এশিয়া কাপের ভেন্যু ঘোষনা

এশিয়া কাপের ভেন্যু ঘোষনা আগামী ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২৫ এশিয়ান কাপের ভেন্যু ঘোষনা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বি-গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এ সম্পর্কে এসিসি সভাপতি মহসিন নাকভি বলেছেন আট দলের এই টুর্ণামেন্ট আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এর মধ্যে আবু ধাবীতে এশিয়া কাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের একটি ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের বেশীরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটিসহ ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি ছাড়া বাংলাদেশ সময় রাত ৮টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। এশিয়া কাপের আসন্ন এই টুর্নামেন্ট টি২০ ফর্মেটে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি২০ ফর্মেটে আয়োজিত হচ্ছে। মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের সাথে গ্রুপ-এ’তে আরো রয়েছে স্বাগতিক আরব আমিরাত ও ওমান। গ্রুপ-বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর আবু ধাবীতে হংকং বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। গ্রপ পর্ব শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচী : গ্রুপ-এ : পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওমান গ্রুপ-বি : বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান, হংকং ৯ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম হংকং, আবু ধাবী ১০ সেপ্টেম্বর : ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই ১১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম হংকং, আবু ধাবী ১২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম ওমান, দুবাই ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলংকা, আবু ধাবী ১৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান, দুবাই ১৫ সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবু ধাবী ১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম হংকং, দুবাই ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবী ১৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই ১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবু ধাবী ১৯ সেপ্টেম্বর : ভারত বনাম ওমান, আবু ধাবী সুপার ফোর পর্ব : ২০ সেপ্টেম্বর : বি১ বনাম বি২, দুবাই ২১ সেপ্টেম্বর : এ১ বনাম এ২, দুবাই ২৩ সেপ্টেম্বর : এ২ বনাম বি১, আবু ধাবী ২৪ সেপ্টেম্বর : এ১ বনাম বি২, দুবাই ২৫ সেপ্টেম্বর : এ২ বনাম বি২, দুবাই ২৬ সেপ্টেম্বর : এ১ বনাম বি১, দুবাই ২৮ সেপ্টেম্বর : ফাইনাল, দুবাই

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখলো ব্রাজিল

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখলো ব্রাজিল রোমাঞ্চকর ফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ গোলে পরাজিত করে নারী কোপা আমেরিকার শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। এনিয়ে নবমবারের মত মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জেতার কৃতিত্ব দেখালো সেলেসাওরা। ইকুয়েডরের এস্তাদিও রডরিগো পাজ ডেলগাডোর ফাইনালে কলম্বিয়া তিনবার লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি। প্রতিবারই দারুনভাবে ব্রাজিল ম্যাচে ফিরে আসে। ব্রাজিলিয়ান লিজেন্ড মার্তার ইনজুরি টাইমের গোলে ব্রাজিল সমতায় ফিরে। এরপর আবারো ১০৫ মিনিটে মার্তা গোল করে ব্রাজিলকে জয়ের পথে নিয়ে যান। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন লেইসি সান্তোস। অতিরিক্ত সময়ের খেলা ৪-৪ গোলে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টির প্রয়োজন হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আমান্ডা গুটিয়ারেস ম্যাচ শেষে বলেছেন, ‘আমি মনে করি নারী ফুটবল অনেকটাই এগিয়ে গেছে। প্রতিদিনই এখানে প্রতিযোগিতা বাড়ছে। আজকেরও ম্যাচটিও তারই প্রমান। সবাই দিনের শেষে এই ধরনের একটি ম্যাচ আশা করে। কলম্বিয়াকেও অভিনন্দন। এই শিরোপা আমাদের জন্য বিশেষ কিছু। আমি বিশ্বাস করি ব্রাজিলের নারী ফুটবল এর মাধ্যমে আরো একধাপ এগিয়ে যাবে। আমরা কখনই ম্যাচ ছেড়ে দেইনি। এটাই ব্রাজিল। এটাই ব্রাজিলের গর্ব করার জায়গা।’ উভয় দলই ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দিয়েছে। ২৫ মিনিটে কলম্বিয়ার লিন্ডা কেইসেডো লো ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এ্যাঞ্জেলিনা ব্রাজিলকে সমতায় ফেরান। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার টারকিয়ানের আত্মঘাতি গোলে কলম্বিয়া আবারো এগিয়ে যায়। ম্যাচ শেষের ১০ মিনিট আগে গুটিয়ারেস ব্রাজিলকে সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি তার ষষ্ঠ গোল। আট মিনিট পর দ্রতগতির একটি কাউন্টার এ্যাটাক থেকে মাইরা রামিরেজ কলম্বিয়াকে আবারো লিড এনে দেন। ম্যাচের শেষভাগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে মার্তা ব্রাজিলকে রক্ষা করেছেন। স্টপেজ টাইমের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোলে তিনি ব্রাজিলকে সমতায় ফেরান। যে কারনে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। ১০৫ মিনিটে এ্যাঞ্জেলিনার অসাধারণ ক্রসে মার্তা ব্রাজিলকে এগিয়ে দেন। তবে ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। সান্তোসের দুর্দান্ত ফ্রি-কিক কোনাকুনি ভাবে জালে জড়ালে কলম্বিয়ান শিবিরে স্বস্তি ফিরে আসে। এ্যাঞ্জেলিনার শুরুর মিসে কলম্বিয়া পেনাল্টি শ্যুট আউটে লিড পায়। কিন্তু ম্যানুয়েলা পাভি গোল করতে ব্যর্থ হবার পর সান্তোসের শটটি রুকে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা। মার্তার সামনে সুযোগ এসেছিল জয় নিশ্চিত করার। কিন্তু তার শটটি রুখে দেন ক্যাথরিন টাপিয়া। সাডেন ডেথে কারাবালির মিসে ব্রাজিলের শিরোপা নিশ্চিত হয়।

আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর আগামীকাল ৪ আগস্ট থেকে সকল শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা, শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ থাকলে), প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এ নিয়মের বাইরে থাকবেন। এই শ্রেণির করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দাখিল করা যাবে। করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তিনি ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনে তিনি পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। জাতীয় রাজস্ব বোর্ড জানায়, গত বছর নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন, যা ছিল একটি উল্লেখযোগ্য অগ্রগতি। করদাতারা যাতে অনলাইনে রিটার্ন দাখিলে কোনো জটিলতায় না পড়েন, সেজন্য এনবিআর এর পক্ষ থেকে ২৪ ঘণ্টার কল সেন্টার ও অনলাইন সহায়তা সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

কমল এলপিজির দাম

কমল এলপিজির দাম ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার যারা ব্যবহার করেন তাদের সুখবর দিয়েছে সরকার। শুধু তাই নয়, অটোগ্যাসের দামেও সুখবর মিলেছে।  রোববার (৩ আগস্ট) নতুন মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ঘোষণাতেই মেলে সুখবরের তথ্য। বিইআরসি জানায়, ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে, সবশেষ গত ২ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।অটোগ্যাসের দামও ওইদিন সমন্বয় করা হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত সাতবার এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে। কমেছে চারবার। আর একবার দাম অপরিবর্তিত ছিল।

ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগার এ সংবর্ধনা দেয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের নিজস্ব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— গণকেন্দ্র পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু। অন্যদের মধ্যে বক্তব্য দেন— মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ মো. আজগর আলী, সহকারী শিক্ষক আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাজাহান আলী, কৃতী শিক্ষার্থী মো. মোবাহসেরুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে সাদা মনের মানুষ মো. জিয়াউল হক ও ঠিকাদার মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলদলী ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া ২৪ জন ছাত্র এবং ১২ জন ছাত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট ও দুটি করে বই তুলে দেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদসহ আরো অনেকে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনসহ প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে। বিশেষ অতিথির বক্তবে এলিজাবেথ ও ডেনিয়েল বাকের বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। কোল সম্প্রদায়ের জন্য আমরা একটা জায়গা তৈরি করতে পারলাম। যেখান থেকে তারা তাদের সম্প্রদায় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাদের সংস্কৃতিকে ধারণ করতে পারবে এবং এটা তাদেরকে আগামীতে আরো সুসংগঠিত হতে সহায়তা করবে। রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, এই রকম প্রত্যান্ত অঞ্চলে কোল সম্প্রদায়ের জন্য লাইব্রেরী ও রিসার্চ সেন্টার। এটা তাদেরকে জ্ঞান অর্জন ও সংস্কৃতি চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল বলেন, এখানকার যে যুবক যুবতীরা আছে স্কুল-কলেজে যায় পড়াশোনা করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের জন্য একটি জায়গা হলো। আমি আশা করি এখানকার কোল ভাষার কমিউনিটি এটার মাধ্যমে উপকৃত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

নাচোলে ওএমএস’র ডিলার বাছাই হলো লটারির মাধ্যমে

নাচোলে ওএমএস’র ডিলার বাছাই হলো লটারির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএস’রর ডিলার নিয়োগের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে এই বাছাই সম্পন্ন হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন জানান, নাচোল পৌর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬টি স্থানে ৬ জন ওএমএস ডিলার নিয়োগের ঘোষণা দেয়া হলে মোট ১৯টি আবেদন পড়ে। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬ জনকে বাছাই করা হলো। লটারিতে বিজয়ী ৬ ওএমএস ডিলার হলেন— পৌর এলাকার চেয়ারম্যানপাড়ায় মো. দেলোয়ার হোসেন, মধ্যবাজারে উজ্জ্বল হোসেন, ইসলামপুর মোড়ে আতাউর রহমান, মোমিনপাড়ায় আবুল কাইসার শিরাজ, রেলস্টেশন বজারে মো. নুহু আলম ও দক্ষিণ সাঁকোপাড়ায় শরিফুল ইসলাম। বাছাই পর্ব শেষে উপজেলা খাদ্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন দেশের পিছিয়ে পড়া হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিকে সফল করতে নতুন বাছাইকৃত ডিলারগণকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, আবেদনকারী ডিলার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত 

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬৬ ডেঙ্গু রোগি সনাক্ত  চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গ পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৬৬ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৩৩ জন। তবে অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬৭ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শিবগঞ্জে একজন রোগী ভর্তি আছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্তরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪১৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৬৩ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এই নিয়ে দ্বিতীয়বারের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টে বিগ ব্যাশের দল, পাকিস্তান ‘এ’ এবং নেপাল জাতীয় দলও অংশ নেবে। অস্ট্রেলিয়ার রাজ্য নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে ১৪ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে ৯ আগস্ট অস্ট্রেলিয়ায় উড়ে যাবার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু দু’দিন আগেই দেশ ছাড়বে তারা। এজন্য ঘরের মাঠে প্রস্তুতির পরিকল্পনাতেও পরিবর্তন আনা হয়েছে। সিরিজের প্রস্তুতির জন্য গত এক মাস ধরে চট্টগ্রামে আছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। চট্রগ্রামে বিসিবি হাই পারফরমেন্স দলের বিপক্ষে তিনটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। আজ প্রথম ম্যাচ এবং পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১ ও ৩ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ফ্লাইডলাইটের আলোতে। অস্ট্রেলিয়ার কন্ডিশন সর্ম্পকে ধারণা নিতে এই সিরিজটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত দুই দশকের মধ্যে আগামী বছর প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।