সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক জেলা প্রশাসক সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব প্রয়াত সরদার সরাফত আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাই দর্পণ পরিবারের উদ্যোগে কোরআনখানি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) ৪র্থ তলায় দৈনিক চাঁপাই দর্পণ কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দৈনিক চাঁপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে স্মরণসভায় আলোচনায় অংশ নেন— চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহা. জোনাব আলী, চাঁপাই দর্পণ উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফান ও রাকিবুল ইসলাম বাবু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য আলহাজ সামশুল হক, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সদস্য ফারুকা বেগম। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য মো. আনিসুর রহমান, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সাংবাদিক মো. আসাদুল্লাহ, আবুল বাসার মিলনসহ দর্পণ পরিবারের সদস্যরা। স্মরণসভায় মরহুম সরদার সরাফত আলীর চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত থাকাকালীন সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মিডিয়াকর্মীদের সাথে সখ্যতাসহ বিভিন্ন উন্নয়ন ও সামাাজিক কর্মকাণ্ডে মরহুমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন আলোচকরা। দোয়া মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাসান মোহাম্মদ ইসহাক। স্মরণসভায় বারঘরিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার ১২ জন হাফেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে দৈনিক চাঁপাই দর্পণ’র সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত এরফান আলী, দর্পণ পরিবারের প্রয়াত দুই সদস্য— অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট আবুল কাশেম, দর্পণ পরিবারের সদস্য অ্যাডভোকেট ইয়াসমীন সুলতানা রুমার পিতা প্রয়াত অ্যাডভোকেট সামসুল হক, রাকিবুল ইসলাম বাবুর পিতা প্রয়াত মো. রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের ১২ মার্চ ঢাকা মতিঝিল সিটি সেন্টারে এলজিএসপি প্রকল্প অফিসে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালনকালে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সরদার সরাফত আলী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, ফরিদপুর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ সুবিধা পাবে ২ লাখ অতিদরিদ্র পরিবার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ সুবিধা পাবে ২ লাখ অতিদরিদ্র পরিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে ১ লাখ ৮৯ হাজার ৮৯৮ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার। ঈদের আগেই এইসব পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৬৩ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৬৩০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৫৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৫৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮১১ জন কার্ডধারীর জন্য ৩৩৮.১১০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৯২ জন কার্ডধারীর জন্য ১৭৪.৯২০ মেট্রিক টন এবং নাচোল পৌরসভার ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০.৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৭ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৭০ মেট্রিক টন চাল। ভারপ্রাপ্ত জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বলেন— এরই মধ্যে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ জেলায় ঈদের আগেই বিতরণ শেষ করা হবে।
৩২ পরিবারে ঈদ উপহার ‘জাগো নারী বহ্নিশিখা’র

৩২ পরিবারে ঈদ উপহার ‘জাগো নারী বহ্নিশিখা’র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কামাটিকর গ্রামসহ আশপাশের খাসজমিতে বসবাসকারী ৩২ পরিবারকে বৃহস্পতিবার কাপড়, লুঙ্গি ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র পক্ষ থেকে শাড়ি ও ঢাকায় কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চাঁপাইনবাবগঞ্জের মেয়ে আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় লুঙ্গি ও ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন মহল্লার আরো ৮টি দুস্থ পরিবারের মধ্যে লুঙ্গি ও খাদ্যসমগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, বুন্দিয়া, আলু, সয়াবিন তেল, পাপড়। বিতরণ কাজে সহায়তা করে বন্ধুসভার সদস্যরা। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গ্রামের বটতলায় এসে জড়ো হয় পরিবারগুলোর সদস্যরা। উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা বিলকিস চৌধুরী, সহসম্পাদক ছবি রানী সাহা, সদস্য লিপি রাই, সানজিদা হক, ডলিয়ারা বেগম, সুলতানা জাহান, উমা মন্ডল, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ। ফারুকা বেগম বলেন, জাগো নারী বহ্নিশিখা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। প্রতিবছরই ঈদ, পূজাতে অসহায় নারীদের মধ্যে নতুন কাপড় ও খাবার বিতরণ করে থাকে। এবার এ গ্রামের খাসজমিতে বাস করা মানুষদের সাহায্য করতে পেরে ভালো লাগছে। এমন ভালো উদ্যোগ অব্যাহত থাকবে।
নাচোলে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নাচোলে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজ করতে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কাস্টমসের কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন, সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার ওমর মবিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি বাবুল হাসনাত দুরুল ও সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতিসহ অন্যরা। সভায় সীমান্ত বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খল করা, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি, রাজস্ব আদায় বাড়ানো, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভার আয়োজন করে সোনামসজিদ স্থল কাস্টমস শুল্ক স্টেশন।
রাক্ষসে চরম ভায়োলেন্স লুকে সিয়াম

রাক্ষসে চরম ভায়োলেন্স লুকে সিয়াম আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া! সেই তালিকায় রয়েছে সিয়াম আহমেদের সিনেমা ‘রাক্ষস’। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হলো এর অফিশিয়াল পোস্টার। স্টারটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। মেহেদী হাসান হৃদয় নির্মিত এই সিনেমার পোষ্টার প্রকাশ হতেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পোস্টারে সিয়াম আহমেদকে এক বিধ্বংসী ও রক্তমাখা অবয়বে দেখা গেছে। যা এখন ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। পোস্টারে দেখা যায় সিয়াম আহমেদ একটি চেয়ারের ওপর বসে আছেন। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নিথর দেহ ও ছোপ ছোপ রক্ত। হাতে মুখে রক্ত, আরেক হাতে চাপাতি। মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে তার এই রুদ্রমূর্তি ইঙ্গিত দিচ্ছে এক চরম অন্ধকার ও ভায়োলেন্সপূর্ণ গল্পের। সিনেমাটির অগ্রগতি নিয়ে নির্মাতা সদ্য জানিয়েছেন, সিনেমাতির কাজ এখন পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি স্থিরচিত্র প্রকাশের পর কথা অনুযায়ী চলতি সপ্তাহেই অফিশিয়াল পোস্টারটি দর্শকদের সামনে আনা হলো। পরিচালক জানিয়েছিলেন, আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিন গুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন। ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সিনেমায় তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির মূল উপজীব্য হলো অন্ধকার জগতের গল্প যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমি এই মামলার শেষ দেখে ছাড়ব : হিরো আলম

আমি এই মামলার শেষ দেখে ছাড়ব : হিরো আলম বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। কারাগার থেকে বেরিয়ে হিরো আলম বলেন, সত্যের জয় সব সময়ই হয়। আমি এই মামলার শেষ দেখে ছাড়ব, কোনো আপস করব না। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আলম বলেন, আমাকে হয়রানি করার জন্যই এই মামলা সাজানো হয়েছে। গত বুধবারই আমার জামিন হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আমাকে আরো এক সপ্তাহ আটকে রাখা হয়। সামনে বগুড়া উপনির্বাচনে তার অংশগ্রহণের ঘোষণার কারণেই এই ‘ষড়যন্ত্র’ করা হয়েছে বলে তিনি মনে করেন। কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ২০১৯ সালের তুলনায় বর্তমানে জেলখানার পরিবেশ ও কর্মকর্তাদের ব্যবহার অনেক ভালো। বিশেষ করে জেলারের ব্যবহারের প্রশংসা করতেই হয়। তবে জেলখানার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিদিন ডাল ও সবজির বদলে খাবারে বৈচিত্র্য আনার পরামর্শ দেন হিরো আলম। কারাগারের ভেতরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে হিরো আলম বলেন, ভেতরে অনেক মানুষ মিথ্যা মামলায় ফেঁসে বছরের পর বছর হাজতবাস করছেন। সঠিক তদন্ত ছাড়াই এভাবে আটকে রাখা একটি পরিবারের জন্য ধ্বংসাত্মক। কারাগারে থাকাকালীন আলোচিত যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন, রাজশাহীর সাবেক এমপি এনামুল হক এবং সাবেক ওসি প্রদীপের দেখা পেয়েছেন বলেও জানান তিনি। মামলার এজাহার অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ

‘চক্র ২’ দুর্বল হার্টের দর্শকের না দেখাই ভালো, সতর্ক করলেন তৌসিফ ওটিটি দুনিয়ায় আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’র নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’ আসছে আসন্ন রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনে তৌসিফ অভিনয় করেছিলেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। তিনি ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’ নিয়ে গবেষণা করেন। সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে প্রথম সিজনটি মূলত টেলিভিশনের জন্য ধারণ করা হয়েছিল বলে তখন কিছুটা আক্ষেপ ছিল অভিনেতার। তৌসিফ বলেন, ‘প্রথম সিজনটা টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। তাই তখন মনে হয়েছিল ওটিটির কাজটা পুরোপুরি হলো না। এবার বলতে পারব, আমি অফিশিয়ালি একটি ওয়েব সিরিজ করেছি।’ সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘চক্র ২’র ফার্স্ট লুক পোস্টার। সেখানে রক্তমাখা খালি গায়ে, হাতে চাপাতি নিয়ে দেখা গেছে তৌসিফকে। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করেছিলেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে তৌসিফ জানিয়েছেন, পোস্টারে দেখা শরীর তার নিজের এবং রক্তও সত্যিকারের। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এক লাইনে বলতে গেলে যাদের হার্ট দুর্বল, তারা এই সিরিজ না দেখাই ভালো। কারণ এটি অনেক ডিস্টার্বিং হতে পারে।’ সিরিজটির অনুপ্রেরণা এসেছে ২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনার প্রেক্ষাপট থেকে, যেখানে একটি পরিবারের নয়জন সদস্য ট্রেনের নিচে আত্মহত্যা করেন। সেই রহস্যঘেরা ঘটনাকে শেয়ার্ড হ্যালুসিনেশনের ধারণার সঙ্গে মিশিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। প্রথম সিজনের শেষদিকে দেখা যায়, একটি পরিবার একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তাদের সদস্য লুবনা বিষয়টি জানায় তার শিক্ষক হুমায়ূনকে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে হুমায়ূনের আচরণই তৈরি করে নতুন রহস্য। সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের গল্প। নতুন এই কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার চরিত্রটি এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা ও অভিনেত্রী। দর্শকদের জন্য এটিকে চমক হিসেবেই রাখা হচ্ছে। নির্মাতা জানান, প্রথম সিজন যেখানে ২০ পর্বে নির্মিত হয়েছিল, সেখানে ‘চক্র ২’ তৈরি হয়েছে ৮ পর্বে। রোজার ঈদের এক সপ্তাহ পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এই সিরিজটি।
শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’

শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে শাকিবের ‘প্রিন্স’ শাকিব খান অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘প্রিন্স’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্সকে ঘিরে এই ছবির গল্প। এর টিজার মুক্তি পাওয়ার পরই সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রি ব্লাস্ট প্রকাশের আগেই শাকিবিয়ানরা খবরটি পেয়েই ব্যস্ত হয়ে পড়েছেন লাইক, কমেন্ট আর শেয়ারে। টিজারের শুরুতেই ভয়েসওভারে বলা হলো, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে। ভয়ংকর! আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’ এরপর শাকিবের মারকাটারি অবতারে পর্দায় হাজির ‘প্রিন্স’। দুই হাতে বন্দুক চালানো, শত্রুর বুকে সীসা ঢুকানো, ঝাপিয়ে পড়া- সবকিছুই দেখা যাচ্ছে তার অ্যাকশনে। কণ্ঠে তাচ্ছিল্যের সুরে শাকিব বলেন, ‘সব শেয়াল কুকুর দেখি একসাথে হইছে। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’ প্রি ব্লাস্টে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলক। বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে বলিউডের জনপ্রিয় ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। নেটিজেনরা প্রশংসায় ভাসছেন। কেউ লিখেছেন, ‘মাথা নষ্ট করা টিজার।’ কেউ বলছেন, ‘নতুন ইতিহাস তৈরি করবে।’ আরেকজন লিখেছেন, ‘ওই কীরে ওই কীরে, প্রিন্স পুরাই আগুন।’তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেতা লোকনাথ দে, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও জনপ্রিয় তারকারা ‘প্রিন্স’-এ অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এর প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী

ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ সালের বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ খেলার কথা ছিল। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল তাদের। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল ইরানের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও জানা গেছে। এদিকে এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে ইরানকে এই গ্রীষ্মের বিশ্বকাপে অংশ নিতে ‘স্বাগত জানানো হবে’। তবে মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ কোনোভাবেই নেই। তিনি আরো বলেন, ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয় এবং অংশগ্রহণের মতো পরিস্থিতিও নেই। গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই বিশ্বকাপে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই।’