আজকের বিপিএল টি-টোয়েন্টি ম্যাচ বাতিল

আজকের বিপিএল টি-টোয়েন্টি ম্যাচ বাতিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজকের নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ম‌্যাচ বাতিল করার সিদ্ধান্তও হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিএনপি জানায়, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পর তার ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে বিপিএলের ম্যাচ দুটি বাতিলের কথা জানায় বিসিবি। বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়‌্যালস এবং ঢাকা ক‌্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম‌্যাচ বাতিল করা হয়েছে এবং পুনঃসূচি নির্ধারণ করা হবে। এর আগে গভীর শোক প্রকাশ করে বিসিবি। জানায়, এই দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার নিরন্তর আশীর্বাদ এবং শুভাকাঙ্ক্ষা স্মরণ করছে বিসিবি। বিসিবি যোগ করে, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহায়তা প্রদান করেছেন, ক্রিকেট অবকাঠামোর উন্নতি এবং দেশব্যাপী খেলাধুলার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার দূরদৃষ্টি এবং উৎসাহে ক্রিকেটের অগ্রগতি অর্জন করেছে এবং সামনে এগিয়ে যেতে প্রশস্ত পথ তৈরি করেছে।’’ ‘‘এই বিরাট ক্ষতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখিত এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চির শান্তির জন্য আমাদের প্রার্থনা।’’

রাষ্ট্রীয় শোকের দিনেও হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

রাষ্ট্রীয় শোকের দিনেও হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যেই শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের দিনে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের দিনে নিয়োগ পরীক্ষা আয়োজনে বাধা নেই। ফলে ২ জানুয়ারিই সারাদেশে একযোগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জাগো নিউজকে বলেন, আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্বনির্ধারিত সময়সূচি মেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসে, তাহলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’ অধিদপ্তর সূত্র জানায়, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী। অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয় শোক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া আগামীকাল (৩১ ডিসেম্বর) সরকারি ছুটি। এছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন-কাফনের ব্যবস্থা করা হবে। সংসদ ভবন প্লাজায় তার জানাজা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারের (জিয়া উদ্যানে) ওখানেই তাকে দাফন করা হবে।’ জানাজা কখন হবে- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, ‘সেই সিদ্ধান্তটা হবে একটু পর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং আছে সাড়ে ১২টায়, সেখানে এই সিদ্ধান্ত হবে। তবে সম্ভাব্য সময় বলতে পারি আগামীকাল (বুধবার) জোহরের পর।’ মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘তার মরদেহ এখন এভর কেয়ারে থাকবে, সেখানে যে সব প্রস্তুতিমূলক কাজ হওয়া দরকার সেগুলো হবে। এরপর কালকে সকালে সেখান থেকে জাতীয় সংসদে নেওয়া হবে। মূল রাস্তা দিয়েই সেখানে নেওয়ার চিন্তা-ভাবনা আছে, সেজন্য হয়তো সময় একটু বেশি লাগবে।’ এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।

নতুন স্টেডিয়ামে শেষ হয়েছে ভলিবল প্রতিযোগিতা

নতুন স্টেডিয়ামে শেষ হয়েছে ভলিবল প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফাইনালে উঠে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় বনাম হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়। ২-১ সেটে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসশয় আরো উপস্থিত ছিলেন— যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হামিদুর রহমান, সাঁতার ফেডারেশনের কাউন্সিলর মো. খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বুদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজনসহ অন্যরা। খেলা ও আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।  

চাঁপাইনবাবগঞ্জের জাতীয় সংসদ নির্বাচনে ৩ টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন 

চাঁপাইনবাবগঞ্জের জাতীয় সংসদ নির্বাচনে ৩ টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬ প্রার্থী। আজ দাখিলের শেষ দিনে এবং গতকাল এইসব প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মমোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব শামসুল হোদা, জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জাতীয় পার্টির খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশের কমউিনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এদের মধ্যে অধ্যাপক শাহজাহান মিঞা ও আমিনুল ইসলাম গতকাল মনোনয়নপত্র দাখিল করেন। জেলার এই তিনটি আসনে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করলেও ১৬ জন দাখিল করলেন। বাকি ৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ এসব তথ্য জানিয়েছেন। আজ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আর চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি শনিবার। এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা

গোমস্তাপুরে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে গোমস্তাপুরে মাদকবিরোধী শপথ গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থী ও খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সচেতনতা সৃষ্টি করা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ফুটবল ম্যাচে মুখোমুখি হয় পুনর্ভবা ফুটবল একাদশ বনাম মহানন্দা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মহানন্দা একাদশকে পরাজিত করে জয়লাভ করে পুনর্ভবা ফুটবল একাদশ। পুরো টুর্নামেন্ট জুড়ে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই বলে তাদের বক্তব্যে বলেন।

আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী

আবারও মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে খ্যাতির পাশাপাশি সমালোচনার শিকারও হয়েছেন। এর মধ্যেই নায়িকাকে নিয়ে নতুন খবর চাউর হয়েছে। বুবলী নাকি আবারও মা হচ্ছেন। আর এই সন্তানের বাবাও নাকি বাংলার সুপারস্টার শাকিব খান। নতুন করে বুবলীর মা হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়া। যেখানে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন।’শাকিব খানের দুই স্ত্রী- একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপরজন শবনম বুবলী। দুজনেই চিত্রনায়কের দুই সন্তানের মা। তবে বহুদিন ধরেই এই তিনজনের মধ্যে চলছে দড়ি টানাটানি। এদিকে শাকিবের দাবি, দুজনই তার প্রাক্তন। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে এসেছেন শাকিব খান। ফেসবুকে একান্ত মুহূর্তের সেই সব ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন বুবলী। সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়িকা। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশকিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরেই নেটিজেনদের একটি অংশ দাবি তোলেন, ‘বুবলী অন্তঃসত্ত্বা’। আর এমন দাবিকেই পুঁজি করে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন শবনম বুবলী। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।’ ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। এ ঘটনার বেশকিছুদিন পর দুজনের আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১১১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১১১ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১১১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ এক লাখ এক হাজার ৫৩১ হাজার রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৬৭৩ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে ৪১২ জনের মৃত্যু হয়েছে।

শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব

শিবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব শিবগঞ্জ থানার জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে র‌্যাব-৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি সাদা রংয়ের পলিথিনের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাটা, ৩টি লাল রংয়ের কসটেপ, ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানায় র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কঠিন ও পচনযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিক ও টেকসই পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। সূচনা বক্তব্য দেন সাসটেইল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট(এসএনভি)’র ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পৌর এলাকার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার চিত্র, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসেন, এসএনভি’র প্রজেক্ট ম্যনেজার তানভির আহমেদ চৌধুরী ও এসডিসি এগ্রো লিমিটেড এর পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল হাসান, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম সহ অন্যরা। তাঁরা বর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, টিএলসি ও সিটিজেন প্ল্যাটফর্মের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চুক্তি স্বাক্ষর পর্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও এসডি অ্যাগ্রো লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে কঠিন ও পচনযোগ্য বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার চুক্তি সম্পন্ন হয়। এ কার্যক্রমের আওতায় বর্জ্য পৃথকীকরণ, পরিবেশবান্ধব প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “এই চুক্তির মাধ্যমে পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে। নাগরিকদের সহযোগিতা থাকলে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পারবো।” উল্লেখ্য, এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি ‘বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে সাসটেইল আরবান ওয়াটার সাইকেলস প্রজেক্ট(এসএনভি) (ঝঘঠ)।