ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।    

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে চাষাবাদকৃত জমির বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কাটা-মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রামের একটি ক্ষেতে এই ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ উপলক্ষে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। অন্য অতিথিদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষক ইমরুল কায়েশ বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও অন্য কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রাম এলাকায় ৫৫ জন কৃষককে নিয়ে ৫০ একর জমিতে প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। ওই জমিতে প্রদর্শনী হিসেবে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান-৮৮ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়েছিল। এখন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে তা কাটা-মাড়াই শুরু হলো। তিনি আশা করছেন, এবার বাম্পার ফলন হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম, আমের পাশাপাশি ধানের উৎপাদন ভালো হয়। ভালো উৎপাদনের ফলে দেশের অন্যান্য এলাকায় চাহিদা মিটিয়ে থাকে এই অঞ্চলের ধান। আমরা দেখলাম, কীভাবে যান্ত্রিক পদ্ধতিতে ধান কর্তন করা হয়। এর আগে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ করা হয়েছিল। এগুলো আসলেই প্রদর্শনী। আপনাদের দেখানো ও জানানো। আপনাদের উদ্বুদ্ধ করানো হলো এই কর্মসূচির মাধ্যমে। তিনি বলেন, যদি আগের পদ্ধতিতে শ্রমিককে টাকা দিয়ে ধান কাটতেন, তাহলে একদিনে কতটুকু ধান কর্তন করতে পারতেন। এই পার্থক্যটা কতটুকু, চোখের সামনে দেখতে পাচ্ছেন। কৃষি কর্মকর্তা বলে গেছেন, ২ থেকে ৩ বিঘা জমি কর্তন করতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এতে আপনারা উৎসাহী হন। সময়, শ্রমিক কম লাগছে। আমরা যদি সমলয় পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে সবুজ বিপ্লব বাস্তবায়ন ঘটানো সম্ভব। এর আগে জেলা প্রশাসক গোমস্তাপুর ইউনিয়নে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট (জৈব সার তৈরি) ও রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস পরিদর্শন এবং পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুষ্টি বাগানের উদ্বোধন করেন।

প্রফেসর এলতাসউদ্দিন আর নেই

প্রফেসর এলতাসউদ্দিন আর নেই দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মরহুমের ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। মরহুমের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টেমেন্টের প্রফেসর মো. আফজাল হোসাইন জানান, আজ রবিবার বাদ এশার বনানী চেয়ারম্যানবাড়ী জামে মসজিদে প্রথম জানাজা, আগামীকাল সোমবার সকাল ৯টায় রাজশাহী টিটি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজা এবং চাঁপাইনবাবগঞ্জস্থ চাঁদলাই গ্রামে বড় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে। ১৯৩১ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এলতাসউদ্দিন। তাঁর পিতা এসাহাক মন্ডল ও মা আফরোজা বেগম। ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন তিনি।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে রবিবার বজ্রপাতে মো. কাইমুল (৫৫) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাতনইল উত্তর ভবানীপুর মহল্লার সাইফুদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুর এলাকায় সকালে অন্যের জমিতে ধান কাটতে যান কাইমুল। বিকেল সাড়ে ৩টার দিকে জমিতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কাইমুলকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো. মদিবুর রহমান বলেন- আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বিশ্ব মা দিবস 

আজ বিশ্ব মা দিবস  আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা প্রকাশের বিশেষ দিন আজ। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই তা নানা আয়োজনে পালিত হয়। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এ পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম ‘মা’। কবির ভাষায়-‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।’ মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য আলাদা করে কোন দিন বা দিবসের আসলে প্রয়োজন নেই। তবুও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মে মাসের দ্বিতীয় রোববার সন্তানরা তাদের মায়েদের গভীর শ্রদ্ধায় স¥রণ করছেন। কেননা সন্তান ও মায়ের মধ্যে যে সম্পর্ক, এত দৃঢ় আর কোনও সম্পর্ক এই পৃথিবীতে নেই। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান ও কর্মসূচি পালন করছে। বিশ্ব মা দিবসের ইতিহাস অনেক বছরের পুরোনো। মধ্যযুগে একটি প্রথা চালু ছিল, যারা যেখানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কাজের জন্য সেখানে থেকে বিভিন্ন জায়গায় চলে গেছেন, তারা আবার তাদের বাড়িতে, মায়ের কাছে ও ছোটবেলার চার্চে ফেরত আসবেন। সেটা হবে খ্রিষ্টান ধর্মের উৎসব লেন্টের চতুর্থ রোববারে। ওই সময় ১০ বছর বয়স হতেই কাজের জন্য বাড়ির বাইরে চলে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। তাই, এটা ছিল সবাই মিলে পরিবারের সঙ্গে আবারও দেখা করার ও একসঙ্গে সময় কাটানোর একটা সুযোগ । এভাবে ব্রিটেনে এটা মায়ের রোববার হয়ে উঠে। কিন্তু, পরে লেন্টের তারিখ পরিবর্তিত হওয়ায় রোববারও আর নির্দিষ্ট থাকে না। আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়। যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামে এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। ১৯০৫ সালে আনা জারভিস মারা গেলে, তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন। ওই বছরই তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটিকে মা দিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রোববার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব তুলে ধরেন। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিনটাকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বেশিরভাগ জায়গায় মা দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়। মা দিবসে সন্তানরা মাকে উপহার দেওয়ার পাশাপাশি তার সঙ্গে  সময় কাটিয়ে ভালোবাসা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিড ভরে যায় মা ও সন্তানের ভালবাসাময় ছবি ও স্মৃতিচারণে। বিভিন্ন ফ্যাশন ও গিফট হাউসগুলো দিবসটি উপলক্ষ্যে নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে থাকে। এ ছাড়াও রেস্টুরেন্টগুলোতে থাকছে মা দিবস উপলক্ষ্যে নানা ধরনের অফার। মা দিবসের মূল বার্তা হলো- মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত 

শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত  “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মমতাজ বেগম, শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন-অর-রশিদ টুকু ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হকসহ অন্যরা। শেষে পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রি নিহত গোমস্তাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার দিকে পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের একটি আমবাগানে নির্মাণাধীন ঘরে কাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম ওই গ্রামের একটি লীজ নেওয়া আমবাগানের ভিতরে নির্মাণাধীন ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে বিদ্যুত লাইনের পিলারে হাত লেগে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

নাচোলে পেঁয়াজ বীজে স্বপ্ন বুনছেন ১০ চাষি

নাচোলে পেঁয়াজ বীজে স্বপ্ন বুনছেন ১০ চাষি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের আতাউর রহমান। প্রতিবছর নিজ উদ্যোগে পেঁয়াজ বীজ চাষ করেন তিনি। এবার এক বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করছেন তিনি। আর তাকে বৃহৎ পরিসরে পেঁয়াজ বীজ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি পুরো কারিগরি সহায়তা দিচ্ছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। শুধু আতাউর রহমানই নন, নাচোল উপজেলার আরো ৯ জনকে পেঁয়াজ বীজ চাষে কারিগরি সহায়তা দিচ্ছে সংস্থাটি। বর্তমানে প্রয়াসের সহযোগিতায় পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন বুনছেন এই ১০ কৃষক। তারা প্রত্যেকেই করেছেন এক বিঘা করে পেঁয়াজ বীজ চাষ। এই বীজ আগামী শীতে চাষ করা হবে। কৃষক মো. আতাউর রহমান বলেন, আমি কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে পেঁয়াজ বীজ চাষ করে আসছি। পেঁয়াজ বীজ চাষ করার জন্য আমাদের নির্ভরযোগ্য বীজ দরকার। আমি প্রথমে এই বীজ চাষ করতে পারতাম না, হোঁচট খাওয়ার পর শিখেছি। আমি যেভাবে বীজ চাষ করি, সেখান থেকে আবহাওয়াজনিত কারণে কিছু সমস্যা হতে পারে। তাছাড়া ফলন ভালোই হয়। তিনি জানান, পেঁয়াজ বীজ ১২০-১৩০ দিনের মধ্যে ঘরে তোলা যায় এবং এক বিঘা চাষ করতে ৩০-৪০ হাজার টাকা খরচ হয়। ভালো মানের বীজ পেলে এক বিঘা জমিতে প্রায় ১০০ কেজি বীজ পাওয়া যাবে। যদি ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করা যায় তাহলে আপনি অনেক লাভবান হবেন। বর্তমানে পেঁয়াজ বীজ বিক্রি হচ্ছে ৪-৫ হাজার টাকা কেজি দরে। আতাউর রহমান বলেন, আপনি যদি প্রথমে ভালো মানের বীজ সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি এটা চাষ করে অনেক লাভবান হতে পারবেন। তিনি বলেন, নিজের বীজ নিজে উৎপাদন করে ফসল উৎপাদন করব, তাহলে আমরা আরো লাভবান হতে পারব। আর আমাদের এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় বীজের চাহিদা মিটাতে পারব। নাচোল উপজেলার কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, এ বছর নাচোল উপজেলায় ১০ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। আমরা আশা করছি, বিঘাপ্রতি ৭০-৮০ কেজি করে পেঁয়াজ বীজ পাওয়া যাবে। এবছর আবহাওয়া ভালো ছিল এবং পলিনেশন ও ভালো ছিল। আগামীতে যেন আরো বেশি পরিসরে পেঁয়াজ বীজ চাষ করা হয়, তার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। উপজেলা কৃষি অফিসের সাথে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিও কৃষকদেরকে পেঁয়াজ বীজ উৎপাদনে সহায়তা করছে। কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নত পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন করলে তা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তাই কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এগিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশ আগামীতে প্রযুক্তিনির্ভর কৃষিতে অগ্রসর হবে বলে আশা প্রয়াস পরিবারের কর্মকর্তাদের।

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি-এর আয়োজনে আজ বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হওয়া এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পুলিশ সুপার রেজাউল করিম, সহকারি কমিশনার আজমাইন মাহতাব, চেম্বারের পরিচালক আব্দুল আওয়াল ও মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মতীন, চেম্বার সদস্য শুকরুদ্দিন, শহিদুল ইসলাম, এম কোরেশি মিল্লু, জাহাঙ্গীর কবীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আগত দর্শনার্থীবৃন্দ। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, এই মেলার মধ্য দিয়ে দেশীয় পণ্যের পরিচিতি তুলে ধরতে চাই। মেলায় অতিরিক্ত দাম ও নি¤œমানের পণ্যের সরবরাহ বন্ধ করতে কাজ করবে চেম্বার অফ কমার্সের কর্মকর্তাবৃন্দ। এদিকে, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, এই মেলা জেলাবাসীর বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মেলায় শতাধিক স্টল ও ১৬টি প্যাভেলিয়ন থাকবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০টি বিভিন্ন ধরনের রাইড রয়েঠে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি ২০ টাকা। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের ১০-১৫টি স্টলও থাকছে। উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকায় আন্তর্জাতিক শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় শিল্পপণ্য ও বাণিজ্য মেলা করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ও এক সার্কুলারের মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্য জনগণের মধ্যে তুলে ধরতে দেশের সকল জেলা চেম্বারকে বাণিজ্য মেলা করার নির্দেশনা দিয়েছিলেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সে আহ্বানে সাড়া দিয়ে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা করার উদ্যোগ নিই।

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মাসিক সভায় আইনশৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের ওপর আলোকপাত করা হয়।