দিনের তাপমাত্রা বাড়লেও রাতে থাকবে অপরিবর্তিত

দিনের তাপমাত্রা বাড়লেও রাতে থাকবে অপরিবর্তিত সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শনিবার (১৭ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়রছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার আকাশসীমায় সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু দেশের ওপর দিয়ে বিমান পরিচালনার ক্ষেত্রে ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ নিয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এফএএ তাদের বিজ্ঞপ্তিতে এই সতর্কতার কারণ হিসেবে সেখানে চলমান সামরিক কর্মকাণ্ড ও জিপিএস হস্তক্ষেপের ঝুঁকির কথা উল্লেখ করেছে। এফএএ জানায়, তারা বিমান সংস্থাগুলোকে মেক্সিকো, মধ্য আমেরিকার দেশগুলোর পাশাপাশি ইকুয়েডর, কলম্বিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আকাশসীমার কিছু অংশে ‘সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়ে নোটিশ জারি করেছে। সংস্থাটি বলেছে, শুক্রবার জারি করা এই সতর্কতা আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। লাতিন আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। বর্তমানে ওই অঞ্চলে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা, কিউবার প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং মেক্সিকো ও কলম্বিয়ার মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে হামলার হুমকির কারণে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গত মাসে ভেনেজুয়েলার কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি ট্যাঙ্কার বিমানের সঙ্গে মাঝআকাশে সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানকে জরুরিভাবে পথ পরিবর্তন করতে হয়েছিল। জেটব্লু ফ্লাইট-১১১২ ক্যারিবিয়ান দেশ কিউরাসাও থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। ভেনেজুয়েলা উপকূল থেকে প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) দূরে থাকা অবস্থায় এয়ারবাস বিমানটি মার্কিন বিমানবাহিনীর একটি জেটের মুখোমুখি হয়, যার ট্রান্সপন্ডার (অবস্থান শনাক্তকারী যন্ত্র) সচল ছিল না। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে আসার পর ট্রাম্প কলম্বিয়াসহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দেন। গত সপ্তাহে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, মেক্সিকো সরকারের দ্বারা নয়, বরং মাদক কার্টেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সেগুলো দমনে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করবে। ভেনেজুয়েলায় হামলার পর এফএএ পুরো ক্যারিবীয় অঞ্চলে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল, যার ফলে বড় বড় বিমান সংস্থাগুলোর শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এদিকে, মেক্সিকান সরকার মাদক কার্টেল দমন ও মার্কিন সীমান্তে অভিবাসীর ঢল কমাতে নানা পদক্ষেপ নিয়েছে বলে শুক্রবার জানান দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর ভেতরে মাদক কার্টেলগুলোকে লক্ষ্য করে ট্রাম্পের সাম্প্রতিক হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। শিনবাউম ট্রাম্পকে শান্ত রাখার চেষ্টা করছেন এবং মেক্সিকো ও মার্কিন প্রশাসনের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করছেন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রামন দে লা ফুয়েন্তে এক ফোনালাপের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তারা একমত পোষণ করেন যে, ‘পারস্পরিক হুমকি মোকাবিলায় আরও অনেক কিছু করা প্রয়োজন’। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ফোনালাপের বিষয়টি উল্লেখ করে শিনবাউম বলেন, মেক্সিকো সরকার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তিনি উদাহরণ হিসেবে দেশটিতে হত্যাকাণ্ডের হার হ্রাস, সীমান্তে মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক ফেনটানিল জব্দ করার পরিমাণ কমে আসা ও অভিবাসন হ্রাস পাওয়ার কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট শিনবাউম আবারও ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে অস্ত্র পাচার বন্ধ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে মাদকের ব্যাপক ব্যবহার মেক্সিকোতে কার্টেল সহিংসতা বৃদ্ধির একটি অন্যতম প্রধান কারণ। শিনবাউম বলেন, “অপর পক্ষকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। তাদের ওখানে যে (মাদক) ব্যবহারের সংকট রয়েছে, তা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনস্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে সমাধান করতে হবে।” গত সপ্তাহে শিনবাউম ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছিল। সেসময় মেক্সিকান প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে, মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম (QRT) কার্যক্রম চালু হয়েছে। হটলাইন-১০৯ এ কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিবে। এ ঘোষণা দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়াতে এই টিম কাজ করবে। দেশের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এ কার্যক্রম পৌঁছানোর জন্য তার মন্ত্রণালয় কাজ করছে। নারী-শিশুর জন্য নিরাপদ এসময় বাংলাদেশ গড়তে তরুণদের পাহাড়াদারের ভূমিকা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা। একই অনুষ্ঠানে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান তিনি।

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া ভেন্যু জটিলতা কাটাতে আজ (শনিবার) ঢাকা আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি।আইসিসি থেকে শুরুতে দুজন প্রতিনিধির আসার কথা থাকলেও ভিসা জটিলতায় একজন আসতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গেছে, আইসিসির যে ভারতীয় কর্মকর্তার আসার কথা ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি। ফলে আজ একাই ঢাকায় পৌঁছাবেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে যে, বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না। এর পরিবর্তে গ্রুপ পুনর্বিন্যাস করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বোর্ড ও সরকারের একাধিক পর্যায়ে বৈঠক হতে পারে। তিনি পুনরায় স্পষ্ট করেছেন, শ্রীলঙ্কায় খেলার দাবিতে বাংলাদেশ অবস্থান বদলাবে না। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত বৈঠক হবে। তবে এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভেন্যু পরিবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত সরকারপ্রধানের অনুমোদনের ওপর নির্ভর করতে পারে। যদি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত থাকে, তবে ‘সি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হবে। তবে এর জন্য আইসিসির বোর্ড সভার অনুমোদনের প্রয়োজন পড়বে। উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হওয়ার কথা ছিল। ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির নিজস্ব বিশ্লেষণ ও গাইডলাইন ইতিমধ্যেই আইসিসির শীর্ষ কর্মকর্তাদের কাছে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকের বৈঠকের পর এই সংকট নিরসনে নতুন কোনো বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি

সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি মাদেন দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স বা দুই লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যেই এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের অস্তিত্ব মিললেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে। মাদেন জানায়aJ, তাদের প্রধান প্রকল্প মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও এলাকায় এই স্বর্ণের মজুদের সন্ধান মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় স্বর্ণের মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও প্রকল্পে প্রথমবারের মতো ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ পাওয়া গেছে। মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানো এবং বৈশ্বিক খনি শিল্পে শীর্ষস্থানীয় অবস্থান গড়ে তোলার দীর্ঘমেয়াদি কৌশলেরই প্রতিফলন। তিনি বলেন, এই ফলাফল প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এ কারণেই সৌদি আরবের স্বর্ণ খাতে বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও জানান, চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ আবিষ্কার মাদেনের সক্ষমতা ও ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। এতে কোম্পানির স্বর্ণ পোর্টফোলিও আরও সমৃদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে নগদ আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। ২০২৬ সালের অনুসন্ধান কর্মসূচিতে মধ্য সৌদি আরবের স্বর্ণসমৃদ্ধ অঞ্চলগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে সেখানে নতুন খনিজ অঞ্চলের সন্ধান মিলেছে, যা বিদ্যমান খনিগুলোর পরিধি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে। ঐতিহাসিক মাহদ স্বর্ণ খনি এলাকাতেও নতুন খনিজ স্তরের সন্ধান পাওয়া গেছে, যা খনিটির আয়ুষ্কাল বাড়াতে সহায়ক হবে। মাদেন জানায়, তাদের সবচেয়ে বড় প্রকল্প মানসুরা মাসারাহ খনিতে বর্তমানে ১১ কোটি ৬০ লাখ টন আকরিক মজুদের ধারণা করা হচ্ছে। সেখানে প্রতি টন আকরিক থেকে গড়ে ২ দশমিক ৮ গ্রাম হারে মোট এক কোটি চার লাখ আউন্স স্বর্ণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ড্রিলিংয়ের ফলে এই প্রকল্পে গত বছরের তুলনায় নিট ৩০ লাখ আউন্স স্বর্ণের মজুদ বেড়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, মানসুরা ও মাসারাহ খনির গভীর স্তরে নতুন খনিজ আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালজুড়ে সেখানে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা হালনাগাদ করা হবে। সূত্র: গালফ নিউজ

শিবগঞ্জ মাদক বিরোধী ভলিবল প্রতিযোগিতা

শিবগঞ্জ মাদক বিরোধী ভলিবল প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ৭১-৫৮ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা দল। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—‘মাদক নয়, হোক জীবনের জয়’। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের মাঠে আনতে হবে। ভলিবল প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অ্যাথলেটিকস ও গ্রামীণ প্রতিযোগিতা সম্পন্ন

অ্যাথলেটিকস ও গ্রামীণ প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় (অনূর্ধ্ব-১৬) বালক-বালিকাদের দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মাসউদ-উল-হক ইনস্টিটিউট মাঠে সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬’র আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধরী ইমরুল হাসান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবীর। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা

প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার নেপালের কীর্তিপুরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচে ব্যাটে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারির অনবদ্য জুটি এবং বল হাতে রাবেয়া খানের দুর্দান্ত স্পিনে পাত্তাই পায়নি ডাচ নারীরা। এই জয় মূল আসরের আগে টাইগ্রেসদের মানসিকভাবে বেশ চনমনে রাখবে। যদিও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস (২)। তবে চাপ সামলে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে ১০১ বলে গড়েন ১৩৯ রানের অনবদ্য এক জুটি। মাত্র ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। অন্যদিকে ৫৮ বলে ৫৯ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন সোবহানা। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। ১৫২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন লেগ স্পিনার রাবেয়া খান। পেস অলরাউন্ডার রিতু মনিও ছিলেন দারুণ কার্যকর, তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়ে ডাচদের আটকে রাখেন ১২৫ রানে। নেদারল্যান্ডসের পক্ষে স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ৩১ ও ফিবি মোল্কেনবোর ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে নামার আগে আগামী শুক্রবার দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মূল আসরের মিশন।

শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয়

শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে পার্ল রয়্যালস। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে জয়ের জন্য পার্লের প্রয়োজন ছিল ২ রান। এক রান হলে ম্যাচ গড়াত সুপার ওভারে। চাপের মুহূর্তে ফিল্ডারদের সামনে এনে সিঙ্গেল নেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ডারবান। ঝুঁকি নিতে বাধ্য হয়ে শেষ বলে ছক্কা হাঁকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তার সেই ছক্কায় জয় নিশ্চিত করার পাশাপাশি এসএ টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে পার্ল রয়্যালস। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এইডেন মার্করামের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ১৮৭ রানের লক্ষ্য টপকে যায় পার্ল রয়্যালস। পার্লের জয়ে বড় ভূমিকা রাখেন ড্যান লরেন্স ও রুবিন হারম্যান। লরেন্স করেন ৬৩ রান, আর হারম্যান অপরাজিত থাকেন ৬৫ রানে। ১৯তম ওভারে ১৩ রান তোলার পর শেষ ওভারে পার্লের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। তৃতীয় ও চতুর্থ বল ডট যাওয়ায় সমীকরণ জটিল হয়ে পড়ে। শেষ দুই বলে দরকার হয় ৩ রান, এরপর এক রান নিলে আসে সেই নাটকীয় শেষ মুহূর্ত। শেষ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মাতেন সিকান্দার রাজা। ১৩ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ডারবানের হয়ে দুটি উইকেট শিকার করেন ইথান বশ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে এনেছে পার্ল রয়্যালস। পার্ল ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রিটোরিয়া ক্যাপিটালস। অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের অবস্থান বেশ কঠিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তারা রয়েছে পঞ্চম স্থানে।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৬০০ জন: মানবাধিকার সংস্থা

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৬০০ জন: মানবাধিকার সংস্থা ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২,৬০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২,৪০৩ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে। এ ছাড়া সরকার সংশ্লিষ্ট অন্তত ১৪৭ জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার এক ইরানি কর্মকর্তা জানান, দেশজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অস্থিরতায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। এদিকে ইরানের পরিস্থিতি নিয়ে দেশটির শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে একাধিকবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের হাতে ‘সব ধরনের বিকল্প’ খোলা রয়েছে। দ্রুত বিচার চায় ইরানের প্রধান বিচারপতি তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময়, যেখানে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের রাখা হয়েছে, ইরানের প্রধান বিচারপতি বলেন—যারা মানুষকে শিরচ্ছেদ করেছে বা পুড়িয়ে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এইচআরএএনএ আরও জানিয়েছে, এ পর্যন্ত দেশজুড়ে মোট ১৮,১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার তেহরানে অস্থিরতার সময় নিহত ১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীর স্মরণে একটি জানাজা মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইরানি কুর্দি মানবাধিকার সংগঠন হেঙ্গাও (Hengaw) জানিয়েছে, কারাজ শহরে বিক্ষোভসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এরফান সোলতানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা ছিল। হেঙ্গাও রয়টার্সকে জানায়, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সোলতানির সাজা কার্যকর হয়েছে কি না, তা তারা নিশ্চিত করতে পারেনি। রয়টার্সও স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।