চাঁপাইনবাবগঞ্জে শুরু জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর ৪৪তম আসর

চাঁপাইনবাবগঞ্জে শুরু জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর ৪৪তম আসর চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন)-এ রোববার সকাল থেকে শুরু হয়েছে ২০২৫-২০২৬ মৌসুমের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় পঞ্চগড় ও নীলফামারী জেলা দল। টসে জিতে নীলফামারী প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে পঞ্চগড় দল ৯ উইকেটে ২১০ রান তুলে এক উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মো. মাহমুদুজ্জামান জানান, রাজশাহী, মাগুরা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে অংশ নিচ্ছে নীলফামারী, পঞ্চগড়, নওগাঁ ও রাজবাড়ী জেলা দল। তিনি আরও জানান, সোমবার নওগাঁ ও রাজবাড়ী জেলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে।

নাচোলে এমপি ড. মু. মিজানুর রহমান-কে গণসংবর্ধনা

নাচোলে এমপি ড. মু. মিজানুর রহমান-কে গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নির্বাচনের পর এলাকায় এসে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। রোববার বেলা সাড়ে ১২টার দিকে নেজামপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী সমিতি, আলিম মাদ্রাসা, গ্রিনভ্যালি অ্যাকাডেমি এবং বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে এমপিকে বরণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর তিনি বরেন্দা গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গ্রামবাসীর সঙ্গে আলোচনায় সূতিহার দিঘি সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে কথা বলেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরে হাটবাকইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এছাড়া মুরগীডাঙ্গা, বকুলতলা বাজার, গোসাইপুর ও দোগাছী গ্রামেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উদযাপন স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। রোববার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে কাব শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুটি পৃথক বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল জাতীয় শহীদ মিনার ও জাতীয় পতাকা। কুইজের বিষয় নির্ধারণ করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুইজ প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপের সভাপতি আলী উজ্জামান নূর এবং সম্পাদক ও সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদসহ অন্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাব স্কাউট লিডার মেহেদী হাসান। আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূচনা করেন। বর্তমানে তাঁর প্রবর্তিত স্কাউট আন্দোলন বিশ্বের ১৭৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

ঝিলিমে স্মার্ট প্রকল্পের এক্সপোজার ভিজিট, আমবাগানে সোলার ব্যবহারে প্রশিক্ষণ

ঝিলিমে স্মার্ট প্রকল্পের এক্সপোজার ভিজিট, আমবাগানে সোলার ব্যবহারে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর গ্রামে আয়োজিত এক এক্সপোজার ভিজিটে অংশ নিয়ে আমবাগানে সোলার প্যানেলের ব্যবহার ও এর বহুমুখী সুবিধা সম্পর্কে জানলেন ৩০ জন সদস্য। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি পরিচালিত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের উদ্যোগে রোববার বিকেলে এ ভিজিট অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সরেজমিনে সোলার প্রযুক্তির প্রয়োগ পদ্ধতি, খরচ সাশ্রয় এবং পরিবেশবান্ধব দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, সহকারী টেকনিক্যাল অফিসার আল মামুন শাহ, স্বপন কুমার সরকার এবং উদ্যোক্তা আব্দুল জব্বার। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ এক্সপোজার ভিজিটের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, কৃষিখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬ কেজি গাঁজাসহ ১জন আটক, থানায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬ কেজি গাঁজাসহ ১জন আটক, থানায় মামলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন একই গ্রামের বাসিন্দা মৃত মাহতাব উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নুরুল ইসলামের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ভাষা শহিদদের স্মরণে সাঁওতাল জনগোষ্ঠীর ব্যতিক্রমী আয়োজন

ভাষা শহিদদের স্মরণে সাঁওতাল জনগোষ্ঠীর ব্যতিক্রমী আয়োজন সদর উপজেলার আমনুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে সাঁওতাল জনগোষ্ঠী। SIL International বাংলাদেশ ও ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভ্যুলেশন সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রথমবারের মতো সাঁওতাল জনগোষ্ঠীর শিশু-কিশোরদের অংশগ্রহণে তাবিথা কিন্ডারগার্টেন স্কুল, আমনুরা মিশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট এন্ড্রু জুনিয়র স্কুলের শিক্ষার্থী এবং আমনুরা মিশন যুব সংঘের সদস্যরা সাঁওতালি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান। তাদের এ উদ্যোগ উপস্থিত সবার মাঝে বিশেষ আবেগের সঞ্চার করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, সাঁওতালি, বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ প্রতিযোগিতা, সাঁওতালি ভাষায় বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অমর একুশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, সুপারভাইজার ইসরাইল হাজরা, আদিবাসী নেত্রী রুমালি কোল, কল্পনা কোল হাঁসদা, আদিবাসী নেতা কর্নেলিস মুর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জেলার সর্বস্তরের মানুষ। বক্তারা প্রমিত বাংলার শুদ্ধ চর্চা, বাংলা ভাষাকে প্রযুক্তির সঙ্গে আরও সম্পৃক্ত করা, সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। দিবসটি পালন করতে জেলা প্রশাসনসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। জেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শনিবার ভোর থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিশুদের আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার আব্দুল মাতিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনূর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং জেলা আনসার কমান্ড্যান্ট আরিফুর রহমান। আলোচনায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা একুশভিত্তিক কবিতা আবৃত্তি করে উপস্থিতদের মুগ্ধ করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা শহিদদের বীরত্বগাঁথা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন। শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতারী বিতরণ

সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতারী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সরকারি শিশু পরিবার (বালিকা)-এ এই আয়োজন করা হয়। এরফান গ্রুপের সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থাপনায় ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে নিবাসী শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন অতিথিরা। এ সময় তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, ইউনিট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক শফিউর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং রেড ক্রিসেন্টের ইউএলও মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এরফান গ্রুপের এ মহতী উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা রমজানের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এতিমখানা ও গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে শিশুদের মাঝে ইফতার পরিবেশন করেন। অতিথিরা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ভাষা শহিদদের প্রতি ‘প্রয়াস’ পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহিদদের প্রতি ‘প্রয়াস’ পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে ‘প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। সকালে সংগঠনের প্রধান কার্যালয় বেলেপুকুর থেকে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের নেতৃত্বে এ সময় কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপক জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসরাত জাহান, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে রেডিও মহানন্দায় দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়, যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত রোজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়। আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার থেকেই রোজার প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে জানায়, রোজার পুরো সময়জুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও প্রাথমিক বিদ্যালয় রোজা মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন। এর আগে কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে রোজা মাসে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।