পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। আজ সোমবার এ হামলা হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের। একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর ভবনটিতে দুই আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র জানিয়েছে, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “প্রথম আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে কনস্টেবলের প্রধান প্রবেশপথে হামলা চালায় এবং অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে।” কর্মকর্তা আরো বলেন, “সেনাবাহিনী ও পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে এবং পরিস্থিতি সাবধানতার সাথে পরিচালনা করছে। কারণ, আমাদের সন্দেহ হচ্ছে সদর দপ্তরের ভিতরে কিছু সন্ত্রাসী রয়েছে।” সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরটি একটি সেনানিবাসের কাছে জনাকীর্ণ এলাকায় অবস্থিত।
যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলতে পারে: কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলতে পারে: কানাডার প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ভূমিকাকে অতিরঞ্জিত করা উচিত নয়। তিনি আরো বলেন, “মার্কিন সম্পৃক্ততা ছাড়াই বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। অর্থনীতির ‘গুরুত্বের কেন্দ্র’ যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যাচ্ছে।” রবিবার (২৩ নভেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেছেন। খবর আরটির। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত এ বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার সরকারকে শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ না করার কারণ হিসেবে এটি উল্লেখ করেছেন। ওয়াশিংটন আরো দাবি করেছে, যুক্তরাষ্ট্র যেহেতু বয়কট করেছে তাই জি-২০ সম্মেলন শেষে কেবল এর চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যেতে পারে। তবে রবিবার সম্মেলন শেষে জি-২০ একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে। কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, “এই বৈঠকে বিশ্বের জনসংখ্যার তিন-চতুর্থাংশ, বিশ্বব্যাপী জিডিপির দুই-তৃতীয়াংশ এবং বিশ্বের বাণিজ্যের তিন-চতুর্থাংশ প্রতিনিধিত্বকারী দেশগুলোকে একত্রিত করা হয়েছিল এবং এটি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ ছাড়াই। তার ভাষ্য, “এ ঘটনা ইঙ্গিত দেয় যে, বিশ্ব অর্থনীতিতে গুরুত্বের কেন্দ্র স্থানান্তরিত হচ্ছে।” কানাডার প্রধানমন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্রের বয়কট সত্ত্বেও বৈঠকে জি-২০ সদস্যদের গৃহীত সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ। তিনি আরো জানান, কানাডা দক্ষিণ আফ্রিকা, ভারত এবং চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুশ প্রেসিডেন্টের সহযোগী মাকসিম ওরেশকিন। তিনি সম্মেলনের সফলতা নিয়ে প্রশংসা করেছেন। তিনি জানান, তার দল ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর সঙ্গে অনেক গঠনমূলক যোগাযোগ করেছে এবং এমনকি ‘বন্ধুত্বহীন’ দেশগুলোর কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা ও যৌথ প্রকল্পের বিষয়ে কিছু প্রস্তাবও পেয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শীর্ষ সম্মেলনের আগে বলেছিলেন, জি-২০ ‘আপন গতিতে এগিয়ে যাচ্ছে’। তিনি আরো বলেন, বৈঠক বয়কট করার মার্কিন সিদ্ধান্ত ‘তাদেরই ক্ষতি’।
ইউক্রেন ও মিত্রদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন ও মিত্রদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার জন্য জেনেভায় আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি বলেন, “এখনও কিছু কাজ বাকি আছে।” আগামী কয়েক দিনের মধ্যে শান্তিচুক্তির সব দফা চূড়ান্ত হয়ে যেতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের স্থানীয় সময় রবিবার (২৩ নভেম্বর) রাতে ইউক্রেনীয় এবং ইউরোপীয় আলোচকদের বৈঠক শেষে রুবিও সাংবাদিকদের এ কথা বলেন। খবর বিবিসির । বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এমন ইঙ্গিত রয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল আমাদের কথা শুনছে।” ইউক্রেন যুদ্ধ অবসানে গত সপ্তাহে ফাঁস হওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা নিয়ে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছিল। এই পরিকল্পনায় রাশিয়াকে অনেক সুবিধা দেওয়ায় হয়েছে বলে অভিযোগ তুলেছিল। সেসময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইউক্রেনের সামনে একটি বিকল্প রয়েছে-আমাদের মর্যাদা হারানো অথবা একটি গুরুত্বপূর্ণ মিত্র হারানো।” রবিবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, জেনেভার আলোচক দলগুলোর একটি ‘খুব ভালো দিন’ কেটেছে। তিনি জানান, আলোচনার মূল লক্ষ্য ছিল- ২৮ দফার মার্কিন শান্তি পরিকল্পনায় যেসব ইস্যু খোলা রয়ে গেছে, সেগুলোতে ফারাক কমানো। আলোচনায় জড়িত দলগুলো এতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছে। তবে তিনি স্পষ্ট করেন, যেকোনো চূড়ান্ত চুক্তি অনুমোদন করতে হবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের, এরপর তা রাশিয়ার কাছে পাঠানো হবে। এখনও কয়েকটি বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। রবিবার পরে প্রকাশিত যুক্তরাষ্ট্র–ইউক্রেনের যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই পক্ষ একটি ‘হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ নিয়ে একমত হয়েছে এবং আগামী দিনগুলোতে যৌথ প্রস্তাব নিয়ে নিবিড়ভাবে কাজ করবে। ইউরোপের কয়েকটি দেশ- যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতৃত্বে- বিকল্প একটি শান্তি পরিকল্পনা তৈরি করেছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে বিবিসি তা দেখেনি এবং রুবিওও এমন কোনো পরিকল্পনার অস্তিত্ব অস্বীকার করেন। এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের নেতারা যুক্তরাষ্ট্রের যুদ্ধ-সমাপ্তির প্রচেষ্টার জন্য ‘কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না’। তিনি আরো উল্লেখ করেন, ইউক্রেনের মিত্র কিছু ইউরোপীয় দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে মস্কো তেল ও গ্যাস রপ্তানি থেকে প্রাপ্ত আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। জেনেভায় মার্কিন খসড়া প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হয়। ফাঁস হওয়া ট্রাম্পের ওই প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যদের পূর্ব দোনেৎস্কের কিছু অংশ থেকে প্রত্যাহার করতে হবে এবং এই অঞ্চলসহ লুহানস্ক ও ২০১৪ সালে রাশিয়ার সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে। মার্কিন এই শান্তি পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার কমিয়ে ৬ লাখ সদস্যে সীমিত করতে বলা হয়েছে। বর্তমানে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ৮ লাখ ৮০ হাজার জন। পরিকল্পনায় বলা হয়েছে, এর বিনিময়ে কিয়েভ ‘নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি’ পাবে, যদিও সেটির বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি। এতে আরো বলা হয়েছে, রাশিয়া তার প্রতিবেশীদের আক্রমণ করবে না এবং ন্যাটোতে ইউক্রেনের যোগদান স্থায়ীভাবে নিষিদ্ধ হবে। খসড়া প্রস্তাবে আরো বলা হয়েছে, রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জোট জি৭-এ যোগদানের জন্য মস্কো আমন্ত্রণ জানানো হবে। এর মাধ্যমে জোটটিকে আবারো জি৮-এ পরিণত করার মাধ্যমে- রাশিয়াকে ‘বিশ্ব অর্থনীতিতে পুনঃএকীভূত’ করা হবে। ইউক্রেনকে প্রস্তাবগুলোতে একমত হওয়ার জন্য ট্রাম্প আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন। তবে ইউক্রেনের যুক্তরাজ্য, কানাডা, জাপান ও ইউরোপের মিত্ররা মার্কিন প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর, শনিবার ট্রাম্প জানান, এটি কিয়েভের জন্য তার ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও রবিবার সাংবাদিকদের বলেন, “আমি খুব আশাবাদী যে আমরা খুব শিগগির শান্তিচুক্তির প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছি, সেটি বৃহস্পতিবার হোক, অন্যান্য দিন হোক বা পরের সপ্তাহের সোমবার হোক।”
ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধজাহাজ-ট্যাঙ্কার আটক

ইংলিশ চ্যানেলে রাশিয়ার যুদ্ধজাহাজ-ট্যাঙ্কার আটক ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাজ্যের একটি পেট্রোল জাহাজ। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যের টহল জাহাজ এইচএমএস সেভার্ন গত দুই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় রাশিয়ান কর্ভেট আরএফএন স্টোইকি এবং ট্যাঙ্কার ইয়েলনিয়াকে আটক করেছে ও ঘনিষ্ঠ নজরদারি চালিয়েছে। পরে ওই নজরদারির দায়িত্ব হস্তান্তর করা হয় ন্যাটোর আরেক সদস্য দেশের কাছে, ব্রিটনির উপকূলে। বিবৃতিতে আরো বলা হয়, গত দুই বছরে যুক্তরাজ্যের জলসীমার চারপাশে রুশ নৌ তৎপরতা ৩০ শতাংশ বেড়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের উপকূলে টহলরত জাহাজ ছাড়াও, ন্যাটো মিশনের অংশ হিসেবে ব্রিটেন আইসল্যান্ডে তিনটি পোসাইডন নজরদারি বিমান মোতায়েন করেছে, যাতে উত্তর আটলান্টিক ও আর্কটিক রুটে রুশ নৌবাহিনীর গতিবিধি রিয়েল টাইমে ধরা যায়। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান্টার স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ বিমানগুলোর পাইলটদের দিকে লেজার মেরে অবস্থান চেক করছিল। ব্রিটেন ইয়ান্টারের এই কর্মকাণ্ডকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে এবং বলেছে যে, ব্রিটেন তার ভূখণ্ডে যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত। রাশিয়ার লন্ডনের দূতাবাস হিলির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে ‘সামরিক উত্তেজনা ছড়ানোর’ অভিযোগ করেছে এবং বলেছে, মস্কোর কোনো আগ্রহ নেই যুক্তরাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার। ব্রিটিশ সরকারের নতুন বাজেট প্রকাশের এক সপ্তাহ আগে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে হিলি এই সতর্কতা জারি করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের হুমকির কারণে সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সরকারকে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি ও ব্যয় কমানোসহ কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই

সুজনের শিবগঞ্জ শাখার সভাপতি আকবর আলী আর নেই শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক আলহাজ আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম আলহাজ আকবর আলী সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিবগঞ্জের মারকাজ মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজ এশার নামাজের পর শিবগঞ্জ পৌরসভা সংলগ্ন মারকাজ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিবগঞ্জ সাহিত্য মঞ্চ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবগঞ্জ উপজেলার সাহিত্য সংগঠন ‘সাহিত্য মঞ্চ, শিবগঞ্জ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় জেলার ৯ জনকে সম্মাননা দেয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নাওয়াজ গামা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কবি ও নজরুল গবেষক সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গবেষক ও কলামিস্ট জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ও কলামিস্ট সামসুল ইসলাম টুকু, কবি ও কথা সাহিত্যিক আনিফ রুবেদ, কবি ও ছড়াকার এনামুল হক তুফান। শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন— সাহিত্য মঞ্চের সহসভাপতি ছড়াকার সাইদুর রহমান দুলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ডা. রবিউল ইসলাম, আইটি উদ্যোক্তা সাহাদাত হোসেন, কবি ও কথাসাহিত্যিক রেহেনা বিথী, অধ্যাপক মনিরুল ইসলাম মনি, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, আল বশরী সোহান। আবৃত্তি করেছেন— রুদ্র বারি, হালিম মোল্লা কাব্য, পাণ্ডব মনদেহী, করিম মোল্লা, তারেক মাহমুদ, শাহরিয়ার বিন মিজানুর ও ইহান আরভিন। সংগীত পরিবেশন করেন, মুনিরা, বিথী, নাইম, ফারজানা ও আলিউল আজিম। অনুষ্ঠান সঞ্চলনা ও সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল্লাহ আল মামুন সাহেদ। অনুষ্ঠানের ফাঁকে কবি আমিনুল ইসলামের লেখা ‘কাশবনে কুড়িয়ে পাওয়া কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ভোলাহাট সীমান্তে ৩১৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ভোলাহাট সীমান্তে ৩১৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ‘টেনসিউইন’ নামক ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি টহল দল ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নাম স্থানে একটি আখক্ষেতে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের বস্তায় রাখা ৩ হাজার ১৯০ পিস টেনসিউইন ট্যাবলেট পাওয়া যায়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জব্দকৃত ট্যাবলেট ভোলাহাট থানায় জমা করা হবে।
দাশপুকুর এলাকায় র্যাবের অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক ৬

দাশপুকুর এলাকায় র্যাবের অভিযানে মাদক ও নগদ টাকাসহ আটক ৬ রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় র্যাবের অভিযানে গাঁজা, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা সকলে রাজশাহী জেলা ও বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। আজ র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা, ৫পিস নেশাকারক ট্যাবলেট ও নগদ প্রায় ১৬ হাজার টাকা জব্দ করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।
চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোমস্তাপুরে চতুর্থবার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো সংগঠনের আয়োজনে গতকাল দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দন্ত চিকিৎসক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টু, সাবেক কাউন্সিলর ইউসুফ আলিসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, ব্যবসায়ী, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে গতকাল রাতে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।