হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে হজযাত্রীদের। এসব পরীক্ষার ভিত্তিতে তারা টিকা নিতে পারবেন। সম্প্রতি এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণায়ল। গত ৬ জানুয়ারি জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) ও Blood Grouping and Rh Typing। এ ছাড়াও দুরারোগ্য ব্যাধি (প্রযোজ্য ক্ষেত্রে) নির্ণয়ের জন্য আরো কিছু পরীক্ষা সম্পন্নের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেগুলোর মধ্যে রয়েছে- সন্দেহজনক হৃদপিণ্ডের অকৃতকার্যতার পরীক্ষা- Echocrdiography। কিডনি জটিলতার ক্ষেত্রে- S. Creatinine, USG of KUB। সন্দেহজনক লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে- USG Whole abdomen, Endoscopy of upper GIT. দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণে-Sputum for AFB, CTScan of chest, Serum bilirubin, SGPT, Albumin Globubin ratio। হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিক্যাল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ নিতে হবে। যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালন করতে পারবেন।

আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে মৃদু শৈত্যপ্রবাহ  দেশের ১৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।  পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে বর্তমানে উত্তরপূর্ব শ্রীলঙ্কা উপকূলবর্তী দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শনিবার দুপুর/বিকাল নাগাদ উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।  আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলা ও রাজশাহী বিভাগের ৮ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে। আগামীকাল রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুদ্ধ থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থ্য সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুদ্ধ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুদ্ধ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি

পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি গত বছরের ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রাখেন নন্দিত নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। বিশেষ এই দিনটি বিশেষভাবে উদযাপন করেন তিনি। ছুটে যান ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে, সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের কিছু অপ্রকাশিত সত্য সামনে আনেন মিমি। তিনি জানান, ‘মিমি’ চকলেট খেতে ভালোবাসতেন বলে সেটির সঙ্গে মিল রেখে নিজের নামটিও তার রাখা। বর্ণনা করলেন সেই মজার গল্পটিও। বড় বোন অ্যানির সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নিয়েছিলেন। তাই তো মজার সুরে বললেন, আমি বোধহয় পৃথিবীর একমাত্র শিশু, যে কি না নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি!

‘শীত-গরম বুঝি না দিনে তিনবার গোসল করি’

‘শীত-গরম বুঝি না দিনে তিনবার গোসল করি’ দেশের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ চলমান। ঠান্ডায় জবুথবু দেশবাসী। রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। এমন পরিবেশে অনেক মানুষই গোসল কম করে থাকেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু’ চরিত্র রূপায়নকারী চাষী আলম বাস্তব জীবনে এ পরিস্থিতি কীভাবে সামলান? ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বলেন, “আমি দিনে তিনবার করে গোসল করি; সেটা শীত হোক বা গরম। এটা আমার অভ্যাস।” দিনে কেন তিনবার গোসল করেন? এমন প্রশ্ন রাখা হলে চাষী আলম বলেন, “এটা আমার ভালো লাগে তাই! গোসল করার মজাই আলাদা। যদিও গোসল করতে ৫-৭ মিনিটের বেশি সময় নিই না।”চাষী আলমের এই বক্তব্যের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। প্রিয় অভিনেতার মন্তব্য ঘিরে চর্চায় মেতেছেন নেটিজেনরা। অনেকের সঙ্গে তার অভ্যাস মিলে যাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ! কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয়। তারপর দ্রুত সময়ের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করে নাটকটি, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। দর্শক চাহিদার কারণে এ পর্যন্ত চারটি সিজন শেষ হয়েছে, এখন পঞ্চম সিজনের প্রচার চলছে। তবে বরাবরের মতো এ সিজন দেখেও মুগ্ধতার কথা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা।  এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো—কাবিলা, পাশা, হাবু, শুভ, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে ধরা দিয়েছেন জিয়াউল হক পলাশ। পাশা, হাবু, শুভ শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন—মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, শিমুল শর্মা।

রাজকে ঘিরে মিমের রহস্যময় পোস্ট!

রাজকে ঘিরে মিমের রহস্যময় পোস্ট! ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ত ও বাছাই করা কাজের জন্য পরিচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গল্প ও চরিত্রে গুরুত্ব না থাকলে পর্দায় ফিরতে আগ্রহী নন তিনি। তবে নতুন বছরে কিছু নতুন কাজের বার্তা আগেই দিয়ে রেখেছিলেন এই নায়িকা। এবার সেই ইঙ্গিত আরও ঘনীভূত করলেন এক রহস্যময় ফেসবুক পোস্টে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন মিম। ছবিতে অভিনেতার মুখ দেখা যায়নি, পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়ব। ক্যাপশনে মিম লেখেন, “পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?” এই এক লাইনের পোস্টেই মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। বেশির ভাগ ভক্তের ধারণা, ছবির মানুষটি শরিফুল রাজ। কেউ কেউ আবার আরিফিন শুভর নামও উল্লেখ করেন। অনেকের মন্তব্য, এই গেটআপ আর স্টাইল রাজ ছাড়া অন্য কারও হতে পারে না। বোঝাই যাচ্ছে, সহ-অভিনেতাকে নিয়েই ইচ্ছাকৃতভাবে রহস্য তৈরি করতে চেয়েছেন মিম। বিষয়টি জানতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্য ভাঙতে রাজি হননি। মিম বলেন, “ধারণা তো করছেনই সবাই। আপাতত আমার কিছু বলার বারণ আছে। এটুকু বলতে পারি, এটি নতুন কাজের ইঙ্গিত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।”এরপর খোঁজ নিয়ে জানা যায়, মিম যে অভিনেতার সঙ্গে ছবি দিয়েছেন, তিনি আসলে আরিফিন শুভ নন, শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’-এর পর দীর্ঘ বিরতি শেষে রাজ-মিম আবার জুটি হতে যাচ্ছেন। এই জুটিকে নিয়ে রোমান্টিক গল্পের একটি সিনেমা নির্মাণ করছেন আলভী আহমেদ। যদিও এখনো রাজ, মিম কিংবা নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সূত্র জানায়, কিছুদিন আগে আরিফিন শুভ ও মিম জুটি হয়ে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিং করতে রাজশাহী গিয়েছিলেন। তার আগেই আলভী আহমেদের সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। পরে একই সিনেমায় চুক্তিবদ্ধ করা হয় শরিফুল রাজকেও। তবে ভালো দিনক্ষণ ও দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এ বিষয়ে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। রাজ বলেন, “এই মুহূর্তে আমি তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এখন কিছু বলতে চাই না। নতুন কোনো কাজ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে।”উল্লেখ্য, রাজ ও মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পায় ২০২২ সালের ঈদুল আজহায় এবং সুপারহিট ব্যবসা করে। এরপর একই পরিচালকের ‘দামাল’-এও দেখা যায় এই জুটিকে। পরপর দুটি সফল সিনেমার পর প্রায় পাঁচ বছর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সেই আক্ষেপই এবার ঘুচতে পারে বলে মনে করছেন ভক্তরা। অন্যদিকে, গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া রাজ অভিনীত ‘ইনসাফ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। বর্তমানে তিনি কাজ করছেন ‘বনলতা এক্সপ্রেস’-এ, যা আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের আহ্বান সাবেক শাহের পুত্রের

ট্রাম্পকে ইরানে হস্তক্ষেপের আহ্বান সাবেক শাহের পুত্রের ইরানের প্রয়াত সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইরানের জনগণকে সাহায্য করার জন্য হস্তক্ষেপ করতে প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন। পোস্টে রেজা লিখেছেন, “মাননীয় প্রেসিডেন্ট, এটি আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। জনগণ এক ঘন্টার মধ্যে আবার রাস্তায় নেমে আসবে। আমি আপনাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি।”যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসকারী রেজা পাহলভি ইরানিদের প্রতিবাদ করতে উৎসাহিত করেছেন। যদিও বিক্ষোভকারীদের মধ্যে তার সমর্থন সঠিকভাবে পরিমাপ করা অসম্ভব। তবুও বিক্ষোভকারীদের মধ্যে তার প্রত্যাবর্তনের দাবিতে ক্রমবর্ধমান স্লোগান দিতে দেখা যাচ্ছে। রেজা তার পোস্টে আরো লিখেছেন, “আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করার জন্য এবং নিরাপত্তা বাহিনীকে বিপুল সংখ্যক লোক নিয়ে পরাজিত করার জন্য রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছি।”গত ১৩ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। শুরুতে ছোট আকারেও হলেও এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে। সরকার ইতিমধ্যে ইরানের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীরা নিহত হলে ইরানকে ‘অত্যন্ত কঠোর’ আঘাত করা হবে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পকে তার ‘নিজের দেশের সমস্যার দিকে মনোনিবেশ করতে’ বলেছেন।

রাশিয়া–চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ চান ট্রাম্প

রাশিয়া–চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ চান ট্রাম্প রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘মালিকানা’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এমন চাওয়াকে ঘিরে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে কূটনৈতিক উত্তেজনা।  শনিবার (১০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেন, “আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে। এটি করা হবে ‘সহজ অথবা কঠিন উপায়ে’।”হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ন্যাটো সদস্য দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। একই সঙ্গে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অঞ্চলটি দখলের সম্ভাবনাও নাকচ করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষই স্পষ্ট করে জানিয়েছে, অঞ্চলটি বিক্রির জন্য নয়। ডেনমার্কের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তা উত্তর আটলান্টিক জোট বা ন্যাটোর অবসান ডেকে আনতে পারে। গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব আরো বাড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। এখনও নর্থ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে, উন্মুক্ত হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ ও নতুন নৌপথ। ফলে গ্রিনল্যান্ড ভবিষ্যতের ভূরাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ ও জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। কোনো প্রমাণ ছাড়াই তিনি বলেছেন, “অঞ্চলটির চারদিকে রাশিয়া ও চীনের জাহাজে ভরে আছে।”ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে আরো সেনা মোতায়েন করতে পারে। তবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইজারা চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট নয়। ”তিনি বলেন, “দেশগুলো নয় বছরের চুক্তি বা এমনকি ১০০ বছরের চুক্তিও করতে পারে না। মালিকানা থাকতে হয়।” চীন ও রাশিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি চীনের জনগণকে ভালোবাসি। আমি রাশিয়ার জনগণকেও ভালোবাসি। কিন্তু গ্রিনল্যান্ডে তাদের প্রতিবেশী হিসেবে চাই না, তা হতে দেওয়া হবে না। আর এ বিষয়টি ন্যাটোকেও বুঝতে হবে।” এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, “প্রেসিডেন্ট ও তার দল এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার মতো বিকল্পও তার হাতে আছে।” এরপরই ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডাসহ ডেনমার্কের ন্যাটো মিত্ররা একযোগে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে। একাধিক বিবৃতিতে তারা পুনর্ব্যক্ত করেছে, “ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া তাদের পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর কারও নেই।”যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর নেতারা জোর দিয়ে বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে তারা যুক্তরাষ্ট্রের মতোই আগ্রহী ও সচেতন। তবে তাদের মতে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে ন্যাটোর সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে, যার মধ্যে যুক্তরাষ্ট্রও থাকবে। সেইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলতে বলেন। যার মাঝে আছে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা ও আন্তর্জাতিক সীমান্ত অমান্য না করা।

ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ

ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার হামলার কারণে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের রাজধানী ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো। এরপরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছে। খবর এএফপির। শুক্রবার নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইউক্রেনের প্রেসিন্টে আন্দ্রে মেলনিক বলেছেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের এক ভয়াবহ নতুন স্তরে পৌঁছেছে। মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, সর্বশেষ হামলার ফলে কিয়েভের অর্ধেক আবাসিক ভবনে তাপপ্রবাহের ব্যবস্থা বন্ধ রয়েছে।ক্রেমলিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ইউক্রেনে একটি ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিও নিশ্চিত করেছে। রাশিয়ান ফেডারেশন আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে, তারা লভিভ অঞ্চল লক্ষ্য করে একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে। এ ধরনের হামলা ইউরোপীয় মহাদেশের নিরাপত্তার জন্য একটি গুরুতর এবং অভূতপূর্ব হুমকির প্রতিনিধিত্ব করছে বলেও উল্লেখ করা হয়েছে। মস্কোর দাবি, ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরণের ওয়ারহেড দিয়ে সজ্জিত হতে পারে। এর গতিরোধ করা অসম্ভব। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধকে ছয় সদস্য দেশ- ফ্রান্স, লাটভিয়া, ডেনমার্ক, গ্রিস, লাইবেরিয়া এবং যুক্তরাজ্য সমর্থন করেছে বলে একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে।

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো ভারতীয় বোর্ড

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙলো ভারতীয় বোর্ড দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে নেই এক মাসও। অংশ নিতে যাওয়া দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে বাংলাদেশ দল রয়েছে আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকাল বিসিসিআইয়ের বৈঠক হয় মুম্বাইয়ে। বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। দেবাজিৎ বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’

ডাম্বুলায় বৃষ্টির দাপটে পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

ডাম্বুলায় বৃষ্টির দাপটে পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ শ্রীলঙ্কা ও পাকিস্তানের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শুক্রবার ডাম্বুলায় অনবরত বৃষ্টিতে টসও হতে পারেনি। টানা বৃষ্টির কারণে একাধিকবার সময় নির্ধারণ করেও খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দলেরই এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দিকে মনোযোগ। এর আগে, বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাম্বুলার এই রাঙ্গিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে ১–০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ওই ম্যাচে ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ২০ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেয় সফরকারীরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী রোববার একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।