ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত

ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে ভোলাহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পরিদর্শক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন নাচোল উপজেলার দেওপাড়া গ্রামের নুজরুল ইসলামের ছেলে জুয়েল রানা এবং দক্ষিণ সাকোপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জসিম উদ্দিন। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব-৫ এর একটি দল উপরাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরচালানকৃত ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখের আলী বিওপির একটি টহল দল বিড়ি ও মলম জব্দ করে। বিজিবি আরও জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল মদ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়েছে। জব্দকৃত ৩২ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে। সীমান্তে চোরচালান বিরোধী টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক।

পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫

পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫ শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোর মধ্যে পোল ঢুকে অটোচালক শরিফুল আলম নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে। একই ঘটনায় অটোর আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন ৮ বছরের শিশু রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় শিবগঞ্জ সদরগামী অটোরিক্সাটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ইলেকট্রিক পোল অটোরের সামনে দিয়ে ভিতরে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত অটোরিক্সাটিকে উদ্ধার করে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শান্তা খাতুন নামে এক তরুণী গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাহফিক আলীর স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ডের বালুবাগান মহল্লার মৃত ফেলুরুদ্দিনের মেয়ে। প্রায় ৪ বছর আগে বিয়ে হওয়া শান্তার আড়াই বছরের একটি শিশুকন্যা রয়েছে। স্বামী বিদেশে থাকায় শান্তা সন্তানকে নিয়ে পিতার বাড়িতে থাকতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টার দিকে খাবারের পর নিজ ঘরে ঘুমাতে যান শান্তা। বিকেল পৌনে ৩টার দিকে শান্তার শাশুড়ি শান্তার মাকে ফোন করলে কথা বলানোর জন্য শান্তাকে ডাকতে যান তাঁর মা। কিন্তু ডাকাডাকিতে তিনি সাড়া না দিলে ঘরের জানালা দিয়ে শান্তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এ সময় চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে এসে মরদেহ নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিকেল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শান্তা আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শান্তার ভাই আলিফ আলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ শান্তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ।

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৭

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৭ রাশিয়া শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার জানিয়েছেন, হামলার সময় শহরের মানুষকে ‘আশ্রয়কেন্দ্রে থাকার’ জন্য সতর্ক করা হয়েছিল। মেয়র ক্লিটসকো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয়তলা আবাসিক ভবনে পড়েছে, যার ফলে কয়েকটি তলায় আগুন লেগে যায়। একই জেলার নয়তলা বিশিষ্ট আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই ভবন থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উত্তর ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনেও ড্রোনের টুকরো পড়েছে এবং অ্যাপার্টমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, কিয়েভে রাশিয়ার অন্যান্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হয়েছে। খবর: এএফপি

ভারত-চীনের মধ্যে পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু

ভারত-চীনের মধ্যে পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু পাঁচ বছর বন্ধ থাকার পর আজ (রোববার) থেকে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হয়েছে ভারত ও চীনের মধ্যে। এই পদক্ষেপকে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি এবং দুই এশীয় মহাশক্তির মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। কলকাতা থেকে এএফপি জানায়, ভারতীয় এয়ারলাইন ‘ইন্ডিগো’ কলকাতা থেকে প্রথমবারের মতো দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। স্থানীয় সময় রাত ১০টায় প্রথম ফ্লাইটটি গুয়াংঝুর উদ্দেশে রওনা হবে। নভেম্বর থেকে নয়া দিল্লি, সাংহাই ও গুয়াংঝুর মধ্যেও ফ্লাইট চলাচল শুরু হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি প্রতিবেশী দেশ এখনও কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর সম্পর্ক খারাপ হলেও, গত বছরের রাশিয়া সফর ও চীনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর ধীরে ধীরে সম্পর্ক উন্নতির兆 দেখা দিয়েছে। ভারত সরকার আশা করছে, সরাসরি ফ্লাইট চালু হলে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং দ্বিপাক্ষিক লেনদেন ধীরে ধীরে স্বাভাবিক হবে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি রাজীব সিং বলেন, এটি পণ্য পরিবহণ ও যাত্রার সময় কমাবে, ফলে ব্যবসা-বাণিজ্যের জন্য সুবিধা হবে। কলকাতার সঙ্গে চীনের শত বছরের পুরনো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বৃটিশ শাসনের সময় চীনা ব্যবসায়ীরা এখানে বসবাস করতেন। স্থানীয় চায়নাটাউনের নেতা চেন খোই কুই বলেন, “চীনে যাদের আত্মীয়-স্বজন আছে, তাদের জন্য এটি দারুণ খবর। আকাশপথের সংযোগ বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ বাড়াবে।” তবে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জও আছে। ভারতের চীনের সঙ্গে বাণিজ্যে বড় ঘাটতি রয়েছে, এবং দেশটি শিল্প ও রপ্তানির জন্য চীনের কাঁচামালের ওপর নির্ভরশীল। একই সময়ে চীনে ভারতের রপ্তানি কম থাকলেও গত বছর তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। সীমান্ত সংঘর্ষ ও করোনার কারণে গত বছর প্রতি মাসে প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল হয়েছিল। ভারত চীনা বিনিয়োগে বিধিনিষেধ আরোপ এবং কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। তবে সম্প্রতি উভয় দেশ হিন্দু ধর্মালম্বীদের উৎসব ‘দিওয়ালি’-তে একে অপরকে উপহার দিয়ে সৌহার্দ্যের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সম্পর্ক উন্নয়নের এই ধারা ওয়াশিংটনকেও একটি বার্তা দিচ্ছে। তবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এখনও বজায় রয়েছে।

ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড

ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারী ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ওয়াডেতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা। ১৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও জাকারি ফোকসের তোপের মুখে পড়ে ষষ্ঠ ওভারে ১০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতন হয় ইংলিশদের। ইনিংসের প্রথম বলে জেমি স্মিথকে শূন্য ও জশ বাটলারকে ৪ রানে শিকার করেন হেনরি। আরেক ওপেনার বেন ডাকেট-জো রুট ও জ্যাকব বেথেলকে ২ রানে এবং স্যাম কারানকে ৬ রানে বিদায় দেন ফোকস। উইকেট পতন ঠেকিয়ে ইংল্যান্ডকে চাপমুক্ত করার চেষ্টা করেন ব্রুক ও জেমি ওভারটন। ৮৭ বলে ৮৭ রানের জুটিতে ইংলিশদের দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। দলীয় ১৪৩ রানে ওভারটনকে আউট করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার জ্যাকব ডাফি। ৫৪ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন ওভারটন। সপ্তম ব্যাটার হিসেবে ওভারটন ফেরার পর ১৬৬ রানে নবম উইকেট হারায় ইংল্যান্ড। তখন ৭৩ বলে ৮৫ রান নিয়ে ক্রিজে ছিলেন ব্রুক। শেষ ব্যাটার লুক উডকে নিয়ে দশম উইকেটে ৩২ বলে রেকর্ড ৫৭ রানের জুটি গড়েন ব্রুক। ওয়ানডেতে দশম ও শেষ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি ইংল্যান্ডের। রেকর্ড জুটি গড়ার পথে ৮২ বলে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ব্রুক। শেষ ব্যাটার হিসেবে ব্রুক আউট হলে ৩৫.২ ওভারে ২২৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৯টি চার ও ১১টি ছক্কায় ১০১ বলে ক্যারিয়ার সেরা ১৩৫ রান করেন ব্রুক। ৫ রানে অপরাজিত থাকেন উড। নিউজিল্যান্ডের ফোকস ৪১ রানে ৪ উইকেট নেন। ২২৪ রান তাড়া করতে নেমে পেসার ব্রাইডন কার্সের বোলিং নৈপুন্যে ৬৬ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। উইল ইয়ং ৫, কেন উইলিয়ামসন গোল্ডেন ডাক ও টম লাথাম ২৪ রান করে কার্সের শিকার হন। পঞ্চম উইকেটে ৯৩ বলে ৯২ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ৫১ বলে ৫১ রান করে ব্রেসওয়েল ফিরলেও, নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে ৫০ বলে ৪৯ এবং সপ্তম উইকেটে নাথান স্মিথের সাথে অবিচ্ছিন্ন ১৭ রান যোগ করেন মিচেল। স্যান্টনার ২৭, মিচেল ৭ চার ও ২ ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৮ ও স্মিথ ৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের কার্স ৩ উইকেট নেন। দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ব্রুক। আগামী ২৯ অক্টোবর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।

উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

চট্টগ্রামে উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন। এরপর তারা সিআরবির দৃষ্টিনন্দন পুরোনো রেল ইঞ্জিনের সামনে ফটোসেশনে অংশ নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি লালবাগ কেল্লায় এবং সিলেটের চা বাগানে উন্মোচিত হয়েছিল। এবার চট্টগ্রামের শতবর্ষী সিআরবিকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী সোমবার চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ, টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ দলের স্কোয়াড:লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে

বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা দেশের প্রতিটি জেলায় বন বিভাগকে সহায়তার জন্য স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, এতে প্রাণী উদ্ধার ও সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা সকলকে ধন্যবাদ জানান। রিজওয়ানা হাসান বলেন, “মানুষ ও বন্যপ্রাণীর মঙ্গল একসূত্রে গাঁথা। আমরা যদি প্রাণীদের বাঁচাই, প্রকৃতি আমাদেরও বাঁচাবে।” তিনি আরও বলেন, “ডলফিন নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।” তিনি উল্লেখ করেন, “বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তনও জরুরি। যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয়, তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন।” অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় ড. মো. জাহাঙ্গীর আলম, ড. ইশতিয়াক সোবহা, মো. ছানাউল্যা পাটওয়ারী ও মো. রেজাউল করিম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন ও ডলফিন বিষয়ক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।