খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান দেশের খাদ্যপণ্যে দূষণ ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, খাদ্যে দূষণের বিষয়টি সবার জন্য হুমকিস্বরূপ এবং এ সংকট মোকাবিলায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খাদ্যে ক্ষতিকর রাসায়নিক, জনস্বাস্থ্যের ঝুঁকি ও ভেজাল প্রতিরোধে করণীয় বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সন্তান, বাবা-মা, পরিবার—সবার স্বার্থেই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জরুরি উদ্যোগগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে।” সভায় কৃষি, খাদ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্যবাহিত রোগে উদ্বেগজনক চিত্র সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) জানায়— বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী প্রতি বছর ১০ জনে ১ জন শিশু খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। বিশ্বে বছরে আক্রান্ত হয় ৬০ কোটি মানুষ, বাংলাদেশে আক্রান্ত হয় প্রায় ৩ কোটি শিশু। খাবারে ভারী ধাতু, কীটনাশকের অবশিষ্টাংশ, তেজস্ক্রিয়তা ও জৈব দূষণ—এই চার ধরনের দূষক পাওয়া যায়। পরীক্ষা করা ১৮০টি নমুনার মধ্যে ২২টিতে সীসা শনাক্ত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৫০ লাখ শিশু সীসার সংক্রমণে ভুগছে। বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া জানান, সীসা মানবদেহে প্রবেশ করে মস্তিষ্ক, কিডনি, যকৃৎ ও হাড়ে জমা হয় এবং শিশুদের মানসিক বিকাশ ব্যাহত করে। তিনি বলেন, ৫ শতাংশ গর্ভবতী নারীর শরীরেও সীসার উপস্থিতি পাওয়া গেছে। পোল্ট্রি ও কৃষি খাতে অনিয়ম খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান— অনেক হাঁস–মুরগির খামারে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, যা ৭–২৮ দিন শরীরে থাকে। নির্ধারিত সময়ের আগে এসব মুরগি বিক্রি হলে মানুষের শরীরে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রবেশের ঝুঁকি থাকে। বড় প্রতিষ্ঠানগুলো কিছুটা নিয়ন্ত্রিত হলেও কিছু ছোট খামার এখনো গোপনে নিয়ম ভঙ্গ করছে। জরুরি নির্দেশনা প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব সংস্থাকে এক সপ্তাহের মধ্যে খাদ্যদূষণ মোকাবিলায় করণীয় প্রস্তাব লিখিত আকারে জমা দিতে নির্দেশ দেন। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা একটি জাতীয় ইস্যু। কোন কাজটি দ্রুত শুরু করা জরুরি, তা নির্ধারণ করে অবিলম্বে বাস্তবায়ন করা হবে।” গবেষণা ও সচেতনতার তাগিদ সভায় জানানো হয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহার করে দ্রুত জাতীয় পর্যায়ে খাদ্যদূষণ নিয়ে সমন্বিত গবেষণা শুরু করা সম্ভব। খাদ্য উপদেষ্টা বলেন, “খাদ্য উৎপাদন বাড়াতে গিয়ে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। গণমাধ্যম ও পাঠ্যপুস্তকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো জরুরি।”
পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

পোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রোববার সকাল ১০টার আপডেটে এ তথ্য জানা গেছে। ইসির প্রকাশিত তথ্যমতে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ২০ হাজার ১০৯ জন। কোন দেশ থেকে কতজন নিবন্ধন করেছেন: সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে ৫১,৫৭২ জন। দেশভিত্তিক অন্যান্য সংখ্যা— যুক্তরাষ্ট্র: ১৯,৫৭৮ কাতার: ১৩,০৮৯ সংযুক্ত আরব আমিরাত: ১২,৪৯২ মালয়েশিয়া: ১২,১১৬ সিঙ্গাপুর: ১২,১০৬ যুক্তরাজ্য: ১১,১৯৬ দক্ষিণ কোরিয়া: ৯,৫১০ কানাডা: ৯,২৬৯ ওমান: ৮,৭০৭ অস্ট্রেলিয়া: ৭,৯২৩ ইতালি: ৭,৬০৭ জাপান: ৬,৯৬৯ নিবন্ধনের সময়সীমা বাড়ল ইসি জানিয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিশ্বের যেকোনো দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।” ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাতে প্রয়োজনীয় ঠিকানা সঠিকভাবে দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ইসি। বার্তায় বলা হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে। কীভাবে নিবন্ধন করবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করতে হবে যে দেশ থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সীমা ঘোষণা করেন।
ভোলাহাটে প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ

ভোলাহাটে প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ ভোলাহাটে ২’শ ৫০ জন কৃষক-কৃষাণিদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আখতারুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাগর আলীসহ অন্যারা। উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের আয়োজনে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় প্রত্যেককে দেড় শতাংশ জমিতে সবজি চাষের জন্য ১৪ জাতের সবজি বীজ, জৈব ও রাসায়নিক সার প্রদান করা হয়।
হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

হরিনগরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাকের চাপায় জাহানারা বেগম নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুর আড়াইটার দিকে জাহানারা বেগম চাঁপাই–সোনামসজিদ মহাসড়কের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পুকুর পাহারাদারের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে তোজাম্মেল হক নামে এক পুকুর পাহারাদারের চোখ খোঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের শেষ প্রান্তে ‘নোনা পুকুর’ নামে একটি পুকুরের পাড়ে তোজাম্মেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, তোজাম্মেলকে গতকাল দিবাগত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, তোজাম্মেলের চোখে এবং ডান হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা শনিবার বিকেলে মহিলা কল্যাণী সংস্থার মর্জিনা হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রফেসর ইব্রাহিম হোসেন। কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু সভার কার্যক্রম উপস্থাপন করেন। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস যথাযোগ্যভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে কমিটির সব সদস্যকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন— রোকসানা আহমদ, মফিজ উদ্দিন, ডা. শফিক উল আলম, লুৎফর রহমান মাসুম, ফাইজুর রহমান মানি, হুমায়ন কবির, মমতাজ মহল, মেহেদি হাসান, হুমায়ন কবিরসহ অন্যান্য সদস্যরা।
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ গোমস্তাপুরে ৩০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সহজ কোরআন শিক্ষা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৯ জন নতুন রোগী

ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে ৩৯ জন নতুন রোগী চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ কমে-বাড়ে চললেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও কিছুটা খারাপের দিকে। শনিবার সকাল পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। পূর্বে ভর্তি রোগীদের নিয়ে হাসপাতালে মোট ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার প্রকাশিত জেলা হাসপাতালের দৈনিক ডায়রিয়া পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে এক দিনে নতুন করে ২ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি আছেন। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে— জেলা হাসপাতালে: ৬ জন পুরুষ ও ২ জন মহিলা—মোট ৮ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: ২ জন পুরুষ গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে ছাড়পত্র পাননি। তবে জেলা হাসপাতালে ভর্তি একজন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলাকে অন্তর্ভুক্ত

স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলাকে অন্তর্ভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, “চাঁপাইনবাবগঞ্জের শিশুরা সত্যিই সৌভাগ্যবান। দেশের স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম পর্যায়েই এ জেলার চারটি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে উপবৃত্তি বিতরণ ব্যবস্থাপনা উন্নয়নসংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। মহাপরিচালক জানান, উপবৃত্তির টাকা যেন সরাসরি শিক্ষার্থীদের কাজে লাগে, বিশেষ করে খাতা-কলম, স্কুলড্রেস ও ব্যাগ কেনার ক্ষেত্রে, এ বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিদ্যালয়গুলোর সার্বিক অগ্রগতি সন্তোষজনক। আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, সহকারী শিক্ষকদের দাবি সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে এ বছর তিনটি পরীক্ষার পাশাপাশি শিখন-ঘাটতি নিরূপণে দুটি অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আগামী ১ জানুয়ারি জেলার ৭০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের নতুন বই বিতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই দিনে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিকের নতুন শিক্ষার্থীদের বরণ করার ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মীর্জা মো. হাসান খসরু এবং রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ।