চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বালক–বালিকাদের দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা স্টেডিয়াম (নতুন) সংলগ্ন সুইমিংপুলে প্রতিযোগিতার উদ্বোধন হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাঁতার ফেডারেশনের কাউন্সিলর মো. খালেকুজ্জামান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক ও ক্রীড়া সংগঠকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই অক্টোবর, মঙ্গলবার সকালে শিশুমনি নিবাসের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এসআইএল ইন্টারন্যাশনাল ও সিসিডিবি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সহায়তায় জেলা সমাজসেবা কার্যালয় এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোসা. উম্মে কুলসুম, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা। সভায় শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে অলোচনা করেন অতিথিবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস উদযাপন “ডিম আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন” – এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রামাণিক, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ, শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমীন আক্তার, লাইভস্টক সার্ভিস প্রোভাইডার আব্দুস সালাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন সহ অন্যরা। সভায় বক্তারা জানান, ডিম সাশ্রয়ী, পুষ্টিকর ও সহজলভ্য খাবার হিসেবে দেশের পুষ্টি ঘাটতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা। এর আগে একটি বর্ণাঢ্য র্যালিতে পথচারীদের সেদ্ধ ডিম খাওয়ানো হয়।
রোমাঞ্চকর জয় বাংলাদেশের; রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

সুপার ফোরে রোমাঞ্চকর জয় বাংলাদেশের; রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১৯ ওভার ৫বলে জয় নিশ্চিত করে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান দারুণ বোলিংয়ে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাইফ হাসানের ৪৫ বলে ৬১ রান এবং তাওহীদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ ওভারে উত্তেজনা তৈরি হলেও নাসুম আহমেদের শান্ত সিঙ্গেলে ৪ উইকেট হাতে রেখে লক্ষে পৌছায় বাংলাদেশ। এদিকে রাজনীতি, কূটনীতি আর প্রতীকী দূরত্ব সবকিছু ছাপিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এক সপ্তাহে দ্বিতীয়বারে মতো মুখোমুখি হচ্ছে তারা। তবে এবার সুপার ফোরের ম্যাচে। ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে আটটায়। গ্রুপপর্বে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। তবে সেই ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত মেলাতে না চাওয়া, যাতে জড়িয়ে পড়ে ম্যাচ রেফারির নামও।
বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর

বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুরুতে ৪ অক্টোবর নির্বাচনের কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ (২১ সেপ্টেম্বর) প্রকাশিত তফসিল অনুযায়ী আগামীকাল (২২ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। জেলা, বিভাগ ও ক্লাব মিলিয়ে মোট ১৭৪ জন কাউন্সিলর ভোট দেওয়ার যোগ্য। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন ২৩ সেপ্টেম্বর, আর শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। সব যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে দুই দিন মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ সেপ্টেম্বর। পরদিন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো আপত্তি থাকলে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে জমা দিতে হবে, আর একই দিনে বিকেলে হবে শুনানি। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বেলা ১২টা পর্যন্ত, আর সেদিন বিকেল ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এবারের নির্বাচনে থাকছে পোস্টাল ও ই-ব্যালটের সুযোগ। ১ অক্টোবর বিকেলে বিসিবির ওয়েবসাইটে ব্যালট আপলোড করা হবে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে তা অবশ্যই ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিংবা ই-মেইলে ([email protected] ) পৌঁছাতে হবে। মূল ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৭৪ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন বিসিবির ২৫ পরিচালক। ভোট শেষে সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। এরপর সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, আর রাত ৯টার মধ্যে ঘোষণা করা হবে বিসিবির নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তিও সর্বোচ্চ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা চলতি বছরের একদিনের হিসাবে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৭৯ জনের মৃত্যু এবং ৪১ হাজার ৮৩১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটল। রোববার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ দুই দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে শনিবার মারা গেছেন তিনজন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, বয়স ২৪ থেকে ৬৫ বছরের মধ্যে। মৃতদের মধ্যে— বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল ও চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ১ জন করে মারা গেছেন। মাসওয়ারি মৃত্যু: সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি ৫৭ জন মারা গেছেন। জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, এপ্রিলে ৭ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। মার্চে কারও মৃত্যু হয়নি। হাসপাতালে ভর্তির মাসওয়ারি চিত্র: জুলাইয়ে সর্বোচ্চ ১০,৬৮৪ জন ভর্তি হয়েছেন। আগস্টে ভর্তি হয়েছেন ১০,৪৯৬ জন। সেপ্টেম্বরে (২১ সেপ্টেম্বর পর্যন্ত) ভর্তি হয়েছেন ১০,৩৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকার বাইরে— ঢাকা বিভাগে ১৪৫ ময়মনসিংহে ২২ চট্টগ্রামে ৭৭ খুলনায় ৫২ রাজশাহীতে ২৮ রংপুরে ৩ বরিশালে ১৬৬ সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,০২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ঢাকায় ৭৫৬ এবং ঢাকার বাইরে ১,২৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংগ্রহ শুরু হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যখন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন ১,৭০৫ জন।
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম

নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে—সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপরই নির্ভর করছে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার-এর সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন উপলক্ষে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, জরিপের তথ্য-উপাত্তই প্রমাণ করে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। তিনি আরো যোগ করেন, “জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চায়—এটা প্রমাণ করে সামনের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক। সবাই ভোট দিতে এলে নির্বাচনের মান ভালো হবেই।” অনুষ্ঠানে প্রকাশিত জরিপে দেখা যায়—দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয়। তবে ২১.৮ শতাংশ পিআর চান, আর ২২.২ শতাংশ চান না। জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের মধ্যে ৬৯.৯ শতাংশের মতে অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন — ঐতিহাসিক বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে কঠোর পদক্ষেপ নেবেন বলেও ইঙ্গিত করেছেন তিনি। এ খবর জানিয়েছে এএফপি। ট্রাম্প শনিবার (যখন তিনি ৭৯ বছর বয়সী) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি তার নির্মাতাকে — অর্থাৎ আমেরিকাকে — ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটবে।” পরে হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে এখনই আলোচনা চলছে এবং “আমরা এটিকে দ্রুত ফিরে পেতে চাই। যদি তারা না দেয়, তবে দেখবেন আমি কী করব।” বাগরাম বিমানঘাঁটি ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি; আমেরিকা ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তালেবানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসীর হামলার পর মার্কিন নেতৃত্বে তালেবানকে উৎখাত করার পরে বাসানো এই কেন্দ্রটি পরে তালেবানের দখলে চলে যায়। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বাগরাম হারানোর ঘটনায় তার হতাশা প্রকাশ করে আসছেন এবং তাঁর ওপরবর্তী প্রশাসন—বিশেষত প্রেসিডেন্ট জো বাইডেনকে—এ বিষয়ে দোষারোপ করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বিমানঘাঁটি ফিরিয়ে পেলে তা “ব্রেকিং নিউজ” হবে এবং তিনি সেসব কৌশল প্রয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন। ২০২১ সালের জুলাইয়ে ট্রাম্প-মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির পরে আমেরিকান ও ন্যাটো বাহিনী বাগরাম ত্যাগ করে। এরপর তালেবান পুনরায় দেশের বড় অংশে দ্রুত আধিপত্য খাটাতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত পুরো দেশ নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি ঘিরে আগামী সময়ে কিভাবে কূটনৈতিক বা অন্য কোনো পদক্ষেপ নেবে ওয়াশিংটন, তা পরিষ্কার করে বলা হয়নি — ট্রাম্প নিজে বলেছেন, “যদি তারা না দেয়, তবে দেখবেন আমি কী করি।”
৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার

৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার জয়পুরহাট সদর থানায় গত বছরের ৫ আগস্ট অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় হারিয়ে যাওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব-৫। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল সদর উপজেলার পশ্চিম দেবীপুর এলাকায় এ অভিযান চালায়। র্যাব জানায়, অভিযানের সময় দুষ্কৃতকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রঙের একটি বুলেটপ্রুফ জ্যাকেট (যার গায়ে “POLICE” লেখা) এবং একটি ওয়াকিটকি (Vertex Standard লেখা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জাম জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় থানায় থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি লুট হয়ে যায়। ইতোমধ্যে র্যাব-৫ এর অভিযানে থানার লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ২১ রাউন্ড তাজা গুলি, একটি সাউন্ড গ্রেনেড ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান আরও এগিয়েছে। র্যাব জানিয়েছে, লুট হওয়া বাকি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। একইসাথে এলাকাবাসীকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার

জয়পুরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি লিটন গ্রেফতার জয়পুরহাট জেলার কালাই থানার বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হাফিজার রহমান লিটন (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-৫। তিনি কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। র্যাব জানায়, ২০ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল কালাই থানার বাকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ২ জানুয়ারি ২০২৫ বিকেলে স্থানীয় কৃষক আব্দুল মালেক খান সার দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে কুজাইল মৌজার একটি আলুক্ষেতে তার মরদেহ উদ্ধার হয়। প্রথমে বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হলেও (ইউডি মামলা নং-০১/২৫, তারিখ ৩ জানুয়ারি ২০২৫), ভিসেরা রিপোর্টে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়। এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে কালাই থানায় হত্যা মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলার অধিকতর তদন্তভার সিআইডি জয়পুরহাটকে দেওয়া হয়। তাদের আবেদনের ভিত্তিতে র্যাব-৫ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে মূল আসামি লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত লিটনকে সিআইডি জয়পুরহাটের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।