তারুণ্যের উৎসব-২০২৫ : প্রয়াসের ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব-২০২৫ : প্রয়াসের ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বুধবার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালিত হয়। ফুটবল খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মমিনুল হক। সভাপতিত্ব করেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন। লাল ও সবুজ দলের মধ্যে ফুটবল খেলায় ১-০ খোলে লাল দল জয়লাভ কর। এর আগে কিশোর-কিশোরীরা বিতর্ক, গান কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেনে অতিথিবৃন্দ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭১৬ জন।
ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৮৮ জন এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮৭ হাজার ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশ্বমঞ্চে ‘বাংলার রানি’ মিথিলা

বিশ্বমঞ্চে ‘বাংলার রানি’ মিথিলা একসময় বাংলার অভিজাত শ্রেণির জন্য বোনা হতো জামদানি শাড়ি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বহন করে চলেছে একই শিল্পরীতি, সৌন্দর্যবোধ আর সাংস্কৃতিক গৌরবের নিদর্শন। বাংলার প্রাচীন তাঁতশিল্প থেকে উঠে আসা এই ন্যাশনাল কস্টিউম একটি হাতে বোনা জামদানি শাড়ি। এতে মিশে আছে ঐতিহ্য, সৌন্দর্য আর দৃঢ়তার গল্প। এর শিকড় সতের শতকের মোগল আমলে, যখন জামদানি ছিল রানি, নবাব পরিবারের নারী ও অভিজাতমহলের বিলাসী আর রুচির প্রতীক। সূক্ষ্ম সুতায় বোনা এই শাড়ির প্রতিটি সুতা তৈরি হয়েছে বাছাই করা তুলা থেকে। যে সুতার ওপরে ফুটে উঠেছে সোনালি জরির কারুকাজ। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরের দক্ষ তাঁতিদের হাতে এসব নকশা নতুন জীবন পেয়েছে। ২০১৩ সালে ইউনেসকো জামদানিকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়। এর শিল্পগুণ ও ঐতিহ্যের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধার প্রমাণ এটি। মিথিলার পুরো শাড়িতে ফুটে উঠেছে শাপলার মোটিফ। এই মোটিফ বেছে নেওয়ার কারণ হিসেবে মিথিলা বলেন, “শাপলা এই মাটির শান্তি, পবিত্রতা ও অপরাজেয় মনোভাবের প্রতীক। এই বিশেষ জামদানি শাড়িটি পুরোপুরি হাতে তৈরি করা, বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন। শাড়িটির ডিজাইন করেছেন আফরিনা সাদিয়া সৈয়দা।” জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছেন ব্লাউজ ও গহনা; যা বিশেষভাবে নজর কেড়েছে। পুরো সেটটি তৈরি করেছে সিক্স ইয়ার্ড স্টোরি। গহনার পুরো সেটটি বানাতে ১২ জন কারিগরের সময় লেগেছে আড়াই মাস। মিথিলা চেয়েছিলেন সাদা জামদানির সঙ্গে পুরো গহনায় থাকবে সোনালি লুক। এ কারণে ২২ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া হয়েছে সম্পূর্ণ গহনায়। টিকলি, চোকার, ঝুমকা, বালা, মোটা চূড়া, রতনচূড়, বাজু, বিছা, চাবির গোছা, আঁচলের ওপর বসানো গহনার সবকিছুতেই শাপলার থিম রয়েছে। গলার হারের ঝুলে থাকা সবুজ পাথরগুলো শাপলা পাতার রং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। মিথিলাকে এমন সাজপোশাকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। শফিকুল আলম বাবু লেখেন, “মন ছুঁয়ে যাওয়ার মতো।” ওপার বাংলার আদিত্রী লেখেন, “মা সরস্বতীর লুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। পদ্মফুলের সঙ্গে মা লক্ষ্মীর আভা বজায় রাখা। তাহলে আপনি কি উভয় বাংলার প্রতিনিধিত্ব করছেন?” সৈয়দা মরিয়ম সিরাত লেখেন, “এটা কীভাবে সম্ভব! আমি একমাস আগে অনেক পোস্টে মন্তব্য করেছিলাম, ‘মিথিলা আপুর মধ্যে ‘ওয়াটার লিলির’ মতো আভা আছে। সরল, নরম, মার্জিত অথচ সুন্দর।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
রাজশাহী পুঠিয়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিনকে গ্রেফতার করেছে র্যাব-৫

রাজশাহী পুঠিয়া থেকে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিনকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানার তারাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মাহিন‘কে গ্রেফতার করেছে র্যাব-৫। আটক ব্যক্তি পুঠিয়া থানার তারাপুর গ্রামের বাদশার ছেলে। এসময় তার কাছ থেকে ১টি মাটরসাইকেল ও ১টি মোবাইল উদ্ধার করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল বিকেলে তারাপুর এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষন করে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাহিনের নিকট থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৩৭৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ সকালে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনাকষা বিওপির একটি বিশেষ টহল দলের চালানো অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়া হয়। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশী করে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৭০০পিস ট্যাবলেট জব্দ করে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিুজর রহমান বলেন, জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। তিনি আরও বলেন, ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট হলেও বর্তমানে তা ব্যাপকভাবে নেশাকারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলেও জানান অধিনায়ক মোস্তাফিজুর।
ফিলিপাইনের দুই মন্ত্রীর পদত্যাগ

ফিলিপাইনের দুই মন্ত্রীর পদত্যাগ ফিলিপাইন প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের সরকারের দুই মন্ত্রী অবৈধ অবকাঠামো ও বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মামলায় পদত্যাগ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদের প্রেস অফিসার ক্লেয়ার কাস্ত্রো স্থানীয় সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, নির্বাহী সচিব লুকাস বারসামিন এবং বাজেট ও প্রশাসন সচিব অ্যামেনাহ পাঙ্গানডামান উভয়েই তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। কাস্ত্রো বলেন, “বন্যা প্রতিরোধমূলক প্রকল্পে তাদের দপ্তরগুলোর অনিয়মের অভিযোগ পাওয়ার পর, প্রশাসনকে বিষয়টি যথাযথভাবে সমাধান করার সুযোগ দেওয়ার দায়িত্বস্বরূপ তারা পদত্যাগ করেছেন।” ফিলিপাইনের রাজনৈতিক বিশেষজ্ঞ ও সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের ভিজিটিং সিনিয়র ফেলো আরিস আরুগে-এর মতে, জুলাই মাসে দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর থেকে বারসামিন এবং পাঙ্গানডামান হলেন মার্কোস সরকারের সর্বোচ্চ পদস্থ সদস্য- যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তার মতে, প্রেসিডেন্ট নিজে আপাতত বিতর্কের বাইরে থাকলেও পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। তিনি আল জাজিরাকে বলেন, “এই মুহূর্তে, প্রাসাদ প্রেসিডেন্টকে এই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করছে, এবং এই কারণেই নির্বাহী সচিব, বাজেট সচিবের ‘পদত্যাগ’ করানো হচ্ছে।” আরুগে বলেন, “মার্কোস জুনিয়রের এখনও সংসদে ‘আরামদায়ক’ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কারণ অনেক এমপি এখনও তাকে ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের নেতৃত্বের তুলনায় পছন্দ করেন, তবে আরো প্রমাণ সামনে এলে ‘সব বাজি শেষ’ হতে পারে।” চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ এনে পলাতক রাজনীতিবিদ জালডি কো বলেন, তিনি একটি বরাদ্দের কমিটির প্রধান থাকাকালে মার্কোস তাকে ‘সন্দেহজনক জনকল্যাণের’ জন্য বাজেটে ১.৭ বিলিয়ন ডলার যোগ করার নির্দেশ দিয়েছিলেন। এক মাস ধরে তদন্তের পর দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত অভিযুক্ত প্রথম কর্মকর্তাদের মধ্যে কো ছিলেন। মার্কিস জুনিয়র কংগ্রেসে এক বক্তব্যে বন্যা-নিয়ন্ত্রণ প্রকল্পে ঠিকাদারদের নিম্নমানের উপাদান ব্যবহারের তথ্য প্রকাশের পর, দুনীর্তির বিরুদ্ধে প্রতিবাদে দেশটির জনগণ রাস্তায় নেমে আসে। ফিলিপাইন প্রতিবছরই টাইফুন ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে এবং বন্যা সেখানে নিয়মিতভাবে ভয়াবহ একটি সমস্যা।
পঞ্চাশের সুস্মিতা কেন বিয়ে করেননি?

পঞ্চাশের সুস্মিতা কেন বিয়ে করেননি? সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ভক্ত-অনুরাগীদের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। বুধবার (১৯ নভেম্বর) তার জন্মদিন। ৪৯ পেরিয়ে ৫০ বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী। জীবনের এ পর্যায়েও সুস্মিতা সেন এখনো অবিবাহিত। যদিও তার প্রেমজীবন নিয়ে নানা সময়ে নানা খবর রটেছে। কিন্তু কেন বিয়ে করেননি এই অভিনেত্রী? কয়েক বছর আগে একাধিক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছিলেন সুস্মিতা। ২০২৩ সালে হেলথ শটস-কে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেছিলেন, “আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা—আমার স্বাধীনতা। আমি স্বাধীনচেতা মানুষ। আমি যা করি, তা মন থেকে করি—কারো প্রত্যাশা থেকে করি না।” বিয়ে না করার কারণ ব্যাখ্যা করে সুস্মিতা সেন বলেছিলেন, “আমি সিঙ্গেল কারণ এখনো এমন কাউকে পাইনি; যার সঙ্গে আমি আমার জীবন কাটাতে চাই। আমি ভালোবাসার অভাববোধ করি না; যা দারুণ বিষয়! ভারতীয়রা এটা বিশ্বাস করেন যে, এটি বিয়ের সঙ্গে যুক্ত। আমার জীবনে সেসব আগে থেকেই আছে। আমার দুটি সুন্দর সন্তান আছে। আমি ওদের একাই বড় করেছি। আমি আমার জীবনে কোনো কিছুর অভাববোধ করি না।” “আমি নিজের মতো বাঁচার সিদ্ধান্ত নিইনি—এটা নিজে থেকেই ঘটেছে। আমি ধীরে ধীরে আশেপাশের মানুষের বিভিন্ন মতামত নিয়েছি। এরপর নিজেকে প্রশ্ন করেছি, ‘আমি আসলে কী চাই?’ আমি সবার কথা শুনি। কিন্তু যা করার তা নিজের ইচ্ছেমতো করি। এজন্য আমি নিজের মতো জীবনযাপন করতে পেরেছি।” বলেন সুস্মিতা সেন। ২০২২ সালে অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছিলেন সুস্মিতা সেন। এ আলাপচারিতায় তিনি বলেছিলেন, “সৌভাগ্যক্রমে আমি অনেক মজার মানুষদের সঙ্গে মিশেছি। কিন্তু আমি বিয়ে করিনি কারণ তারা সকলেই হতাশ থাকত। বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা নেই। এতে বাচ্চাদের কিছু নেই। তারা খুবই ভদ্র। আমার জীবনে যারা এসেছে দু’টি বাচ্চাই তাদের আপন করে নিয়েছে। তারা সবাইকে সমানভাবে সম্মান করেন। এটি দেখলে ভালো লাগে।” তিনবার বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে জানান এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। সুস্মিতার ভাষায়, “আমি তিনবার বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন। পরে তাদের জীবনে কী ভয়াবহ ঘটনা ঘটেছে তা বলে বোঝাতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছেন। আমার বাচ্চাদেরকেও। তিনি আমাকে এসব বাজে সম্পর্কে জড়াতে দেননি।”
ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও ছোট্ট ক্যারিবীয় দ্বীপ কুরাসাও লিখে ফেলল ইতিহাস। স্টিভ ম্যাকলারেনের জামাইকার সঙ্গে ড্র করেই তারা হয়ে গেল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট দেশ। আগে এই রেকর্ড ছিল আইসল্যান্ডের, যারা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে। কিন্তু কুরাসাওয়ের তুলনায় তাদের দেশ অনেক বড়। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যা কুরাসাওয়ের (যা কেমব্রিজ বা হাডার্সফিল্ডের সমান)। আর আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। ম্যান দ্বীপের চেয়েও ছোট। জামাইকার কোচ হিসেবে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ইংল্যান্ড ম্যানেজার স্টিভ ম্যাকলারেন। ঘরের মাঠ কিংস্টনে জিতলেই ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠত জামাইকা। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র। ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টিটিও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। অন্যদিকে, ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত না থাকলেও কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন। ৭৮ বছর বয়সে তিনি হবেন বিশ্বকাপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ। এর আগে এই রেকর্ড ছিল গ্রিসের দায়িত্ব নেওয়া অটো রেহাগেলের। যার বয়স ছিল ২০১০ সালে ৭১। ভেনেজুয়েলা উপকূল থেকে মাত্র ৩৭ মাইল দূরের এই দ্বীপটি ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস রাজ্যের অধীন একটি পৃথক দেশ হয়। মাত্র এক দশক আগেও ফিফা র্যাঙ্কিংয়ে তারা ছিল ১৫০ নম্বরে; এখন তারা উঠে এসেছে ৮২-তে। ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের বর্ধিত ফরম্যাট এবং আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন; সব মিলিয়ে কুরাসাওয়ের জন্য পথটা অনেকটাই সহজ হয়েছে। কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডানের সঙ্গে তারা হয়ে গেল আগামী বিশ্বকাপের চতুর্থ নবাগত দল। ম্যাচের আগে কুরাসাওয়ের মিডফিল্ডার জুনিনহো বাকুনা (হাডার্সফিল্ড, রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক খেলোয়াড়) অভিভূত হয়ে বলেছিলেন, “এটা অবিশ্বাস্য। কুরাসাওয়ের জন্য সবচেয়ে বড় অর্জনের একটি। কয়েক বছর আগেও এমন কিছু কল্পনাই করা যেত না। দলের অংশ হতে পারাটাই নিজের জন্য এক বিশাল স্বপ্নপূরণ হবে।” ১০টি ম্যাচে সাত জয় ও অপরাজিত অবস্থায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
শততম টেস্টে ফিফটি মুশফিকের

শততম টেস্টে ফিফটি মুশফিকের মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। আর এমন দিনে এরই মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ব্যাট হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রান। মুশফিক ৫৩ আর মুমিনুল ৬২ রানে অপরাজিত আছেন। এর আগে শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার ওপেনিংয়ে ভালো শুরু করেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। সিলেটে আগের টেস্টে ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছিলেন দুইজন। এবারও ওপেনিং জুটিতে ভরসা দিয়েছেন জয়-সাদমান। টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টা দারুণভাবে পার করেন তারা। জুটিতে পঞ্চাশও পার করেন। তবে ঘণ্টা পেরোতেই এই জুটিটা ভেঙে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সাদমানের প্যাডে বল লাগলে শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে জেতে আয়ারল্যান্ড। ৩৫ করে ফেরেন সাদমান। ৫১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার জয়। তিনিও সেট হয়ে আউট হন। মিডঅফে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ রান করে। এরপর বেশি দেরি করেননি নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়ক ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকিয়েছিলেন। পরের বলেই ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বোল্ড হয়ে ফেরেন ৮ রান করে। একশর আগে (৯৫ রানে) ৩ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম আর মুমিনুল হকের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩ উইকেটে ১৯২ রান নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরই ফিফটি তুলে নেন মুশফিক। মুমিনুল আগেই পেয়েছেন হাফসেঞ্চুরি।