ভারতকে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দিতে রাজি যুক্তরাষ্ট্র

ভারতকে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দিতে রাজি যুক্তরাষ্ট্র ভারতকে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও এক্সক্যালিবার প্রজেক্টাইলস বিক্রি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) ডিএসসিএ এক ঘোষণায় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে ৯৩ মিলিয়ন ডলার মূল্যের জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র সিস্টেম ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে। আগস্টে নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘটনায় সম্পর্ক তিক্ত হওয়ার পর ওয়াশিংটনের বিদেশি সামরিক বিক্রয় কর্মসূচির অধীনে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধ বিমানকে আরো শক্তিশালী করার জন্য চলতি মাসে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের ফাইটার জেট ইঞ্জিনের পুনঃঅর্ডার দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। ডিএসসিএ এক বিবৃতিতে বলেছে, “এই প্রস্তাবিত ডিল যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রয়ে যাওয়া একটি প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করে মার্কিন বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করে।” ডিএসসিএ জানিয়েছে, ভারত সরকার ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল এবং ১০০টি জ্যাভলিন সিস্টেম কিনতে চেয়েছে। এক্সক্যালিবার হলো জিপিএস গাইডেড অত্যাধুনিক ১৫৫এমএম কামানের গোলা যা নিখুঁত লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে। এটা ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। জ্যাভলিন হলো একজন বহন করতে পারে এমন একটি মাঝারি পাল্লার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ!

জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ! ভারতের দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা ধানুশ। তার পরবর্তী সিনেমা ‘ডি৫৫’। এটি পরিচালনা করছেন রাজকুমার পেরিয়াসামি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে।  এ সিনেমায় ধানুশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা চলছে। এবার জানা গেল, ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী। সিনেমা এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রথমে জানা যায়, এ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করবেন পূজা হেগড়ে। পরে খবর আসে ধানুশের বিপরীতে মীনাক্ষী চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে খবর ছড়িয়েছে, সম্ভবত সাই পল্লবী ‘ডি৫৫’ সিনেমার নায়িকা হতে চলেছেন। খবরটি প্রকাশের পর থেকে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কারণ ‘মারি টু’ সিনেমার পর ধানুশ–সাই পল্লবী ফের একসঙ্গে পর্দায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। ‘মারি টু’ সিনেমায় ধানুশ-সাই পল্লবীর সাফল্যের পর ভক্তরা বহুদিন ধরে এ জুটিকে আবারো একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন। যার কারণে ‘ডি৫৫’ সিনেমায় এ জুটিকে দেখার খবরে আনন্দিত ভক্তরা। যদিও সিনেমা সংশ্লিষ্টরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এ জুটির ভক্ত-অনুরাগীরা।  ‘মারি টু’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী-ধানুশ। প্রথমবারই মুগ্ধতা ছড়ান এই যুগল। সিনেমাটির ‘রাউডি বেবি’ গান মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। কেবল তাই নয়, নতুন রেকর্ড গড়ে গানটি। ইউটিউবে ১ বিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করে। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমার গান হিসেবে এই রেকর্ড গড়ে ‘রাউডি বেবি’। ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইডলি কাডাই’। গত ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তামিল ভাষার এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করেন ধানুশ। এরই মধ্যে হিন্দি ভাষার ‘তেরে ইশক মেইন’ সিনেমার কাজ শেষ করেছেন ধানুশ। চলতি মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থান্ডেল’। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এরই মধ্যে ‘মেরে রাহো’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। হিন্দি ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আমির খানের পুত্র জুনায়েদ খান। আগামী ১২ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।পরিচালক নিতেশ তিওয়ারি দুই পার্টে নির্মাণ করছেন ‘রামায়াণ’। এতে সীতা ও রাম চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন সাই পল্লবী-রণবীর কাপুর। সিনেমাটির প্রথম পার্টের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আর দ্বিতীয় পার্টের দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতারা।

গুরুতর অভিযোগ তুলে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ

গুরুতর অভিযোগ তুলে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরের কয়েক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দুই বিচারক। তাদের একজনের অভিযোগ—প্রতিযোগিতাটি সাজানো বা পক্ষপাতদুষ্ট। খবর নিউ ইয়র্ক টাইমসের। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আট সদস্যের জুরি বোর্ডের অন্যতম সদস্য লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফু। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তাতে তিনি বলেন, “মিস ইউনিভার্সের চূড়ান্ত আসরের বিচারকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিয়েছি তা ব্যাখ্যা করা জরুরি মনে করছি।”  বিচারক ওমর কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার ভাষায়—“ফাইনালের দুই দিন আগে ১৩৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জনকে প্রাক-নির্বাচনের জন্য একটি ‘গোপন ভোট’ নেওয়া হয়। যারা এই ভোট নিয়েছেন তারা জুরি বোর্ডের কোনো সদস্য নন। এখন পর্যন্ত কেউ জানেন না, নির্বাচিত সেই ৩০ জন কারা। একজন ব্যক্তির কাছে সেই তালিকাটি রয়েছে। এই ব্যক্তি অংশগ্রহণকারী একটি দেশের জাতীয় সংগঠনের সঙ্গে যুক্ত; যা স্পষ্টতই একটি ‘স্বার্থের সংঘাত’।” খানিকটা ব্যাখ্যা করে ওমর বলেন, “আমি জনসমক্ষে বা টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন একটি ভোটকে বৈধতা দেওয়ার ভান করতে পারি না; যে ভোটে আমি অংশই নিইনি। এই প্রক্রিয়ায় যে দেশগুলো বাদ পড়েছে, তাদের মধ্যে কেউ যুদ্ধাবস্থায় থাকতে পারে, বৈষম্যের শিকার হতে পারে, অথবা ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। দর্শকরা ধরে নিতেন যে, এই সিদ্ধান্তগুলো জুরি বোর্ড নিয়েছে এবং এমন একটি প্রক্রিয়ার দায় আমি নিতে পারি না, যেটিতে আমি যুক্তই ছিলাম না। এর বিপরীত অবস্থান নেওয়া অসৎ আচরণ হতো।” ওমর এখানেই থেমে যাননি। এরপর আরো বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরিকল্পনা করেছেন। এ বিষয়ে নিউ ইয়র্কের অন্যতম শীর্ষ আইন প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরামর্শ করেছেন বলেও জানান তিনি।  ওমরের পদত্যাগের ঘোষণার এক ঘণ্টা পরে ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে জুরি বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন। তবে এ বিচারক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন।  মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছে থাইল্যান্ডে। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

আলিয়া-কাজল-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা

আলিয়া-কাজল-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমায় তার নাচের হিল্লোল এখনো ভোলেননি দর্শক। এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া অক্টোবর মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে আলিয়া ভাট, কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানাকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।  ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন আলিয়া ভাট ও কাজল আগরওয়াল। দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—রাশমিকা মান্দানা, তৃষা কৃষ্ণান, দীপিকা পাড়ুকোন। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন সাই পল্লবী, নয়নতারা, শ্রীলীলা, তামান্না ভাটিয়া। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক এটি। ২০২৪ সালের ৬ নভেম্বর মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেন রাজ ও ডিকে। এতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান। ২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সামান্থা রুথ প্রভু। প্রথম সিনেমায় সামান্থার নায়ক ছিলেন নাগা চৈতন্য। পরবর্তীতে নাগার সঙ্গে ঘর বাঁধেন সামান্থা। যদিও এ সংসার টিকেনি। ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল সময় পার করছেন সামান্থা। এরই মাঝে এই খবর খানিকটা আনন্দের বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা।

বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন সোনম

বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন সোনম দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার প্রকাশ্যে এলো সুখবর। বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন সোনম নিজেই। কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি নিজেকে ‘মা’ বলে সম্বোধন করেছেন। গোলাপি কো-অর্ডে একেবারে অন্যরকম দেখিয়েছে তাকে। বেশ কয়েকদিন ধরেই সোনম কাপুরের গর্ভাবস্থা নিয়ে চলছিল নানা জল্পনা। তবে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি সেই সময়ে। কিন্তু এবার সোনমের পোস্টে বিষয়টিতে নিশ্চিত সবাই। বেবি বাম্প শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী। বেশ কয়েক বছর প্রেম করার পরে ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম। এবার তাদের পরিবার আরও বড় হতে চলেছে বলে ঘোষণা করেন অভিনেত্রী। অনিল কাপুরের কন্যা সোনম ২০০৫ সালে সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘ব্ল্যাক’-এ সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে বনসালির রোমান্টিক সিনেমা ‘সাওয়ারিয়া’য় অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী। এরপর থেকে তাকে ‘আই হেট লাভ স্টোরিজ’ এবং ‘রঞ্ঝনা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘সঞ্জু’-র মতো সিনেমায়ও দেখা গেছে তাকে।

পেছাল বিপিএল নিলাম, ব‌্যাংক গ‌্যারান্টি পায়নি বিসিবি

পেছাল বিপিএল নিলাম, ব‌্যাংক গ‌্যারান্টি পায়নি বিসিবি প্রথমে ১৭ নভেম্বর। এরপর ২৩ নভেম্বর। এবার ৩০ নভেম্বর। সাত দিন বাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম পুনর্নিধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদি ৩০ নভেম্বর বিসিবির নিলাম হয় তাহলে ১৮-১৯ দিন পরই বিপিএল শুরুর সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত খবর, বিপিএল না-ও আয়োজন করতে পারে বিসিবি। আয়োজন এবং দ্বিতীয় দফায় নিলাম পেছানোর কারণ এখন পর্যন্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজি কারোর কাছ থেকেই ব‌্যাংক গ‌্যারান্টি পায়নি বিসিবি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের পেশাদারিত্ব নিয়ে বারবারই প্রশ্ন তোলা হয়। এবারও তার ব‌্যতিক্রম হচ্ছে না। নতুন করে পাঁচ বছরের জন‌্য দল নেওয়া পাঁচ প্রতিষ্ঠানকে নিয়েও বিপাকে আয়োজকরা। নতুন করে দল পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১০ কোটি টাকার ব‌্যাংক গ‌্যারান্টি দেওয়ার কথা ছিল। দ্বিতীয় দফায় সময় বাড়ানোর পর গতকাল ছিল ব‌্যাংক গ‌্যারান্টি জমা দেওয়ার শেষ দিন। অথচ কেউই এখন পর্যন্ত ব‌্যাংক গ‌্যারান্টি দেয়নি। যদিও আরেক সূত্রের দাবি, দুটি দল আংশিক ব‌্যাংক গ‌্যারান্টি দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সাড়া না পাওয়াতে নিলামের সময় বাড়িয়েছে বিসিবি। তবে নিলামের আগে প্রস্তুতি নিয়ে ভালো খবর না পাওয়ায় বিপিএল আয়োজনের ইচ্ছা হারিয়ে ফেলতে শুরু করেছে বিসিবি। শেষ পর্যন্ত যদি বিপিএল হয়-ও তাহলে বিসিবি একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে পারে।

‘সেঞ্চুরিতে’ সেঞ্চুরির ফুল ফুটিয়ে মুমিনুলের পাশে মুশফিকুর

‘সেঞ্চুরিতে’ সেঞ্চুরির ফুল ফুটিয়ে মুমিনুলের পাশে মুশফিকুর ঘড়ির কাঁটায় সকাল সাড়ে নয়টা থেকেই মিরপুর শের-ই-বাংলার সব ক‌্যামেরা তাক করা মুশফিকুর রহিমের ওপর। আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সাত সকালেই মুশফিকুর ছুঁয়ে ফেলবেন সেঞ্চুরি এমনটাই আশা করা হচ্ছিল। সেটাও বিশেষ এক উপলক্ষে। মুশফিকুর রহিম নিজের সেঞ্চুরি ম‌্যাচে করবেন সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে  এর আগে কেবল দশ ব‌্যাটসম‌্যানই নিজেদের সেঞ্চুরি ম‌্যাচে তিন অঙ্ক ছুঁতে পেরেছিলেন। রিকি পন্টিং একটু আলাদা। নিজের সেঞ্চুরির ম‌্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি তার। নিজেকে এবং পুরো বাংলাদেশকে অপেক্ষায় রাখলেন না মুশফিকুর। দ্বিতীয় দিনের নবম এবং নিজের খেলা অষ্টম বলে ১ রান নিয়ে ল‌্যান্ডমার্কে পৌঁছে যান। সেঞ্চুরির টেস্টে সেঞ্চুরি রান ক্রিকেট ইতিহাসের একাদশতম ক্রিকেটার মুশফিকুর। ইতিহাসের অক্ষয় কালিতে নিজের নাম লিখে ফেললেন এমআরফিফটিন। ১৯৬৮ সালে যেই যাত্রা শুরু করেছিলে কলিন কাউড্রে। এরপর জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, ইনজামাম, আমলা, রুট সহ ওয়ার্নারের নাম আছে। এলিট এই ক্লাবের নবীনতম সদস‌্য মুশফিকুর। পুরো রাত যেই অপেক্ষায় ছিলেন মু্শফিকুর সেই ১ রান নিশ্চিত করেই ভো দৌড়। মাঝ ক্রিজে দুই হাত উপরে তুলে উদযাপন শুরু হয়ে যায় তার। রান পূর্ণ করার পর  একটু রয়েশয়েই উদযাপন করেন। এরপর হেলমেট খুলে ব‌্যাট উঁচিয়ে মুখে চওড়া হাসি নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এরপর সিজদাতে নিজেকে সপে দেন। সতীর্থ লিটনকে জড়িয়ে ধরার আগে গ‌্যালারিতে ব‌্যাট নাড়িয়ে মুশফিকুর সমর্থনদের জবাব দেন। টেস্ট ক‌্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পেলেন মুশফিকুর। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা মুশফিকুর এই সেঞ্চুরিতে মুমিনুল হককে ছুঁয়ে ফেললেন। মুমিনুল ১৩ সেঞ্চুরি নিয়ে আগে শীর্ষে ছিলেন। সেঞ্চুরি ম‌্যাচে সেঞ্চুরির ল‌্যান্ডমার্ক ছুঁয়ে মুশফিকুর এখন মুমিনুলের পাশে। তবে সেঞ্চুরির পর ইনিংসটি আর লম্বা করতে পারেননি। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজের ছোবল দেওয়া ডেলিভারিতে ব‌্যাট সরাতে পারেননি। ২১৪ বলে ১০৬ রানে থেমে যায় তার ইনিংস।

মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামল বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের ঘূর্ণিতে অলআউট হওয়ার আগে বড় স্কোরের শক্ত ভিত পায় স্বাগতিকরা। প্রথম দিনের সাবধানী শুরুর পর দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসের মূল চালিকাশক্তি ছিল মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাট। বিশেষ করে নিজের শততম টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি তুলে নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। লিটন-মুশফিকের দাপট দিনের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার। ২১৪ বল মোকাবিলা করে ১০৬ রানের ধ্রুপদী এক ইনিংস খেলেন মুশফিক। ধৈর্য, সঠিক শট নির্বাচন এবং অভিজ্ঞতার মিশেলে সাজানো তার এই ইনিংসটি থামে হাম্প্রিজের বলে বালবিরনির হাতে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে অবশ্য তিনি গড়েছেন ইতিহাস—বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েন তিনি। অন্যদিকে, উইকেটে শান্ত অথচ আক্রমণাত্মক মেজাজে ছিলেন লিটন দাস। অসাধারণ টাইমিংয়ে মুগ্ধতা ছড়িয়ে ১৯২ বলে ১২৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। টপ ও মিডল অর্ডারের অবদান এর আগে, ইনিংসের শুরুতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৩৪) ও সাদমান ইসলাম (৩৫) ভালো শুরু এনে দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুমিনুল হক। সাবলীল ব্যাটিংয়ে ১২৮ বলে ৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ২০২ রানের মাথায় দলীয় স্কোরে তিনি আউট হন। লোয়ার অর্ডারের লড়াই ও মিরাজের আক্ষেপ লিটন-মুশফিকের বিদায়ের পর লোয়ার অর্ডারে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। পরিণত ব্যাটিংয়ে এগোতে থাকলেও ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে গ্রাহাম হিউমের (হোয়ে) শিকার হন তিনি (৪৭)। শেষ দিকে ইবাদত হোসেনের ১৮ ও হাসান মুরাদের ১১ রানের সুবাদে ৪৭৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাকব্রিনের ৬ উইকেট বাংলাদেশের রান উৎসবেও বল হাতে আলো ছড়িয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রিন। একাই ৬ উইকেট শিকার করে তিনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন। এছাড়া আইরিশদের হয়ে হাম্প্রিজ ও হিউম (হোয়ে) প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা

সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি ক বিভাগের গল্প বলায় প্রথম হওয়ায় এবং মালিহা মোস্তারী রোজা লোকসংগীতে সেরা দশে স্থান পাওয়ায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিস উভয়কে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে শিশু অ্যাকাডেমির হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোন্নাফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও অনলাইন পত্রিকা চাঁপাই লাইভের সম্পাদক ন,স,ম, মাহবুবুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, রোহিনী হাসান ঋদ্ধির মাতা সায়মা রওশন নূরী, মালিহা মোস্তারী রোজার মাতা আসমাউল হোসনা, অভিভাবক এ.এইচ.এম. রাজু, শিশু অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষক সুমাইয়া চৌধুরী অরিন, চারুকলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মুহাইমেন, সংগীত প্রশিক্ষক নুর ইসলাম ও আবৃত্তি প্রশিক্ষক কাব্য মোল্লাহ্। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ওমর ফারুক। আলোচনা শেষে মুখ্য আলোচক ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আলোচকবৃন্দ বলেন, প্রত্যেকটি শিশুরই মেধা রয়েছে, তবে উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এর আগে গত মঙ্গলবার সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। এই ৯১৯টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ হচ্ছে ৮৮৫টি ও অস্থায়ী ৩৪টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনটি গঠিত হয়েছে ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৪টি এবং মোট ভোট কক্ষ হচ্ছে ৮৬১টি। এই ৮৬১টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৮২৪টি ও অস্থায়ী ৩৭টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি। এই ৮৮২টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ৮৬১টি ও অস্থায়ী ২১টি। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।