গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ব্যানার ৫৭ হাজার

গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ব্যানার ৫৭ হাজার গণভোটের প্রচারে সারা দেশে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন ইসি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করছে ইসি। আজ ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, গণভোটের প্রচারে জনবহুল স্থানে ১০ ফিট বাই ৪ ফিট এবং ভোটকেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুলসংখ্যক ব্যানার টানানো হবে। ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে। এ ছাড়া রিটার্নিং অফিসারের অফিসের সামনে এবং জনবহুল স্থানে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই ৪ ফিট সাইজের প্রায় ১৫ হাজার বড় ব্যানার এবং ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত সদ্য চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেমে দেশজুড়ে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের এক উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে। এতে দেখা গেছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কগুলোতে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সক্রিয় রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এনইআইআর সিস্টেমে দেশজুড়ে অসংখ্য অস্বাভাবিক আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর শনাক্ত হয়েছে। ক্লোন ও নকল হ্যান্ডসেট বন্ধে গত ১ জানুয়ারি থেকে বহুল প্রতীক্ষিত এনইআইআর সিস্টেম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই ব্যবস্থা চালুর পরপরই জালিয়াতির এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনুমিতভাবেই দলের নেতৃত্ব থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সিকান্দার রাজার হাতে। তবে জিম্বাবুয়ের ঘোষিত এই ১৫ সদস্যের দলে সবথেকে বড় চমক হিসেবে হাজির হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৭ বছরের নির্বাসন ও বিরতি কাটিয়ে সরাসরি বিশ্বকাপের বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করছেন এই অভিজ্ঞ লেগ-স্পিনার। বোলিং ইউনিটে মুজারাবানি স্বস্তি: জিম্বাবুয়ের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ব্লেসিং মুজারাবানিকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে বোর্ড। পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ মিস করলেও বিশ্বকাপের আগেই ফিটনেস ফিরে পেয়েছেন এই দীর্ঘদেহী পেসার। মুজারাবানির অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণকে বহুগুণ শক্তিশালী করবে। তবে কপাল পুড়েছে বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরির। স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি। অভিজ্ঞতার মিশেল ও রাজার সেনাপতিরা: অধিনায়ক সিকান্দার রাজা দলে পাচ্ছেন ব্রেন্ডন টেলরের মতো কিংবদন্তি ক্রিকেটারকে, যার উপস্থিতি ব্যাটিং অর্ডারে বাড়তি গভীরতা যোগ করবে। এছাড়া শন উইলিয়ামসের বিকল্প হিসেবে সম্প্রতি দলে জায়গা করে নেওয়া ক্লাইভ মাদান্দেও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মূল দলে। টনি মুনিয়োঙ্গা, রায়ান বার্ল এবং রিচার্ড এনগারাভাদের মতো পরিচিত মুখগুলো জিম্বাবুয়ের ‘রোডেশিয়ান’ গর্জন ধরে রাখতে প্রস্তুত। বিশ্বকাপের সূচি ও সমীকরণ: ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে লড়বে গ্রুপ ‘বি’-তে। যেখানে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে। ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে তাদের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ক্রেমারের প্রত্যাবর্তন এবং মুজারাবানির ফেরা জিম্বাবুয়ের জন্য বড় আশীর্বাদ। মন্থর গতির লঙ্কান উইকেটে রাজার স্পিন আর অভিজ্ঞ টেলরের ব্যাটিং জিম্বাবুয়েকে এই গ্রুপের ‘ডার্ক হর্স’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।

শুটিং শুরুর পরই আল্লু অর্জুনের সিনেমার আয় ৮১৪ কোটি টাকা?

শুটিং শুরুর পরই আল্লু অর্জুনের সিনেমার আয় ৮১৪ কোটি টাকা? ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন ধরে উড়ছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন আল্লু অর্জুন। কেবল তাই নয়, শুটিং ফ্লোরে গড়িয়েছে সিনেমাটি। আপাতত এর নাম রাখা হয়েছে—এএ২২×এ৬’।  শুটিং শুরুর পরই মোটা অঙ্কের অর্থ আয়ের খবর পাওয়া গেছে। সিনে জোশ এক প্রতিবেদনে জানিয়েছে, শুরু থেকেই তুমুল আলোচনায় রয়েছে ‘এএ২২×এ৬’ সিনেমা। আল্লু অর্জুনের এ সিনেমার সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনা নিয়ে দৌড়ঝাঁপ করছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। এর মধ্যে নেটফ্লিক্স ৬০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮১৪ কোটি টাকার বেশি) দিয়ে স্বত্ব কেনার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে; এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সম্ভাব্য এই চুক্তি সিনেমাটি ঘিরে প্রত্যাশা ও বিশালতার পরিসরের জানান দিচ্ছে। বর্তমানে মুম্বাইয়ে জোরকদমে সিনেমাটির শুটিং চলছে। কড়া সময়সূচির মধ্য দিয়ে কাজ এগোচ্ছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, রাশমিকা মান্দানা, মৃণাল ঠাকুর প্রমুখ। ‘এএ২২×এ৬’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও ব্লকবাস্টার পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটির বাজেট ১ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৫৬ কোটি টাকার বেশি); যা ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে।  সান পিকচার্স প্রযোজিত এ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স বিশেষজ্ঞরাও। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির কাজ শেষ করার লক্ষ্য স্থির করেছেন নির্মাতারা। ২০২৭ সালের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্রে মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। ফরিদুল হাসানের পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ। অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল— একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার অভিনয়ে এলাম। প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।” নাটকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারাবাহিক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণ

ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে শহরের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ভোর ২টার দিকে শুরু হওয়া এই অস্থিরতার কারণ কী ছিল বা ঠিক কোথায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রয়টার্স তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো যাচাই করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুমকি দিয়েছেন। তিনি প্রকাশ্যে তার লক্ষ্যগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেননি তবে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছেন। ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়া ‘বুদ্ধিমানের কাজ’ হবে।  ট্রাম্প গত মাসে মাদুরোকে চাপ দেওয়ার কৌশলের অংশ হিসেবে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা বাইরে যাওয়া সমস্ত অনুমোদিত জাহাজ অবরোধের ঘোষণা করেছিলেন। ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ দখলের জন্য ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মাদুরো। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্স-এ লিখেছেন, “এই মুহূর্তে তারা কারাকাসে বোমা হামলা চালাচ্ছে। সবাইকে সতর্ক করুন – তারা ভেনেজুয়েলায় আক্রমণ করেছে। তারা ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালাচ্ছে। (আমেরিকান স্টেটস অর্গানাইজেশন) এবং জাতিসংঘকে অবিলম্বে বৈঠকে বসতে হবে।”মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং উন্নত যুদ্ধবিমান।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে: ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলা হামলার পর দেশটির প্রেসিডেন্টকে স্ত্রীসহ আটক করা হয় বলে দাবি করছেন ট্রাম্প। রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে নিকোলাস মাদুরোর পাশাপাশি তার স্ত্রীকেও আটক করা হয়েছে। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে মাদুরোকে আটকের বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আকাশ দিয়ে নিচু হয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে। কয়েক মাস ধরে চলতে থাকা চাপের মুখে ভেনেজুয়েলার বর্তমান সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাদের দাবি, বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের আগে থেকেই ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন বাণিজ্যিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চলমান সামরিক তৎপরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে হামলার উদ্দেশ্য বা লক্ষ্যবস্তু সম্পর্কে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ওই সময় কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ বিষয়ে তাসনিম জারা বলেন, ‘মনোনয়নের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জন যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজন স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন; একজনকে ফোনে পাওয়া যায়নি, আরেকজন বলেছেন তিনি এই এলাকার ভোটার নন। আমার আপিল করার সুযোগ আছে, আমি আপিল করার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি বলেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করার পরও আমার জনপ্রিয়তা কমেনি। আমি জয়প্রত্যাশী এবং নির্বাচনে অংশ নিলে জয় লাভ করব।’ তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। হলফনামার তথ্য অনুসারে, তাসনিম জারার সম্পদ আছে ১৯ লাখ টাকার। তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা, সম্পদ আছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকার, আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই তার। নেই বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমিও। অলংকার আছে আড়াই লাখ টাকার। ব্যাংকে নিজ নাম জমা আছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার বছরে চাকরি থেকে আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। ব্যাংকে আমানত ২৬৪ টাকা। দেশের বাইরে আয় ৩২০০ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।  জারা পেশায় চিকিৎসক, তার স্বামী উদ্যোক্তা ও গবেষক। এনসিপির সদ্য পদত্যাগী এ নেত্রীর জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা তিনি।

৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থ সামরিকভাবে ব্যাহত হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।  শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থ সামরিকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের আপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটি আরো জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছীতে ৯ ডিগ্রি সেলসিয়াস।

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় বোর্ড

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় বোর্ড আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। ফ্র্যাঞ্চাইজি যদি তার পরিবর্তে অন্য খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে। আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে তার অন্তর্ভুক্তিকে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। এরপর ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে এমন সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে বোর্ড এমনটাই ধারণা করা হচ্ছে। ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরনো। সবশেষ বিসিসিআইয়ের বাংলাদেশবিরোধী হস্তক্ষেপে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ—এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের জায়গায় কার্যকর বিকল্প খুঁজে বের করা।