জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ১০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে ১০টি হেলমেট দেয়া হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকেশৗলী নাহিনুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাকিবুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, জেলা নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম মিঠু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। সড়ক দুর্ঘটনা রোধে কাউকে দোষারোপ না করে যে যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের সভাপতি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। তিনি সবাইকে ট্রাফিক আইন ও সাইন মেনে চলার আহ্বান জানান।
চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

চরবাগডাঙ্গায় পদ্মায় ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানিতে ডুবে আহাম্মদ নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালডুবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু গোয়ালডুবি গ্রামের মো. সোহাবুল ইসলামের ছেলে। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন— আজ দুপুর ১টার দিকে আরো কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় শিশু আহাম্মদ। একপর্যায়ে সে ডুবে যায়। জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী ও শিশুটির পরিবার দুপুর ২টার দিকে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। সদর থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চত করেছেন।
সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পারকালীনগর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) ও লক্ষ্মীনারায়ণপুর গাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫০)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, কালীনগর গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য জন্য অবস্থান করার সংবাদ পেয়ে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৯৫০ গ্রাম গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ নাসির উদ্দিন ও বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা

টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও টাইফয়েডমুক্ত আগামীর পথে’— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তরিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার এস.এস.বি.সি. প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এস.বি.সি. প্রকল্পের সহায়তাকারী আয়াতুল্লাহ। প্রচারণায় শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পরিচালকের বান্ধবী-স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া

পরিচালকের বান্ধবী-স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া অভিনয় দিয়ে সীমান্ত পেরিয়ে দুই বাংলায় নিজের প্রতিভার ছাপ রেখেছেন জয়া আহসান। ঢাকার মেয়ে হয়েও কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন এক যুগেরও বেশি সময় ধরে। তবে ঢালিউডে তাকে দেখা যায় তুলনামূলক কম। কেন এমনটা সে প্রশ্নের জবাব দিয়েছেন সম্প্রতি এক পডকাস্টে। জয়া জানান, দেশে তিনি মনভরা কাজ পাচ্ছিলেন না। তাই শিল্পের প্রতি টান থেকেই কলকাতায় যাওয়া। তার ভাষায়, ‘তখন বাংলাদেশে আমি করতে পারি সে রকম কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি আমার প্যাশনের কারণেই কলকাতায় গিয়েছি। অভিনয় ছাড়া তো আমি কিছু করিনি বা পারি না। অভিনয় করতেই হতো আমাকে।’ দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকতে অনেক সময় পরিচালকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা লাগে এমন ইঙ্গিত দিয়ে জয়া বলেন, ‘যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির থেকেছি তারা আমাকে প্রোপারলি ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা, পরিচালকের হয় বান্ধবী থাকে, না হয় স্ত্রী। এটা আমার পক্ষে সম্ভব না। এসবে আমি যাইনি, যাবও না। তাই হয়তো আমাকে কর্নারড হতে হয়েছে। কিন্তু কলকাতায় তেমন হয়নি। সেখানে আউটসাইডার হয়েও তারা আমাকে গুরুত্ব দিয়েছে, আমার জন্য গল্প লিখেছে। আমার জন্য চরিত্র তৈরি করেছে।’ নারীশিল্পীকে কেন্দ্র করে সিনেমা নির্মাণে অনীহার কথাও তুলে ধরেন জয়া আহসান। তিনি বলেন, ‘এখনও বাংলাদেশে নারীকে কেন্দ্র করে কাজ করতে ভয় পান অনেক পরিচালক। করলেও হয় তার বান্ধবীকে নেবেন, না হয় স্ত্রীকে। অথবা কোনো মেগাস্টারকে নেবেন। একজন পিওর আর্টিস্টকে নিয়ে বাজি ধরতে চান না তারা। তবে এর বাইরেও অনেক প্রতিভাবান নির্মাতা আছেন যারা আমার কাছ থেকে বা আরও গুণী শিল্পীদের কাছ থেকে ভালো কাজ বের করতে পারতেন। কিন্তু করেননি।’ সর্বশেষ জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ‘ফেরেশতে’ সিনেমায়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ পরিচালিত ছবিটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।
আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো চিলির সান্তিয়াগোতে ফুটে উঠল আফ্রিকার নতুন ইতিহাস। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নিলো মরক্কো। ম্যাচের নায়ক ছিলেন ইয়াসির জাবিরি। ১২ আর ২৯ মিনিটে দলের হয়ে দুটি গোলই করেছেন এই তরুণ ফরোয়ার্ড, যিনি মরক্কোর ফুটবলে লিখে দিলেন নতুন অধ্যায়। পুরো ম্যাচ জুড়ে বলের দখল ছিল আর্জেন্টিনার হাতে, কিন্তু মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের সামনে একবারও জাল খুঁজে পাননি তারা। জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও মাহের কারিজোরা একাধিক সুযোগ তৈরি করলেও শেষ তৃতীয়াংশে যথাযথ নির্ভুলতা ছিল না। টুর্নামেন্টে এই প্রথমবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, আর সেই ভুলটাই তাদের শিরোপা হাতছাড়া করে দেয়। অন্যদিকে, মরক্কো দেখিয়েছে অসাধারণ ধৈর্য ও কৌশলগত ভারসাম্য। গোলরক্ষক ইব্রাহিম গোমিস করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ, আর ওথমান মাাম্মা ও ইয়াসির জাবিরি মিলে আর্জেন্টিনার প্রতিটি ভুলের সুযোগ নিয়েছেন নিখুঁতভাবে। এটি শুধু একটি ট্রফি নয়, এটি মরক্কোর ফুটবলে এক নতুন যুগের সূচনা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে আফ্রিকার দেশটি প্রমাণ করল তাদের যুব ফুটবলের অসাধারণ অগ্রগতি। এই সোনালি প্রজন্ম যেন মরক্কোর ফুটবলের গর্ব হয়ে বিশ্বমঞ্চে লিখে গেল ইতিহাসের নতুন পাতা।
ভোটের আগে-পরে ৮ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব

ভোটের আগে-পরে ৮ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব এবার ভোটের আগে-পরে আটদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে। সোমবার (২০ অক্টোবর) প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, ইসির এবার ভোটে পাঁচদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে আটদিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সচিব জানান, ভোটের আগে তিনদিন, ভোটের দিন ও ভোটের পরে নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও আটদিনের জন্য মাঠে নেমেছিল সশস্ত্র বাহিনী। তবে যাতায়াতের জন্য আরও পাঁচদিন সময় নিয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে ১০ দিন মাঠে নেমেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠক থেকে কোনো ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তিনি। সচিব জানান, এআইয়ের অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ ও বডিওর্ন ক্যামেরা থাকবে পুলিশের। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এই বৈঠক দুই ঘণ্টা চলে।
আমাকে পুরস্কার দেওয়া হলে, তা ডাস্টবিনে ফেলে দেব: বিশাল

আমাকে পুরস্কার দেওয়া হলে, তা ডাস্টবিনে ফেলে দেব: বিশাল ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি। শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন। পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ২০০৪ সালে ‘চেলামাই’ সিনেমায় নায়ক হিসেবে পর্দায় হাজির হন। এরপর ‘সান্ডাকোঝি’, ‘তিমিরু’, ‘বেদি’-এর মতো অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে এখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি বিশাল। কয়েক দিন আগে ‘ইয়োর্স ফ্র্যাঙ্কলি বিশাল’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অভিনেতা। এ আলাপচারিতায় পুরস্কারের সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষ্য—“আমাকে পুরস্কার দেওয়া হলে তা ডাস্টবিনে ফেলে দেব।” ‘চাক্রা’ তারকা বিশাল বলেন, “আমি পুরস্কারে বিশ্বাস করি না। পুরস্কার একেবারেই পাগলাটে ব্যাপার। সাত কোটি মানুষের মধ্যে মাত্র চারজন মানুষ কীভাবে সিদ্ধান্ত নিতে পারেন—কে সেরা অভিনেতা, কে সেরা সহ-অভিনেতা বা কোনটি সেরা সিনেমা হবে? এরা কি সবার বস? ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি, এজন্য আফসোস নেই ‘মার্ক অ্যান্টনি’ তারকার। এ তথ্য স্মরণ করে বিশাল বলেন, “আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও একই কথা বলছি। আমি পুরস্কার পাইনি বলে এসব কথা বলছি না। তবে জরিপ করে মানুষের মতামত নেওয়া উচিত। এটা গুরুত্বপূর্ণ। এই পুরস্কার আসলে আটজন মানুষ বসে ঠিক করে কে সেরা অভিনেতা—এটা হাস্যকর। আমি পুরস্কারে বিশ্বাস করি না; এটা বাজে ব্যাপার। আয়োজকদের প্রতি অনুরোধ করে বিশাল বলেন, “আমি আয়োজকদের বলেছি, যদি আমাকে পুরস্কার দেওয়া হয়, আমি সেটা ডাস্টবিনে ফেলে দেব। যদি সেটা স্বর্ণ দিয়েও তৈরি হয়, আমি বিক্রি করে টাকাটা দান করে দেব। আমি তাদের অনুরোধ করি, আমাকে যেন পুরস্কার না দেওয়া হয়। বরং যে সত্যিকার অর্থে প্রাপ্য, তাকে দেওয়া হোক।” ব্যক্তিগত কারণে পুরস্কার গ্রহণ করেন না বিশাল। তবে এটাও স্বীকার করেন যে, অনেকেই এই স্বীকৃতি গুরুত্ব সহকারে নেন, তাই আয়োজকদের প্রতি আহ্বান, যারা পুরস্কারকে মূল্য দেন, তাদেরই যেন সম্মান জানানো হয়। উল্লেখ্য, তামিল সিনেমায় অবদানের জন্য ২০০৬ সালে বিশালকে কালাইমামানি পুরস্কারে ভূষিত করা হয়। জানা যায়, এ পুরস্কার তিনি গ্রহণ করেছেন। যদিও সেই মুহূর্তের কোনো ছবি খোঁজে পাওয়া যায়নি। বিশাল এখন ‘মাগুডাম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অ্যাকশন-গ্যাংস্টার ঘরানার সিনেমাটিতে একাধিক চরিত্রে দেখা যাবে তাকে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুশারা বিজয়ান। এটি পরিচালনা করছেন রবি আরাসু। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। তথ্যসূত্র: পিঙ্কভিলা
শান্তিচুক্তির মধ্যেই গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

শান্তিচুক্তির মধ্যেই গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা হামাসের সঙ্গে শান্তিচুক্তির গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার স্থানীয় সময় বিকেলের দিকে দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েল কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের সৈন্যদের ওপর হামাস যোদ্ধাদের হামলার অভিযোগ পাওয়ার পর তারা দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে, তাদের সৈন্যরা যুদ্ধবিরতি চুক্তি অনুসারে রাফাহ এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ভেঙে ফেলার সময় তাদের ওপর গুলি চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। আইডিএফ আরো বলেছে, তারা ‘শক্তভাবে জবাব দেবে’। হতাহতের কোনো তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। এদিকে হামাস বলেছে, তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ এবং বরাবরের মতো এবারও ইসরায়েলই চুক্তি ভঙ্গ করেছে। ইসরায়েল তাদের অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য ‘অজুহাত তৈরি করেছে বলে অভিযোগ করেছে হামাস। সর্বশেষ এই সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেওয়ার’ নির্দেশ দিয়েছেন।
গাজায় ভয়াবহ বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

গাজায় ভয়াবহ বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৪৪ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে মধ্য ও দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের সৈন্যদের ওপর হামাসের হামলার অভিযোগ পাওয়ার পর তারা সেখানে বিমান হামলা চালিয়েছে। আইডিএফের দাবি, যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরায়েলি সৈন্যরা রাফাহ এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ভেঙে ফেলার সময় হামাসের সশস্ত্র শাখার হামলার শিকার হয়। এতে দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। এর জবাবেই রাফাহ সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সামরিক বাহিনীকে ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং বরাবরের মতো এবারও ইসরায়েলই চুক্তি ভঙ্গ করেছে। ইসরায়েল তাদের অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য ‘অজুহাত তৈরি করেছে বলে অভিযোগ করেছে হামাস। গাজার আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার আল-জাওয়াইদা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের এক কমান্ডারসহ আরো কয়েকজন নিহত হয়েছেন। একইদিন, মধ্য গাজার একটি আবাসিক এলাকায় চালানো আরেক হামলায় ধ্বংস হয় একটি মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানিয়েছেন, ওই এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক এবং সেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরাও কাজ করছিলেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।