শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন।

পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৮ লাখ ৪৫ হাজার

পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৮ লাখ ৪৫ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন দ্রুত বাড়ছে।  নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী ভোটার অ্যাপটিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ১০মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, মোট নিবন্ধনকারী প্রবাসী ভোটারের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৭০৪ জন। দেশভিত্তিক নিবন্ধনের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন প্রবাসী বাংলাদেশি। এরপর কাতার থেকে নিবন্ধন করেছেন ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে ৪৬ হাজার ৫৯২ জন, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৬ হাজার ৪৮৫ জন ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট থেকে বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়। ইসি সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে আরো উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার এই ব্যবস্থার আওতায় নিবন্ধন করবেন।

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ব্যক্তি শ্রেণির ও হিন্দু-অবিভক্ত পরিবার করদাতা জরিমানা ছাড়া ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত আদেশ জারি করেছে।  আদেশ বলা হয়, ২০২৩-এর ৩৩৪ উপধারার ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বোনুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু-অবিভক্ত পরিবার করদাতাগণের আয়কর রিটার্নের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ নির্ধারন করিল।  এর আগে, একবার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছিল। সে অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ছিল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এদিন পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতাদের জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করার সময় ছিল।

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরো কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ৫টি সিম সক্রিয় রাখতে পারবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যাদের নামে ছয় থেকে ১০টি সিম রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সংখ্যা কমিয়ে পাঁচে নামিয়ে আনা হবে। বিটিআরসি জানিয়েছে, অনিয়ম ও অপব্যবহার কমিয়ে আনতে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। যদিও মোবাইল ফোন অপারেটররা আগের মতোই এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে। বর্তমানে বিশ্বে সিম ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। এ তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোন ৮ কোটি ৫৯ লাখ, রবি ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংক ৩ কোটি ৭৯ লাখ, টেলিটক ৬৬ লাখ ৭০ হাজার। বর্তমানে দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয়, বাকিগুলো নিষ্ক্রিয় রয়েছে। গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেয় বিটিআরসি। সংস্থার তথ্যমতে, সে সময় এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম ছিল প্রায় ৬৭ লাখ। এর মধ্যে গত তিন মাসে প্রায় ১৫ লাখ সিম গ্রাহক স্বেচ্ছায় বাতিল করেছেন। তবে এখনো প্রায় ৫০ থেকে ৫৩ লাখ সিম বাতিল হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে এসব সিম বাতিল না করায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আশঙ্কায় হাজারো ফ্লাইট ব্যাহত

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আশঙ্কায় হাজারো ফ্লাইট ব্যাহত যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের এই মৌসুমে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।  শনিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেসব বিমানবন্দরে, তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি এবং লাগার্ডিয়া। এছাড়াও বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টো শহরেও এর প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউইয়র্ক এবং দক্ষিণ কানেকটিকাটে ৯ ইঞ্চি (২৩ সেমি) পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইন্স যথাক্রমে ১৮০টি ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ১০০টি পূর্বনির্ধারিত ফ্লাইটও বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়া পোস্টে যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। গাড়িচালকদের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়েছে এবং সাথে জরুরি সরঞ্জাম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, মানুষ যেন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে। তিনি বলেন, “যদি ভ্রমণ করতেই হয়, তবে আগে থেকে পরিকল্পনা করুন, ধীরগতিতে গাড়ি চালান এবং গন্তব্যে পৌঁছাতে হাতে পর্যাপ্ত সময় রাখুন।”

যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়া গত কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে আজ শনিবার যুদ্ধবিরতি নিয়ে একমত হয়েছে। খবর রয়টার্সের। স্থানীয় আজ দুপুর ১২টা থেকে কার্যকর হতে যাওয়া এই যুদ্ধবিরতি নিয়ে দেওয়া এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “উভয় পক্ষই বর্তমানে মোতায়েন করা সেনাদের কোনো প্রকার নড়াচড়া ছাড়াই বিদ্যমান অবস্থানে বজায় রাখতে সম্মত হয়েছে।” সামাজিক যোগাযোগমাধ্যমে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, “যেকোনো ধরনের অতিরিক্ত সেনা মোতায়েন উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদি প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।” থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাপন নাকফানিথ এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টে সিহা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে টানা ২০ দিনের লড়াইয়ের অবসান ঘটল। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই ছিল, যেখানে যুদ্ধবিমান, রকেট ও কামানের গোলাবর্ষণ তীব্র মাত্রায় ছিল। এই সংঘাতে উভয় পক্ষে অন্তত ১০১ জন নিহত এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে গত জুলাই মাসে চলা আগের দফার লড়াই থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। ডিসেম্বরের শুরুতে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এই সংঘাত পুনরায় শুরু হয়।

উত্তর কোরিয়া-রাশিয়ার সম্পর্ক যুদ্ধের ‘রক্তে’ আবদ্ধ: কিম

উত্তর কোরিয়া-রাশিয়ার সম্পর্ক যুদ্ধের ‘রক্তে’ আবদ্ধ: কিম ইউক্রেন যুদ্ধে ‘একই পরিখায় রক্ত, জীবন ও মৃত্যু ভাগ করে নেওয়ার’ মাধ্যমে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় তিনি এই কথা বলেন। খবর আল-জাজিরার। এর আগে গত ১৮ ডিসেম্বর কিমকে পাঠানো নববর্ষের শুভেচ্ছা বার্তায় পুতিন রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেন। পুতিন বলেন, এটি দুই দেশের মধ্যে ‘অজেয় বন্ধুত্বেরই এক সুস্পষ্ট প্রমাণ’। শনিবার (২৭ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কিমের এই বার্তাটি প্রকাশ করে। সেখানে কিম ২০২৫ সালকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ‘সত্যিই তাৎপর্যপূর্ণ বছর’ হিসেবে অভিহিত করেন। তিনি মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ককে একটি ‘অমূল্য অভিন্ন সম্পদ’ হিসেবে বর্ণনা করেন ‘যা কেবল বর্তমান সময়ে নয়, বরং পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম ধরে বজায় থাকবে’। কিম বলেন, “দুই দেশের জনগণের সম্পর্ক এবং তাদের ঐক্যকে কেউ ছিন্ন করতে পারবে না।” দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা পাঠিয়েছে। গত এপ্রিল মাসে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, তারা রাশিয়ার সামরিক অভিযানে সহায়তার জন্য সেনা পাঠিয়েছে এবং তাদের বেশ কিছু সৈন্য যুদ্ধে প্রাণ হারিয়েছে। পুতিনকে নববর্ষের বার্তা পাঠানোর আগের দিনই কিম তার কর্মকর্তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং যুদ্ধাস্ত্র তৈরির জন্য আরো কারখানা স্থাপনের নির্দেশ দেন। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় নিজেদের স্বল্প, মধ্যম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা যাচাই করতেই এই পদক্ষেপ। এছাড়া, এই ঘনঘন পরীক্ষা রাশিয়ার কাছে অস্ত্র রপ্তানির সঙ্গেও সম্পর্কিত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সেনা মোতায়েনের পাশাপাশি পিয়ংইয়ং মস্কোকে আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট সিস্টেম সরবরাহ করেছে বলে ধারণা করা হয়। এর বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তা, সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ করছে।

প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল

প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল পড়শু দিনও অনুশীলনে হাসি-আড্ডা ছিল, সেই মানুষটাই আজ নেই। বিশ্বাস করতে পারছেন না জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। প্রিয় অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ তিনি। আজ (শনিবার) বিপিএলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। তাৎক্ষণিক তাকে সিপিআর দেওয়া হয়। তাতে সাড়াও দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। অনূর্ধ্ব-১৯ থেকে এই কোচের সঙ্গে কত সময় কেটেছে। কতকিছু শিখেছেন, সেই কোচ আর নেই; মানতে পারছেন না শরিফুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শরিফুল লিখেছেন- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না-আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়-প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’

ইমাদ-নাসিরের ঘূর্ণিতে ১৩২ রানে আটকা রাজশাহী

ইমাদ-নাসিরের ঘূর্ণিতে ১৩২ রানে আটকা রাজশাহী রাজশাহী ওয়ারিয়র্সকে অল্প রানেই আটকে দিলেন ঢাকা ক্যাপিটালসের ইমাদ ওয়াসিম-নাসির হোসেনরা। নির্ধারিত ২০ ওভারে টেনেটুনে ৮ উইকেটে ১৩২ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। অর্থাৎ জিততে হলে ঢাকাকে করতে হবে ১৩৩। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন স্বদেশি ইমাদ ওয়াসিমের বলে। ১৫ বলে ২০ করে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। তাকে তুলে নেন নাসির হোসেন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানে ৫ উইকেট। এক নাজমুল হোসেন শান্ত (২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭) ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪, এসএম মেহরুব করেন ০। শেষদিকে ২৬ বলে অপরাজিত ২৬ রান করে রাজশাহীকে ১৩২ পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ নওয়াজ। ঢাকার ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৩২ রানে ২ উইকেট শিকার নাসির হোসেনের।

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।  ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা। যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি।  বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন। অবশ্য ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, অ্যাম্বুলেন্সেও শ্বাস-প্রশ্বাস সচল ছিল জাকির। তবে হাসপাতালে যাওয়ার পর আর তার পালস পাওয়া যায়নি। চিকিৎসকরাতৎক্ষণাৎ তাকে মৃত ঘোষণা করেন।