নিষ্প্রভ মেসি, ড্র করল মায়ামি

নিষ্প্রভ মেসি, ড্র করল মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিল এসসির মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেসির মায়ামি, তবে আক্রমণে তুলনামূলক বেশি দাপট দেখিয়েছে স্বাগতিক ন্যাশভিল। মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রেখে মোট পাঁচটি শট নেয়, যার মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ন্যাশভিল ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ৫৫ মিনিটে মেসি বাঁ দিক দিয়ে দৌড়ে এসে একটি জোরালো শট নেন। তবে দারুণ দক্ষতায় সেটি রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। এটাই ছিল ম্যাচে মেসির একমাত্র লক্ষ্যে রাখা শট। ৬৫ মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পায় ন্যাশভিল। কর্নার থেকে আসা বলে রিড বেকার-হোয়াইটিং হেড নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে শেষ পর্যন্ত গোলশূন্যই থাকে ম্যাচের ফল। ন্যাশভিলের বিপক্ষে এর আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। ২০২৪ সালের এপ্রিল থেকে এই প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। সেই সময় ১২ গোলের পাশাপাশি পাঁচটি সহায়তাও করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবার গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকে। কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় লেগে। সেই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে মেসির মায়ামি।
সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান। বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিমের। তবে সে সময় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও নির্বাচন বর্জন করে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সেই সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন। কিন্তু নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না গেলেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন এই তারকা ব্যাটার। সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে, অবশ্যই।’ নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি। তামিম বলেন, ‘আমি মনে করি, আমার সামর্থ্য আছে। ক্রিকেটিং সার্কেলে আমার কাজ সম্পর্কে অনেকেরই ধারণা আছে।’ অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্যকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তার ভাষায়, ‘অভিজ্ঞতা, বয়স—এসবের ওপরে সবচেয়ে জরুরি বিষয় হলো ইচ্ছা ও উদ্দেশ্য। অনেক অভিজ্ঞ মানুষ তো দীর্ঘদিন বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে যারা ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন অভিজ্ঞদের ওপর বিশ্বাস করেছেন, একবার আমাদের মতো অনভিজ্ঞদের ওপরও বিশ্বাস করে দেখতে পারেন।’
পেনাল্টি মিস করে সমালোচনার মুখে ভিনিসিয়ুস

পেনাল্টি মিস করে সমালোচনার মুখে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি মিস করার কারণে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফরোয়ার্ডকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি পেলে স্পট কিক নিতে এগিয়ে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই পেনাল্টি মিসের পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল উইঙ্গার স্টিভ ম্যাকম্যানামান ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার কৌশল নিয়ে কড়া মন্তব্য করেন। ম্যাকম্যানামান বলেন, “আমি এ ধরনের পেনাল্টি পছন্দ করি না। যদি ‘পানেনকা’ স্টাইলে নেন, তাহলে গোল করতেই হবে। কারণ জোরে মারলে গোলরক্ষক ঠেকাতে পারে। এভাবে শট নেওয়ার মানে হলো একটু দেখানো। এটা খুবই বাজে পেনাল্টি ছিল। ম্যাচ যদি তখন ০-০ থাকত, সে কখনোই এমনভাবে পেনাল্টি নিত না ‘যদিও পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়ুস, তবু ম্যাচের সামগ্রিক চিত্র ছিল রিয়াল মাদ্রিদের দাপট। ভালভার্দের হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে স্পেনের এই ক্লাবটি।
হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখল ইসরায়েল

হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখল ইসরায়েল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তাপ ছড়িয়ে বুধবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ অন্তত ১৫০টি রকেট নিক্ষেপ করেছে। চলতি মাসে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ বলে বিবেচিত হচ্ছে। একই সময়ে ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হামলাকে একটি ‘সমন্বিত অভিযানে’ রূপ দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, এই জোরালো আক্রমণের ফলে দেশটির বিশাল এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিতে হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনীর মধ্যে শুরু হওয়া প্রচণ্ড লড়াইয়ের প্রেক্ষাপটে হিজবুল্লাহ এই নতুন অভিযান শুরু করেছে। মূলত তাদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের ওপর চলমান হামলা ঠেকাতেই লেবানন থেকে এই পাল্টাপাল্টি আক্রমণ চালানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে তারা হিজবুল্লাহর সাথে একযোগে এই অভিযান পরিচালনা করেছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্যালিলি থেকে শুরু করে হাইফা এবং সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র এবং হিজবুল্লাহর রকেট রুখে দিতে সক্ষম হলেও বেশ কিছু স্থানে আঘাতের খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলের বি’ইনা নামক একটি শহরে রকেটের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে অন্তত দুজন সামান্য আহত হয়েছেন। মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারী এবং ৫০ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন যারা বিস্ফোরণের সময় ছিটকে আসা বস্তুর আঘাতে জখম হন। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে তীব্র আতঙ্কিত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে। বুধবার রাত থেকে শুরু হওয়া এই তাণ্ডব বৃহস্পতিবার ভোর পর্যন্ত অব্যাহত থাকে। উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়া, একর এবং হাইফার উপকণ্ঠে ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে বারবার সাইরেন বাজানো হয়। হিজবুল্লাহ দাবি করেছে যে তারা তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর সদর দপ্তর বা ‘গ্লিলট বেস’ লক্ষ্য করে উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের হোশেল হারনিয়েল এলাকায় একটি বাড়িতে সরাসরি রকেট আঘাত হানার খবর পাওয়া গেলেও সৌভাগ্যবশত সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জবাবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলো লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদামগুলো গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছে। লেবাননের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বৈরুত এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইসরায়েলি হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, হিজবুল্লাহর হামলা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহর এই কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে ইসরায়েল দেশটির বেসামরিক অবকাঠামোতেও হামলা শুরু করতে পারে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ইসরায়েলের চ্যানেল ১২ রিপোর্ট করেছিল যে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বড় ধরনের আক্রমণের আশঙ্কা করছে তেল আবিব। সেই আশঙ্কাই বুধবার রাতে বাস্তবে রূপ নিল যখন ইরান থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জেরুজালেম এবং ইসরায়েলের দক্ষিণ প্রান্ত পর্যন্ত সতর্কতা সংকেত বাজাতে বাধ্য করল। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, লেবাননের ডজনখানেক শহর এবং বৈরুতের শহরতলিতে ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই রকেট হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে একটি নতুন পর্যায়ের শুরু হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড উত্তরাঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোম্ব শেল্টার বা নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে। অনেক স্থানে রকেটের আঘাতে খোলা জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: প্রাথমিক তদন্ত

ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: প্রাথমিক তদন্ত ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র, প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। মার্কিন কর্মকর্তা সূত্রে ‘নিউ ইয়র্ক টাইমস’এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইরানের ওই স্কুলে প্রাণঘাতী টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল মার্কিন বাহিনীই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার প্রথম দিনেই এই ঘটনাটি ঘটে। ইরানের মিনাবে শাজারা তায়েব প্রাথমিক স্কুলে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়। তাদের মধ্যে বেশির ভাগই ওই প্রাথমিক স্কুলের ছাত্রী। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও দুই দেশের কেউই এর দায় স্বীকার করেনি। পরে জানা যায়, টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল ওই স্কুলে। বস্তুত, এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে আমেরিকা। বিশ্বের আরও কিছু দেশের হাতেই এই ক্ষেপণাস্ত্র থাকলেও ইসরায়েলের কাছে তা নেই। বর্তমানে আমেরিকার প্রতিরক্ষা দফতর এই হামলার তদন্ত চালাচ্ছে। ‘নিউ ইয়র্ক টাইমস’ জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। জানা গেছে, ‘ভুল’ করেই ওই স্কুলে হামলা করেছিল মার্কিন বাহিনী। ওই স্কুল লাগোয়া এক ইরানি ঘাঁটিতে হামলা চালাচ্ছিল মার্কিন বাহিনী। দাবি করা হচ্ছে, যেখানে স্কুল ভবনটি রয়েছে, সেটিও আগে ইরানের সেনাঘাঁটিরই অংশ ছিল। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া সেই পুরনো তথ্যের উপর ভিত্তি করেই নিশানা স্থির করেছিলেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা। যদিও ওই সরকারি সূত্রের দাবি, এগুলো একেবারেই প্রাথমিক তথ্য। পুরনো তথ্য কেন যাচাই করে নেওয়া হয়নি, সেই প্রশ্নেরও রিপোর্ট লেখা পর্যন্ত কোনও উত্তর মেলেনি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা। মার্কিন প্রতিরক্ষা দফতরের পাশাপাশি বেশ কিছু নিরপেক্ষ সংস্থাও নিজেদের মতো করে ইরানের স্কুলে হামলার তদন্ত করছে। তেমন এক সংস্থা ‘বেলিংক্যাট’। তারাও প্রাথমিকভাবে দাবি করছে, হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। যুক্তরাষ্ট্রের হাতে থাকা টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের স্কুলে আছড়ে পড়ার তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই অস্বস্তি বৃদ্ধি পেয়েছে মার্কিন প্রশাসনের। ট্রাম্পকেও এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও তার দাবি, কী হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে তিনি এ-ও স্মরণ করিয়ে দেন যে, টমাহক ক্ষেপণাস্ত্র শুধু যুক্তরাষ্ট্রের কাছে নেই। অন্য কিছু দেশের হাতেও এটি আছে বলে দাবি ট্রাম্পের। যদিও পশ্চিম এশিয়ার এই সংঘর্ষে জড়িত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত সদরদপ্তর এবং গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদরদপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, ভূমধ্যসাগরীয় উপকূলের পালমাচিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতেও সফলভাবে ড্রোন হামলা পরিচালনা করেছে ইরানি বাহিনী। এই সামরিক অভিযানের সমান্তরালে চলমান সংঘাত বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই শর্তগুলো তুলে ধরেন। পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে পুনরায় আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দিলেই কেবল এই যুদ্ধের অবসান সম্ভব। ২৮শে ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ক্রমাগত হামলা চলছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।
ইরানে সরকার পতনের ঝুঁকি নেই : মার্কিন গোয়েন্দা

ইরানে সরকার পতনের ঝুঁকি নেই : মার্কিন গোয়েন্দা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহের সামরিক হামলার পরও অদূর ভবিষ্যতে ইরানে সরকার পতনের ঝুঁকি নেই বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমন মূল্যায়ন করা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। সূত্রগুলো জানায়, সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণে ধারাবাহিকভাবে দেখা গেছে যে ইরানের বর্তমান শাসনব্যবস্থা এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং দেশটির জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণ বজায় আছে। মার্কিন গোয়েন্দা তথ্য নিয়ে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানায়। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ আলোচনাতেও স্বীকার করা হয়েছে যে চলমান যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সতর্ক করে বলেছে, মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও যেকোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সদস্যরা। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে নিজেদের সরকার নিজেরাই দখল করার আহ্বান জানালেও পরে তার শীর্ষ সহকারীরা বলেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করাই এই অভিযানের মূল লক্ষ্য নয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও বহু জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন।
ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’

ঈদে শাকিব খানের সিনেমা দিয়ে খুলছে বগুড়ার ‘মধুবন’ টানা লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে গিয়েছিল বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’। দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের মাধ্যমে এটি পুনরায় চালু হতে যাচ্ছে। মাঝে কয়েক মাস হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছিল। মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা বাধ্য হয়ে হলটি বন্ধ করেছিলেন। তবে হলের সাথে জড়িয়ে আছে তাদের পারিবারিক আবেগ। তিনি বলেন, সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে ভালো সিনেমা দরকার। আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। আশা করছি, নতুন সরকার দেশি সিনেমার পাশাপাশি বিদেশি ভালো সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে আমাদের মতো হল মালিকদের সহযোগিতা করবেন। একসময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭টিতে। এরই মধ্যে ৩১টি হল ভেঙে ফেলা হয়েছে। এমন সংকটের মুখে মধুবন সিনেপ্লেক্স পুনরায় চালু হওয়া স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় একটি স্বস্তির খবর।
অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান!

অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান! সম্প্রতি মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এবং এতে বরুণ ধাওয়ানের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের মধ্যেই জানা গেল, বরুণ অভিনয় থেকে দীর্ঘদিনের জন্য বিরতি নিতে যাচ্ছেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বরুণ এখন পুরো সময়টা তার পরিবারকে দিতে চান। বিশেষ করে তার মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি কাজ থেকে সাময়িক ছুটি নিচ্ছেন। তবে ভক্তদের একাংশ মনে করছেন, ‘বর্ডার ২’ মুক্তির আগে বরুণ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং বা কটাক্ষের শিকার হয়েছিলেন, সেটিও এই বিরতি নেওয়ার একটি কারণ হতে পারে। তখন বরুণের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও ছবি মুক্তির পর তিনি সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন। বিরতিতে যাওয়ার আগে বরুণের একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাবে। ইয়াশের ‘টক্সিক’ সিনেমার সাথে বক্স অফিসে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে। বরুণ ধাওয়ান নিজে এই বিরতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ১২ জুনের ছবির কাজ শেষ করেই তিনি লম্বা ছুটিতে যাবেন।
ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী বুলবুলির কথা এত সহজে ভুলে যাওয়ার কথা নয় নাটকের নিয়মিত দর্শকদের। যে বুলবুলি এত কথা বলে যে, তাতে করে পদে পদে ঝামেলা ডেকে আনে। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও তার এই বুলবুলি পাখির মতো বেশি কথা বলার অভ্যাস কমেনি। যার অতিকথনে অতিষ্ঠ হয়ে ওঠে শ্বশুরবাড়ির সব লোক। সেই বুলবুলি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ছোট পর্দার বড় তারকা হয়ে ওঠা তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনয়ে গত বছরের আলোচিত কাজের মধ্যে অন্যতম হয়ে আছে ‘বেশি বলে বুলবুলি’। এবার ঈদ উৎসবে ফের একই চরিত্রের নতুন অগ্রগতি নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। ‘বেশি বলে বুলবুলি ২’ নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত। নির্মাতা বলেন, ‘প্রথম পর্বে বুলবুলির বেশি কথায় অতিষ্ঠ হয়ে ছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এবার সেটি সম্প্রচারিত হয়ে পৌঁছাবে পাড়া-প্রতিবেশী হয়ে স্বামীর অফিস পর্যন্ত। যাতে তাদের সংসারে নেমে আসবে অনাকাঙ্ক্ষিত বিপদ। এবারের পর্বটিও বেশ উপভোগ্য হবে বলে আশা করছি।’ প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির আয়োজনের অন্যতম নাটক হিসেবে থাকছে ‘বেশি বলে বুলবুলি ২’। এটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে, ঈদ সপ্তাহের যেকোনো দিন।