পাল্লেকেলের ফাঁদেই আটকাল স্বাগতিকরা, প্রস্তুতির সিরিজে নিখুঁত ইংল্যান্ড

পাল্লেকেলের ফাঁদেই আটকাল স্বাগতিকরা, প্রস্তুতির সিরিজে নিখুঁত ইংল্যান্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হয়েও প্রস্তুতির মঞ্চে চরম হতাশার ছবি দেখল শ্রীলঙ্কা। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ জিততে না পেরে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো দাসুন শানাকার দলকে। মঙ্গলবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে কম রানের ম্যাচে নিজেদের তৈরি স্পিন-নির্ভর উইকেটেই আটকে গেল স্বাগতিকরা। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১১৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে সিরিজ শেষ হয় ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে। এই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে পাল্লেকেলেতে। তবে প্রতিটি ম্যাচে উইকেটের আচরণ ছিল ভিন্ন। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ওভার কমলেও স্পিন খুব বেশি প্রভাব ফেলেনি। দ্বিতীয় ম্যাচ ছিল তুলনামূলক ব্যাটিং-বান্ধব। আর শেষ ম্যাচে স্পিনারদের আধিপত্যই ঠিক করে দেয় ফলাফল। প্রথমে লঙ্কান বোলাররা ইংল্যান্ডকে চাপে ফেললেও পরে সেই একই ফাঁদে নিজেরাই পড়েন স্বাগতিক ব্যাটাররা। এর আগে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সিরিজের প্রথম ম্যাচ জিতেও পরের দুই ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে এসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। এই নিয়ে ইংল্যান্ডের কাছে টানা ১১টি টি-টোয়েন্টিতে হারল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটি তাদের ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় হোয়াইটওয়াশ। ঘরের মাঠে প্রথম। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডে একই পরিণতি হয়েছিল। শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৬০ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলে হ্যারি ব্রুকের দল। সেই ধাক্কা সামলে লড়াইয়ের পুঁজি এনে দেন স্যাম কারান। ৪৮ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। এছাড়া জস বাটলার করেন ২৫ রান। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৮। শ্রীলঙ্কার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন দুষ্মন্ত চামিরা। মাত্র ২৪ রানে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি। ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের তৃতীয় বলেই শূন্যরানে ফিরে যান ওপেনার কামিল মিশারা। পাথুম নিশাঙ্কা আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা আশা জাগালেও ২৩ রানেই থেমে যান। পাওয়ারপ্লেতে ৪৬ রান তুলে লঙ্কানরা ম্যাচে থাকলেও মাঝের ওভারে দ্রুত উইকেট হারানোয় সেই সম্ভাবনা ফিকে হয়ে যায়। ৬২ রানের মধ্যে পভন রত্ননায়েক ও কুশল মেন্ডিস ফিরে গেলে চাপ আরও বাড়ে। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট হয়নি। শেষ ছয় উইকেট পড়ে যায় মাত্র ২৬ রানের ব্যবধানে। ইংল্যান্ডের বোলিংয়ে বড় ভূমিকা রাখেন স্পিনাররা। জ্যাকব বেথেল নেন চারটি উইকেট। আর উইল জ্যাকস শিকার করেন তিনটি। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার উঠেছে স্যাম কারানের হাতেই। ব্যাটে-বলে তার অবদানই এই সিরিজে ইংল্যান্ডের নিখুঁত সাফল্যের প্রতিচ্ছবি। বিশ্বকাপের আগে যেখানে প্রস্তুতির আত্মবিশ্বাস গড়ার কথা ছিল, সেখানে ঘরের মাঠে এমন পরাজয় শ্রীলঙ্কার জন্য বড় সতর্কবার্তা হয়েই রইল।

‘বর্ডার টু’ সিনেমার আয় ৫২৮ কোটি টাকা ছাড়িয়ে

‘বর্ডার টু’ সিনেমার আয় ৫২৮ কোটি টাকা ছাড়িয়ে জে পি দত্ত নির্মিত বলিউড সিনেমা ‘বর্ডার’। ২৯ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। ‘বর্ডার টু’ শিরোনামে এ সিনেমা পরিচালনা করেছেন অনুরাগ সিং। পূর্বের মতো এ সিনেমায়ও অভিনয় করেছেন ববি দেওল। তবে সুনীল শেঠি নেই, কিন্তু তার পুত্র আহান শেঠি যুক্ত হয়েছেন। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন—বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জে, মোনা সিং প্রমুখ। গত ২৩ জানুয়ারি ৪ হাজার ৮০০ পর্দায় মুক্তি পেয়েছে ‘বর্ডার টু’ সিনেমা। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। তরন আদর্শ সিনেমাটির অত্যন্ত ইতিবাচক রিভিউ দিয়েছেন। পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। কেবল তাই নয় এটিকে ‘আউটস্ট্যান্ডিং’ বলেও মন্তব্য করেছেন। বলিউড হাঙ্গামা সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। চিত্রনাট্য, পরিচালনা, আবেগের গভীরতা, অভিনয় এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছে। যদিও কিছু ভিজ্যুয়াল এফেক্ট আরো ভালো হতে পারত, সিনেমার দৈর্ঘ্য কিছুটা কম হলে ভালো হতো বলে মত দিয়েছে। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিসের সিমরান সিং সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। এটিকে যুদ্ধের সেরা চলচ্চিত্রগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। কেবল দর্শক-সমালোচকদের প্রশংসাই কুড়াচ্ছে না, বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। যদিও সময়ের সঙ্গে বক্স অফিসে আয় ওঠানামা করছে। বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘বর্ডার টু’ সিনেমা আয় করে ২৮ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ৩৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ৪৯ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ৫৩ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ১৯.৫ কোটি রুপি (নিট)। ৬ষ্ঠ দিনে আয় করে ১৩ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ১১.২৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করে ১০.২৫ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করে ১৬.৫ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করে ২০ কোটি রুপি (নিট), ১১ দিনে আয় করে ৫.৫ কোটি রুপি (নিট), ১২ দিনে আয় করে ৫.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ২৬৬ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৫৮ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৪৮১ কোটি ৯৯ লাখ টাকা। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘বর্ডার টু’ সিনেমা ১২ দিনে ভারতে আয় করেছে ২৮৬ কোটি রুপি (নিট)। ভারতে গ্রস আয় ৩৪২.৫০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩৯২.৫০  কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৫২৮ কোটি ৪৪ লাখ টাকা। ‘বর্ডার টু’ সিনেমায় যুদ্ধের ভয়াবহতা ও সৈন্যদের বীরত্বের গল্প বলেছেন নির্মাতারা। সিনেমাটির নারী চরিত্রে রয়েছেন—মোনা সিং, অন্যা সিং, সোনম বাজওয়া ও নবাগত মেধা রানা। সিনেমাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ!

দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ! দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের পর এবার ওপার বাংলার সিনেমায় কাজ করার গুঞ্জনে আলোচনায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুঞ্জন উড়ছে, ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে।  এর আগেও দেব অভিনীত ‘প্রজাপতি টু’ সিনেমায় ফারিণের কাজ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রজেক্টটি আর বাস্তবায়িত হয়নি। কলকাতায় কাজের প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “ওপারে কাজ করার আগ্রহ অবশ্যই আছে। বেশ কিছু প্রস্তাব নিয়ে কথা হচ্ছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে ভয় লাগে। কারণ আগের অভিজ্ঞতা আমাকে সতর্ক করেছে।”  কোনো প্রজেক্ট বাতিল হলে দর্শক ও অনুরাগীরা কষ্ট পান। তাই কোনো প্রজেক্ট নিশ্চিত হওয়ার আগে কিছু প্রকাশ করতে চান না। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সম্ভাব্য একটি সিনেমার শুটিং নিয়েও আপাতত মন্তব্য করতে নারাজ এই নায়িকা। বলে রাখা ভালো, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। প্রথম কাজেই সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘প্যাট্রি চাই’ নামে আরেকটি কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে সেই প্রজেক্ট থেকে সরে আসেন।  এদিকে, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফারিণ। তার ভাষ্য, “এত বড় তারকার বিপরীতে অভিনয় করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে চরিত্রের গুরুত্ব আর অভিনয়ে নতুনত্ব দেখে কাজটি করতে রাজি হয়েছিলাম।” সব মিলিয়ে দেবের সঙ্গে তাসনিয়া ফারিণের সম্ভাব্য জুটি এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে গুঞ্জন যে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।  

আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম: জয়া আহসান

আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম: জয়া আহসান দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। আজ ঢাকা তো কাল কলকাতা—এভাবেই চলছে তার দিনকাল। নতুন কাজের জন্য এখন কলকাতায় অবস্থান করছেন জয়া। বেশ সময় ঢাকায় অবস্থান করে এবার কলকাতায় গিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাজ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই ব্যক্তিগত নানা বিষয় নিয়েও খোলামেলা আলোচনা করেছেন জয়া। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জয়া আহসানের ভালো থাকার চাবিকাঠি কী?  এ প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, “আমি তো বরাবরই প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ। আমার নিজের একটা জগৎ আছে, আমার পোষ্যদের নিয়ে দিনের অনেকটা সময় কাটে। ওগুলোই আমাকে ভালো রাখে। পাশাপাশি বোধহয় আমি ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই বলে জীবনে জটিলতা কম। আমাকে বাইরে থেকে মানুষ যেভাবে চেনেন, সেটা জয়া আহসানের ইমেজ, ভেতরের মানুষটা সম্পূর্ণ আলাদা।” ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে, যা এখনো আপনার মনে ছাপ রেখেছে? জবাবে জয়া আহসান বলেন, “আমি ছোট থেকেই একটু অন্যরকম ছিলাম। একা থাকতে ভালো লাগত, আর কল্পনা প্রবণতা তো আমার শুরু থেকেই ছিল। এখন বললে অনেকে ভুল বুঝবেন, আমি ভীষণ মিথ্যেবাদী ছিলাম। নিজের মনে যা বিশ্বাস করতাম, তাই বলতাম। আর সবাই সেটা বিশ্বাসও করে নিত। এখনো অনেক সত্যি উদঘাটন হলে সবাই চমকে ওঠে। এই সমস্যার উৎপত্তির কারণ আমার জানা নেই। কিন্তু একটা সমস্যা যে ছিলই সেটা বুঝেছি। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছি।” জয়া আহসানের পরবর্তী সিনেমা ‘ওসিডি’। সিনেমাটিতে জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামে একজন চিকিৎসকের চরিত্রে। অতীতের ধূসর ছায়া যেন তার পুরো জীবন জুড়ে লেপ্টে আছে। মনের গভীরে জমে থাকা অন্ধকার তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একসময় তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী, তার উত্তর মিলবে ‘ওসিডি’ সিনেমার গল্পে।  সৌকর্য ঘোষাল পরিচালিত এ সিনেমা আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা ব্যানার্জি প্রমুখ।

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ২২ সদস্য। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সম্প্রতি প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একযোগে হামলা চালানো হলে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা শহীদ হন। এর আগে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির বিভিন্ন স্থানে প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়।

মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ১০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছিল, যার ফলে বিস্তৃত অঞ্চলে কম্পনগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। ভূতাত্ত্বিক তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য মিয়ানমারের ইয়েনাংইয়াং থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পের পর কলকাতা এবং পূর্ব ভারতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও বাসিন্দারা। শহরের বাসিন্দারা রাত ৯টা ৫ মিনিটে প্রায় ১০-১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে, যার ফলে অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। কলকাতায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ২০২৫ সালের মার্চ মাসে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়।

গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত

গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিস কোস্টগার্ডের একটি টহল বোটের সঙ্গে অভিবাসীবোঝাই একটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। খবর বিবিসির। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পূর্ব এজিয়ান সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। অভিবাসীদের বহনকারী নৌকাটি অত্যন্ত ছোট এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। গ্রিস কোস্টগার্ডের একটি দ্রুতগামী টহল বোটের সঙ্গে সেটির সংঘর্ষ হলে অভিবাসীদের নৌকাটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। কোস্টগার্ড নৌকাটিকে তাড়া করছিল। দুর্ঘটনার পরপরই গ্রিস কোস্টগার্ড বড় আকারের উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি জানায়, যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের মধ্যে সাতজন শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং কোস্টগার্ডের দুজন কর্মকর্তা রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে সেখানে একটি বড় ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এই অভিযানে কোস্টগার্ডের চারটি জাহাজ, বেসামরিক ডুবুরি বহনকারী একটি ব্যক্তিগত নৌকা এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই সংঘর্ষটি ঘটল, তা কোস্টগার্ড এখনও স্পষ্ট করেনি।

শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত মুসলিমদের পবিত্র শবে বরাতের রাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণ সীমান্তে রাফাহ ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন।

চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে উত্তেজনার আগুন জ্বলেনি পুরোটা সময়। ম্যাচটা এগোচ্ছিল ধীর গতিতে, আক্রমণের ধারও ছিল না তেমন। পরিসংখ্যান অনুযায়ী চেলসির এগিয়ে থাকার কথা। কিন্তু ফুটবলে যে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে শেখায় তা আবারও প্রমাণ করল আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে এসে দৃশ্যপট বদলে দেন কাই হাভার্টজ। ৯৭ মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে কাটিয়ে জাল কাঁপান জার্মান তারকা। ওই এক গোলেই ১-০ জয় নিশ্চিত হয় গানারদের। প্রথম লেগের ৩-২ জয়ের সঙ্গে মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল। ম্যাচে বলের ৫৫ শতাংশ দখল নিয়ে এগিয়ে ছিল চেলসি। শটও নিয়েছে বেশি, ১১টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ২টি। আর্সেনাল শট নিয়েছে ৬টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি। তবুও শেষ হাসি লালদের। প্রথমার্ধে দু’দলই ছিল সতর্ক। ১৮ মিনিটে আর্সেনাল সুযোগ পেলে চেলসির গোলরক্ষক পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট রুখে দেন। বিরতির ঠিক আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট ঠেকান কেপা আরিজাবালাগা। দ্বিতীয়ার্ধে গতি বাড়লেও কাঙ্ক্ষিত গোল মিলছিল না কারও। অতিরিক্ত সময়ের শুরুতেই হতাশ হয়ে চেলসি সমর্থকদের একটি অংশ মাঠ ছাড়তে শুরু করে। কয়েক মিনিট পর সেই হতাশা পূর্ণতা পায় হাভার্টজের গোলে। এই জয়ে এমিরেটসে চেলসির বিপক্ষে আর্সেনালের অপরাজেয় ধারা আরও লম্বা হলো। দুই দলের সর্বশেষ ১০ দেখায় জয় নেই স্টামফোর্ড ব্রিজের দলটির।

টি-টোয়েন্টি বিশ্বকাপ : টুর্নামেন্ট সেরা কাকে দেখছেন পন্টিং

টি-টোয়েন্টি বিশ্বকাপ : টুর্নামেন্ট সেরা কাকে দেখছেন পন্টিং আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান অভিশেক শার্মা। তার ধারেকাছে আপাতত নেই কেউ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে রানের তালিকায় সবার ওপরে দেখছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তির ধারণা, টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেবেন ভারতের এই আগ্রাসী ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ভারত শিরোপা জয় করে, অভিশেকের তখন ভারতের হয়ে অভিষেকই হয়নি। বিশ্বকাপের পরপর জিম্বাবুয়ে সফর দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু। প্রথম ম্যাচে শূন্যতে ফিরলেও পরের ম্যাচেই সেঞ্চুরি করেন ৪৬ বলে। সেই থেকে ছুটছেন তিনি ম্যাচের পর ম্যাচ বোলারদের কচুকাটা করে। ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান ১ হাজার ২৯৭। ব্যাটিং গড় ৩৭.০৫, স্ট্রাইক রেট ১৯৪.৭৪।  বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান হলেও খুব অভিজ্ঞ এখনও তিনি নন। তবে বড় আসরে অভিজ্ঞতা যে তার বাধা নয়, সেটি প্রমাণ করেছেন মাস চারেক আগে এশিয়া কাপেই। ভারতের শিরোপা জয়ের পথে সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। এবার আইসিসি রিভিউয়ে পন্টিং বললেন, এশিয়া কাপের পুনরাবৃত্তি বিশ্বকাপেও অভিশেক করতে দেখছেন তিনি। পন্টিং বলেন, হি ইজ আ স্টার। আমার মনে হয়, এটা (অভিজ্ঞতার ঘাটতি) তার জন্য সত্যিকারে ইতিবাচক হবে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হতে পারে সে, সম্ভাব্য প্লেয়ার অব দা টুর্নামেন্টও।  আমি তাকে এতটাই ভালো মনে করি। সত্যি যদি সে এটা করতে পারে, ভারতকে হারানো হবে আরও বেশি কঠিন। যদি সে না পারে, তাহলে তারা (ভারত) হবে অন্য যে কোনো দলের মতোই নড়বড়ে। এই বিশ্বকাপে ভারতের জন্য তাকে আমি এতটাই গুরুত্বপূর্ণ মনে করি।”ক্যারিয়ারের শুরুর দিকে অভিশেক সংস্পর্শ পেয়েছিলেন পন্টিংয়ের। তরুণ সম্ভাবনাময় ব্যাটসম্যানের প্রতিভার আলো তখনই দেখতে পেয়েছিলেন তিনি। তিনি বলেন, আমি ছিলাম তার প্রথম আইপিএল কোচ। ১৭ বছর বয়সে দিল্লির হয়ে আমার সঙ্গেই তার অভিষেক এবং তাৎক্ষণিক প্রভাব রেখেছিল। আমার মনে হয়, প্রথম বলেই চার বা ছক্কা মেরেছিল বোলারের মাথার ওপর দিয়ে সোজা ব্যাটে ধ্রুপদি শটে এবং পোজ ধরে রেখেছিল। ওই ১৭ বছর বয়সেই বোঝা যাচ্ছিল, তার ভেতরে বাড়তি বিশেষ কিছু আছে। তিনি আরও বলেন, আমরা তাকে দিল্লি থেকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি আকুতি করেছি, করেছি এবং করেছি যে, ‘দয়া করে এটা করবেন না, তাকে আমাদের ধরে রাখতে হবে, নিশ্চিত এক সুপারস্টার হতে যাচ্ছে সে…। সেটিই সে হয়েছে। তাকে নিয়ে এবার আমার আশা প্রবল। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৮ আসরে আইপিএলে অভিষেক হয় অভিশেকের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ছয় নম্বরে নেমে প্রথম বলেই চার মারেন মোহাম্মাদ সিরাজের বলে। সেদিন চার ছক্কায় ১৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সেবার দিল্লির হয়ে তিন ম্যাচ খেলার পর তাকে পরের মৌসুমে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সেখান থেকে এই দলের হয়েই তিনি খেলেছেন সাত মৌসুমে। সবশেষ দুই মৌসুমে তার ব্যাট ছিল উত্তাল। ২০২৪ আসরে ২০৪.২১ স্ট্রাইক রেটে রান করেন তিনি ৪৮৪, যে পারফরম্যান্স তার জন্য খুলে দেয় জাতীয় দলের দুয়ার। ২০২৫ আসরে ৪৩৯ রান করেন ১৯৩.৩৯ স্ট্রাইক রেটে।