গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ গোমস্তাপুরে বোরো ফসলের আবাদ বৃদ্ধিতে উপকারভোগী কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। পরে একই স্থানে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, উপকারভোগী কৃষকসহ অন্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৭৬৫ হেক্টর জমিতে বোরো ফসল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১ হাজার ২৯০ উপকারভোগী ধান চাষীকে এ প্রণোদনার সহায়তা দেয়া হচ্ছে। ১বিঘার জমির জন্য ৫ কেজি বোর ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার দেয়া হচ্ছে ।

নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত   নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ৫০ শয্যাবিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রাফিজা নাসরিন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যাক্ষ হাফিজুর রহমান, স্যাকমো কামরুল হাসান, এসএসএন প্রবিস হাসদা, সেবাগ্রহীতা বিধান সিং, রুবেল, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন সহ অন্যরা। সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য সম্পাদনা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, সদস্য জয়শ্রী প্রামানিক, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কাজ করছে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাকে নিতে ঢাকায় আসার কথা ছিল। সোমবার (৮ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল। কিন্তু তারা আজ সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। বাতিলের অনুরোধটি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবে। এর আগে বেবিচকে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল। কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের উপযোগী বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর সেটি পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে এই মেডিকেল ইভাকুয়েশন বিমানটি ব্যবস্থা করেছিল।

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক জয়ে রাঙাতে পারেননি মোস্তাফিজুর রহমান। বল হাতে নিজে ২ উইকেট নিলেও দুবাই ক‌্যাপিটালস জিততে পারেনি। তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের পেসারের।  নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম‌্যাচে বড় জয় পেয়েছে তারা। রোববার আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব‌্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানদের দুবাই ক‌্যাপিটালস। আগে ব‌্যাটিং করে দুবাই ৪ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে আবুধাবি নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আসরের প্রথম জয়ের সঙ্গে কিছু রান রেটও বাড়িয়ে নিতে পেরেছে দুবাই। যা সম্ভব হয়েছে মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে। বাঁহাতি পেসার জয় পাওয়া ম‌্যাচেও পেয়েছেন ২ উইকেট। ৩ ওভারে ২২ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাওয়ার প্লে’তে দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে উন্মুক্ত চাঁদকে ফেরান মোস্তাফিজ। এরপর আক্রমণাত্মক ব‌্যাটসম‌্যান ফিল সল্টের উইকেট নেন। সল্টের ব‌্যাটেই দুই চার ও এক ছক্কা হজম করেন তিনি। পরে প্রতিশোধ নিয়ে শেষ হাসিটা তিনিই হাসেন।  দুবাইয়ের সেরা বোলার ছিলেন ওয়াকার সালামখেইল। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন। তবে তাদের জয়ের নায়ক রোভমান পাওয়েল। প্রথম ইনিংসে তার ঝড়ো ব‌্যাটিংয়েই দল জিতেছে। ৫২ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার। ৮ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৫২ রান করেন।

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব ঘোষণা দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তিনি এখনও কোনো ফরম‌্যাট থেকে অবসর নেননি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা বলেছিলেন তিনি। দেশে ফিরে আবার দেশের বাইরে যাওয়ার শর্ত দিয়েছিলেন সাকিব। কিন্তু নীতিনির্ধারকদের থেকে সাড়া পাননি। ‘হুমকি’ থাকায় তাকে নিয়ে ঝুঁকিও নেননি তারা। কানপুরে সাকিব টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার এবং ভবিষ‌্যতে প্রয়োজন হলে ফেরার কথা বলেছিলেন। ২০২৫ সালে চ‌্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়ার ইচ্ছা ছিল তার। সেটাও হয়নি। আর টেস্টেও সুযোগ হয়নি। ফলে মাঠ থেকে অবসর নেওয়ার বাসনা পূরণ হয়নি বিশ্বের অন‌্যতম সেরা অলরাউন্ডার সাকিবের। তবে এখনও সেই ইচ্ছাটা পুষে রেখেছেন তিনি। । রোববার প্রকাশিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্ট-এ নিজের ইচ্ছা কথা বলেছেন বাঁহাতি অলরাউন্ডার, “আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নেইনি আমি। এই প্রথম এটি প্রকাশ করছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া।” “আমি বলতে চাই, একটি সিরিজে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-এভাবে হতে পারে। এর যেভাবেই হোক, আমি খুশি; কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমি চাই।” – যোগ করেন তিনি।

নতুন ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

নতুন ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের পর আর কখনও অজিদের মাটিতে সাদা পোশাকের ম্যাচ পায়নি টাইগাররা। প্রায় ২৩ বছর পর ২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তবে এবার তাদের অপেক্ষা করতে হতে পারে একেবারেই নতুন এক ভেন্যুর জন্য। অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ (সিএ) এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যু চূড়ান্ত না করলেও অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা গেছে, কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে বিবেচনা করা হচ্ছে। নতুন এই ভেন্যুটি হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট স্টেডিয়াম। সেখানেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে সিএ। স্টেডিয়ামটিতে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্র্যান্ডস্ট্যান্ড, আধুনিক সম্প্রচার সুবিধা এবং উন্নত ট্রেনিং কমপ্লেক্স নির্মাণে রাজ্য সরকার প্রায় ২০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। ইতোমধ্যে পুরুষ দলের দুটি ওয়ানডে এবং নারী দলের একাধিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে মাঠটির। আগস্টে সিরিজ হওয়ায় এটি অস্ট্রেলিয়ার মূল ক্রিকেট মৌসুমের আগের সময়। ফলে সিডনি, মেলবোর্ন বা ব্রিসবেনের মতো প্রধান ভেন্যুগুলো সে সময় অন্য ব্যস্ততা ও প্রস্তুতির কারণে ব্যবহার করা সম্ভব নয়। তাই উষ্ণ আবহাওয়ার কারণে সারাবছরই ক্রিকেট উপযোগী দেশটির উত্তরাঞ্চলের ভেন্যুগুলোকে বিকল্প হিসেবে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পাশাপাশি কেয়ার্নস, ডারউইন ও টাউনসভিলও আলোচনায় আছে। ডারউইনের ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি ইতিমধ্যেই আশা প্রকাশ করেছেন যে অন্তত একটি ম্যাচ তাদের এখানেও হতে পারে। কেয়ার্নস ও ডারউইন দুটো স্থানেই আগে টেস্ট খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই যুগ। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, তবে নতুন এক অধ্যায়ের মধ্য দিয়ে। নতুন ভেন্যু, নতুন পরিবেশ সব মিলিয়ে অজিদের মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ফিরতি যাত্রা হতে পারে ভিন্ন এক অভিজ্ঞতা।

নির্বাচনে যেখানে বিদ্যুৎ না থাকে সেখানে বিকল্প ব্যবস্থা রাখতে হবে

নির্বাচনে যেখানে বিদ্যুৎ না থাকে সেখানে বিকল্প ব্যবস্থা রাখতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, আগের সময় থেকে আধাঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য কী করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু সুষ্ঠু নয়, একটি ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিই নিচ্ছে সরকার। নির্বাচনের সময় বিদ্যুতের বিষয়ে নির্দেশনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। এবার ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়-আগে ছিল আটটা থেকে চারটা পর্যন্ত। আধা ঘণ্টা বাড়ায় সূর্যের আলো থাকলেও ভোট গণনা করতে সময় লাগবে। তাই যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেখানে বিকল্প আলো নিশ্চিত করতে হবে। আর যেখানে বিদ্যুৎ আছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। গত শনিবার রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় করণীয় কী-জানতে চাইলে উপদেষ্টা বলেন, পুলিশ ও র‍্যাবের দুই কর্মকর্তার বাবা–মা হত্যার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনা বাড়ছে-এমন মন্তব্যে তিনি বলেন, এসব ঘটনা ঘটছে আমি অস্বীকার করি না। তবে নির্বাচন সামনে বলে সব ঘটনা একেবারে বন্ধ হয়ে যাবে, এটাও বলা যায় না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, সুইচ টিপে সব বন্ধ করে দিতাম। কিন্তু আমার কাছে সে ম্যাজিক নেই।

মেক্সিকোতে গাড়ি বোমা বিস্ফোরণে তিন পুলিশসহ নিহত ৫

মেক্সিকোতে গাড়ি বোমা বিস্ফোরণে তিন পুলিশসহ নিহত ৫ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোয়াকান রাজ্যে একটি পুলিশ স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর এবিসি নিউজের। অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনেই গাড়িটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তিনজন এবং আহতদের মধ্যে পাঁচজন একটি কমিউনিটি পুলিশ বাহিনীর সদস্য। এই রাজ্যে অসংখ্য অপরাধী গোষ্ঠী সক্রিয়, যার মধ্যে রয়েছে শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল। চলমান সহিংসতার কারণে সরকার সম্প্রতি এখানেই একটি বড় নিরাপত্তা অভিযান শুরু করেছে। মিচোয়াকানে অপরাধী গোষ্ঠীগুলো ড্রোন থেকে বিস্ফোরক ফেলা বা রাস্তার পাশে মাইন পাতার মতো কৌশল ব্যবহার করে থাকে। কমিউনিটি পুলিশের কমান্ডার হেক্টর জেপেদার মতে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষের দেহাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাজ্যের গভর্নর আলফ্রেডো রামিরেজ বেদোল্লা, ক্ষমতাসীন মোরেনা দলের সরকারের সাত বছর উদযাপনের জন্য মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে একটি পাবলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় বিস্ফোরণটি ঘটে। দুই দশক ধরে বিভিন্ন সংগঠিত অপরাধ গোষ্ঠী অঞ্চলটির নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে, কারণ মিচোয়াকান সিন্থেটিক ড্রাগ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের প্রবেশদ্বার। তাদের আরেকটি লাভজনক ব্যবসাও রয়েছে: চাঁদাবাজি। ট্রাম্প প্রশাসন যে ছয়টি মাদক কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে তার মধ্যে অন্তত তিনটি – জালিস্কো নিউ জেনারেশন, ইউনাইটেড কার্টেলস এবং দ্য নিউ মিচোয়াকান ফ্যামিলি- মিচোয়াকানে কাজ করে। এর পাশাপাশি বেশ কয়েকটি দেশীয় সশস্ত্র স্প্লিন্টার গ্রুপও রয়েছে, যাদের মধ্যে কিছু সিনালোয়া কার্টেল দ্বারা সমর্থিত।

প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য নগদ অর্থের পাহাড়!

প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য নগদ অর্থের পাহাড়! পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বাবরি মসজিদ মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে কার্যত নগদ অর্থের পাহাড়। ট্রাঙ্ক ভর্তি টাকা (রুপি) এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে, আর চারিদিকে বসা মানুষ সেই টাকা গুনছেন।একটানা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে টাকা গোনা। টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি ১১টি ট্রাঙ্ক রয়েছে। আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গুনতে নিয়োগ দেওয়া হয়েছে ৩০ জনকে। টাকা গোনার এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবিরের বাড়িতে। অনুদানের এই টাকা জমা পড়েছে ‘পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার’ অধীনে। রবিবার সন্ধ্যা পর্যন্ত যত নগদ অর্থ দান হিসাবে জমা পড়েছে, তা আলেম-ওলামাদের উপস্থিতিতে গোনা শুরু হয়। রাত ১২টার পরও চলে টাকা গোনা। তখনও পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খোলা হয়, যা থেকে মেলে ৩৭ লাখ টাকা। পুরো টাকা গোনার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে। হুমায়ুন কবিরের দাবি, বাবরি মসজিদ নির্মাণের আগেই কতটা জনপ্রিয় তা শুধু এই অনুদানের টাকা দেখেই বোঝা যায়। তিনি আরো দাবি করেন, কেবল ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই কিআর কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লাখ টাকা। মসজিদ নির্মাণের জন্য ২ দিনেই দান হিসাবে পাওয়া গেছে অন্তত ১৫ লাখ ইট। গত শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে আবারো বাবরি মসজিদের নির্মাণের জন্য শিলান্যাস করেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। সেইদিনই তিনি জানিয়েছিলেন যে, বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক ৩০০ কোটি টাকা। তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন, কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য। আরো বহু মানুষ অনুদান দিচ্ছেন। হুমায়ুন দাবি করেছেন, মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম, মালদাতেও ‘বাবরি’ মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট, সিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছেন, দাবি হুমায়ুনের। বীরভূম, মালদায় ‘বাবরি’ মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবীরের। বাবরি মসজিদ নির্মাণের জন্য যে আপাতত নগদ অর্থের অভাব হবে না, তা এই বিপুল জমা অর্থ দেখেই আন্দাজ করা যাচ্ছে। তবে টাকা গোনার এমন ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও, বিরোধীরা নতুন প্রশ্ন তুলতে শুরু করেছে দানের উৎস, হিসাব ও আইনি প্রক্রিয়া নিয়ে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে যা যা প্রয়োজন, সব প্রস্তুতিই আমরা নিয়েছি। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, এ ধরনের মন্তব্য সঠিক নয়। অনেকেই ব্যক্তিগত কারণে বের হন না। রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।