ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ১৫ বছরে এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে। জানাগেছে, প্রেমিক সামিউল ইসলামের বিয়ের আয়োজনের খবর শুনে তার প্রেমিকা গতকাল বিকেল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। মেয়েটির অভিযোগ, এক বছর আগে সামিউলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কও স্থাপন করেন। তবে সম্প্রতি সামিউল যোগাযোগ বন্ধ করে অন্য মেয়েকে বিয়ে করেন। বিয়ের প্রস্তাব পাঠিয়েও প্রতারিত হয়ে মেয়েটি অনশন শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও উভয় পক্ষ সাড়া দেয়নি। ভোলাহাট থানার ওসি মতিউর রহমান জানান, মেয়েটিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার

রাজশাহীতে প্রেমিক হত্যাকাণ্ডের মূলহোতা র‌্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন’ মামলার মূলহোতা ও এজাহারনামীয় ১নং আসামি রতন আলী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে ১৪ বছরের এক নাবালিকার সাথে দেখা করতে গিয়ে গত ২০ অক্টোবর কিশোর শিহাব শেখকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর শিহাব মারা যায়। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় শিহাবের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় রতনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৫। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই

বিজিবি-বিএসএফের মানবিকতায় বোনের মরদেহ দেখার সুযোগ পেলেন ভাই বিজিবির মানবিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শেষবারের মতো এক ভারতীয় বৃদ্ধা নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন তার বাংলাদেশী স্বজনরা। গতকাল শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানোর সুযোগ করে দেয়া হয়। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভারতের মালদা জেলার গোপালগঞ্জ থানার শ্মশানী-চকমাহিলপুরে বসবাসরত মৃত গাজলুর রহমানের স্ত্রী সেলিনা বেগম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। সেলিনা বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা-বাগিচাপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে তোফাজ্জল হক। বিজিবি এর পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে শনিবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। কারণ, মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরনের কার্যক্রমকে মৌলিক কর্তব্য বলে মনে করি আমরা।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গু রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে জেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে  শনিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৪৩ জন।

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বেড়ে ৬৩ জন চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি থাকা ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িছে ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে এই হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন ৬৩ জন। অরপ দিকে ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার হাসপাতালটির প্রতিদিনের সংক্ষিপ্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যান্য উপজেলার খবর জানা যায় নি।

ঘূর্ণীঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু

ঘূর্ণীঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবের পর পুনরুদ্ধার কাজ শুরু করেছে জ্যামাইকা। স্বাস্থ্যসেবা জোরদারে এখানে স্থাপন করা হবে একাধিক অস্থায়ী হাসপাতাল। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। কিংস্টন থেকে এএফপি জানায়, ক্যারিবীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগটির আঘাতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৫০ জন ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শনিবার পর্যন্ত জ্যামাইকায় নিশ্চিত মৃতের সংখ্যা ছিল ১৯ জন। তবে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টোফার টাফটন এক ব্রিফিংয়ে বলেন, ‘আমার ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ এখনো কিছু এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি।’এদিকে হাইতির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, সেখানে অন্তত ৩১ জন নিহত হয়েছে। মেলিসা ছিল ক্যাটাগরি-৫ মাত্রার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, যা জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়। ঝড়টির প্রভাবে ঘণ্টায় ১৮৫ মাইল (প্রায় ৩০০ কিলোমিটার) গতির বাতাসে দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়। জ্যামাইকার পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথম অস্থায়ী হাসপাতালটি বসানো হবে ব্ল্যাক রিভারে, যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশের রাজধানী। টাফটন বলেন, ‘আগামীকালই এটি পৌঁছাবে বলে আশা করছি। সঙ্গে সঙ্গে স্থাপন কাজ শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘এই হাসপাতালটি সম্পূর্ণ সরঞ্জামসহ আসবে। থাকবে অপারেশন থিয়েটার, প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি ও স্থানীয় মেডিকেল টিমকে সহায়তা করতে কয়েকজন সদস্য।’ আগামী সপ্তাহেই হাসপাতালটি চালু হবে বলে আশা করা হচ্ছে। টাফটন আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্পেন, কানাডা ও ভারতের সহায়তায় আরও কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হবে।

কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়

কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি২০তে ৪ উইকেটে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির টি২০ রেকর্ডকে ছাড়িয়ে ড়েছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৪৭ বলে ম্যাচ জয়ী ৬৮ রানের ইনিংস খেলেন বাবর। এর মধ্যে ছিল ৯টি বাউন্ডারি। এর মাধ্যমে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ৪০টি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাবর। কোহলি করেছিলেন ৩৯টি। এই তালিকায় ৩৭টি হাফ সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৩১টি হাফ সেঞ্চুরি করেন চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান জয়ের জন্য ১৪০ রানে টার্গেট পায়। বাবরের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৬ বল বাকি থাকতে পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে। এর আগে ছয় বল খেলে শুন্য রানে ওপেনার সাইম আইয়ুব বিদায় নিলে পাকিস্তান শুরুতে ধাক্কা খায়। কিন্তু দ্বিতীয় উইকেটে বাবর ও শাহিবজাদা ফারহান মিলে ৩৬ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ফারহান ১৮ বলে ১৯ রান করেন। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক সালমান আলি আগার সাথে ৭৬ রানের ম্যাচ জয়ী জুটি গড়ে তুলেন বাবর। আগা ২৬ বলে দ্রুত ৩৩ রান সংগ্রহ করেন। ১৩৩ রানে ৬ উইকেটে পতনের পর ফাহিম আশরাফ ও উসমান খাজা পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান। এর আগে টসজয়ী পাকিস্তান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শাহীন শাহ আফ্রিদী ও সালমান মির্জার নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায়। আফ্রিদী ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। সালমান ১ উইকেট নিলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ১৬। প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস সর্বোচ্চ ৩৪ রান করেন। আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর ফয়সালাবাদে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

সরকারি ভবনগুলোতে গ্রীন বিল্ডিং বাধ্যতামূলক করা জরুরি: পরিবেশ উপদেষ্টা

সরকারি ভবনগুলোতে গ্রীন বিল্ডিং বাধ্যতামূলক করা জরুরি: পরিবেশ উপদেষ্টা টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে, সরকারি ভবনগুলোতে গ্রীন বিল্ডিং বাধ্যতামূলক করা জরুরি। সরকারি স্থাপনাগুলোতে মানদণ্ড নিশ্চিত করতে পারলে, বেসরকারি খাতও তা অনুসরণ করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘গ্রীন বিল্ডিংবিষয়ক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এখন সময়ের দাবি। রিজওয়ানা হাসান আরো বলেন, শুধু রঙ বা সার্টিফিকেশন দিয়ে ‘গ্রীন বিল্ডিং’ হবে না। এতে পরিকল্পনা, নকশা, নির্মাণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ-সব ধাপে পরিবেশবান্ধব ধারণা ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক আলো ও বায়ুপ্রবাহ ব্যবহারের মতো নীতিমালা স্থাপনায় যুক্ত করার আহ্বান জানান।

ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সারাদেশে বিভিন্ন ক্যান্সার রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন দেশের মানুষের প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব। আজ শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর তো হান চং, সিংহেলথ ডিউকুএনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর বিজয়া রাও এবং সিংহেলথ ও এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কউর। প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় বর্তমানে অ-সংক্রামক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। তাঁর মতে, এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে, তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর পথ। প্রফেসর ইউনূস বলেন, ‘এই রোগগুলো সম্পর্কে সারা দেশে সচেতনতা তৈরি করতে হবে। ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা অনেক সময় নাগালের বাইরে চলে যায়। প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে হবে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য।’ বৈঠকে প্রফেসর তো হান চং বলেন, ফ্যাটি লিভার এখন দক্ষিণ এশিয়ার শত কোটি মানুষের শরীরে নীরবে বাসা বাঁধছে, যা ভবিষ্যতে লিভার ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ হতে পারে। ‘এই রোগ নিয়ে আরও বড় পরিসরে সচেতনতা জরুরি’ বলেন তিনি। প্রধান উপদেষ্টা নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি আরো বিস্তৃত করার ওপর জোর দেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমে।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করা হয়েছে। আজ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মমতাজ বেগম, মক্কা চক্ষু হাসপাতালের পরিচালক গোলাম ফারুক এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া। বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে মরণোত্তর চক্ষুদান দৃষ্টিহীনদের চোখে আলো ফিরিয়ে দিতে পারে। তাই সমাজের সুস্থ ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।