ইরানের ৯ পরমাণু বিজ্ঞানী নিহতের দাবি ইজরাইলের

ইরানের ৯ পরমাণু বিজ্ঞানী নিহতের দাবি ইজরাইলের ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, আগের দিন শুক্রবার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে তাদের বিমান হামলায় নয়জন শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে নিহতদের নাম উল্লেখ করে বলেছে, ‘অপারেশন রাইজিং লায়ন-এর শুরুতে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় ইরান সরকারের পরমাণু অস্ত্র কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়া নয়জন জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হয়েছেন।’ সামরিক বাহিনী বলেছে, ‘তাদের নির্মূল করা ইরানি শাসকগোষ্ঠীর গণবিধ্বংসী অস্ত্র অর্জনের ক্ষমতার ওপর একটি চরম আঘাত।’ সেনাবাহিনী জানিয়েছে, ‘গোয়েন্দা অধিদপ্তর কর্তৃক সংগৃহীত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে।

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারী ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর ডিজিটালাইজেশনের মাধ্যমে এই বিনিয়োগ স্বচ্ছতা বৃদ্ধিতে ও দুর্নীতি হ্রাসে সহায়তা করবে। এতে বাংলাদেশ এমন আধুনিক সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যা একটি উদীয়মান অর্থনীতির চাহিদা পূরণে সক্ষম।’ তিনি বলেন, ‘এই প্রকল্প সরকারি সেবার গুণগত মান ও প্রবেশগম্যতা বাড়াবে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।’

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু

শিবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ: গোমস্তাপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু শিবগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাহিনীর ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। ১ম দিন ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদেও চাল দেওয়া হয়।

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বন্দর কার্যক্রম আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ জুন বন্দরের কার্যক্রম পূণরায় যতারীতি চালু হবে। তবে বন্ধের মধ্যেও পণ্য লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু আভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। বন্দর সূত্র জানায়, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথ সিদ্ধান্তে এ সংক্রান্ত একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিস্ট সকল পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করেছে। আজ বিকেলে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ঈদ উপলক্ষে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদ উপলক্ষে বন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত ঈদের দিন সহ প্রতিদিনই স্বাভাবিক থাকবে।

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৪ জন নারী ও ৪জন পুরুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো. গোলাবের ছেলে মো. ফায়েক (২৮), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মো. আজিম সরদার (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের মো. শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে মো. মোফাজ্জেল হোসেন (৩৫), তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী দুখী দাস (৫৫), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মোছা. মিম খাতুন (১৯), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে মোছা. রত্না আক্তার নুপুর (২২), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পিছি বারইখালী গ্রামের ইব্রাহিমের স্ত্রী মোছা. নাদিরা খাতুন (৩৭)। লে. কর্নেল গোলাম কিবরিয়া আরো বলেন-আটককৃত ব্যক্তিরা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শরিফ হোসেন (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার বালিয়াডাঙ্গা-গোরস্থান মোড় এলাকার মৃত হারুন ওরফে হয়রান আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকালে নয়ানগর এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর আমনুরাগামী লোহার সামগ্রী বোঝাই একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন শরিফ। খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চাঁপাইনবাগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারে প্রতিপাদ্য ছিলো “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষ। আলোচনা শেষে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। দুধের পুষ্টিগুণ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন শিবগঞ্জ উপজেলার ভেটেরিনারী সার্জন ডা. আবু ফেরদৌস। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় দুগ্ধ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্লাষ্টিক দূষণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন বিশ্ব পরিবেশ উদযাপন উপলক্ষে প্লাষ্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা সনাক-টিআইাবি প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। প্লাষ্টিকের নানা ক্ষতিকর দিক তুলে ধরে এসময় বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া সাগর, সদস্য মজিবুর রহমান, এনামুল হক, কানাই চন্দ্র দাস, কুশল কুমার শীল, উন্নয়ন সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের নিকোলাস মুরুমু, আশা’র শফিকুল ইসলাম, ডেমোক্রাসি ওয়াচের রেজাউল করিমসহ অন্যরা। দিবসটি উপলক্ষে প্লাষ্টিক দূষণরোধে টিআইবি’র সুনর্দিষ্ট ১৪ দফা দাবি উপস্থাপন করেন আরমানি খাতুন। টিআইবি এরিয়া ম্যানেজার শফিকুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিয়ের উপহারসামগ্রী হিসেবে পাঠানো হয়েছিল প্রাণঘাতী বোমা

বিয়ের উপহারসামগ্রী হিসেবে পাঠানো হয়েছিল প্রাণঘাতী বোমা পার্সেল খুলতেই সুতায় পড়ে টান। এরপর বিকট শব্দে সেই বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। একজন হয় গুরুতর আহত। ঘটনাটি ঘটে ভারতের ওড়িশার বোলাঙ্গির জেলার পাটনাগড় শহরে সাত বছর আগে। সেই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামিকে সম্প্রতি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ওই রাজ্যের এক আদালত। মামলার বাদীপক্ষের যুক্তি শুনে আদালত মন্তব্য করেন, এটি ছিল একটি ‘ঘৃণ্য’ অপরাধ। তবে আদালতের মতে, এটি ‘সবচেয়ে বিরল ও ভয়াবহ’ ধরনের মামলা নয়, যার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য। তাই আদালত আসামিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। আসামির নাম পুঞ্জিলাল মেহের। বহুচর্চিত মামলাটি ‘ওয়েডিং বম্ব’ (বিয়ে বোমা) হত্যা মামলা নামে পরিচিত। পাটনাগড় শহরে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিয়ে হয় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য শেখর সাহু ও রিমার। বিয়ের পাঁচদিন পর উপহারের নাম করে পার্সেলে করে পাঠানো এক বোমা। নবদম্পতি ওই পার্সেল খোলামাত্রই বিস্ফোরণ হয়। এতে সৌম্য শেখর সাহু ও তার দাদি জেমামণি সাহুর মৃত্যু হয় এবং সৌম্যর স্ত্রী রিমা গুরুতর আহত হন। অভিযুক্ত পুঞ্জিলাল মেহের ওই পরিবারের পূর্বপরিচিত ছিলেন। নিহত যুবকের মা সংযুক্তা সাহুর সাবেক সহকর্মী ছিলেন তিনি। কলেজের এক সাবেক অধ্যক্ষ ছিলেন পুঞ্জিলাল। তার বয়স এখন ৫৬ বছর। মামলার তদন্তকারীরা জানান, পুঞ্জিলাল পেশাগত দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে সংযুক্তা সাহুর ওপর ক্ষুব্ধ ছিলেন। এক পর্যায়ে তিরি পরিকল্পনা করে এই পার্সেল বোমা হামলা চালান। তিনি ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে রায়পুর থেকে বোমাটি কুরিয়ার করেন। এ কাজের জন্য তিনি এমন একটি কুরিয়ার সার্ভিস বেছে নেন যেখানে সিসিটিভি বা পার্সেল স্ক্যানিং ছিল না। সূত্র: বিবিসি