সাথে ভক্তি করে শান্তিতে বসবাসের জন্য। পূজা উপলক্ষে শ্রীমদ্ভগবদ গীতা এবং রামচন্দ্র কিছু অংশ পাঠ করা হয় বলে তারা জানান। শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দিরের সভাপতি বাহাদুর কেন কেত জানান, অনেক বছর থেকে এই স্থানে পূজা করা হয়। ভক্তরা এই রঘুনাথ পূজা উপলক্ষে বিভিন্ন মানত করে থাকেন। রঘুনাথ মন্দিরের উপদেষ্টা নির্মূল কুজব বলেন, বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি এই পূজা উদ্যাপন। বিভিন্ন এলাকার ভক্তরা রঘুনাথ পূজায় এসে অংশ নেন।
শিবগঞ্জে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

শিবগঞ্জে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে তোহরুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর মহাজনপাড়ায় একটি আমবাগানে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তোহরুল একই ইউনিয়নের কালুপুর গ্রামের সোলেমান আলীর ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে কালুপুর গ্রামে মজিবুর রহমান নামের এক ব্যক্তির আমবাগানে শ্রমিক হিহোবে গাছ কাটছিলেন তোহরুল। এ সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
সাবেক ইউপি চেয়ারম্যান ওমর আলী গ্রেপ্তার

চরবাগডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ওমর আলী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, ওমর আলীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে
হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ আট দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ঐতিহাসিক সেই আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। বিশ্বকাপে আমন্ত্রণের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’ বিশ্বকাপের অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের কোন স্পনসর বা আর্থিক সহায়তা নেই বলে জানান মহসিন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোন স্পনসর নেই। আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মাটিতে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে লাহোর এবং ফয়সালাবাদের ভেন্যুতে। বাংলাদেশ ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিবে স্বাগতিক পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলংকা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের একটি দল পাঠাবে। যেখানে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং এক জন আম্পায়ার থাকবে।