দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে লন্ডন থেকে রওয়ানা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা খবর অনুযায়ী, বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুল্যান্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত ২৪ ঘণ্টায়, এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা আশাবাদি। তিনি আবারও ফেরত আসবেন সবার মাঝে। লন্ডনে যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হন। অন্যদিকে আন্তঃবিভাগে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৬৪ জন।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন ‘প্রতিবন্ধিতা অন্তর্ভক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়তুল্লাহ। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রেলে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ২০ আসন বরাদ্দ আছে এবং হুইলচেয়ার নিয়ে ওঠার জন্য র‌্যাম্পও আছে। তবে এই সুবিধা আরো বাড়ানো দরকার। তিনি বলেন— প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা করা ঠিক হবে না।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা, চলতি বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেয়া বিজিবির পেছনে কাস্তে হাতে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীকে পুরস্কৃত করা আর প্রীতিভোজের মধ্যদিয়ে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দুপুরে গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়।

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারীসহ অন্যান্যরা। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা।

ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজ বাদ যহর মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোতালেব মাষ্টার বেগম জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সোবহান মাষ্টার, দলদলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোস্তাকিমসহ অন্যরা। এসময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাও আহমাদুল্লাহ।

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব শিবগঞ্জ থানার ৩নং দাইপুকুরিয়া ইউপির ৫নং ওয়াডের্র বারিকবাজার থেকে সোনা মসজিদ গামী একটি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯ গ্রাম অবৈধ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার নলডুবি গ্রামের আবু সায়ীদের ছেলে ইমন। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঐ এলাকায় রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন ব্যক্তি অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে ইমনের হাতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো গাঁজাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত এবং ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সিরিজ জয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে সফলতম বছর কাটাল বাংলাদেশ

সিরিজ জয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে সফলতম বছর কাটাল বাংলাদেশ রিশাদের মায়াবি গুগলি। সাইফ উদ্দিনের দুর্বোধ‌্য স্লোয়ার। মোস্তাফিজুর রহমানের বাহারি কাটারের সঙ্গে শরিফুলের গতি ও মেহেদীর স্পিন…টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে আটকে রাখতে, ঘাবড়ে দিতে আর কি চাই? চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের ২২ গজ বাংলাদেশের বোলারদের জন‌্য প্রাপ্তির ডালা সাজিয়ে বসেছিল। আয়ারল‌্যান্ড সেখানে স্রেফ অসহায়। ঢিলেঢালা ব‌্যাটিংয়ে গুটিয়ে গেল ১১৭ রানে। সিরিজ নির্ধারণী অঘোষিত ‘ফাইনাল’ ম‌্যাচ হলো একেবারে নিরুত্তাপ। ঝড়ো ব‌্যাটিংয়ে ১৩.৪ ওভারে লক্ষ‌্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে ২-১ ব‌্যবধানে বাংলাদেশ নিশ্চিত করল বিশতম সিরিজ জয়। চট্টগ্রামে ম‌্যাচ শুরু হয়েছিল দুপুর ২টায়। এই মাঠে দিনের আলোয় চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। চারটির তিনটিতেই জয়। দুটি আয়ারল‌্যান্ড ও একটি জিম্বাবুয়ের বিপক্ষে। একমাত্র হার ছিল আয়ারল‌্যান্ডের বিপক্ষে। এবার সেই ভুল করলো না দল। প্রত‌্যাশিত জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ। বোলাররা সিরিজ জয়ের মঞ্চ প্রস্তুত করে দেন অতি সহজে, দারুণ বোলিংয়ে। সেই সাজানো ক‌্যানভাসে তুলির আঁচড় ছড়িয়ে রঙিন করে দেন তানজিদ ও পারভেজ। ওপেনিংয়ে ফিরে সাইফ হাসান ভালো শুরু করেছিলেন। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান তুলে নেন। এরপর ইয়ংকে এগিয়ে এসে পুল করতে গিয়ে মিড অনে ক‌্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তিনে নেমে অধিনায়ক লিটন প্রত‌্যাশা মেটাতে পারেননি আজ। ৬ বলে ১ চারে ৭ রানে থেমে যায় তার ইনিংস। অফস্পিনার হ‌্যারি টেক্টরের শর্ট বল পুল করতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন ক‌্যাম্ফারের হাতে। ৪৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৫০ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ ও পারভেজ। ঝড়ো ব‌্যাটিং করে  তানজিদ ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন। পারভেজ ২৬ বলে ১ চার ও ৩ ছক্কা হাঁকান। দুজনের ব‌্যাটিংয়ে কেবল আত্মবিশ্বাসই নয়, প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে উঠার টার্গেটও ছিল। তাইতো চোখ ধাঁধানো ছক্কাগুলো বাড়তি নজর কেড়েছে। এর আগে আয়ারল‌্যান্ড টস জিতে ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের অধিনায়ক লিটনও টস জিতে ব‌্যাটিং করার আগ্রহের কথা বলেছিলেন। কিন্তু বোলিংয়ে বোলাররা এতোটা ভালো করবেন তা হয়তো তার প্রত‌্যাশাতেও ছিল না। মোস্তাফিজ ১১ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। সমান উইকেট পেয়েছেন রিশাদও। লেগ স্পিনার রান দিয়েছেন ২১। মোস্তাফিজ আরেকদিক দিয়েও এগিয়ে। বাঁহাতি পেসার হাত ঘুরিয়েছেন ৩ ওভার। রিশাদ কোটার ৪ ওভারই করেছেন।  আয়ারল‌্যান্ডের হয়ে এদিন ব‌্যাট হাতে কেবল লড়াই করেন পল স্টার্লিং। আইরিশ অধিনায়ক দুইবার জীবন পাওয়ার পর ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন জর্জ ডকরেল। রিশাদ কার্টিস ক‌্যাম্ফারকে গুগলিতে বোল্ড করেন। তা চোখ ধাঁধিয়ে দেয় সবাইকেই। এছাড়া দিনের আলোয় মোস্তাফিজের বলগুলো গ্রিপও হচ্ছিল দারুণভাবে। কন্ডিশনের পুরো ব‌্যবহার তারা করেছে।