চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে চাহিদার কাছাকাছি বই বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে চাহিদার কাছাকাছি বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের শতভাগ বই বিতরণ করা হয়েছে এবং মাধ্যমিকের চাহিদার তুলনায় অষ্টম শ্রেণীর কিছু বই বাকি আছে। বৃহস্পতিবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। সকালে জেলাশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায় শিশু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে থেকে ক্লাসরুমে ঢুকে বই নিয়ে বিদ্যালয় ত্যাগ করছে। শিশু শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, নতুন বইয়ের সঙ্গে স্কুল ফিডিংয়ের খাবার হিসেবে ডিম ও বিস্কুট দেয়া হয়। জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন জানান, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মোট বইয়ের চাহিদা ছিল (সাধারণ) ১২ লাখ ৭৫ হাজার ৩৬২ খানা। এর মধ্যে পাওয়া গেছে ৯ লাখ হাজার ৯৫ হাজার ৭৯৮ খানা। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষার্থীদের জন্য মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৫০ হাজার ২০৫ খানা, পাওয়া গেছে ৪ লাখ ১১ হাজার ৭৬০ খানা। এদিকে কারিগরির শিক্ষার্থীদের জন্য মোট বইয়ের চাহিদা ছিল ৫২ হাজার ১৫৫ খানা, পাওয়া গেছে ৩৮ হাজার ২১৭ খানা বই। তিনি আরো জানান, অষ্টম শ্রেণীর কিছু বই ছাড়া অন্যান্য শ্রেণীর সকল বই পাওয়া গেছে। কিছু বইয়ের গাড়ি এরই মধ্যে চলে এসেছে। আশা করছি, কয়েকদিনের মধ্যেই বাকি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব। আব্দুল মতিন বলেন, বইয়ের একাংশে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে, যা দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার প্রাথমিকে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৯১ হাজার ৪৮৪ খানা। এছাড়া প্রাক-প্রাথমিকের জন্য চাহিদা ছিল ২৫ হাজার খানা বই। সকল বই শতভাগ পাওয়া গেছে এবং বৃহস্পতিবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালুপুর চৌহদ্দীটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,৪ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে ১০টায় কালুপুর গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মারফ আফজাল রাজন,সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম,জয়নাল আবেদীন,সুলতান আলী,ইউপি প্যানেল চেয়ারম্যান মো: রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া লিচু বাগানের ভিতর থেকে ৩০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায় গতকাল মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়া ঐ এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যেও ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারোঘরিয়ার রবিউল শেখের ছেলে দুরুল হুদাকে আটক করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

নাচোলে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫

নাচোলে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫ নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে আধিপত্য বিস্তারে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর হচ্ছে ১টি প্লাস্টিকের বস্তার ভিতর সবুজ কাপড়ে মোড়ানো লোহার বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত ১টি খড়গ, কিরিচ ১টি, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টি সহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১০টি ভারতীয় গবাদিপশু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১০টি ভারতীয় গবাদিপশু জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৫টি অভিযানে ৮টি গরু ও ২টি মহিষসহ ১০টি ভারতীয় গবাদিপশু জব্দ হয়েছে। তবে এ সব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। এ সব গবাদিপশুর বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। গতকাল দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জহুরপুরটেক বিওপি সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দমের চর এলাকা থেকে ২টি গরু, জহুরুপর বিওপি সদরের সূর্যনারায়নপুর সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম হতে ২টি গরু, শিংনগর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করে। জব্দ গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি। সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৩৩ জন প্রার্থীসহ মোট এক হাজার ৩৬১ জন প্রার্থীর পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk. com.bd) পাওয়া যাবে। গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে চার হাজার ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। গত ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা ৮ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়। গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে।

সুইজারল্যান্ডের পানশালায় অগ্নিকাণ্ডে ‘নিহত ৪০’

সুইজারল্যান্ডের পানশালায় অগ্নিকাণ্ডে ‘নিহত ৪০’ সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানার একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সুইস পুলিশের বরাত দিয়ে  ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুলিশের মুখপাত্র গেতান লাথিয়ন জানিয়েছিলেন, বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ‘লে কনস্টেলেশন’ নামের পানশালায় আগুনের সূত্রপাত হয়। তখন সেখানে নববর্ষের উদযাপন চলছিল। ভবনটির ভেতরে শতাধিক মানুষ ছিলেন। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস পুলিশের বরাত দিয়ে বলছে, তারা বিশ্বাস করে যে প্রায় ৪০ জন মারা গেছে। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি কারণ তাদের দগ্ধের মাত্রা বেশি। এদিকে সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কয়েক ডজন’ মানুষ নিহত বলে ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। হতাহতরা বিভিন্ন দেশের নাগরিক এবং তাদের শনাক্ত করার কাজ চলছে। আহতদের বেশিরভাগে অবস্থাই গুরুতর।’ ঘটনাস্থলে প্রায় ১০টি হেলিকপ্টার, ৪০টি অ্যাম্বুলেন্স এবং ১৫০ জন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। জরুরি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। ভ্যালাইস হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট এখন পূর্ণ, বিশেষজ্ঞদের মাধ্যমে পোড়া চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র পাঠানো হচ্ছে। কর্মকর্তারা অতিরিক্ত যত্ন নেওয়ার এবং হাসপাতালে অপ্রয়োজনীয় চাপ না দেওয়ার জন্য জনগণকে সতর্ক করেছেন।

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২ টাকা করে কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪.০০ টাকা হতে ২.০০ টাকা কমিয়ে ১০২.০০ টাকা, অকটেন ১২৪.০০ টাকা হতে ২.০০ টাকা কমিয়ে ১২২.০০ টাকা, পেট্রোলের দাম ১২০.০০ টাকা হতে ২.০০ টাকা কমিয়ে ১১৮.০০ টাকা এবং কেরোসিনের দাম ১১৬.০০ হতে ২.০০ টাকা কমিয়ে ১১৪.০০ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। এটি ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

‘নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি’

‘নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি’ জীবন আনন্দে ভরা কোনো গিফট বক্স নয়। বরং অনন্দ-বেদনার মোড়ক। মুদ্রার এপিট ওপিট নিয়েই কেটে গেছে দুই হাজার পঁচিশ। নতুন উদ্যমে কাটানোর অভিলাষ নিয়ে নতুন বছরে যাত্রা শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও নতুন বছর নিয়ে নানা ভাবনার কথা প্রকাশ করছেন। চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে এই শিল্পী বলেন, “নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।” ভক্ত-অনুরাগীরা সুমির প্রশংসা করার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। একজন লেখেন, “মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করতো।” শিজুল ইসলাম লেখেন, “ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।”  রিয়াজ উদ্দিন লেখেন, “পূর্ণতা।” পরামর্শ দিয়ে রাফি লেখেন, “লাল টিপ পইরেন।” তুলতুলি লেখেন, “চাওয়াটা পূর্ণতা পাক রে।” নতুন গানের দাবি জানিয়ে আল আমিন লেখেন, “নতুন বছরে নতুন গান চাই আপু।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

একসঙ্গে ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্ট নিয়ে তুমুল আলোচনা

একসঙ্গে ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্ট নিয়ে তুমুল আলোচনা ক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনো কোনো কথা বলেননি তারা। আবার পুরোপুরি অস্বীকারও করেননি। ফলে প্রতিটি নতুন ছবি ও পোস্ট ঘিরেই বাড়ছে অনুরাগীদের কৌতূহল। কিছুদিন আগে বন্ধুদের ‘গার্ল গ্যাং’ নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে দেখা যায় রাশমিকাকে। এরপরই শোনা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে তার বিয়ের দিনক্ষণ নাকি চূড়ান্ত। সেই সফরকে অনেকেই রাশমিকার ব্যাচলরেট ট্রিপ বলেও ধরে নেন। শ্রীলঙ্কা সফর শেষ না হতেই নতুন গুঞ্জন-বিয়ের আগেই নাকি বিজয়ের সঙ্গে ‘প্রি-হানিমুনে’ রোমে গিয়েছেন রাশমিকা। এই জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় রোমে তোলা একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন রাশমিকা। একই লোকেশন থেকে ছবি শেয়ার করেন বিজয়ও। যদিও এই বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন বিজয় দেবেরাকোন্ডা। সেখানেই নেটিজেনদের চোখে পড়ে বিশেষ এক মুহূর্ত। ছবিতে বিজয়কে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় এক নারীকেই, যাকে দেখে অনুরাগীদের ধারণা-তিনি রাশমিকাই। যদিও সেই ছবিতে তাদের সঙ্গে বন্ধুরাও ছিলেন। নতুন পোস্টের ক্যাপশনে বিজয় লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। আমরা একসঙ্গে আগামী দিনে আরও অনেকটা পথ চলব। একসঙ্গে বড় হব, ভালোবাসা ছড়িয়ে দেব সকলের মধ্যে। অনেকটা ভালোবাসা।’ এই বার্তাও নতুন করে আগুনে ঘি ঢালার কাজ করেছে। সিনেদুনিয়ার গুঞ্জন অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে রাজস্থানে রাজকীয় আয়োজনে সাতপাক ঘুরতে পারেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শোনা যাচ্ছে, গোপনে তাদের বাগদানও সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজপ্রাসাদে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে মালাবদল করবেন এই তারকা জুটি।