প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের সত্যতা মেলেনি, ফল ‘অনতিবিলম্বে’

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের সত্যতা মেলেনি, ফল ‘অনতিবিলম্বে’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ অন্যান্য অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আর পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ -এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে আরও বলা হয়, সারাদেশে জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। কোনো জেলা থেকে কোনো প্রকার অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যথাযথভাবে পরীক্ষা পরিচালনায় দৃঢ় পদক্ষেপ গ্রহণের কারণে অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অপরাধে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ/ নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন সংস্থা কর্তৃক আটক ও মামলা দায়েরের ব্যবস্থা গৃহীত হয়েছে। ‘গত ১১ জানুয়ারি দেড় শতাধিক ব্যক্তি প্রশ্ন ফাঁসসহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগসমূহ গোয়েন্দা সংস্থার নিকট পাঠানো হয়। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত সম্পাদন করে এবং উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন প্রদান করে। বর্ণিত পরিস্থিতির আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে।
হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি

হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি ২০২৬ সালে হজে যেতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বলেন, ‘সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিক্যাল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগারি দলও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তার জন্য। মন্ত্রণালয় তাদের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠিয়েছে।’ হজ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজ পালন করবেন। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার শেষ সময় ছিল ২০২৫ সালে ১৬ অক্টোবর। আর নিবন্ধন শুরু হয় একই বছর ২৭ জুলাই। হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৬ সালের হজযাত্রীদের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকার সব হজযাত্রীর জন্য মেডিক্যাল ফিটনেস বাধ্যতামূলক করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘হজযাত্রা নির্বিঘ্ন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য সচেতন থাকা এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা। সাধারণ স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় হজযাত্রীদের প্রস্তুতি থাকতে হবে।’ হজযাত্রীরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা অফিস এবং বায়তুল মুকাররম হজ অফিস ও আশকোনা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন করেছেন। বাংলাদেশি হজযাত্রী বহনের জন্য মোট তিনটি এয়ারলাইন্স দায়িত্বে থাকবে। সেগুলো হলো— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। নির্দেশনা অনুযায়ী, এজেন্সিগুলোকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে ২০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে এবং বাকিদের প্রথম ও শেষ পর্যায়ে পাঠাতে হবে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কোনো এজেন্সি প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ের হজ ফ্লাইটে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না। সবাইকে নির্দেশনার আলোকে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট যেন সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, সেই কারণে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে পোস্ট না করলে নির্ধারিত সময়ে ভোট পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে। নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী রবিবারের মধ্যে ভোট প্রদান ও ব্যালট ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করেছে। এছাড়া, কমিশন জানিয়েছে, প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট যদি না পৌঁছায়, তবে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে বাংলাদেশকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার নির্দেশ চেয়ে করা জনস্বার্থ মামলা (পিআইএল) গ্রহণ করতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ এনে এই আবেদন করেছিলেন ভারতের এক আইনশিক্ষার্থী। বুধবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর আপত্তি তোলেন। আদালত বলেন, এই মামলায় যে প্রতিকার চাওয়া হয়েছে, তা পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট, যা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত। শুনানির শুরুতেই বেঞ্চ আবেদনটির প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেন এবং মন্তব্য করেন যে আদালতকে কোনো বিদেশি দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে বা ভারতের বিচারিক সীমার বাইরে গিয়ে তদন্ত করতে বলা যায় না। প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে রিট বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য হতে পারে না। আদালত আরও উল্লেখ করেন যে আবেদনকারী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও নির্দেশনা চেয়েছেন। তবে এসব প্রতিষ্ঠানের ওপর ভারতীয় আদালতের কোনো রিট এখতিয়ার নেই। বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে জানান, এই ধরনের মামলা পিআইএল এখতিয়ারের অপব্যবহার এবং এতে বিচারিক সময় নষ্ট হওয়ায় ভারী জরিমানা আরোপ করা হতে পারে। শুনানিকালে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিসিসিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে জানান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও মামলায় পক্ষভুক্ত করা হয়েছে। বেঞ্চ বারবার আবেদনকারীকে সতর্ক করেন যে আদালত বিদেশি ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে রিট জারি করতে পারে না কিংবা ভারত সরকারকে কোনো নির্দিষ্টভাবে অন্য দেশের সঙ্গে আচরণ করতে নির্দেশ দিতে পারে না। প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, কোনো আইনি ভিত্তি ছাড়া কল্পনা বা ব্যক্তিগত ধারণার ওপর ভর করে পিআইএল দায়ের করা যায় না। আদালত আবেদনকারীর সেই যুক্তিও খারিজ করে দেন, যেখানে তিনি পাকিস্তানের একটি আদালতের রায়ের ওপর নির্ভর করার চেষ্টা করেন। বেঞ্চ মন্তব্য করেন, ভারতীয় সাংবিধানিক আদালত পাকিস্তানের বিচারব্যবস্থা অনুসরণ করে না। বেঞ্চের ধারাবাহিক আপত্তির মুখে শেষ পর্যন্ত আবেদনকারী পিআইএলটি প্রত্যাহারের অনুমতি চান। আবেদন প্রত্যাহার করা হলে প্রধান বিচারপতি তাকে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন এবং বলেন, এ ধরনের আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয় ও অকারণে আদালতের ওপর চাপ সৃষ্টি করে। সূত্র: এনডিটিভি
এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে। এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি রয়েছে একটি রেফারেন্ডাম, রয়েছে পোস্টাল ব্যালট, যার কারণে ভোট গণনায় কিছু দেরি হতে পারে। এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সেজন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন। নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে উন্নত ইন্টারনেট সেবা দিতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব। প্রেস সচিব আরও বলেন, বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেপন্স করা হবে। ২৫ হাজার ৫০০ বডি অন ক্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে। ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় ১ লাখ সেনা সদস্য, নৌ বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। অন্য বাহিনীর সঙ্গে ফায়ার সার্ভিসও থাকবে। আরও থাকবে ৫০০ ড্রোন। এসময় পাবনা ১ ও ২ আসন নিয়ে শঙ্কা থাকলেও, দুই আসনসহ ৩০০ আসনেই নির্বাচন হবে। শফিকুল আলম বলেন, এবার নির্বাচনে অংশ নেবেন ১৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেখানে জেলা প্রশাসক জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি। নির্বাচনী সুরক্ষা নামে একটি অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিভাবে কাজ করবেন।
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
মাদকমুক্ত তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান : মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

মাদকমুক্ত তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান : মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মাদকদ্রব্যের ভয়াবহ প্রভাব ও নৈতিক অবক্ষয় রোধে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারুণ্যনির্ভর, উন্নত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হাসান আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথবাক্য পাঠ এবং ‘মাদককে না বলুন’ লেখা সংবলিত লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ

ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলাহাট কৃষক প্রশিক্ষণ হলরুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় মাল্টিডাইমেনশনাল এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সোমবার প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন— এসএসিপি প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার কৃষিবিদ মো. সাইফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীসহ অন্যরা।
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার চাঁপাই-পলশায় অবস্থিত রেডিও মহানন্দার অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন। সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অনুষ্ঠানের পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মাঝে এখনও কিছু শংকা এবং নিরাপত্তা সংশয় রয়েছে স্বীকার করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ বলেছেন নির্বাচনের এখনও কিছুদিন বাকী রয়েছে। কিছু কিছু নিাপত্তা বাহিনী মাঠে নেমে গেছে। কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনীগুলো তাঁদের কার্যক্রম বাড়াবে। তৎপর ও প্রকাশ্য হবে। গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়বে। এতে মানুষের নির্বাচন নিয়ে সকল ধরনের সংশয় কেটে যাবে। আজ দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগ্যঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সুষ্ঠুভাবে সংসদ ও গণভোট নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচন এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত উচ্চ পর্যায়ের সার্বিক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সভার প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। একই সাথে দু’ধরনের ভোট প্রদানের বিষয়টি বিস্তারিত ব্যাখা করে তিনি বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার প্রচার করছি। সাড়াও পেয়েছি। জনগণ এটি ভাল ভাবে নিয়েছে। আসন্ন নির্বাচন সংস্কারণ করে দেশ গঠনে শতাব্দীর বড় সুযোগ এনেছে। রাষ্ট্রকে জনগণের নিকট ফিরিয়ে দেয়ার সুযোগ এসেছে। এটি হাতছাড়া করা ঠিক হবে না। গণমাধ্যম কর্মীসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসন নিরপেক্ষ আছে এবং প্রস্তুত আছে। নিয়মিত সকল দিকে নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে নির্বাচনে কোন সমস্যা হবে না। দূর্গম চরাঞ্চলসহ সকল স্থানেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যাবে। সোস্যাল মিডিয়া ব্যবহার করে যাতে কোন ফেক নিউজ ছড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকারও আহব্বান জানান বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান বলেন, নির্বাচন আয়োজনে নিাপত্তা প্রস্তুতি যথেষ্ট রয়েছে। এ ব্যাপারে সহযোগি বাহিনীগুলোর সাথে নিয়মিত কথা বলা হচ্ছে। সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও সমন্বয় আছে। কিছু পরিকল্পনা ও কৌশলও প্রণয়ন করা হয়েছে। যা সময়মত কাজে লাগানো হবে। নির্বাচনে অবৈধ অস্ত্র যাতে ব্যবহার না হয় সে পদক্ষেপ নেয়া হবে। সীমান্তপথে অস্ত্র প্রবেশ রোধেও সংশ্লিষ্টদের নজর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা।