আট নম্বরে বছর শেষ মোস্তাফিজুর রহমানের

আট নম্বরে বছর শেষ মোস্তাফিজুর রহমানের আয়ারল‌্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম‌্যাচে ৩ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। দশে থাকা মোস্তাফিজুর উঠে এসেছেন আট নম্বরে। এই অবস্থানে থেকে আরেকটি সফল বছর শেষ করলেন মোস্তাফিজুর। যদিও তার ক‌্যারিয়ারের সেরা র‌্যাংকিং পাঁচ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে। আয়ারল্যান্ডের সিরিজ জয়ের সঙ্গে একাধিক ক্রিকেটারের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে। ব‌্যাটসম‌্যানদের মধ‌্যে ২১ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম‌্যাচে রান না পেলেও শেষ দুই ম‌্যাচে ৪৩ ও ৩৩ রানের ইনিংস আসে তার ব‌্যাট থেকে। শেষ ম‌্যাচে ৩৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন ৩৮ নম্বরে। তানজিদ শেষ ম‌্যাচে ঝড়ো ফিফটিতে দলকে জেতালেও আগের দুই ম‌্যাচে রান পাননি। এজন‌্য এক ধাপ অবনমন হয়ে ১৯ নম্বরে নেমে গেছেন। এছাড়া তাওহীদ হৃদয়ের ৫ ধাপ উন্নতি হয়েছে। ৪২তম স্থানে আছেন তিনি। যৌথভাবে তার সঙ্গে আছেন গ্লেন ম‌্যাক্সওয়েল। মোস্তাফিজুর প্রথম দুই ম‌্যাচে কোনো উইকেট পাননি। তবে, রান দিয়েছেন ২৩ ও ৩৯। শেষ ম‌্যাচে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। সিরিজ নির্ধারণী ম‌্যাচে তার নিখুঁত বোলিংয়ে আয়ারল‌্যান্ডকে অল্পতে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ।  ৩ উইকেট পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। তিনি এগিয়েছেন ৫ ধাপ। র‌্যাংকিংয়ে তার অবস্থান ১৫তম। ৩ ধাপ এগিয়েছেন শেখ মাহেদী হাসান। দুই ম‌্যাচ খেলে কোনো উইকেট না পেলেও ৫ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার আছেন ২৫তম স্থানে। ওই দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে পেসার তানজিম হাসান দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের বরুণ চক্রবর্তী। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে ভারতের অভিষেক শর্মা।

৩৪ ম‌্যাচের বিপিএল শুরু ২৬ ডিসেম্বর

৩৪ ম‌্যাচের বিপিএল শুরু ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সবগুলো আসরের ম‌্যাচ শুরু হয়েছিল ঢাকায়। এবার ঢাকার পরিবর্তে সিলেটে পর্দা উঠবে বিপিএলের।  ২৬ ডিসেম্বর প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল হবে  আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। এবারও তিনটি ভেনু‌্যতে হবে বিপিএল। সিলেট ও ঢাকার পাশাপাশি ম‌্যাচ হবে চট্টগ্রামে। রাজশাহী ও বগুড়াতেও ম‌্যাচ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। ৬ দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ম্যাচ হবে ৩০টি। আর প্লেঅফ ও ফাইনাল মিলে আসরে মোট ৩৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকাতে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। প্রাথমিক পর্বে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। ঢাকা পর্বে প্রাথমিক পর্বের তিনটি ম্যাচ ডের মাঝে নেই কোনো বিরতি। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টা ও পরেরটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম‌্যাচ দিয়ে বিপিএল শুরু হবে দুপুর ২টায়। সন্ধ‌্যার ম‌্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়‌্যালস। পরের দিন দুপুর ১টায় ঢাকা ক‌্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স খেলবে। সন্ধ‌্যার ম‌্যাচে লড়বে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস।

২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান ফের শুরু করছে মালয়েশিয়া

২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান ফের শুরু করছে মালয়েশিয়া মালয়েশিয়া  এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার এক দশকেরও বেশি সময় পর আবারও শুরু হচ্ছে গভীর সমুদ্রে অনুসন্ধান। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ ডিসেম্বর থেকে নতুন করে অনুসন্ধান চালানো হবে। খবর বিবিসির।  প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ৮ মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং ৭৭৭ প্লেনটি হঠাৎ উধাও হয়ে যায়। যাত্রা শুরু করার ৪০ মিনিটের মধ্যে সবধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর বিমানটির কী হয়েছে, তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। বিমানটিতে ছিলেন ২৩৯ জন যাত্রী ও ক্রু। তারা কোথায় বা বিমানটি কোথায়, আজ পর্যন্ত এই খোঁজ পাওয়া যায়নি। বিমান চলাচলের ইতিহাসে আজ পর্যন্ত এটি ‘সবচেয়ে রহস্যময়’ ঘটনাগুলোর মধ্যে একটি। বুধবার (৩ ডিসেম্বর) মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক রোবোটিক্স কম্পানি ওশান ইনফিনিটি ৩০ ডিসেম্বর থেকে অনুসন্ধান চালাবে। তারা সেই সব এলাকায় অনুসন্ধান করবে যেগুলোতে বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৫৫ দিনের নতুন অনুসন্ধান অভিযানটি চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কয়েক দিনের মধ্যেই তা স্থগিত করা হয়। বিমানে আরোহী ২৩৯ জনের বেশিরভাগই ছিলেন চীনা নাগরিক। পরিবহন মন্ত্রণালয় বলেছে, ‘এই নতুন উদ্যোগ এমএইচ৩৭০ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মালয়েশিয়া সরকারের চেষ্টাকে আরো দৃঢ়ভাবে তুলে ধরে এবং এ ঘটনার সমাপ্তি বা উত্তর পেতেও সাহায্য করবে।’ চলতি বছরের মার্চে মালয়েশিয়া সরকার ওশান ইনফিনিটিকে ‘নো ফাইন্ড, নো ফি (পাওয়া গেলে কোনো ফি নয়)’- এমন ভিত্তিতে নতুন অনুসন্ধানের অনুমোদন দেয়। ভারত মহাসাগরের ১৫ হাজার বর্গকিলোমিটার নতুন এলাকায় অনুসন্ধানের পরিকল্পনা করা হয়েছে। ধ্বংসাবশেষ পাওয়া গেলে কেবল তখনই কম্পানিকে ৭০ মিলিয়ন ডলার প্রদান করা হবে। স্যাটেলাইট তথ্য অনুযায়ী, বিমানটি নিয়মিত পথ থেকে বিচ্যুত হয়ে দক্ষিণ দিকে ভারত মহাসাগরের দূরবর্তী এলাকায় চলে যায় এবং ধারণা করা হয় সেখানেই এটি বিধ্বস্ত হয়। বহু দেশের ব্যয়বহুল বহুজাতিক অনুসন্ধান অভিযান সত্ত্বেও বিমানটির অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যা বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধানের সূত্রপাত করেছে। ২০১৮ সালে ওশান ইনফিনিটির চালানো ব্যক্তিগত অনুসন্ধানেও কোনো সাফল্য মেলেনি।

১৬ ডিসেম্বরের আগে মোবাইল ফোন বন্ধ করা হবে না: মন্ত্রণালয়

১৬ ডিসেম্বরের আগে মোবাইল ফোন বন্ধ করা হবে না: মন্ত্রণালয় মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, এ ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ১৬ ডিসেম্বরের আগে সচল থাকা কোনো মোবাইল ফোনই বন্ধ করা হবে না। জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর সচিবালয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দপ্তরে মোবাইল ফোন আমদানির শুল্ক হার পরিবর্তন এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো— ১. প্রবাসীদের জন্য ৬০ দিন ফোন রেজিস্ট্রেশন ছাড় দেশে ছুটি কাটাতে এলে প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এর বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ২. প্রবাসীদের তিনটি ফোন ফ্রি নিয়ে আসার সুযোগ বিএমইটি নিবন্ধনকারীরা নিজের ব্যবহৃত ফোন ছাড়াও দুটি নতুন ফোন অতিরিক্ত ফ্রিতে দেশে আনতে পারবেন। চতুর্থ ফোনে শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন ফ্রিতে আনতে পারবেন। চোরাচালান রোধে বিদেশ থেকে কেনা ফোনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ৩. বৈধ পথে স্মার্টফোন আমদানির শুল্ক কমছে বর্তমানে প্রায় ৬১ শতাংশ শুল্ক নির্ধারিত। সরকার শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমানোর কাজ শুরু করেছে, যাতে বৈধ পথে আমদানিকৃত ফোনের দাম বাজারে কমে আসে। ৪. স্থানীয়ভাবে উৎপাদিত ফোনেও শুল্ক–ভ্যাট সমন্বয় আমদানি শুল্ক কমালে দেশের ১৩–১৪টি মোবাইল কারখানার উৎপাদিত ফোনেও শুল্ক–ভ্যাট সমন্বয় করতে হবে, নয়ত বিদেশি বিনিয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ৫. নিজের নামে সিম নিবন্ধনের পরামর্শ সাইবার অপরাধ, অনলাইন জুয়া, স্ক্যামিং ও মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত প্রতারণায় আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার হচ্ছে কি না, এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ৬. অবৈধ আমদানিকৃত ফোনে শুল্ক দিয়ে বৈধতার সুযোগ ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ IMEI–যুক্ত অবৈধ স্টক ফোনের তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। তবে, ক্লোন ও রিফারবিশড ফোনকে কোনোভাবেই বৈধ করা হবে না। ৭. মন্ত্রণালয় আবারও নিশ্চিত করছে, ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সংযুক্ত থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না। ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে NEIR NEIR কার্যকর হওয়ার পর বৈধ IMEI–বিহীন হ্যান্ডসেট নিষিদ্ধ হবে। চোরা ভারত, থাইল্যান্ড এবং চীন থেকে আগত ফ্লাইটগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই কাস্টমসে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে। ডেটা সুরক্ষায় কঠোর ব্যবস্থা প্রস্তাবিত ‘টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এ সিম eKYC ও IMEI রেজিস্ট্রেশন তথ্য সুরক্ষায় নতুন ধারা সংযোজন করা হয়েছে। এসব তথ্য অবৈধভাবে ব্যবহার বা ফাঁস করলে শাস্তির বিধান রাখা হয়েছে। অযথা ভয় সৃষ্টি বা গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

আট কুকুরছানা হত্যা: নিশি রহমান কারাগারে

আট কুকুরছানা হত্যা: নিশি রহমান কারাগারে পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার মামলায় অভিযুক্ত নিশি রহমানকে (৩৮) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনার আমলি আদালত-২ এ সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় একটি মামলা করেন। রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেছেন, “কুকুরছানা হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি নিশি রহমানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।” তিনি আরো বলেন, “প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, কুকুরের ডাক-চিৎকারে বিরক্ত হয়ে নিশি রহমান ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখেছিলেন। কে পুকুরে ফেলেছে, সেটি তিনি জানেন না বলে দাবি করেছেন। আমরা আরো তদন্ত করে দেখছি।” দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে থাকত টম নামের একটি কুকুর। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলো না পেয়ে ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে।

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন তারা। বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা আসায় খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি হবে আশা করা হচ্ছে। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ৪৯০

ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ৪৯০ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত ডেঙ্গুরোগী। সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন ডেঙ্গুরোগী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন, দক্ষিণ সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৯৬ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন। ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৫ হাজার ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০২ জন, খুলনা বিভাগে ৩১ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে সারা দেশে ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৬১৮ জন।

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল লা লিগায় আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় ড্রয়ের পর শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া হলো জাবি আলোনসোর দলের। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে ১–১ গোলে ড্র করে তারা। তাতে পয়েন্ট হারানোর পাশাপাশি শীর্ষস্থানও হাতছাড়া হয় তাদের। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতা ফেরানোর আগ পর্যন্ত জিরোনা এগিয়ে ছিল আজেদিন উনাহির গোলে। ২০২৩ সালের এপ্রিলের পর জিরোনা প্রথমবার রিয়ালের জালে বল জড়াল এই ম্যাচে। সপ্তাহের শুরুতে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। সপ্তাহশেষে অবস্থান হলো ঠিক উল্টো। এখন এক পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে সব প্রতিযোগিতার শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জিততে পেরেছে তারা। জিরোনার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খেতে থাকে রিয়াল। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে উনাহি দুর্দান্ত এক ফিনিশে গোল করে পিছিয়ে দেন অতিথিদের। ইনজুরি থেকে ফেরা এদার মিলিতাও মাঝমাঠে যথেষ্ট চাপ না দেওয়ায় ভিক্টর সিগাঙ্কভের পাস থেকে ১৪ গজ দূর থেকে নিখুঁতভাবে শট নেন উনাহি। আর তাতেই হয় গোল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ওপেন প্লেতে জালে বল জড়াতে না পারলেও পেনাল্টি থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের ২৩তম ম্যাচে ২৮তম গোল করেন। ভিনিসিউস জুনিয়রকে হুগো রিনকন ফাউল করলে রেফারি স্পট কিক দেন। যদিও গোলরক্ষক পাওলো গাজানিগা দিক ঠিক ধরেছিলেন। কিন্তু এমবাপের নিখুঁত প্লেসমেন্টের সামনে কিছুই করার ছিল না। জিরোনা পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এবং পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিতেছে। তারা রিয়ালের বিপক্ষে শেষ চার ম্যাচে ১২–০ ব্যবধানে হেরে এসেছিল। প্রথমার্ধের শুরুর ২০ মিনিট দেখে মনে হয়েছিল সেই ধারা হয়তো চলবে। কিন্তু রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে, চুয়ামেনি আর ভিনিসিউস বারবার সুযোগ নষ্ট করায় শক্তির প্রমাণ কাগজে-কলমেই রয়ে যায়। মিলিতাও কর্নার থেকে একবার লক্ষ্যভেদ করতে চাইলেও গাজানিগা ঠেকিয়ে দেন। পরে এমবাপে একটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে সে গোল বাতিল হয় বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাত লাগার কারণে। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট-পিসে মিলিতাও আরও দুইবার গোলের খুব কাছাকাছি যান। কিন্তু ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা চলতেই থাকে; চুয়ামেনি ও ভিনিসিউস আবারও বার লক্ষ্য খুঁজে পাননি। সমতা ফেরানোর পর জয়ের জন্য চেষ্টা করেছে রিয়াল। জুদ বেলিংহাম হেডে পোস্ট মিস করেন। আর ম্যাচের শেষদিকে এসে ভিনিসিউসের একটি শট গাজানিগা দারুণভাবে রুখে দেন। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রিয়ালের। তাতে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার নিচে অবস্থান নিয়ে মাঠ ছাড়ে তারা।

‘ফাইনাল’ ‌ম‌্যাচে সরল ভাবনায় বাংলাদেশ

‘ফাইনাল’ ‌ম‌্যাচে সরল ভাবনায় বাংলাদেশ আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। ১-১ সমতায় থাকা সিরিজটির শেষ ম‌্যাচ আগামীকাল চট্টগ্রামে দুপুর ২টায় শুরু হবে। বিশ্বকাপের আগে এই ম‌্যাচটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম‌্যাচ। এরপর লম্বা আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি।  মাঝে ক্রিকেটাররা খেলবেন বিপিএল। বছরের শেষ ম‌্যাচ, শেষ আন্তর্জাতিক ম‌্যাচ কি ভাবছেন ক্রিকেটাররা? ড্রেসিংরুমেই বা কি চলছে? জানতে চাওয়া হয়েছিল দলের কোচ শন টেইটের কাছে। পেস বোলিং কোচ জানালেন, স্রেফ ম‌্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ম‌্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেইট বলেছেন, “আমার মনে হয় আমাদের চিন্তাভাবনাকে খুব বেশি জটিল করার প্রয়োজন আছে। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলা জিততে হবে। যখনই আপনি একটি ম্যাচ জেতেন আপনি তা থেকে কিছুটা আত্মবিশ্বাস অর্জন করেন। আমরা যা করতে পারি তা হল, আমাদের শেষ জেতা ম্যাচের আত্মবিশ্বাসকে পুঁজি করে ভালো খেলা এবং সেটাকে আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি, আমরা জিতব। যদি আমরা জয় নিশ্চিত করতে পারি, তবে বিরতির আগে এটাই আমাদের জন্য সেরা প্রাপ্তি হবে। সুতরাং, আমার মনে হয় না আমাদের চিন্তাভাবনাকে খুব বেশি জটিল করার দরকার আছে।’’ আয়ারল‌্যান্ডের বিপক্ষে সহজেই বাংলাদেশ সিরিজ জিতবে এমনটাই প্রত‌্যাশা করা হচ্ছিল। কিন্তু তেমন কিছু হয়নি। আয়ারল‌্যান্ডর প্রথম ম‌্যাচে বাংলাদেশকে ৩৯ রানে হারায়। বাংলাদেশ দ্বিতীয় ম‌্যাচে কঠিন যুদ্ধ করে ৪ উইকেটে জয় পায়। চট্টগ্রামে শেষ ম‌্যাচটি লড়াই হবে এমনটাই প্রত‌্যাশা করা হচ্ছে। টেইট আইরিশ শক্তিকে বেশ সমীহ করছেন। তবে তার কাছে নিজেদের ভালো ক্রিকেট খেলা, প্রক্রিয়া অনুসরণ করা এবং নিজেদের কাজটা ঠিকঠাক করার গুরুত্ব অনেক, ‘‘সত্যি বলতে, প্রতিপক্ষ কে তা বড় কথা নয়। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলি না কেন, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। ভালো দিক হলো, আমরা আগামীকাল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যেখানে আমরা আবারও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করতে পারব এবং এটাই আমাদের কাম্য। যদিও আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে, তারা কী করছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে খেলছি। আমাদের কাল মাঠে গিয়ে ভালো খেলতে হবে। এটাই আন্তর্জাতিক ক্রিকেট; এখানে ভালো পারফর্ম করার প্রত্যাশা থাকে।”