লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল, তালিকায় দেখুন কে কোন জেলায়

লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল, তালিকায় দেখুন কে কোন জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শাস্তি স্থগিত রোনালদোর, খেলবেন বিশ্বকাপের প্রথম ম্যাচ

শাস্তি স্থগিত রোনালদোর, খেলবেন বিশ্বকাপের প্রথম ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করার কারণে লাল কার্ড দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শঙ্কা দেখা দিয়েছিল, যদি নিয়মানুযায়ী রোনালদোর ওপর দুই ম্যাচ কিংবা তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে অন্তত বিশ্বকাপের শুরুতে একটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে রোনালদো এবং তার ভক্তদের জন্য সুসংবাদ। রোনালদোর শাস্তি ঠিকই হয়েছে, তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে, এর মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। সে হিসেবে আগামী বিশ্বকাপ খেলতে রোনালদোর সামনে আর কোনো বাধা থাকলো না। বিশ্বকাপে কোনো ম্যাচ মিসও করতে হবে না তাকে। মঙ্গলবার ফিফা জানিয়েছে, রোনালদোর অপরাধকে ‘সহিংস আচরণ’ ও ‘গুরুতর ফাউল প্লে’ হিসেবে বিবেচনা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এর মধ্যে দুটি ম্যাচ স্থগিত থাকবে এক বছরের প্রবেশন (পর্যবেক্ষণ) শর্তে। অর্থাৎ, রোনালদো এরইমধ্যে বাধ্যতামূলক এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করেছেন। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচটি। যেটাতে আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পর্তুগাল আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। রোনালদোর বাকি দুই ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে বলা হয়েছে, আগামী এক বছরে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। অন্যদের ক্ষেত্রে বিরল— রোনালদোর জন্য ব্যতিক্রম ফিফা নিয়ম অনুযায়ী কোনো শাস্তির একটি অংশ স্থগিত রাখা যায়; কিন্তু তিন ম্যাচের নিষেধাজ্ঞায় দুই ম্যাচ স্থগিত করা খুবই বিরল। এ মাসেই আর্মেনিয়া ও বুরুন্ডির দুই খেলোয়াড় একই ধরনের অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান- তাদের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। রোনালদোর ক্ষেত্রে শাস্তি তুলনামূলক ‘কম’ হওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পর্তুগাল ২–০ গোলে হেরে যায়। সেই ম্যাচে রোনালদো রিপাবলিক অব আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শিয়ার ওপর কনুই দিয়ে আঘাত করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এটি ছিল জাতীয় দলের জার্সিতে রোনালদোর প্রথম লাল কার্ড, ২২৬তম আন্তর্জাতিক ম্যাচে। ক্লাব ফুটবলে এর আগে তিনি ১৩ বার লাল কার্ড দেখেছেন।
লিটন দাসের সঙ্গে কথা বলেই শামীমকে বাদ দেয়া হয়েছে: লিপু

লিটন দাসের সঙ্গে কথা বলেই শামীমকে বাদ দেয়া হয়েছে: লিপু কী এমন হলো যে নির্বাচকরা হঠাৎ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সাথে কথা না বলে, তার মতামত না নিয়েই শামীম পাটোয়ারীর মত টি-টোয়েন্টি পারফরমারকে বাদ দিয়ে দিলেন? এবং তাকে বলে দেয়া হলো, ‘যে দল সাজানো হয়েছে, সেই দল নিয়েই খেলতে হবে।’ শামীম পাটোয়ারীকে বাদ দেয়া প্রসঙ্গে আজ দুপুরেই চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস অভিযোগ করে জানিয়েছিলেন, তার মতামত না নিয়েই শামীম পাটোয়ারীকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি তিনি গুরুতর অভিযোগ তোলেন, নির্বাচকরা নাকি দল নির্বাচনে অধিনায়ক হিসেবে তার মতামতআর নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। কেন এমনটা হবে? এ প্রশ্নের উত্তর যার দেয়ার কথা, সেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাথে একান্ত আলাপে সেটাই দিয়েছেন। জানিয়েছেন আসল রহস্য। শামীম পাটোয়ারী ইস্যুতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নির্বাচকদের আলোকে ব্যাখ্যা দিতে গিয়ে যা বলেন, তার সারমর্ম হলো, তিনি আর অপর নির্বাচক হাসিবুল হোসেন শান্ত ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন অধিনায়ক লিটন দাস ও কোচ ফিল সিমন্সের সাথে টি-টোয়েন্টি দল নিয়ে কথা বলেছিলেন। সেখানে অধিনায়ক লিটন দাস শামীম পাটোয়ারীকে দলে রাখার ব্যাপারে নিজের মত দিয়েছিলেন। মানে শামীমকে দলে রাখার পক্ষে ছিলেন টাইগার ক্যাপ্টেন লিটন। পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের সাথে কথা বলে তাদের (নির্বাচকদের) মনে হয়, তারা দুজনই শামীম পাটোয়ারীকে দলে চান। কিন্তু নির্বাচকরা মনে করেন, শামীম পাটোয়ারীর সর্বশেষ সিরিজে যে ফর্ম তা দিয়ে তার এখন দলে থাকার মত অবস্থা নেই। তাই তারা শামীমকে ছাড়াই দল গঠন করেন। ‘তার সাথে কোনরকম কথা হয়নি নির্বাচকদের’- লিটন দাসের এমন দাবির ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘অবশ্যই কথা হয়েছে। লিটন ও হেড কোচের কথা আমরা শুনেছি। কথা বলে আমাদের মনে হয়েছে কোচ ও ক্যাপ্টেন শামীম পাটোয়ারীকে দলে রাখার পক্ষে। মানে ব্যাটিং লাইনআপে পরিবর্তনের বিপক্ষে।’ কিন্তু নির্বাচকরা মনে করেন শামীম পাটোয়ারীকে দলে রাখা যায় না। তাই লিটন দাস শামীমকে দলে রাখতে চাইলেও তার কথা না শুনে নির্বাচকরা নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে শামীমকে ছাড়াই দল সাজিয়েছেন। লিপুর দাবি, দল নির্বাচনে ভূমিকা, মতামত থাকলেও নির্বাচক, কোচ ও ক্যাপ্টেনের আলাদা সীমারেখা আছে। কে বা কারা ওই সীমারেখার কতদুর যাবেন, যেতে পারবেন এবং কার বা কাদের মতামত সর্বোচ্চ গুরুত্ব পাবে, স্টোও ঠিক করা আছে। সেখানে নির্বাচদের মতামতের সীমা রেখা সর্বোচ্চ। তিনি সে আলোকেই শামীমকে বাদ দিয়ে দল সাজিয়েছেন। আজ বুধবার দুপুরে লিটন দাসের সংবাদ সম্মেলনে বলা মন্তব্যর প্রেক্ষিতে গাজী আশরাফ হোসেন লিপুর মতামত ও ব্যাখ্যা চাওয়া হলে জাতীয় দলের প্রথম ওয়ানডে অধিনায়ক জাগো নিউজকে জানান, ‘আমরা দল গঠনের আগে ও ক্রিকেটার নির্বাচনের আগে সব সময় কোচ ও ক্যাপ্টেনের সাথে কথা বলি। আমি প্রধান নির্বাচক হওয়ার পর এ ধারা অব্যাহত ছিল। আগের সব সিরিজ, সফরেই নিজেরা কথা বলে দল নির্বাচন করেছি। এবারও আয়ারল্যান্ডের সাথে ঢাকার মিরপুরে শেষ টেস্ট চলাকালীনও আমরা বসে কথা বলে দল চূড়ান্ত করেছি। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সিলেকশন কমিটির সাথে ক্যাপ্টেন লিটন দাসও ছিল। সেখানে টিম নিয়ে কথা হয়।’ ‘এক পর্যায়ে ব্যাটিং ও পারফরমেন্সের ইস্যু ওঠে। আমি অধিনায়ক লিটন দাসকে শামীম পাটোয়ারীর ব্যাপারে জিজ্ঞেস করি। শামীমের সর্বশেষ পারফরমেন্স বিশ্লেষণ করে শেষ দিকে তার পরপর কয়েকটি ম্যাচের পারফরমেন্স ও আউট হওয়ার ধরনের আলোকে জানতে চাই । লিটন মতামত জানাতে গিয়ে আমাকে বলেছে যে, সে শামীমকে দলে চায়। শামীমের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পরও তাকে দলে চায়। লিটন দাস আমাকে সে কথা বলছে।’ ‘আমি বলছি সেতো দলে চান্স পাওয়ার মত অবস্থায় নেই। তারপরও লিটন বোঝানোর চেষ্টা করে সে শামীম পাটোয়ারীকে দলে রাখতে আগ্রহী। তখন আমি তাকে (লিটন দাসকে) বলি, ওকে আই গট ইওর ওপিনিয়ন।’ ‘এরপর দিন মানে ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিন কোচের সাথে কথা হয়েছে আমাদের। কথা-বার্তার এক পর্যায়ে ব্যাটিং নিয়ে কথা ওঠে। ব্যাটিংয়ের অবস্থা নিয়ে আমি কোচের মতামত জানতে চাই। কোচকে জিজ্ঞেস করলাম, টি-টোয়েন্টি দলের ব্যাটিং নিয়ে আপনার কি মত? কথা শুনে মনে হলো, হেড কোচের কোন অসন্তুষ্টি নেই ব্যাটিং নিয়ে। হি ইজ হ্যাপি। যেহেতু কোচ ব্যাটিং নিয়ে কোন অসন্তোষ প্রকাশ করেনি। তাই আমি আর শামীম পাটোয়ারীর কথা আলাদাভাবে জিজ্ঞেস করিনি।’
বড় ব্যবধানে হারিয়ে ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা

বড় ব্যবধানে হারিয়ে ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা পরাজয়ের সম্ভাবনা চতুর্থ দিন শেষ বিকেলেই ফুটে উঠেছিল। কিন্তু পঞ্চম দেখার বাকি ছিল বাকি শক্তি নিয়ে কতদূর লড়াই করতে পারে ভারত এবং ব্যবধান কত কমিয়ে আনতে পারে! কিন্তু না, ন্যুনত লড়াইও করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। অলআট হয়ে গেলো মাত্র ১৪০ রানে। যার ফলে ৪০৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করলো ভারত। সে সঙ্গে হোয়াইটওয়াশ হলো ২-০ ব্যবধানে। গুয়াহাটির যে উইকেটটি তৈরি করা হয়েছিল ভারতীয় ব্যাটারদের জন্য, উল্টো সেখানে রাজত্ব করলো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবং স্পিনাররা। প্রথম ইনিংসে প্রোটিয়ারা তুলেছিল ৪৮৯ রান। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট ভারত। ২৮৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ২৬০ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামতে হয় ভারতীয়দের। এতবড় রানের দিকে তাকিয়েই হয়তো পিলে চমকে যাওয়ার মত অবস্থা হয়েছে রিশাভ পান্তদের। যে কারণে নিজেদের স্পিনারদের জন্য তৈরি করা স্পিনিং ট্র্যাকে রাজত্ব করলো প্রোটিয়া স্পিানররা। সাইমন হারমার আর কেশভ মাহারাজদের তোপের মুখে থরথর করে কেঁপেছে ভারতের তথাকথিত বিখ্যাত ব্যাটিং লাইনআপ। এক রবিন্দ্র জাদেজা যদি ৫৪ রানের ইনিংসটি না খেলতেন, তাহলে ১০০’র আগেই অলআউট হওয়া লাগতো স্বাগতিকদের। সাইমন হারমার একাই নেন ৬ উইকেট। কেশভ মাহারাজ ২টি, সেনুরান মুথুসামি ও মার্কো ইয়ানসেন নেন ১টি করে উইকেট। অর্থ্যাৎ, ৯টি উইকেটই নিয়েছে স্পিনাররা। একবছরের ব্যবধানে ঘরের মাঠে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হলো ভারত। গতবছর অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারতীয় দল। ঠিক এক বছরের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো তারা। দুইটি হোয়াইটওয়াশের ঘটনা ঘটলো গৌতম গম্ভীরের অধীনে। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে প্রোটিয়াদের বধ করার জন্য পুরোপুরি স্পিনিং ট্র্যাক বানিয়েছিল ভারত। সেই ট্র্যাকে উল্টো গর্তে পড়লো তারা। লো স্কোরিং ম্যাচ শেষ হয়েছিল আড়াই দিনে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ১২৪ রানও করতে পারেনি ভারত। অলআউট হয়েছিল মাত্র ৯৩ রানে। এরপর গুয়াহাটিতে তৈরি করলো ব্যাটিং উইকেট। যেখানে রাজত্ব করলো দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল এখানেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। আগের দিনের ২ উইকেটে ২৭ রান নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নেমেছিল ভারত। সাই সুদর্শন ও কুলদিপ যাদব দ্রুত আউট হয়ে যান। ১৪ রান করে সাই সুদর্শন। ৫ রান করেন কুলদিপ যাদব। ধ্রুব জুরেল আউট হন মাত্র ২ রান করে। অধিনায়ক রিশাভ পান্ত ১৩ রান করে ফিরে যান সাজঘরে। প্রতিরোধ গড়ে দাঁড়ান রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ৩৫ রানের জুটি গড়েন তারা। ওয়াশিংটন ১৬ রান করে আউট হন। ৫৪ রান করেন রবিন্দ্র জাদেজা। শেষ দিকে নিতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ সিরাজ শূন্য রানে আউট হতেই শেষ হয়ে যায় ভারতীয়দের ব্যাটিং।
কমিউনিটি রেডিওতে গ্রাম আদালত ব্যবস্থা নিয়ে অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন

কমিউনিটি রেডিওতে গ্রাম আদালত ব্যবস্থা নিয়ে অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার বিষয়ক ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় লিঙ্গ এবং অন্তর্ভুক্তি প্রচারের জন্য রেডিও অনুষ্ঠান তৈরী ও সম্প্রচার করা বিষয়ক, কমিউনিটি রেডিও’র কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার পলশার-চাঁপাই মহেষপুরে রেডিও মহানন্দার স্টেশনে, সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিমের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। তিনি বলেন, কমিউনিটির মানুষের কাছে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিতে আমাদের একসাথে কাজ করতে হবে। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ন্যায়বিচার সুবিধা ভোগ করতে পারে। এসময় ওরিয়েন্টেশনে আরও উপস্থিত ছিলেন, প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের টিম লিডার আহমেদ ফ্রান্স, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মো. নয়ন আলীসহ ১৯ জন কলাকৌশলী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম বিষয়ে ধারণা দেয়া হয়। উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি, ইউরোপিয়ার ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরী সহযোগীতায় ও বাংলাদেশ কমিউনিটি রেডিও আসোসিয়েশন – বিসিআরএ এর ব্যবস্থাপনায়, ওরিয়েন্টেশন/কর্মশালাটি বাস্তবায়ন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ওরফে লাব্বু ইন্তেকাল করেছেন (ইন্না ল্ল্লিাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের বিশ্বণাথপুর গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। বিকাল পৌনে ৫টায় বিশ্বনাথপুর নতুন গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানার্জা নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, মোয়াজ্জেম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৬৩৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ ৮৮ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।
ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের উদ্যোগে খরা মোকাবেলায় টেকসই কৃষির প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ড জিসিএফ এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের হর্টিকালচার অফিসার কৃষিবিদ মোঃ শামসুদ্দোহা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাইজুর এবং প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক মোছাঃ ইতিআরা খাতুন । কর্মশালায় সহযোগিতা করেন সিএমও জেনারেল মোঃ ওবাইদুল বারি এবং প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২ টি অভিযানে হেরোইনসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২ টি অভিযানে হেরোইনসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২ টি অভিযানে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল ভোলাহাট থানার গোহালবাড়ী ইউপির বিরেশ্বরপুর উত্তরটলা গ্রাম থেকে আসামী আলমগীর হোসেন ওরফে আলমকে নিজ বসত বাড়ীর ভিতরে তার হেফাজত থেকে ৩৫ গ্রাম হেরোইন এবং সেইদিনিই সদর থানার চর ইসলামপুর গ্রাম থেকে আসাদুল হক, ও সোহেল রানাকে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট ও সদর থানায় হস্তান্তর করা হয়।
জয়ী না হয়েও জিতেছে বাংলাদেশ : মিথিলা

জয়ী না হয়েও জিতেছে বাংলাদেশ : মিথিলা থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেছেন। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমে ধ্যনবাদ জানান যারা তাকে সমর্থন দিয়ে ভোট দিয়েছেন। তিনি বলেন, ‘মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি কাছ থেকে সব দেখে এসেছি। কীভাবে কি করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে। আমার মনে হয়, টপ ৩০ এ যারা উঠেছেন তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সম্ভাবনা ও মান আছে। মিস ইউনিভার্সের মুকুট বহন করার ক্ষমতাও রয়েছে তাদের। আমি এই যাত্রায় গর্বিত। এরপর যে এখানে অংশ নিতে যাবে আমি তাকে সর্বোচ্চ সাহায্য করবো।’ গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও তিনি মিস ইউনিভার্সের মুকুট জয় করতে পারেননি তবুও এই প্রতিযোগিতায় এক ইতিহাস সৃষ্টি করেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন এবং সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন তিনি। মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষায় নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।