“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত”

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকালে রাণীহাটি ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কল্যানপুরে অবস্থিত হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ খালেদুর রহমান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ মাসুম রেজা এবং প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা, কৃষি সেচকাজে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১৬ এর শাখা ব্যবস্থাপক মোসাঃ মোসলেমা খাতুন। কর্মশালায় সকল ধরনের সহযোগিতা করেন সিএমও সিভিল মোঃ রোকনুজ্জামান । প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সূচি প্রকাশ

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সূচি প্রকাশ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা যায়। শিক্ষাপঞ্জি অনুযায়ী-২০২৬ সালের ৫ মে প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৫ মে পর্যন্ত। দ্বিতীয় প্রান্তিক শুরু হবে ১৭ আগস্ট, শেষ হবে ২৮ আগস্ট। তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।  এদিকে, এবার প্রাথমিকের শিক্ষাপঞ্জিতে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। ২০ ডিসেম্বর শুরু হয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাড়কালীনগর মীরেরচর এলাকায় খড়ের গাঁদার ভিতর থেকে ৯৮০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি একই এলাকার ইসরাফিল হকের ছেলে সেলিম রেজা। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামী সেলিম রেজার বসত বাড়ির বাইরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদে ঐ এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ সেলিম রেজাকে আটক করা হয়। আটককৃৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

হাড় কাঁপানোর শীতের মাঝেই বৃষ্টির দুঃসংবাদ

হাড় কাঁপানোর শীতের মাঝেই বৃষ্টির দুঃসংবাদ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার শীতের প্রকোপের মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। জানাল, সারাদেশে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন শাকিব খান

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন শাকিব খান বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নায়ক শাকিব খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের পোস্টে মুহূর্তেই হাজার হাজার ভক্ত শোক প্রকাশ করে মন্তব্য করেন। শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।  এছাড়া নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তার প্রয়াণ ঘটে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : আরিফিন শুভ

খালেদা জিয়ার বিদায় দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি : আরিফিন শুভ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নায়ক আরিফিন শুভ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।’ আরিফিন শুভ ছাড়াও বিনোদন জগতের আরো অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন শাকিব খান, জেমস ,চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়া নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। সে সময় স্বাস্থ্যের কিছুটা উন্নতিও দেখা গিয়েছিল। কিন্তু দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন এবং চিরবিদায় নেন।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে আর্চার ও টাং

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে আর্চার ও টাং ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে জায়গা পেয়েছেন ইনজুরিতে থাকা গতি তারকা জোফরা আর্চার। বাঁ দিকের সাইড স্ট্রেইনের কারণে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের পর পুরো সিরিজ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ ভাবনায় আর্চারের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন পেসার জশ টাং। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক মনে করছেন, ভারত ও শ্রীলঙ্কার তুলনামূলক ফ্ল্যাট উইকেটে টাং হতে পারেন কার্যকর ‘স্ট্রাইক বোলার’। অন্যদিকে, সীমিত ওভারের দলে জায়গা হারিয়েছেন জেমি স্মিথ। ওপেনিংয়ে ব্যর্থ পরীক্ষার পর নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডেও তাকে রাখা হয়নি। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বেন ডাকেট, যিনি নিউ জিল্যান্ড সফরের তিনটি টি-টোয়েন্টিতে ছিলেন না। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সেরা পারফরমার ছিলেন জোফরা আর্চার। অ্যাডিলেড টেস্টে তিনি নিয়েছিলেন ৯ উইকেট, গড় ২৭.১১। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন। তুলে নিয়েছিলেন নিজের প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি। তবে তৃতীয় টেস্টেই ইনজুরিতে পড়েন এই ফাস্ট বোলার। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের পর আর্চার অস্ট্রেলিয়া ছেড়ে যান এবং বর্তমানে বার্বাডোজে ইসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসনে আছেন। শ্রীলঙ্কা সফরের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন না। তার জায়গায় ব্রাইডন কার্স থাকছেন। বিশ্বকাপের আগে ভারতের মাটিতে গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচ (নেপালের বিপক্ষে, ৮ ফেব্রুয়ারি, মুম্বাই) সামনে রেখে দলে যোগ দেওয়ার সম্ভাবনা আর্চারের। টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা কম হলেও (২১ ম্যাচ), চলতি বছরে পারফরম্যান্সে নজর কেড়েছেন জশ টাং। দ্য হান্ড্রেডে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারি। অ্যাশেজের দুই টেস্টে নিয়েছেন ১২ উইকেট, গড় ১৮.৫৮। মেলবোর্নে ৫/৪৫ সহ ম্যাচে ৭/৮৯ নিয়ে জিতেছিলেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার। ইংল্যান্ডের ২০১১ সালের পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। অলরাউন্ডার উইল জ্যাকস দুই স্কোয়াডেই ফিরেছেন। জাক ক্রলি দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন। তবে জর্ডান কক্স ও ইনজুরিতে থাকা সাকিব মাহমুদের জায়গা হয়নি। অ্যাশেজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় শ্রীলঙ্কা সফর শুরু হলেও টেস্ট তারকাদের বিশ্রাম দেয়নি ইংল্যান্ড। অভিজ্ঞতার ওপর ভরসা রাখার পেছনে সাদা বলের ক্রিকেটে বাজে সময় কাটানোর চাপই বড় কারণ। ২০২৫ সালের শুরু থেকে সীমিত ওভারের দায়িত্ব নেওয়ার পর ম্যাককালামের অধীনে টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে জয় ৬টি, হার ৫টি। ওয়ানডেতে ১৫ ম্যাচে হার ১১টি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা নিয়েও অনিশ্চয়তা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যই ম্যাককালামের ওপর চাপ কমাতে পারে। ২০১০ ও ২০২২; এই দুইবার শিরোপা জিতেছে ইংল্যান্ড। ২০২৪ আসরে সেমিফাইনালে থেমেছিল তারা। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রাথমিক দল ও শ্রীলঙ্কা সফরের স্কোয়াড টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রাথমিক দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার (শুধু বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড। শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানে আরো হামলার হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানে আরো হামলার হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেছেন, তারা যদি অস্ত্র না ছাড়ে তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টাকে ‘দ্রুত নির্মূল’ এবং ‘গুড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বৈঠকে গাজায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া এবং ইরান ও লেবাননের হিজবুল্লাহকে কেন্দ্র করে ইসরায়েলের উদ্বেগ দূর করার বিষয়ে আলোচনা করা হয়।  ট্রাম্প দাবি করেন, গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েল তার ভূমিকা পালন করছে (যদিও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে যাতে অন্তত ৪০০ জন নিহত হয়েছে)। তিনি হামাসকে চুক্তির শর্ত মেনে চলার জন্য সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছি। অস্ত্র ত্যাগ করার জন্য তাদেরকে খুব অল্প সময় দেওয়া হবে, দেখা যাক কী হয়।” তিনি আরো বলেন, “যদি তারা অস্ত্র না ছাড়ে, যা করতে তারা সম্মত হয়েছিল, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।”এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং গাজা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। হামাস এখনও একজন ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেয়নি। অন্যদিকে ইসরায়েল ক্রমাগত গাজায় প্রাণঘাতী হামলা চালানোর পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তবে ট্রাম্প যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার দেরীর জন্য এককভাবে হামাসকেই দায়ী করেন। হামাস এর আগে বলেছিল যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। তবে তারা অস্ত্র একপাশে সরিয়ে রাখতে এবং ৭ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। এদিকে ট্রাম্প ইঙ্গিত দেন যে, গত জুন মাসে মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি চালুর চেষ্টা করছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি শুনতে পাচ্ছি ইরান আবার সবকিছু গড়ে তোলার চেষ্টা করছে। যদি তারা তা করে, তবে আমাদের তাদের গুঁড়িয়ে দিতে হবে। আমরা তাদের চরমভাবে আঘাত করব। তবে আশা করবো, এমনটা ঘটবে না।” ইরান যদি সত্যিই পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তাহলে ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের কাছে ‘খুব দ্রুত সেই প্রচেষ্টা নির্মূল করা’ ছাড়া আর কোনো পথ থাকবে না। তিনি সতর্ক করেন, এবারের হামলার ভয়াবহতা আগের বারের চেয়েও বেশি হতে পারে। আগের হামলায় ব্যবহৃত বোমারু বিমানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা ঠিক জানি তারা কোথায় যাচ্ছে এবং কী করছে। আমি আশা করি তারা এটা করছে না, কারণ আমি একটি বি-২ বোমারু বিমানের জ্বালানি অপচয় করতে চাই না। এটি আসা-যাওয়ায় ৩৭ ঘণ্টার পথ। আমি অনেক জ্বালানি অপচয় করতে চাই না।” ইরানের বিরুদ্ধে আনা এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শত্রুদের বিরুদ্ধে ‘ভালোভাবে বিজয়ী’ হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত না করলে মধ্যপ্রাচ্যে শান্তি আসত না। ইসরায়েল যদি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি তারা ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখে, তবে হ্যাঁ। আর পারমাণবিক? দ্রুত। একটির ক্ষেত্রে উত্তর হলো: হ্যাঁ, অবশ্যই। অন্যটির (পারমাণবিক) ক্ষেত্রে: আমরা দ্রুত ব্যবস্থা নেব।” এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। সোমবার ট্রাম্প বলেন, ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘একটি চুক্তিতে আসা’। তিনি বলেন, “যদি তারা চুক্তি করতে চায় তবে সেটিই হবে বুদ্ধিমানের কাজ।”

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা লিখলেন সাকিব

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা লিখলেন সাকিব বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ শোকবার্তায় সাকিব আল হাসান প্রয়াত নেত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখে গেছেন। সাকিব আরও লিখেন, ‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

এবার প্রথম বিভাগ ক্রিকেট স্থগিত

এবার প্রথম বিভাগ ক্রিকেট স্থগিত বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার খবরে ঘোষিত জাতীয় শোক পালনে দেশের চলমান ঘরোয়া টুর্নামেন্টগুলো স্থগিত করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম) ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের (২০২৫–২৬ মৌসুম) নির্ধারিত ম্যাচগুলো স্থগিত করেছে। সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মোট নয়টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এসব ম্যাচের নতুন সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। জাতীয় শোকের এই সময়ে প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিসিডিএম দেশবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে। এর আগে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের দুই ম্যাচ। শোক জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।