বনলতা এক্সপ্রেসে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বনলতা এক্সপ্রেসে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ টিম ট্রেনটির একটি নির্দিষ্ট বগি তল্লাশি চালায়। অভিযানে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গানপাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনী সর্বদা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে। দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার প্রবণতা নিয়েও মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিপদের মোকাবিলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।” সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে। গতকাল শুক্রবার হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান। তিনি আরও জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। তিনি বলেন, ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনও দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’ তবে, এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার। যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।

পুঠিয়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীর পুঠিয়া উপজেলায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকিব হোসেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল পুঠিয়া উপজেলার মোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেলসহ পালিয়ে গেলেও রাকিব হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব-৫ এর রাজশাহী ক্যাম্প।

বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা রোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। ইউনিসেফের সহায়তায় “স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি)” প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি গভীর মানবাধিকার লঙ্ঘন। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এবং সমাজে তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ কমে যায়। সংলাপে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। তারা বলেন, সমাজের প্রত্যেক মানুষ যদি নিজের অবস্থান থেকে এই সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়, তবে পরিবর্তন সম্ভব। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও সহিংসতার ক্ষতিকর প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার আজ দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীন, ইমাম এখলেসুর রহমান এবং প্রকল্পের ফ্যাসিলিটেটর আব্দুর রহিম। ইউনিসেফ এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেবিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। কর্মশালায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কর্মশালায় আলোচকরা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশুদের চারিত্রিক গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই ধর্মীয় নেতাদের শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতন ও সক্রিয় হতে হবে। সমাজে ধর্মীয় নেতাদের প্রভাব অত্যন্ত গভীর। মানুষ তাদের কথা গুরুত্বসহকারে গ্রহণ করে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবং সামাজিকভাবে সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকাই হতে পারে সবচেয়ে কার্যকর। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ধর্মীয় নেতারা তাদের অভিমত প্রকাশ করে বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা জরুরি। মসজিদ, মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে বার্তা দেওয়া হলে সমাজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল (১৭ অক্টোবর) শেষ হবে।

সুবিধাভোগীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান সদর উপজেলা সমাজসেবা অফিসারের

সুবিধাভোগীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান সদর উপজেলা সমাজসেবা অফিসারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে থাকা সুবিধাভোগীদের তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সুবিধাভোগীদের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশন করে হালনাগাদ করার জন্য আহ্বান জানিয়েছেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। আজ সকালে সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে তিনদিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বর্তমান সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রযুক্তি-নির্ভর কার্যক্রম চালু করেছে। সুবিধাভোগীদের তথ্য অনলাইনে হালনাগাদ করলে প্রকৃত ভোক্তারা সরকারি সহায়তা দ্রুত এবং নির্ভুলভাবে পেতে পারবেন।” তিনি আরও বলেন, “তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, নিকটস্থ কম্পিউটার দোকান বা সরাসরি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।” এসময় তিনি উপস্থিত ধর্মীয় নেতাদের অনুরোধ জানান, তারা যেন এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিজ নিজ এলাকার জনগণের মাঝে পৌঁছে দেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইউনিসেফ-এর যৌথ আয়োজনে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল (১৭ অক্টোবর) শেষ হবে।

রানীহাটিতে খরা-সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে কৃষক প্রশিক্ষণ

রানীহাটিতে খরা-সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে কৃষক প্রশিক্ষণ খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম, রামচন্দ্রপুর হটিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন ও প্রকল্পটির কৃষিবিদ ফয়জুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক আরমান আলী, সিএমও সিভিল রোকনুজ্জামান সহ অন্যরা। ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় পিকেএসএফ ও জিসিএফ-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন কওে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে ২০ জন সিসিএজি কৃষক সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক মো. আরমান আলী। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা, বহির্বিভাগে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, নাচোলে ১ জন পুরুষ এবং ভোলাহাটে ১ জন মহিলা রোগী রয়েছেন। বর্তমানে জেলায় ১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ১ জন এবং ভোলাহাটে ২ জন রোগী চিকিৎসাধীন। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও নাচোল থেকে ১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৫১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস

চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ‘হাত ধোয়ার নায়ক হোন’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে, নাচোলে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, ডা. আতিক মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।