২২ বছরের খরা কাটিয়ে সেমিফাইনালে মরক্কো

২২ বছরের খরা কাটিয়ে সেমিফাইনালে মরক্কো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। রাবাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক মরক্কো। দুই অর্ধে দুটি গোল দীর্ঘ ২২ বছর পর সেমিফাইনালে পা রেখেছে মরক্কো। একটি করে গোল করে ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারি মরক্কোর হয়ে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে ক্যামেরুন খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। সবশেষ ২০০৪ নেশনস কাপের সেমিতে খেলেছিল দলটি। ২৬তম মিনিটে কর্নার থেকে আইয়ুব এল কাবির ফ্লিকে বল পেয়ে কাছ থেকে বল জালে পাঠান ব্রাহিম দিয়াজ। উরুতে লেগে বল জালে প্রবেশ করলে টুর্নামেন্টে এটি ছিল তার পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে সেট পিস থেকেই আসে ইসমাইল সাইবারির গোল। ফ্রি-কিক থেকে আসা বল পেয়ে নিচু বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনল খেলা মরক্কোর সমর্থকরা নেশনস কাপের সেমির গ্যালারিতেও উন্মাতাল পরিবেশের স্মৃতি ফিরিয়ে আনে। সেই চিরচেনা আবহে ওয়ালিদ রেগরাগুইয়ের দল পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রাখে। এই জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি করল রেগরাগুইয়ের শিষ্যরা। এখন আর মাত্র দুই জয় দূরে মরক্কো। ১৯৭৬ সালের পর প্রথম মহাদেশীয় শিরোপা জয়ের হাতছানি।এটি মরক্কোর এটি টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। যা শুরু হয়েছিল ২০২৩ আফকনের শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর থেকে। আগামী বুধবার একই মাঠে সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে শনিবারের কোয়ার্টার ফাইনালে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী।

বিশ্বকাপের আগে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স, জেনে নিন সময়সূচি

বিশ্বকাপের আগে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স, জেনে নিন সময়সূচি আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জিলেট স্টেডিয়ামে আগামী ২৬ শে মার্চ রাত ২টায় মাঠে নামবে ব্রাজিল-ফ্রান্স। ম্যাচটি হবে ‘রোড টু ২৬’ নামের নতুন আন্তর্জাতিক সিরিজের অংশ হিসেবে। এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৭টি ম্যাচ, ড্র হয়েছে ৬টি এবং ব্রাজিল জয় পেয়েছে ৫টিতে। সর্বশেষ ২০২৪ সালের জুনে প্যারিসে ২-১ ব্যবধানে জিতেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ‘রোড টু ২৬’ সিরিজে ব্রাজিল ও ফ্রান্সের পাশাপাশি অংশ নিচ্ছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। একনজরে ‘রোড টু ২৬’-এর সম্পূর্ণ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী): তারিখ (বাংলাদেশ) ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ) ২৬ মার্চ, ২০২৬ ব্রাজিল বনাম ফ্রান্স জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস রাত ২:০০টা ২৭ মার্চ, ২০২৬ কলম্বিয়া বনাম ক্রোয়েশিয়া ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ফ্লোরিডা ভোর ৫:৩০টা ২৯ মার্চ, ২০২৬ ফ্রান্স বনাম কলম্বিয়া নর্থওয়েস্ট স্টেডিয়াম, মেরিল্যান্ড রাত ১:০০টা ১ এপ্রিল, ২০২৬  ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ফ্লোরিডা ভোর ৬:০০টা।

তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি করল ইসি

তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি করল ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের পর শনিবার (১০ জানুয়ারি) থেকে আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানিতে সকাল থেকে প্রথম তিন ঘণ্টায় ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি। জানা গেছে, ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ছয় জন প্রার্থীর আপিল না মঞ্জুর করেছে কমিশন। এছাড়া চার জন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরও কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে সড়ক সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

২০২৫ সালে সড়ক সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৫৮৪টি। নিহত ৭৩৫৯ জন এবং আহত ১৬,৪৭৬ জন। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনসহ ২১ দফা সুপারিশ করে সংস্থাটি। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো একজন ডেঙ্গু শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো একজন ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর ফলে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ জনই থাকল। গত দিনেও চারজন ভর্তি ছিলেন। ভর্তি থাকা এই ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

আগামীকাল ১৪৪টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় বসবেন ১৫১৪৭ প্রার্থী

আগামীকাল ১৪৪টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় বসবেন ১৫১৪৭ প্রার্থী চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল শুক্রবার সহকারী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চঁপাইনবাবগঞ্জ জেলায় শূন্যপদ ১৪৪টি। এর মধ্যে সদর উপজেলায় পদ শূন্য আছে ৩৫টি, শিবগঞ্জ উপজেলায় ৪৭টি, গোমস্তাপুর উপজেলায় ৩২টি, নাচোল উপজেলায় ১৭টি ও ভোলাহাট উপজেলায় ১৩টি। এর বিপরীতে মোট চাকরিপ্রার্থী আবেদন করেছেন ১৫ হাজার ১৪৭ জন। অর্থাৎ আজ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা সদরে অনুষ্ঠিতব্য ২১টি কেন্দ্রে এই ১৫ হাজার ১৪৭ জন পরীক্ষায় বসবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন— “আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ২১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। প্রশ্ন ফাঁসসহ গুজব প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আশা করছি, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমি নিজেও বিষয়টি দেখছি।” এদিকে পরীক্ষাকে সামনে রেখে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি শুক্রবার বেলা ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, এক্ষেত্রে কারো কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায়, দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ার কোনোরূপ প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হলো।”

বাবুডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ

বাবুডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের গ্রামবাসী মিলিয়ে ২৭০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রোগ্রামের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং। কম্বল বিতরণের সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন— ডেপুটি টিম লিডার এ.এইচ.এম মুনাইমুল আজম ও স্পেশাল আউটরিচ গেস্ট ইসরাত জাহান মিম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। অন্যদের মধ্যে বক্তব্য দেন— মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী রুমালী হাঁসদা, মোড়ল চানু হাঁসদা, মাধব সরেন, লাছাম মুরমু, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি, পতাকা বৈঠকে প্রতিবাদ

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি, পতাকা বৈঠকে প্রতিবাদ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের হাতে আটকের পর বিজিবির কর্তৃক উদ্ধার দুই ভারতীয় জেলেকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল বিকেল ৫টায় পতাকা বৈঠকে ওই দুই ভারতীয়কে ফেরত দেয়া হয়। ওই দুই ভারতীয় হলেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার সিংগাবাদ টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বচ্চন মোহলদার এবং একই গ্রামের সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল দুপুর ১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯ এর নিকট দিয়ে সিরামের দাঁড়া বিলে মাছ শিকার করতে করতে ওই ২ ভারতীয় বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর স্থানীয় বাংলাদেশীরা তাদের আটক করে। পরে বিকাল ৪টার দিকে চাঁড়ালডাঙ্গা বিওপি সদস্যরা তাঁদের কেতাববাজার নামক এলাকা থেকে উদ্ধার করে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের ফেরত চেয়ে বিজিবির নিকট অনুরোধ করে বিএসএফ। এ প্রেক্ষিতে বিকাল ৫টায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প ও চাঁড়ালডাঙ্গা বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই দুই ভারতীয়কে বিএসএফ এর নিকট হস্তান্তর করে বিজিবি। আজ বিকালে ১৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, এ ঘটনায় বিএসএফর নিকট কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ এক নারী গ্রেপ্তার

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ এক নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ মোসা. দুলালী (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত বুধবার র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারী শিবগঞ্জ পৌরসভার নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। র‌্যাব আরো জানায়, র‌্যাবের একটি দল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রামে ধৃত নারীর বসতবাড়ির ভেতরে অভিযান চালায়। অভিযানে গোসলখানার ভেতর থেকে ২৫ বোতল চকোপ্লাস সিরাপ, ৫ বোতল কফরিলিফ সিরাপ ও ১ বোতল ফেনসিডিলসহ দুলালীকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ইনার হুইল ক্লাবের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ইনার হুইল ক্লাবের কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ইনার হুইল ক্লাব-৩২৮ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কল্যাণী মহিলা সমিতির মার্জিনা হক মিলনায়তনে এসব কম্বল বিতরণ করেন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ফারুকা বেগম। শীতের এই দুঃসময়ে কম্বল পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করে বলেন, খুবই সুন্দর কম্বল, আজ রাতে কম্বলের গরমে আরামে ঘুমাতে পারবো। খুব কষ্টে ছিলাম। ইনার ক্লাবকে ধন্যবাদ জানান তারা। ক্লাবের প্রেসিডেন্ট ফারুকা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে পেরে আমরা আপ্লূত। এ কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে ইনশাআল্লাহ। এ কার্যক্রমে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের চার্টার্ড প্রেসিডেন্ট অ্যাড. আঞ্জুমান আরা, সেক্রেটারি মহুয়া কাউসার, ট্রেজারার মনসুরা খাতুন, সদস্য ডলি আরা, সাহিনা জামান ও রাজিরা সুলতানাসহ অন্যরা।