বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ

বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত লাইসেন্সধারী সব বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত বৈধ অস্ত্রের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁদের জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর তাগিদ প্রধান উপদেষ্টার

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর তাগিদ প্রধান উপদেষ্টার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হলেও যেন বাংলাদেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক খাত—ইইউ’র বাজারে নির্বিঘ্ন প্রবেশাধিকার বজায় রাখতে পারে, সে জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও সহজ ও গতিশীল করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। অধ্যাপক ইউনূস বলেন, সম্প্রতি জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে, যার ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের সাত হাজার ৩০০টির বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও একই ধরনের চুক্তির উদ্যোগ নিতে চায় সরকার। তিনি আরও বলেন, “জাপানের সঙ্গে ইপিএ আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ হলে বাংলাদেশের রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে।” ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ ইইউ’র বাজারে বিদ্যমান বাণিজ্য সুবিধা হারাতে পারে। তাই সময় থাকতেই এফটিএ নিয়ে আলোচনা শুরু করা জরুরি। তাঁর মতে, এমন চুক্তি হলে ইউরোপীয় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পশ্চিমা বাজারে বাংলাদেশের রপ্তানি আরও শক্তিশালী হবে। তিনি জানান, ভারত ইতোমধ্যে ইইউ’র সঙ্গে এফটিএ আলোচনার পথে রয়েছে এবং ভিয়েতনাম আগে থেকেই এ ধরনের চুক্তির সুফল পাচ্ছে। এর ফলে দেশ দুটি ইউরোপের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। “আমরা এফটিএ’র পক্ষে সক্রিয়ভাবে কাজ করছি এবং ইউরোপে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করব,” বলেন নুরিয়া লোপেজ। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্কের ধরনে পরিবর্তন আসবে, তবে তা ২০২৯ সালের আগে কার্যকর হবে না। তিনি জানান, প্রায় ২০ কোটি মানুষের বাজার হিসেবে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরে ইইউ আগ্রহী। এ লক্ষ্য সামনে রেখে ২০২৬ সালে একটি ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তুতিও চলছে। তিনি বলেন, “ইইউ’র কোম্পানিগুলো যেন বাংলাদেশে সমান সুযোগ পায় এবং বিনিয়োগে আগ্রহী হয়—সে জন্য রাজনৈতিক পর্যায়ে স্পষ্ট বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ।” প্রধান উপদেষ্টা আরও বলেন, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ কারখানা স্থানান্তরের একটি বড় সম্ভাবনাময় গন্তব্য হতে পারে। দক্ষ শ্রমশক্তি ও তুলনামূলক কম উৎপাদন ব্যয় দেশের বড় শক্তি উল্লেখ করে তিনি জানান, সরকার একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলছে, যার লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্রে রূপান্তর করা। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইইউ’র বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “ইইউ’র পর্যবেক্ষকদের উপস্থিতি আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ আস্থার প্রতীক।” তিনি যোগ করেন, নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক। বৈঠকে সরকারের এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

দামকুড়া থানার পলাশ মেম্বার হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

দামকুড়া থানার পলাশ মেম্বার হত্যা মামলার দুই আসামি গ্রেফতার রাজাশাহীর দামকুড়া থানার চাঞ্চল্যকর পলাশ মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলো রফিকুল ইসলাম ওরফে রাকিব ও আরিফুল ইসলাম ওরফে আরিফ। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত ১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানার দক্ষিণ কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে রাজশাহীর দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী গ্রামে গরু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে পলাশ মেম্বারের সঙ্গে আসামিদের তর্ক হয়। একপর্যায়ে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত ও মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।

গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময়

গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় গোমস্তাপুরের ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের লক্ষে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। আজ গোমস্তাপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ক্যামেরা ব্যবহারকারী অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার হয়। গোমস্তাপুর ওসি আব্দুল বারিক জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় গোমস্তাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়। পরে ব্যবহারকারী অফিসারদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা দেওয়ার হয়। তিনি আরও জানান, গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ ৫০টি ভোটকেন্দ্র দায়িত্বরত অফিসারের কাছে এই বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। পুলিশের হেডকোয়াটার্স এটা নিয়ন্ত্রণ করবে।

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড 

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। শনিবার ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডিত ব্যক্তি ওই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। মোবাইল কোর্টের বিচারক মো. শামীম হোসেন জানান, শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী এরফান আলী বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে খাবারের আয়োজন করেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন— এমন সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. এরফান আলীকে ২৭ (ক) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।

উচ্চশিক্ষার সংস্কারে মাঠ পর্যায়ে সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষার সংস্কারে মাঠ পর্যায়ে সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ প্রস্তুতি ও কর্মসংস্থানের চাহিদা নিরূপণে বড় ধরনের সমীক্ষায় নামছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ প্রস্তুতি এবং সক্ষমতা নিরূপণে একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষা’ শীর্ষক এ গবেষণাটি পরিচালনা করবে ‘কনসিগলিয়েরি প্রাইভেট লিমিটেড’। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানটিকে এই কাজের কার্যাদেশ ও অনুমতি প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় এ দেশের আপামর জনসাধারণের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেশের সব অঞ্চলের, সব শ্রেণি-পেশা এবং ধর্মের মানুষের সমস্যা ও চাহিদা জানতে চাই। আমাদের মূল লক্ষ্য-ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগ গ্রহণ করা, যাতে কেউ পিছিয়ে না থাকে।’ তিনি আরও বলেন, ‘এ গবেষণাটি যেন আন্তর্জাতিক মানের হয়, যাতে দেশের নীতিনির্ধারকগণও উচ্চশিক্ষার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে একে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।’ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের ৭০ শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় সাত লাখ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা চলতি জানুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৯৩ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা হিসাবে)। রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের ২৪ দিনে আগের বছরের একই সময়ের ৪৯ শতাংশ প্রবাসী আয় এসেছে। আগের বছরের জানুয়ারি মাসের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৫৪৩ কোটি ৯০ হাজার ডলার। জানুয়ারি মাসে আসা এ প্রবাসী আয় সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পূণর্ভবা নদীর পাড় থেকে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে রহনপুর পৌর ভবন এবং বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় মাহাত্ম ঘাটের নিকট থেকে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক জানান, লাল স্কচটেপ মোড়ানো সলতেযুক্ত বস্তুগুলো একটি প্লস্টিকের ব্যাগের ভেতর ধানের তুষের ভেতর রাখা ছিল। এগুলো বিস্ফোরক বস্তু কিনা তা নিশ্চিত হতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে বস্তুগুলো রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে ৮ ঘন্টা বন্ধের পর চালু আমনুরা জংশন

চাঁপাইনবাবগঞ্জে ৮ ঘন্টা বন্ধের পর চালু আমনুরা জংশন চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন স্টেশনের প্রবেশমুখে তেলবাহী একটি ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যূত হওয়ার ঘটনায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল দুপুর ১২টা ৩৫ মিনিটে খুলনা থেকে আসা আমনুরায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস ওয়েল বহনকারী একটি ট্রেনের দুটি ওয়াগন স্টেশনের প্রায় আধা কিলোমিটার আগে লাইনচ্যূত হয়। এতে আমনুরা-রহনপুর রুটের সব ধরণের ট্রেন বন্ধ হয়ে যায়। ঘটনার পর বিকেল ৫টার দিকে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে ওয়াগন দুটি উদ্ধার করা হয়। এতে আমনুরা-রহনপুর রুটে সকল ধরনের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। দুর্ঘটনায় কোনো হতাহত বা তেল লিকেজের ঘটনা ঘটেনি। তবে এ সময় ডাউন কমিউটার ও ১টি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমনুরা জংশন মাষ্টার হাসিবুল হাসান জানান, লাইনের যান্ত্রিক ত্রুটিকে প্রাথমিকভাবে কারণ হিসেবে ধরা হচ্ছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে আমনূরা জংশন হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে আমনুরা বাইপাস ষ্টেশন হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

একনেকে চাঁপাইনবাবগঞ্জের দুটি পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

একনেকে চাঁপাইনবাবগঞ্জের দুটি পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অনুমোদন একনেক সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গুরুত্বপূর্ণ দুটি পানি সম্পদ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় আজ ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মোট ২৫টি প্রকল্প অনুমোদন করে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্প এবং পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ (১ম অংশ) প্রকল্প বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন রোধ, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আজকের সভায় অনুমোদিত ২৫টি প্রকল্প হলো— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) ‘রাঙ্গামাটি (মানিকছড়ি)-মহালছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক (আর-১৬২) প্রশস্তকরণ ও যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্প, (২) ‘মুন্সীগঞ্জ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক মহাসড়ক ও ১টি জেলা মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তিবৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্প, (২) ‘চট্টগ্রামস্থ পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধন) প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) স্যানিটেশনে নারী উদ্যোক্তা প্রকল্প, (২) কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি প্রকল্প— (১) দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি/তদন্ত কেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা/আউটপোস্ট নির্মাণ প্রকল্প, (২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণ (১ম পর্যায়) প্রকল্প। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, দোহাজারী হয়ে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত সিঙেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প (১ম সংশোধন) প্রকল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প, (২) সিলেট টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ প্রকল্প। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) এস্টাবলিশমেন্ট অব অ্যা ১,০০০-বেড বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ জেনারেল হসপিটাল টু প্রোভাইড অ্যাডভান্সড মেডিকেল সার্ভিসেস টু দ্য পিপল অব নর্দার্ন রিজিয়ন অ্যান্ড নেইবরিং কান্ট্রিজ প্রকল্প, (২) হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইম্প্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেনদেনিং প্রজেক্ট প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প (২) স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) (৩য় সংশোধন) প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প, (১) পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ) প্রকল্প, (২) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্প, (৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ (১ম অংশ) প্রকল্প, (৪) তেতুঁলিয়া নদীর ভাঙন হতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষাকরণ প্রকল্প, (৫) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীরের ভাঙন হতে মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প, (৬) আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প— রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত) অনুমোদন করা হয়েছে। সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো— (১) নির্বাচিত ৯টি সরকারি কলেজের উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, (২) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উন্নয়ন-১ম পর্যায় (২য় সংশোধিত), (৩) সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (২য় সংশোধন) প্রকল্প, (৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে সমাপ্তকরণ প্রকল্প, (৫) নভোথিয়েটার খুলনা স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে সমাপ্তকরণ প্রকল্প (৬) সাপোর্টং পিইডিপি৫ প্রিপারেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন রেডিনেস থ্রো লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন (এলইএপি বাংলাদেশ), (৭) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ (ফেজ-২) (১ম সংশোধিত) প্রকল্প, (৮) র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্প, (৯) নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন (১ম সংশোধিত), (১০) সৈয়দপুর ১৫০ মে. ও ৪+১০% সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) এবং প্রকল্পের ১টি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিবর্তন হলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা।