শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার

শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার শিবগঞ্জে চোরাকারবারীদের ফেলে যাওয়া নেশাজাতীয় ট্যাবলেট, নগদ ১ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের বটতলী ঘাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলকুপি বিওপির হাবিলদার মো. ইখতিয়ার হোসেন। প্রেস নোটে আরো জানানো হয়, তেলকুপি বাজার থেকে কানসাটগামী রাস্তায় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পওে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় সিট কভারের নিচে লুকানো ১০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং হাতলে বাঁধা গামছার ভেতর থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ট্যাবলেট, নগদ টাকা ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

বারঘরিয়া ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কর্মশালা 

বারঘরিয়া ইউনিয়নে খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী কর্মশালা  বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি পদ্ধতি প্রসারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সাকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট এর আওতায় এবং পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে প্রকল্পের ২০ জন মহিলা সিসিএজি সদস্য অংশ নেন। কর্মশালায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন পঙ্কজ কুমার সরকার ও প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, শস্য বিশেষজ্ঞ জহুরুল ইসলাম ও প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। কর্মশালায় খরা সহনশীল কৃষি কৌশল, টেকসই কৃষি অনুশীলন, পানি সংরক্ষণ এবং ভার্মিকম্পোস্ট তৈরির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে খরা সহনশীল পেয়ারা গাছের চারা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন মো. ফারুক আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম ও টেকনিক্যাল অফিসার মো. রিফাত আমিন হীরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় এই কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রজেক্ট। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকবৃন্দ। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবিলার উপায়, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি এবং RECP (Resource Efficient and Cleaner Production) ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে স্থানীয় পর্যায়ের ২৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বস্তিকা দত্ত

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বস্তিকা দত্ত মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন স্বস্তিকা দত্ত। এরপর টিভি ধারাবাহিক থেকে বড় পর্দায় এসে দর্শকের নজর কাড়েন তিনি। বর্তমানে ৩১ বছর বয়সী এই অভিনেত্রী নিজেকে আরও পরিপাটি করে গড়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরিবর্তন আনছেন শরীরের গঠন ও লুকেও। ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত এই তারকা মনে করেন, দর্শকের কাছে গ্রহণযোগ্য থাকতে হলে বারবার নিজেকে নতুনভাবে হাজির করা জরুরি। ইন্ডাস্ট্রিতে নায়িকাদের জন্য খোলামেলা পোশাক কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় অনেকটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে। তবে কারও কারও অবস্থান আলাদা। যেমন—শ্রুতি দাস কিংবা শ্বেতা ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন, তাঁরা খোলামেলা পোশাকে অভিনয় করবেন না। তাহলে স্বস্তিকার ভাবনা কী? উত্তরে তিনি বলেন,“মিমি চক্রবর্তীকে তো আমরা ‘রক্তবীজ টু’ ছবিতে বিকিনিতে দেখেছি। তিনি নিজেকে প্রস্তুত করেই সে দৃশ্যে অভিনয় করেছেন। আমিও তেমনটাই করব। আগে নিজেকে তৈরি করব, শরীরকে উপযুক্ত করব। তারপর বুঝব, চিত্রনাট্যে ঘনিষ্ঠ বা খোলামেলা দৃশ্যের কতটা প্রয়োজন আছে। সেভাবেই সিদ্ধান্ত নেব।” সম্প্রতি অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। এর পরই যুক্ত হয়েছেন ত্রিকোণ প্রেমের ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বকর্মা পূজার আগের দিন থেকেই সিরিজটির শুটিং শুরু হবে।

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি  চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার বারঘরিয়া ব্রিজ গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেয়। গোলচত্বর থেকে শুরু হওয়া কর্মসূচি ছড়িয়ে পড়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুতে (মহানন্দা সেতু-১), যা সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা সেতুর ওপর বসে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা ধরে দীর্ঘ যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়। পরে পলিটেকনিক শিক্ষক ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের হস্তক্ষেপে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, সরকারি পলিটেকনিক শিক্ষক আব্দুল মালেক, কারিগরি ছাত্র আন্দোলনের জেলা সংগ্রাম কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রাহিম, সংগ্রাম পরিষদের সদস্য রিপন আলী, মাহবুব রানা সজিব ও আপেল মাহমুদ প্রমুখ। বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির নিন্দা জানান, পেশাগত সমস্যার সমাধানে গঠিত সরকারি কমিটি প্রত্যাখ্যান করেন এবং ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি প্রত্যাখ্যান করার আহ্বান জানান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং যানজট নিরসনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে।

নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক

নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আলমগীর হোসেন (৫০), ফরহাদ হোসেন (৩০), কাবুল ইসলাম (২০), সনোয়ার হোসেন (৪২) এবং নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের ওয়াসিম আলী (৩৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযানে চোলাইমদ সেবন করার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন, বহির্বিভাগে ৪ জন এবং শিবগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী, এর মধ্যে জেলা হাসপাতালে ৩ জন পুরুষ ও ৫ জন নারী, শিবগঞ্জে ২ জন পুরুষ এবং গোমস্তাপুরে ১ জন নারী। ইতোমধ্যে জেলা হাসপাতাল থেকে ৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৮০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৭০ জন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পৌর কর্মচারী সংসদের আয়োজনে জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পৌরসভা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিতে ‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি’— এই স্লোগান তুলে ধরা হয়। পরে পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। আলোচনায় অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং কনজারবেন্সী ইন্সপেক্টর মো. রোজিবুল হক। সভায় জানানো হয়, মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধন কার্যক্রমের বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। বক্তারা বলেন, শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা “আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে আবারও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাল্যবিয়ে থেকে ফিরে আসা এক শিশু তার অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের আবেগাপ্লুত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন। এ সময় বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনের শপথ গ্রহণ ও ঘোষণাপত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিয়ে মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণার ফলক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন

গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের আয়োজন করে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও ওই মহল্লার চার জামায়াত। এতে স্থানীয় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা, উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক, উপদেষ্টা ব্যবসায়ী জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম এবং স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রহনপুর এলাকায় চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধ করা ও মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।