কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯

কানাডায় স্কুল ও বাড়িতে বন্দুকধারীর হামলায় নিহত ৯ পশ্চিম কানাডায় পৃথক স্থানে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ছয়জনকে মৃত অবস্থায় পায় এবং আরো বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে ‘আত্মহত্যাজনিত’ আলামত পাওয়া গেছে। গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাণনাশের ঝুঁকি নেই—এমন আঘাত পাওয়া আরো প্রায় ২৫ জনকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাসভবন থেকে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আজকের ঘটনার সঙ্গে কেউ আহত হয়েছেন কি না বা কোনোভাবে যুক্ত আছেন কি না—তা নিশ্চিত করতে অতিরিক্ত বাড়ি ও বিভিন্ন তল্লাশি চালানো হচ্ছে। প্রাদেশিক ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, আজ টাম্বলার রিজ কমিউনিটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার কারণে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে।

২০২৮ যুব বিশ্বকাপের আয়োজক হতে পারে বাংলাদেশ!

২০২৮ যুব বিশ্বকাপের আয়োজক হতে পারে বাংলাদেশ! টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে চলছে। কিন্তু মাঠের বাইরের উত্তাপটাই এখন পর্যন্ত বেশি। ভারত ও পাকিস্তান ম্যাচ খেলবে কিনা তা গতকাল পর্যন্ত নিশ্চিত ছিল না। রোববার লাহোরে আইসিসি, পিসিবি বৈঠকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ হয়। পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাল্টেছে। তাতে পুরো ক্রিকেট বিশ্ব যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রেখেছে ভূমিকা। সঙ্গে লাভবান হয়েছে বাংলাদেশও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির আমন্ত্রণে লাহোরে হুট করে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল বড় সংবাদ নিয়ে দেশে ফিরেছেন। হ্যাঁ, সংবাদটা বড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়াতে বিসিবিকে কোনো আর্থিক, ক্রিকেটীয় বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের যেন আর্থিক কোনো ক্ষতি না হয় সেই দিকটি পাকিস্তান নিশ্চিত করেছে। তাহলেই ভারতের বিপক্ষে তারা খেলবে সেই শর্ত দিয়েছিল। আইসিসিও তা মেনে নিয়েছে। সঙ্গে বাড়তি পাওয়াও আছে। আইসিসি ২০৩১ সালের আগে বাংলাদেশকে আরেকটি আইসিসি ইভেন্টে আয়োজক করতে পারে। সেটা হতে পারে ২০২৮ যুব বিশ্বকাপ। মৌখিক যে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশ যুব বিশ্বকাপই পেতে পারে। এর আগে এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। তাছাড়া সাম্ভাব্য আইসিসি ইভেন্টে আছে যুব নারী বিশ্বকাপ। বিসিবি সভাপতি আমিনুল ছেলেদের যুব বিশ্বকাপ আয়োজন করার আগ্রহ দেখিয়েছেন। এমনটিই শোনা গেছে। পাকিস্তানের গণমাধ্যমেও তা উঠে এসেছে। আইসিসির জন্য যুব বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করার কাজটা বরাবরই কঠিন। কেননা বড় দেশগুলো এই ইভেন্টের থেকে মুখ ফিরিয়ে নেয়। অতীতের রেকর্ড তাই বলছে। ভারত ও ইংল্যান্ডের মতো দেশ কখনই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হয়নি। ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম আসর বসেছিল অস্ট্রেলিয়াতে। ২০১২ সালে তারা সবশেষ আয়োজন করে। সেটাও ১৪ বছর আগে। আইসিসি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে এই তিনটা দেশ অনেক বেশি আগ্রহী হয়, বিশেষ করে পুরুষদের আইসিসি ইভেন্টের ক্ষেত্রে। ‘বিগ থ্রি’ যাদেরকে বলা হয় তাদের অনাগ্রহে বাকিদের সুযোগ হয়। বাংলাদেশ ২০০৪ ও ২০১৬ সালে এই প্রতিযোগিতা আয়োজন করেছে। শ্রীলঙ্কাও করেছে দুইবার। সবশেষ ২০ বছর আগে।বাংলাদেশে এই আয়োজন করা আইসিসির জন‌্য লাভজনক। কেননা বাংলাদেশে আয়োজন করার খরচটা কম। সঙ্গে আর্থিক লাভটাও হয়। দুই বছর পর আরেকটি যুব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ তা অনেকটাই নিশ্চিত হয়ে আছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

থাইল‌্যান্ড যাচ্ছে ‘এ’ দল

থাইল‌্যান্ড যাচ্ছে ‘এ’ দল এশিয়া কাপ রাইজিং স্টার ওমেন্স টুর্নামেন্ট খেলতে আগামীকাল দুপুরে থাইল‌্যান্ড যাবে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক ফাহিমা খাতুন। ১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দল নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-এ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল‌্যান্ডকে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। বাংলাদেশের প্রথম ম‌্যাচ ১৪ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুপুর ২টায় ম‌্যাচটি শুরু হবে। পরের দুই ম‌্যাচ যথাক্রমে থাইল‌্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। ১৬ ও ১৮ ফেব্রুয়ারি ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ম‌্যাচ।     ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশাম তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমীন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ঞা, সাদিয়া আক্তার, ফারজাহা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তেজ নাহার, লতা মন্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান। স্টান্ড বাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলের লিড নেওয়ার পরও জয় ধরে রাখতে পারেনি চেলসি। ২-২ গোলের ড্রয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করে সেরা চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধের শেষ দিকে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর লিড আরও বাড়ান কোল পালমার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল চেলসির হাতেই। তবে চেলসির ভুলেই ম্যাচে ফিরে আসে লিডস। মোইসেস কাইসেদো বক্সের ভেতর জেডেন বোগলেকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট-কিক থেকে লুকাস নেমেচা গোল করে ব্যবধান কমান। সমতায় ফেরার গোলটি আসে চেলসির রক্ষণভাগের চরম ভুলে। জশ আচেমপং, মালো গুস্তো ও গোলরক্ষক রবার্ট সানচেজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ নেন নোয়া ওকাফর। সহজ টোকায় জালে বল জড়িয়ে লিডসকে সমতায় ফেরান তিনি। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতেছিল চেলসি। কিন্তু এই ড্রয়ের ফলে তাদের জয়যাত্রায় ছেদ পড়ল। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্র করায় চেলসি পঞ্চম স্থানেই থাকছে। অন্যদিকে এই ড্রয়ের ফলে লিডস ইউনাইটেড টটেনহামকে পেছনে ফেলে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে।

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ইস্ট লন্ডনের বৃষ্টিভেজা রাতে নাটকীয় সমতায় শেষ হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লড়াই। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে হার এড়িয়ে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের দল। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিলেন ক্যারিক। তবে টানা জয়ের ধারায় এবার ছেদ পড়লেও শেষ মুহূর্তের গোল অন্তত এক পয়েন্ট এনে দিয়েছে ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। বিরতির পাঁচ মিনিট পর লুক শ’ ডুয়েল জিততে ব্যর্থ হলে সুযোগ নেন চেক মিডফিল্ডার তোমাস সাউচেক। কোবি মাইনুর নজর এড়িয়ে নিকট পোস্টে নিখুঁত শটে দলকে লিড এনে দেন তিনি। নুনো এসপিরিতো সান্তোর দল তখন টানা পাঁচ ম্যাচে চতুর্থ জয়ের পথে এগোচ্ছিল। প্রথমার্ধে অবশ্য ইউনাইটেডই এগিয়ে যাওয়ার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। কর্নার থেকে লুক শ’র কাছ থেকে পাওয়া বলটি গোললাইন থেকে ক্লিয়ার করেন অ্যারন ওয়ান-বিসাকা। পরে কাসেমিরো হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ম্যাচের শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ইউনাইটেড। অবশেষে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ফল মেলে। বদলি হিসেবে নামা গ্রীষ্মকালীন সাইনিং বেঞ্জামিন সেস্কো দ্রুতগতির আক্রমণ থেকে জোরালো শটে ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে পরাস্ত করেন।

সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার

সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি বৈধ বা লাইসেন্স করা অস্ত্র জমা পড়ে। জানা গেছে, ব্যক্তির নামে ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এখন পর্যন্ত ২০ হাজার ২৮৮টি অস্ত্র এখনও জমা পড়েনি। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে, গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জমা না হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া অস্ত্রই বেশি বলে জানা গেছে। এসব অস্ত্রের মালিকদের অনেকেই বিদেশে পালিয়ে গেছেন। দেশের ভেতরে অনেকে গা ঢাকা দিয়ে আছেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বাহারুল আলম বলেন, যে কোনো অস্ত্র থ্রেট। এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। সেজন্য মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ইসি জানায়, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সংশ্লিষ্টরা জানান, আজকের ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরবেন। একইসঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

বাংলাদেশে নির্বাচন, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ালো ভারত

বাংলাদেশে নির্বাচন, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ালো ভারত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ লাগায়ো সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। এদিন সকালে বসিরহাট পুলিশের উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে। এছাড়া সীমান্তে যাওয়ার সব রাস্তা ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি চলছে। ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার রাস্তার লবঙ্গ মোড়ে সব গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খু তল্লাশি করছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে চালকসহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয়। তাছাড়া ওই এলাকার সব আবাসিক হোটেলেও অভিযান চালায় বসিরহাট মহকুমা পুলিশ।

৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল

৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সড়ক পরিবহন সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই নির্দেশনার ফলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে সাধারণের জন্য এসব যানবাহন চলাচল নিষিদ্ধ হয়ে গেছে। ইসির নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দর বা মাওয়া থেকে যাত্রী আনা-নেওয়া কিংবা টিকিট বা অনুরূপ প্রমাণ দেখিয়ে নিজ বাসস্থান বা আত্মীয়ের বাসায় যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন; দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন বা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। প্রতিকারী প্রার্থীর জন্য একটি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টের জন্য (যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে) একটি যানবাহন, যেমন জিপ, কার বা মাইক্রোবাস, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে। নির্বাচন কমিশনের অনুমোদন অনুযায়ী নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল, টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া জাতীয় মহাসড়ক, বন্দরসহ আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাতায়াত বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান সড়কের সংযোগ সড়কগুলোতেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এদিকে ভোটের দিন একই শর্তে নৌযান চলাচলও বন্ধ থাকবে।

গোবরাতলায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

গোবরাতলায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় পরিবেশ ও জলবায়ু বিপদাপন্নতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাস্টেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সোমবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ পলশায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন— স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলম, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মুনজিলা আক্তার, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, সহকারী টেকনিক্যাল অফিসার মামুনসহ অন্যরা। স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে লক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা ১ হাজার ৫০০ জনকে ঋণ, অনুদান এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী, আমচাষি, আম ব্যবসায়ী, আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার) আমবাজারতাকারী (দেশ ও বিদেশ), আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন, নার্সারি, জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত।