৭ জানুয়ারির মধ্যে হজ ফ্লাইটের সূচি প্রকাশ করার অনুরোধ

৭ জানুয়ারির মধ্যে হজ ফ্লাইটের সূচি প্রকাশ করার অনুরোধ আগামী ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে হজ ফ্লাইট সূচি এয়ারলাইন্সগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং হজ পোর্টালে প্রকাশ করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (২৮ ডিসেম্বর) এই অনুরোধ জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজারের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়, ২০২৬ সালে হজের সৌদি রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল আগামী ৪ জানুয়ারির মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য সময় নির্ধারণ করা আছে। হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় হোটেল/বাড়ি ভাড়া কার্যক্রম শুরু করা হয়েছে। মদিনার বাড়িভাড়া স্লট ভিত্তিক হওয়ায় সুষ্ঠুভাবে বাড়িভাড়ার পরিকল্পনার জন্য এয়ারলাইন্সগুলোর জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে এয়ারলাইন্সগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ ও হজ পোর্টালে আপলোড করা জরুরি। এ অবস্থায়, জিএসিএ ও বেবিচক অনুমোদিত ফ্লাইট শিডিউল এয়ারলাইন্সগুলোকে ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ ও হজ পোর্টালে আপলোড করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
সারা দেশে রাতে শীত বাড়বে

সারা দেশে রাতে শীত বাড়বে সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে কিশোরগঞ্জের নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
জেন-জি বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রীর দৌড়ে সাবেক র্যাপার

জেন-জি বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রীর দৌড়ে সাবেক র্যাপার নেপালের আসন্ন সংসদ নির্বাচনে নাটকীয় মোড় নিয়ে হাজির হয়েছেন দেশটির সাবেক র্যাপার ও কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বলেন্দ্র শাহ। তিনি ভক্তদের কাছে ‘বালেন’ নামেই বেশি পরিচিত। এবার তিনি দেশটির প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রবি লামিছানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নতুন এই জোট নেপালের রাজনীতিতে গত তিন দশক ধরে আধিপত্য বিস্তারকারী পুরোনো দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। দলীয় কর্মকর্তারা আজ সোমবার জানান, মেয়র বালেন গত রবিবার রবি লামিছানের নেতৃত্বাধীন আরএসপি পার্টিতে যোগ দিয়েছেন। রবি লামিছানে নিজেও একজন সাবেক টিভি সঞ্চালক থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ব্যক্তিত্ব। চুক্তি অনুযায়ী, ৫ মার্চের সংসদ নির্বাচনে যদি আরএসপি জয়লাভ করে, তাহলে ৩৫ বছর বয়সী বালেন হবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ৪৮ বছর বয়সী লামিছানে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নেপালে গত সেপ্টেম্বরে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে ‘জেনারেশন জেড’ বা তরুণদের নেতৃত্বে চলা বিক্ষোভে ৭৭ জন নিহত হন এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। বালেন এবং লামিছানে উভয়েই সেই বিক্ষোভের দাবিগুলো পূরণের অঙ্গীকার করেছেন। রাজনৈতিক বিশ্লেষক বিপিন অধিকারী বলেন, “বালেন এবং তার তরুণ সমর্থকদের নিজেদের দলে ভেড়ানো আরএসপির জন্য একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও কৌশলগত পদক্ষেপ। তরুণ ভোটারদের হারানোর ভয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো এখন শঙ্কিত।” নির্বাচন কমিশনের তথ্যমতে, নেপালের ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার। সেপ্টেম্বর বিক্ষোভের পর প্রায় ১০ লাখ নতুন ভোটার (যাদের বেশিরভাগই তরুণ) তালিকায় যুক্ত হয়েছেন। বিক্ষোভের পর বালেন ব্যাপক আলোচনায় আসেন এবং তিনি ছিলেন আন্দোলনকারী তরুণদের একজন অঘোষিত নেতা। তিনি সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও সহায়তা করেছিলেন, যারা এই নির্বাচন পরিচালনা করবে। তবে কিছু সমালোচক বিক্ষোভের সময় বালেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, তিনি জনসম্মুখে খুব কমই আসতেন এবং কেবল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন। ১৯৯০ সালের পর নেপালে রাজতন্ত্রের অবসান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কেপি শর্মা ওলির নেতৃতাধীন কমিউনিস্ট পার্টি (ইউএমএল) এবং মধ্যপন্থি নেপালি কংগ্রেস পালাক্রমে ক্ষমতায় ছিল। এখন বালেন তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন। মিছানে ২০২২ সালের নির্বাচনের আগে আরএসপি গঠন করেন। একজন টিভি সঞ্চালক হিসেবে দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। লামিছানে বর্তমানে জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে সমবায় সমিতিগুলোতে ক্ষুদ্র আমানতকারীদের জমানো অর্থ আত্মসাৎ বা অপব্যবহারের অভিযোগ রয়েছে। নেপালি কংগ্রেস পার্টির মুখপাত্র প্রকাশ শরণ মাহাত বলেন, “বালেন এবং লামিছানে- উভয়েই ‘বিতর্কিত’ নেতা এবং তাদের এই জোট বড় কোনো প্রভাব ফেলতে পারবে না।” মাহাত রয়টার্সকে বলেন, “আমি মনে করি না তাদের এই জোটের কারণে কোনো রাজনৈতিক পরিবর্তন হবে। মানুষ এখনো পুরোনো এবং অভিজ্ঞ দলগুলোকেই বেছে নেবে।”
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১৬ ইন্দোনেশিয়ার একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩ জন। স্থানীয় কর্তপক্ষের বরাত দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদো শহরের দামাই রিটায়ারমেন্ট হোম-এ রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরটির ফায়ার অ্যান্ড রেস্কিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু বার্তা সংস্থা এএফপিকে জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ এখনও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছে। নিহতদের পরিবারের সদস্যদের নির্দিষ্ট হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশটির এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম ডেটিককমকে জানান, অনেক মরদেহ এমন অবস্থায় রয়েছে, যা শনাক্ত করা কঠিন। বৃদ্ধাশ্রমের কাছেই বসবাসকারী স্টিভেন মোকোদোমপিট জানান, তিনি যখন রাত ৮টার দিকে সেখানে পৌঁছান, তখন বৃদ্ধাশ্রমের রান্নাঘরে আগুন জ্বলছিল। উদ্ধারকাজের সময় তারা একটি বিস্ফোরণ এবং সাহায্যের জন্য আর্তচিৎকার শুনতে পান। তিনি বলেন, “মাত্র পাঁচ মিনিটের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।” ন্দোনেশিয়ায় এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড অস্বাভাবিক নয়। চলতি মাসের শুরুর দিকে রাজধানী জাকার্তায় একটি সাত তলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছিলেন।
পিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ওয়াসিম আকরাম

পিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ওয়াসিম আকরাম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লিগের ব্র্যান্ড শক্তিশালী করা এবং দর্শক সম্পৃক্ততা বাড়ানোর কৌশলগত উদ্যোগ হিসেবেই দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৮ ডিসেম্বর) লাহারে এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ওয়াসিম আকরামের নাম ঘোষণা করেন। তিনি জানান, পিএসএল এবং পিএসএল ব্র্যান্ডের জন্য সবচেয়ে ভালো বিষয় হলো, ওয়াসিম আকরামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী পহেলা জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও বলেন, শুধু তাই নয়, তিনি নিলামের গুরুত্বপূর্ণ দিকগুলোও সংগঠিত করছেন। নিলামে একজন আন্তর্জাতিক নিলাম পরিচালনাকারী থাকবেন এবং ওয়াসিম আকরামও সক্রিয়ভাবে এতে যুক্ত থাকবেন। সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম দীর্ঘদিন ধরেই পিএসএলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ২০১৮ সালের শেষ দিক থেকে তিনি করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রয়োজনে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন। বিশেষ করে ২০২০ সালে প্রধান কোচ ডিন জোন্সের মর্মান্তিক মৃত্যুর পর করাচি কিংসকে তাদের প্রথম পিএসএল শিরোপা জিততে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদিকে, লিগ সম্প্রসারণের পরিকল্পনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পিসিবি। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) বোর্ড জানায়, দুটি নতুন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহী পক্ষগুলোর জমা দেওয়া প্রস্তাবের কারিগরি মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করেছে তাদের বিড কমিটি। পাঁচটি মহাদেশ থেকে মোট ১২টি প্রস্তাব জমা পড়ে। তিন দিনব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া শেষে ১০ জন দরদাতাকে কারিগরি মানদণ্ডে উত্তীর্ণ হিসেবে শর্টলিস্ট করা হয়, যারা পরবর্তী ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। পিসিবি এক বিবৃতিতে জানায়, দুটি নতুন এইচবিএল পিএসএল ফ্র্যাঞ্চাইজি দলের বিক্রির জন্য জমা দেওয়া প্রস্তাবগুলোর কারিগরি মূল্যায়ন পিসিবি বিড কমিটি সফলভাবে সম্পন্ন করেছে। শর্টলিস্ট করা দরদাতারা আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য নিলামে অংশ নেবেন। সেখানে তারা ছয়টি শর্টলিস্ট করা শহরের মধ্য থেকে ফ্র্যাঞ্চাইজির নাম বেছে নেওয়ার সুযোগ পাবেন। শহরগুলো হলো—হায়দরাবাদ, মুজাফফরাবাদ, শিয়ালকোট, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি। উল্লেখ্য, পিএসএল ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে যাত্রা শুরু করে এবং ২০১৮ সালে তা ছয় দলে উন্নীত হয়। আগামী বছর ১১তম আসরে আরও দুটি নতুন দল যুক্ত হওয়ার মাধ্যমে লিগটি আরও বড় পরিসরে বিস্তৃত হতে যাচ্ছে।
৩৯ বছরে মোজাম্বিকের প্রথম জয়
৩৯ বছরে মোজাম্বিকের প্রথম জয় অবশেষে দীর্ঘ ৩৯ বছরের অপেক্ষা ফুরালো মোজাম্বিকের। আফ্রিকা কাপ অব নেশনসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গ্যাবনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মোজাম্বিক। ফলে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মাম্বাসরা। গ্যাবনের বিপক্ষে ম্যাচের আগে আফকনের মূল পর্বে খেলা মোট ১৬ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি মোজাম্বিক। অবশেষে সেই খরা মিটলো গতকাল রাতে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোজাম্বিক। প্রথম গোলের দেখা পায় দেশটি ফয়সাল বাংলের হেডে ৩৭ মিনিটে। মিনিট পাঁচেক পর ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেনি কাটামো। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া মোজাম্বিককে মনে হচ্ছিল ফেবারিট। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই রিবাউন্ড থেকে গোল করে গ্যাবনের হয়ে ব্যবধান কমান পিয়ের-এমেরিক অবামেয়াং। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ালে মোজাম্বিককে আবারও এগিয়ে দেন দিয়োগো ক্যালিলা। হেড থেকে গোল করে ব্যবধান আবারও দুই গোলের করেন তিনি। তবে চেষ্টা চালিয়ে যায় গ্যাবন। ৭৬ মিনিটে আরেকটি গোল করে তারা। কর্নার থেকে আসা আলগা বল জালে পাঠিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান অ্যালেক্স মুকেতু-মুসুন্দা। শেষ ২০ মিনিটে দুই দলই মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোজাম্বিক। এই জয়ের ফলে বিশ্ব র্যাংকিংয়ে ১০২ নম্বরে থাকা মোজাম্বিক গ্রুপ ‘এফ’-এর লড়াইয়ে নতুন করে সমীকরণ তৈরি করেছে। তিন ম্যাচ শেষে তারা এখন সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যেখানে শীর্ষে থাকা আইভরি কোস্ট ও ক্যামেরুনের সঙ্গেও তাদের পয়েন্টের ব্যবধান নেই। বিপরীতে, টানা দুই ম্যাচে পরাজয়ের কারণে গ্যাবনের নকআউট পর্বে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরের ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়ে ইতিহাস গড়ার হাতছানি মোজাম্বিকের সামনে। আর গ্যাবনের জন্য পরিস্থিতি স্পষ্ট। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আইভরি কোস্টকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা নেই।
বিশাল জয়ে শুরু বিপিএল রংপুর রাইডার্সের

বিশাল জয়ে শুরু বিপিএল রংপুর রাইডার্সের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে রংপুর রাইডার্স। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানে অলআউট হয়। নাইম শেখের ২০ বলে ৩৯ রানের ইনিংস শেষে আর কেউ দাঁড়াতে পারেননি। চট্টগ্রামকে গুটিয়ে দেওয়ার মূল কাজটা করেন রংপুরের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। ১৭ রান খরচায় তিনি নেন ৫ উইকেট। লক্ষ্য তাড়ায় রংপুরের ওপেনার লিটন দাস ও ডেভিড মালান দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। লিটন ৩১ বলে ৪৭ রান করে আউট হন, ডেভিড মালান ৫১ রান করে ফিরেন। নুরুল হাসান সোহানের দল মাত্র ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূর্ণ করে।
শিবগঞ্জে পানির পাইপ থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জে পানির পাইপ থেকে নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় কৃষকের পানি দেয়ার পাইপের ভেতর থেকে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। গত শনিবার দিবাগত গভীর রাতে সিরাপগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারিরা বিজিবির চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তারা এবার কৃষকের পানি দেয়ার পাইপের ভেতরে নেশাজাতীয় সিরাপ চোরাচালান করছিল। তবে তাদের সেই কাজ সফল হতে দেয়নি বিজিবি। আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালানোর সময় দেখতে পায় কৃষকের পানি দেয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এসময় বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাকারবারিরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে নারীসহ ৫ জন পুশইন গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সকালে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের বিভিষণ বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশ দায়ে ওই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটককৃত ৫ জনের মধ্যে ২ জন নারী ও ৩ জন রয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার জামিলপারা গ্রামের লিপি লস্কর, সাদ্দাম লস্কর, ফিরোজা ও বাগেরহাটে মোল্লাহাটের কাঠাদূরের গ্রামের হায়দার সরদার। বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে তাদের দেখতে পেয়ে ওই বিওপির টহলরত বিজিবির সদস্যরা আটক করে। পরে বিজিবি আটককৃতদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে ওসি জানিয়েছেন।
রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখা হবে। প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ ১৭ ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হওয়ার কথা। যদি সেদিন থেকে রোজা শুরু হয়, তাহলে ২১ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে। ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ইদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি রাখা হয়েছিল। তবে ২০২৬ সালে এ রোজা-ঈদসহ এ দিবসগুলো উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি ছিল। এবার তা ১২ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে। যেসব দিবসে ছুটি থাকছে না পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা, শুভ মহালয়া। অন্যদিকে এবার পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব, ঈদে মিলাদুন্নবীতে আগে ছুটি না থাকলেও এবার একদিন করে ছুটি রাখা হয়েছে।