গণভোট অধ‍্যাদেশ অনুমোদন

গণভোট অধ‍্যাদেশ অনুমোদন গণভোট অধ‍্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠকে অংশ নেওয়া একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকের বিষয়ে বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। এতে জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে ভোটারদের। গণভোট ও নির্বাচন আয়োজন করার জন্য সম্প্রতি সরকার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত ২২ নভেম্বর নির্বাচনবিষয়ক এক কর্মশালায় তিনি বলেছিলেন, এ সংক্রান্ত আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।

সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত

সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নায়িকার পাত্র চেয়ে শহরজুড়ে পোস্টার!

নায়িকার পাত্র চেয়ে শহরজুড়ে পোস্টার! ভারতের কলকাতা শহরের বিভিন্ন ওলিতে গলিতে ঝুলছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবিসহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার। যেখানে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও দেওয়া। হঠাৎ এমন পোস্টার দেখে এতে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।  প্রথমে অনেকেই ভেবেছিলেন, রুক্মিণীর ব্যক্তিগত জীবনের বিষয়ে এটি কোনো ঘোষণা। কিন্তু পোস্টারের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে দীপক চক্রবর্তীর নাম! প্রশ্ন ওঠে, কে এই দীপক চক্রবর্তী? পরে জানা যায়, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর চরিত্রের নাম এটি! এতে কিছুটা ধোঁয়াশা কাটে। জানা যায়, এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণার অংশ এই পোস্টার। ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমায় রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত। তার চরিত্রই অনস্ক্রিন মেয়ের জন্য ‘পাত্র খুঁজছেন’, এ ধারণা থেকেই এই ব্যতিক্রমী প্রচারণা। ‘হাঁটি হাঁটি পা পা’-এর টিম জানিয়েছে,  প্রচারের ধরণ বদলে যাওয়ায় এখন দর্শকের দৃষ্টি আকর্ষণে নতুন পদ্ধতির আশ্রয় নিতে হয়। সেই কারণে শহরজুড়ে লাগানো হয়েছে এমন পোস্টার, যা দেখে অনেকে থমকে দাঁড়াচ্ছেন, কেউ কেউ আবার মোবাইলে খুঁজে দেখছেন, ‘রুক্মিণীর বিয়ে কবে?’ এমনকি কেউ কেউ বিভ্রান্তও হচ্ছেন। দর্শকপ্রতিক্রিয়া থেকেই টিম ধারণা করছে, প্রচারণা সফল হয়েছে। বাংলা সিনেমার প্রচারে আগে এমন ব্যতিক্রমী কৌশল দেখা গেলেও সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। তবে এবার প্রচারণা নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা বিয়ে করলেন দেশের এই সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজে। পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। পূজা জানান, গত একবছর ধরে তাদের পরিচয়, বন্ধুত্ব। এরপর দুই পরিবারকে জানালে পারিবারিকভাবেই বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা। এটি পূজার দ্বিতীয় বিয়ে। এর আগে একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে পরিচয়ের সুবাদে ২০১৭ সালে তিনি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন। ২০২১ সালের দিকে তাদের ডিভোর্স হয়ে যায়। বাঁধন সরকার পূজা দেশের সুপরিচিত কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।

আশরাফুলকে নিয়ে আশাবাদী টিম ডিরেক্টর রাজ্জাক

আশরাফুলকে নিয়ে আশাবাদী টিম ডিরেক্টর রাজ্জাক আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলের নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুলের ভূমিকা ও প্রভাব নিয়ে আশাবাদী মত প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, এত অল্প সময়ে আশরাফুলের কাজের সম্পূর্ণ মূল্যায়ন করা কঠিন হলেও তার উপস্থিতি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রাজ্জাক বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে। এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়। বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যে কোনো মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’ অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল বিষয়গুলোতে আশরাফুল যে দলের ব্যাটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, সেটিও তুলে ধরেন রাজ্জাক। তিনি বলেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও ব্যাটারদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে থাকে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’ দল পরিচালনায় নতুন সংযোজন হিসেবে আশরাফুলকে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন তিনি। তাই দলে তার উপস্থিতিকে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি সিরিজের আগে দলের প্রস্তুতিতেও আশরাফুল ছিলেন সক্রিয়। ব্যাটারদের সঙ্গে আলাপ, ছোট ছোট টিপস দেওয়া, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পরিকল্পনা শেয়ার সবকিছুতেই তার সম্পৃক্ততা নজরে এসেছে। টিম ডিরেক্টর রাজ্জাকের মতে, সময়ের সঙ্গে আরও স্পষ্টভাবে বোঝা যাবে আশরাফুলের অন্তর্ভুক্তি দলের জন্য কতটা কার্যকর হচ্ছে। তবে ইতোমধ্যেই তার প্রভাব যে ইতিবাচক, তা নিশ্চিত করেই জানিয়েছেন তিনি।

মেসিকে আর্জেন্টিনার জার্সিতে আনার ‘কারিগর’ আর নেই

মেসিকে আর্জেন্টিনার জার্সিতে আনার ‘কারিগর’ আর নেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) দীর্ঘদিনের ম্যানেজার এবং লিওনেল মেসিকে আকাশী-সাদা জার্সিতে নিয়ে আসার অন্যতম নেপথ্য নায়ক ওমর সৌতো আর নেই। গত রোববার (২৩ নভেম্বর) ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে সিনসিনাটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই এই শোক সংবাদ পান মেসি। প্রিয় মানুষের বিদায়ে সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির আবেগঘন বার্তা ওমর সৌতোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, ‘আপনি সবসময় পাশে ছিলেন এবং আপনিই সেই ব্যক্তি যিনি এএফএ-কে আমার দিকে তাকাতে বাধ্য করেছিলেন। একজন অসাধারণ মানুষ; জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য আমাদের যাদের হয়েছে, তাদের পক্ষে আপনাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনার স্মৃতি চিরজাগরূক থাকবে। আমরা আপনাকে কখনই ভুলব না, ওমর। শান্তিতে ঘুমান।’ মেসিকে খুঁজে বের করার গল্প স্পেন না আর্জেন্টিনা—মেসি কোন দেশের হয়ে খেলবেন, তা নিয়ে একসময় ছিল ধোঁয়াশা। তৎকালীন এএফএ সভাপতি জুলিও গ্রান্দোনাকে হুগো তোকালি বলেছিলেন, ‘স্পেনে এক বিস্ময়কর প্রতিভা আছে। তাকে টিকিট কেটে এখানে এনে খেলাতে হবে।’ এরপর তোকালি দায়িত্ব দেন ওমর সৌতোকে। সৌতো সেই সময়ের স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মন্তে গ্রান্দোর এক ফোন বুথে গিয়ে রোজারিও’র ফোন গাইড ঘাঁটতে শুরু করেন। তিনি ভেবেছিলেন মেসির নাম ‘লিওনার্দো’। অনেক কাঠখড় পুড়িয়ে প্রথমে মেসির দাদি, তারপর চাচা এবং সবশেষে মেসির বাবা হোর্হে মেসির নম্বর জোগাড় করেন। সৌতো বলেন, “মেসির বাবাকে ফোন করতেই তিনি বলেছিলেন, ‘অবশেষে আপনারা ডাকলেন! আমার ছেলে তো আর্জেন্টিনা জাতীয় দলের হয়েই খেলতে চায়।’”সেই ঐতিহাসিক ম্যাচ মেসিকে স্পেন অনূর্ধ্ব-১৭ দলে যাওয়া থেকে আটকাতে তড়িঘড়ি করে প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেন সৌতো ও তোকালি। আর্জেন্টিনোস জুনিয়র্সের মাঠে সেই ম্যাচে ৮-০ গোলের বিশাল জয় পায় আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক গোল করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন মেসি, যা ছিল আর্জেন্টিনার জার্সিতে তার গোলের সূচনা।

ভারত-পাকিস্তানের বিশ্বকাপের ম‌্যাচ ১৫ ফেব্রুয়ারি

ভারত-পাকিস্তানের বিশ্বকাপের ম‌্যাচ ১৫ ফেব্রুয়ারি এসিসির টুর্নামেন্ট হোক বা বৈশ্বিক আইসিসির, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখে এখন টুর্নামেন্ট আয়োজনের চিন্তা থাকে আয়োজকদের। গেল কয়েক বছর ধরে এর কোনো ব‌ত‌্যয় হয়নি। ২০২৬ বিশ্বকাপেও প্রতিবেশি, প্রতিদ্বন্দ্বী দুই দেশকে একই গ্রুপে দেখা যাবে। ইএসপিএনক্রিকইনফোর খবর,  কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বের ম‌্যাচে মুখোমুখি হবে। ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে। তার আগেই বেরিয়ে এলো, ভারত ও পাকিস্তানের ম‌্যাচের সূচি। ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে ৭ ফেব্রুয়ারি। মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ৮ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের আসর। পাকিস্তান নিজেদের সবগুলো ম‌্যাচ খেলবে কলম্বো কিংবা ক‌্যান্ডিতে। এমনিতে ফাইনালের ভেন্যু আহমেদাবাদ। তবে পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোতে হবে শিরোপা নির্ধারণী ম‌্যাচ। আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল ৪টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্বাডোসে ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল।

বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা আরো গভীর করার প্রস্তাব পাকিস্তানের

বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা আরো গভীর করার প্রস্তাব পাকিস্তানের পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে পাকিস্তান জাতীয় জাহাজ চলাচল কর্পোরেশন (পিএনএসসি) ও বাংলাদেশ জাহাজ চলাচল কর্পোরেশন (বিএসসি) এর মধ্যে একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে।  মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, সোমবার লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাবটি উপস্থাপন করেন। এতে যৌথ কন্টেইনার ও বাল্ক শিপিং পরিষেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্র পরিবহন উন্নয়নে সহযোগিতা, পারস্পরিক বন্দর-কল সুবিধা প্রদান এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে বড় ধরনের অংশীদারিত্বের প্রস্তাব করা হয়েছে। বৈঠকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী আইএমও ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র পরিবহন-সম্পর্কিত বিষয়গুলোর পাশাপাশি প্রাসঙ্গিক আঞ্চলিক সমুদ্র পরিবহন সংস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কাঠামো তৈরির পাকিস্তানের বৃহত্তর লক্ষ্যের উপর জোর দিয়েছেন। তিনি আঞ্চলিক বাণিজ্য প্রবাহকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রস্তুতির প্রমাণ হিসেবে কেপিটির ক্রমবর্ধমান ক্ষমতা, চলমান আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময় তুলে ধরেন। পাকিস্তানের মন্ত্রী বলেন, বন্দর-থেকে-বন্দর সহযোগিতা আরো ঘনিষ্ঠ হলে সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ কমানো যাবে, আঞ্চলিক বাধা কমানো যাবে এবং দক্ষিণ এশিয়া জুড়ে বাণিজ্যিক একীকরণের জন্য নতুন পথ খুলে যাবে। বৈঠকে উভয় পক্ষই বলেছে যে, পাকিস্তান-বাংলাদেশ সামুদ্রিক সহযোগিতা আলোচনা শুরু করা বন্দর উন্নয়ন, জাহাজ চলাচল খাতের সহযোগিতা, মৎস্য ও অন্যান্য উদীয়মান সমুদ্র সমস্যা নিয়ে নিয়মিত আলোচনার জন্য একটি কাঠামোগত প্ল্যাটফর্ম হবে।

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার নির্দেশ ট্রাম্পের

মুসলিম ব্রাদারহুডের কয়েকটি শাখাকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তাদের মিশর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থনের অভিযোগ এনেছেন।  মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন। যুক্তরাষ্ট্র এমন সময়ে এই পদক্ষেপ নিলো, যখন মধ্যপ্রাচ্যে শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে  ইসরায়েল। ডিক্রিতে জর্ডানের মুসলিম ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে হামাস এবং আল-জামা আল-ইসলামিয়া নামে পরিচিত এই গোষ্ঠীর লেবাননের শাখাকে ‘বস্তুগত সহায়তা’ প্রদানের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধে হামাস এবং হিজবুল্লাহর পক্ষ নেওয়ার কারণে। এতে আরো দাবি করা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় মিশরের একজন মুসলিম ব্রাদারহুড নেতা ‘মার্কিন অংশীদার ও স্বার্থের’ বিরুদ্ধে সহিংস হামলার আহ্বান জানিয়েছিলেন। মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে মিশরে প্রতিষ্ঠিত একটি প্যান-ইসলামিস্ট সংগঠন, যা পরে আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সংগঠনের প্রতিষ্ঠাতা, মিশরীয় স্কুলশিক্ষক হাসান আল-বান্না বিশ্বাস করতেন, সমাজে ইসলামী নীতির পুনর্জাগরণই মুসলিম বিশ্বকে পশ্চিমা ঔপনিবেশিকতা প্রতিরোধে সক্ষম করবে। মুসলিম ব্রাদারহুডকে এরই মধ্যে কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, যেমন মিশর ও সৌদি আরব।মিশরে ২০১৩ সাল থেকে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ। চলতি বছরের এপ্রিল মাসে জর্ডানও সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটি অভিযোগ করে, মুসলিম ব্রাদারহুড অস্ত্র তৈরি ও মজুত করছে এবং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। চলতি বছরের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও তার সরকারকে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ও বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির নির্দেশ দেন।

নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির

নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান সেবা অব্যাহত রাখবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংশোধন বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।  সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদেরও পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডাটাবেইজে অন্তর্ভুক্ত ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া দেশের অভ্যন্তরে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির লক্ষ্যে আবেদনকারী যোগ্য নাগরিকদের নিবন্ধন কার্যক্রম পূর্বের ন্যায় রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক চালু থাকবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে সকল প্রকার সংশোধন ও আবাসস্থল পরিবর্তন অথবা অন্যবিধ কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্যও নির্দেশনা প্রদান করেছে ইসি।