গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল গাজায় গত ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। শনিবার (৩১ জানুয়ারি) দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াাইনেট নিউজসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দীর্ঘ সময় ধরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে আসলেও, এখন ইসরায়েলি সেনাবাহিনী নিজেই প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে। এর আগে তেল আবিব দাবি করেছিল যে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়, যদিও জাতিসংঘ শুরু থেকেই ওই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আসছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন যে, তাদের নিজস্ব হিসাব অনুযায়ী যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার গাজাবাসী প্রাণ হারিয়েছেন। তবে এই সংখ্যার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আরও জানান যে, এই বিপুল সংখ্যক নিহতের মধ্যে কতজন সশস্ত্র যোদ্ধা ছিলেন এবং কতজন সাধারণ বেসামরিক নাগরিক ছিলেন, তা নিরূপণ করতে বর্তমানে সেনাবাহিনী কাজ করছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য জানতে চাওয়া হলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, চূড়ান্ত প্রতিবেদন নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে পরে প্রকাশ করা হবে। ইসরায়েলের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক মহলে গাজায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, গাজায় মোট নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৪৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।  গাজা কর্তৃপক্ষের দাবি, নিহতদের একটি বড় অংশই নারী ও শিশু। এছাড়া উপত্যকার বিভিন্ন স্থানে ধসে পড়া অসংখ্য ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের এই নিহতের তালিকার বাইরে রাখা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়মিতভাবে নিহতদের নাম ও বয়সের বিস্তারিত তালিকা প্রকাশ করে আসছে। বর্তমানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠছে। বিশেষ করে ইসরায়েলি সেনাদের দ্বারা গাজায় শত শত কবর ধ্বংস করার মতো ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্ষোভ প্রকাশ করেছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে খোদ ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের কাছ থেকে বিশাল সংখ্যক প্রাণহানির এই তথ্যটি বেরিয়ে এল। বিশ্লেষকরা মনে করছেন, এই স্বীকারোক্তি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে। গাজার ধ্বংসস্তূপের মাঝে আটকা পড়া সাধারণ মানুষের নিরাপত্তা ও জরুরি মানবিক সহায়তার অভাব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সূত্র: রয়টার্স

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন

ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ঘনীভূত হচ্ছে শঙ্কার কালো মেঘ। দেশটিতে প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় ইংল্যান্ডের মতো পরাশক্তি দেশ টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে। ইংল্যান্ডের আপত্তির পর এখন অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন প্রশ্ন তুলছে। অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপাহ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে পরিবর্তনের প্রয়োজন নেই, তবে অস্ট্রেলিয়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো নতুন কোনো বিধি-নিষেধ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরদার হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও সতর্কতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি গণমাধ্যম আরো জানিয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের কয়েকটি দেশও ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এমনকি পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করেছিল আইসিসি, যা বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড এবং শুল্ক ইস্যুতে মার্কিন চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি হবে। স্থানীয় সময় শুক্রবার চীনের সাংহাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। চীন সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়ে স্টারমার বলেন, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরে প্রভাব ফেলছে। তাই অস্থির বিশ্বে যুক্ত থাকতে হবে। এর আগে চীনের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা করাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আমি দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে আলোচনা করেছি। ট্রাম্প নিজেও এপ্রিলে চীন সফরে আসতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে, তার প্রভাব সরাসরি আমাদের ঘরোয়া পরিস্থিতিতে পড়ছে। তাই আমাদের যুক্ত থাকতে হবে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের পরিস্থিতিতে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা- সমন্বয় জরুরি বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদিস। সূত্র: বিবিসি

দেশে এসেছে ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা দেশে ব্যালট পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসীর ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে।  নির্বাচন কমিশন (ইসি) জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতর ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। এর মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

৬৫ হাজার এইচ-২বি ভিসা দেওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

৬৫ হাজার এইচ-২বি ভিসা দেওয়ার ঘোষণা ট্রাম্প প্রশাসনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফেডারেল রেজিস্টারের এক নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকটে মারাত্মক আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা নিয়োগকর্তাদের জন্য এই ভিসাগুলো উন্মুক্ত করা হবে। প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে প্রতিবছর যে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হয়, তার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে স্বীকার করা হয়েছে যে এসব খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন এবং অনিয়মিত অভিবাসীদের অপরাধী ও সমাজের ওপর বোঝা হিসেবে তুলে ধরেন। একইসঙ্গে তার প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা ও শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আবেদন পর্যালোচনার মাধ্যমে বৈধ অভিবাসনের কিছু পথও কঠোর করেছে। তবে অতিরিক্ত এইচ-২বি ভিসার সংখ্যা অতীতেও বাড়ানো হয়েছিল, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এবং ট্রাম্পের ২০১৭ থেকে ২০২১ মেয়াদেও। মৌসুমি ব্যবসার নিয়োগকর্তারা, বিশেষ করে হোটেল খাত, দীর্ঘদিন ধরেই বেশি ভিসার দাবি জানিয়ে আসছিলেন। ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির কারণে কিছু নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক সংকটের অভিযোগও করেছে। তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই ভিসার বিরোধিতা করে বলছে, এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি থাকে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন এইচ-১বি কর্মী ভিসায় এক লাখ ডলার ফি আরোপ করে প্রযুক্তি খাতের জন্য বিদেশি কর্মী নিয়োগ আরও কঠিন করেছে, যা নিয়ে আইনি চ্যালেঞ্জ চলছে। ফেডারেল রেজিস্টারের নোটিশে জানানো হয়েছে, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সূত্র: রয়টার্স

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি সদর দফতর সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে। সূত্র আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে বলে সূত্র জানায়, যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

সরকারি কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

সরকারি কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না ভোটের দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‌‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনো ধরনের আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে নির্দেশনায়। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ বৈষম্যমুক্ত ৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. ওবায়দুর ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একরামুল হক, সহসভাপতি মো. সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আবুল কালাম আজাদসহ অন্য কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আচরণবিধি লঙ্ঘনে ১১৯ মামলা, জরিমানা সোয়া ১২ লাখ টাকা

আচরণবিধি লঙ্ঘনে ১১৯ মামলা, জরিমানা সোয়া ১২ লাখ টাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১১৯ মামলা ও ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তারা।  আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।  সাইফুল জানান, প্রতিদিন নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নানা কার্যক্রম এর মধ্যে আচরণবিধি লঙ্ঘনে মামলা ও জরিমানা করা হচ্ছে।  গত ৮ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন/অভিযোগ বিষয়ে গৃহীত ব্যবস্থা (জেল/জরিমানা) সম্পর্কে প্রতিবেদন জানা যায়, ১৭৬টি নির্বাচনি এলাকায় ১৯২টি আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। এতে মোট জরিমানা করা হয়েছে ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা। আর মামলা করা হয়েছে ১১৯টি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইসির কাছে কোনো অভিযোগ এলেও প্রাথমিক পর্যায়ে রিটার্নিং অফিসার, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছে। প্রতিদিনই তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে। আনোয়ারুল ইসলাম বলেন, প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি কেস রুজু হচ্ছে; কোথাও জরিমানা হচ্ছে; কোথাও শোকজ হচ্ছে। মানে কার্যক্রম আপনার জোরেশোরে চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা। আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ

দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড়: অবশেষে মুখ খুললেন হিরণ ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে; যার বয়স ১৯ বছর। গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল। বিয়ের নানা মুহূর্তের ছবি দ্রুত অন্তর্জালে ছড়িয়ে পড়ে; শুরু হয় তোলপাড়। পরে তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন হিরণ। কিন্তু এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘নবাব নন্দিনী’খ্যাত এই নায়ক। এই বিয়েকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন হিরণ। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।  ঘটনার প্রায় ১০ দিন পর ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন হিরণ। বিজেপির এই বিধায়ক বলেন, “আমি এত দিন কলকাতায় ছিলাম না, চেন্নাইয়ে ছিলাম। যে বিষয়টি বিচারাধীন তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো করতে পারি না।” হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দাবি—হিরণের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। ফলে ঋত্বিকাকে বিয়েটি আইনিভাবে বৈধ নয়। গত ২১ জানুয়ারি বিষয়টি নিয়ে থানায় মামলা করেছেন তিনি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার কিছু বক্তব্য শুনেছেন ঋত্বিকা গিরি। তার কিছু বিষয় পরিষ্কার করা দরকার বলে মনে করেন তিনি। কয়েক দিন আগে ঋত্বিকা বলেন, “আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। উনাকে বিবাহবিচ্ছেদের আইনি চিঠি পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা আগেই করেছি। গত ৫ বছর বছর ধরে একসঙ্গে আছি। আর এসব বিষয় অনিন্দিতা জানতেন।”  হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। এ বিষয়ে ঋত্বিকা বলেন, “যদি মনে হয় এটা (বিয়ে) অবৈধ, তাহলে আমার একটাই কথা—উনাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন। এরপর এ বিষয়ে আমার কিছু বলার নেই।”