ইরানের সাথে ‘সমন্বিত’ভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

ইরানের সাথে ‘সমন্বিত’ভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা রোববার জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসাবে ইসরাইলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য ইসরাইলে ‘ইসরাইলের সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করা হয়েছে। রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল দখলকারী এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা ‘গত ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন সময়ে’ ‘বেশ কয়েকটি ফিলিস্তিনি ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে এই অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথিরা জানিয়েছে, তাদের হামলা ‘ইরানি সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের সাথে সমন্বিত’ ছিল। গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরাইল এবং ইসরাইল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। ইসরাইল ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে (২০২৫-২৭) ৬ সিরিজে ১২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরমধ্যে তিনটি সিরিজ ঘরের মাঠে, বাকী তিনটি বিদেশের মাটিতে। টাইগারদের সবগুলো সিরিজই দুই ম্যাচের হবে। আগামী ১৭ জুন লংকার মাটিতে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর শুরু হবে। শ্রীলংকা ছাড়াও এই চক্রে বিদেশের মাটিতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া দেশের মাটিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলা আছে টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে (২০১৯-২১) ৭ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ঐ আসরে কোন ম্যাচ জিততে পারেনি তারা। ৬ হারের সাথে ১টি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। নয় দলের আসরে নবম ও শেষ স্থানে ছিল বাংলাদেশ। প্রথম আসরে জয়হীন থাকলেও দ্বিতীয় চক্রে (২০২১-২৩) প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০২২ সালের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় টাইগাররা। ঐ আসরে ১২ ম্যাচ খেলে ১টি করে জয়-ড্র এবং ১০টি ম্যাচ হারে বাংলাদেশ। ফলে নয় দলের মধ্যে টেবিলের তলানিতে ছিল তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে টেবিলের তলানিতে থাকলেও, গতকাল শেষ হওয়া তৃতীয় চক্রে (২০২৩-২৫) নয় দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারের স্বাদ পায় টাইগাররা। এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দু’টি, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি করে জয় পায় বাংলাদেশ। চতুর্থ চক্রে বাংলাদেশের মত অন্য আট দলও সমান ছয়টি করে সিরিজ খেলবে। এরমধ্যে সবচেয়ে বেশি ২২ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২১ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া ভারত ১৮টি, নিউজিল্যান্ড ১৬টি, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ১৪টি করে, পাকিস্তান ১৩টি এবং শ্রীলংকা ১২টি ম্যাচ খেলবে। সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা। চতুর্থ চক্রে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭১টি। সর্বমোট সিরিজ হবে ২৭টি।
ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা হবে : সিইসি

ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা হবে : সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ৫৫ দিন হয় বা ৬০ দিন আগেই তফশিল হবে। এই মুহূর্তে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব নয়। তবে নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত রয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় সাধারণত ভোটের দুই মাস আগে। ৫৫ দিন হয় বা ৬০ দিনও হয়। নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’সিইসি বলেন, নির্বাচনের তফশিল ঘোষণা করার আগে ভোটার তালিকা প্রস্তুত থাকতে হবে। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলতি জুন মাসের মধ্যে শেষ করা হবে। তরুণ প্রজন্মকে যুক্ত করার জন্য প্রয়োজনে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা-ভাবনা হচ্ছে। যাদের ১৮ বছর হয়ে যাবে তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের সময়ও ২২ জুন শেষ হচ্ছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বড় কাজও রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সাথে আমাদের আলোচনার দরকার রয়েছে। এতদিন এগুলো নিয়ে সরকারই আলোচনা করেছে। উনাদের পজিশন আমাদের বুঝতে হবে। সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের সম্ভাব্য সময়সীমা নিয়ে ধারণা পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকার থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুত আছি সব চেয়ে বড় কাজ ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা মোটামুটি শেষ। যেদিন আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করবো সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে। এটাই হচ্ছে আইন। সিইসি বলেন, নির্বাচন নিয়ে এখনো কোনো টার্গেট ঠিক করিনি। লন্ডনে উনারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি, রমজানের আগেও নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, একটা সুন্দর নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকার প্রধানই বলছেন, ‘আমি একটা সুন্দর নির্বাচন দিব’। তার মানে উনার দায়দায়িত্ব আছে। তা না হলে উনি কি একথা বলতেন। তিনি বলেন, ‘এটা একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, একদিকে সরকার বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। সংস্কারের বিষয়ে আলোচনা চলছে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে, তবে ত্বরান্বিত করার বিষয় রয়েছে, এটি নিয়ে আলোচনা চলছে। আমাদের ধারণা, সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। কিন্তু লন্ডন সফরের পরে দায় দায়িত্ব কিছুটা আমাদের উপরই আসছে।’
চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর নিহত

চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর নিহত চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বিদিরপুরে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পাস সেলিনা খাতুন (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী জেলার শিবগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের সেলিম রেজার মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আশীষ সরকার জানান, মল্লিকা (আইআর) ট্রেনটি রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় অল্প কিছুদূরে বিদিরপুর এলাকায় বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সেলিনা খাতুন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, সেলিনা খাতুন আত্মহত্যা করতে পারেন। আশীষ কুমার আরো জানান, তার ব্যাগের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজশাহী কলেজের অনার্স ভর্তি পরীক্ষার কাগজপত্র ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোবরাতলায় ভিজিএফের চাল বিতরণ : চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন

গোবরাতলায় ভিজিএফের চাল বিতরণ : চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ না করা নিয়ে গত ১১ জুন গোবরাতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে তাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে দাবি করে সেই মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলার সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে ইউনিয়ন পরিষদের সামনে ‘গোবরাতলা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে ভিজিএফ কর্মসূচির দুই শতাধিক সুবিধাভোগী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ঈদের আগে দুস্থ-অসহায় মানুষদের ভিজিএফের চাল দেয়ার কথা থাকলেও তারা পাননি। ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে, ৮ জন সদস্য সুবিধাভোগীর তালিকা না দেয়ায় ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। বক্তারা আরো বলেন, ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করছেন ইউনিয়ন পরিষদের ৮ সদস্য। তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন— ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল হায়াত আবেদিন, স্থানীয় বাসিন্দা সৈয়দ মওদুদ আহমেদ, শাহিন আহমেদসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে গত ১১ জুন ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে ওই একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার এক আসামিকে বগুড়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম (২৪) একটি হত্যা মামলার ৫নং আসামি। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-১২ বগুড়া যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার আমিরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আব্দুর রাকিবের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গত ৮ জুন পূর্ব শত্রুতার জেরে কামালপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানার (৪১) ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এজাহারনামীয় আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা এলাকায় হত্যা মামলার ৫নং পলাতক আসামি আমিরুল ইসলাম অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-১২, সিপিএসসি বগুড়ার যৌথ আভিযানিক দল সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রেলস্টেশন ওভারব্রিজের নিচ হতে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হত্যা চেষ্টা মামলার ২ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার ২ ও ৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মো. একরামুল হকের ছেলে হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মো. রাশিদুল (২৮) ও মো. আলেকের ছেলে একই মামলার ৩নং আসামি মো. রিংকু (২৪)। গত ১৩ জুন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল এই অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা অন্য আসামিদের সঙ্গে নিয়ে বাদিনীর ছেলে মো. রানা বাবু (২৮)কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরবর্তীতে বাদিনী ও স্থানীয় লোকজন রানা বাবুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্ররণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২০ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৩৩ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩৯ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৪ জন শিশু রোগী রয়েছে। চলতি বছরের শুরু থেকে রবিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬৪ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু ‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই পশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে ৩০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করছেন। রবিবার সকাল ১০টা থেকে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। জেলা কার্যালয়ের উপরিচালক কৃষিবিদ ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান। এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন— প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ হলো একটি কর্মশালা বা কোর্স, যা নির্বাচিত বা প্রতিনিধিত্বশীল কৃষকদের কৃষি কাজে সেচ এবং নিষ্কাশন (নিকাশ) ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হয়। এই প্রশিক্ষণ কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং পানির সর্বোত্তম ব্যবহার করতে সহায়তা করে। এই পাঁচ দিনের প্রশিক্ষণে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কৃষিতে বাস্তবে কাজে লাগাতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন শিবগঞ্জ উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে এক কৃষিজীবী নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপরটোলা গ্রামের সিদ্দিক আলী বিশ^াস ওরফে গুদর হাজীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের অপর আপন ভাতিজা এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী ওরফে সবুজ। তিনি একই গ্রামের হজরত আলী কালুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে ধোপপুকুর গ্রামে ঘটনাটি ঘটে। জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আরাফাতের দুই ছেলে আনাস ও আব্বাসের ছুরিকাঘাতে পেটের দু’দিকে জখম হন নজরুল। অপরদিকে গলায় চাচাতো ভাইদের ছুরিকাঘাতে আহত হন সুজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ওসি আরও বলেন, সম্প্রতি ওই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে মীমাংসা বৈঠক হয়েছিল বলে শোনা গেছে। ঘটনার পূর্বমূহুর্তে কিছু হয়েছিল কিনা সে বিষয়টি সহ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

২২ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ৩৮ জেলায় চলমান তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে তীব্র গরমের দাপট এখনো বিদ্যমান। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ছাড়িয়েছে ৩৮ ডিগ্রির ঘর। এই অবস্থায় আষাঢ়ের প্রথম দিন আগামীকাল থেকে সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, আগামীকাল বৃষ্টি হবে, পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। যা ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।’ তিনি জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী বরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এতে আরো বলা হয়েছে যে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।