দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবগুলো কেন্দ্রের ভোট চলমান আছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই।’ তিনি আরো বলেন, ‘বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।’ ভোটের পরিবেশ নিয়ে সচিব সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইসি সচিব বলেন, বড় কোনো নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেখানেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা

আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা, সারা দিনব্যাপী উৎসব করি। সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে… প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটিও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগলো। এটা আমার জীবনে মহা আনন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।
প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বুবলী

প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বুবলী ‘আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’ নতুন সরকারের কাছে এমন প্রত্যাশার কথা জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’ আগামীকাল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। তাদের মতোই বুবলীও জানালেন তার প্রত্যাশার কথা। এদিকে, নানামাত্রিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। চলতি বছরের শুরুতে ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির পরিচালক রায়হান রাফী। ছাড়াও ‘ঢাকাইয়া দেবদাস’ নামে তিনি আরও একটা সিনেমায় অভিনয় করছেন। কাজের বাইরে সম্প্রতি গুঞ্জন ওঠেছে আবারও মা হতে যাচ্ছেন বুবলী। এরইমধ্যে তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও। যদিও বুবলী এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। গত বছরের শেষের দিকে ছেলে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে।পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিবও কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।
এক বছরে দিগুণ হয়েছে তিশার সম্পদ

এক বছরে দিগুণ হয়েছে তিশার সম্পদ প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকাশিত তথ্যে দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কিছুটা কমলেও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালা অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা। অন্যদিকে, একই সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়। প্রকাশিত তালিকায় আরো দেখা যায়, নির্ধারিত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদ বেড়েছে। তবে ফারুকী ছাড়াও আরো দুই উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এখনও বহাল রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভোট দিতে পারছেন না শাকিব খান-আরিফিন শুভ

ভোট দিতে পারছেন না শাকিব খান-আরিফিন শুভ কাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো শোবিজ অঙ্গনেও বইছে ভোটের হাওয়া। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, শুটিং ও ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ। ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করছেন। বিগত নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও এবার ইচ্ছা থাকলেও ভোটকেন্দ্রে যাওয়া হচ্ছে না তার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শাকিব খান ভোট দিতে আসার চেষ্টা করেছেন, কিন্তু সামনে ঈদ; দিন-রাতে শুটিং করতে হচ্ছে তাই তিনি আসতে পারছেন না। অন্যদিকে ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এ ছাড়া ঢাকা-১৭ আসনের আরেক ভোটার জয়া আহসানও দেশের বাইরে; তিনি ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পরীমণি, ফের পেছাল জেরা

চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পরীমণি, ফের পেছাল জেরা শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। এ কারণে সাভারের বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তার জেরা আবারও পেছানো হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণির জেরার দিন ধার্য ছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত আগামী ৯ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোয় অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এ কারণে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগেও একাধিকবার জেরা পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর পরীমণির দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে আসতে পারেননি। ফলে সেদিনও জেরা হয়নি। এর আগে চলতি বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানির সময় অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমণি। ওই বছরের ১৩ জুন রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তিনি নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ জানান। পরদিন সাভার মডেল থানায় মামলা করেন পরীমণি। মামলার পর রাজধানীর উত্তরার বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অন্য আসামি শহীদুল আলমসহ তিনজনই বর্তমানে জামিনে রয়েছেন। ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া ভোটের মাঠ পর্যবেক্ষণে সব বাহিনীর ড্রোন ব্যবহৃত হবে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার এবং বিমান বাহিনীর ৩ হাজার ৫শ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসি’র ১ হাজার ৯২২ জন সদস্য দায়িত্বে রয়েছেন। অন্যদিকে নির্বাচনী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী তদন্ত কমিটিতে ৩শ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন নির্বাচনী অপরাধে ইতোমধ্যে আচরণবিধি ভঙ্গের দায়ে ৪৬৮টি ঘটনায় ২৫৯টি মামলায় প্রার্থী ও তাদের সমর্থকদের মোট ৩২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী তদন্ত কমিটি সংক্ষিপ্ত বিচারে আরও ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। ভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক, স্বেচ্ছায় ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ইতোমধ্যে দেশে এসেছেন। পাশাপাশি দেশীয় পর্যবেক্ষক হিসেবে ৮০টি সংস্থার ৪৪ হাজার ৯৯৫ জন মাঠে থাকবেন।
ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান

ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহারণের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান শিবির। বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের পরই দলটি জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে তারা মাঠে নামবে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২ রানের জয়ের পর ম্যাচসেরা হওয়া ওপেনার সাহিবজাদা ফারহান বলেছেন, ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোর মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। ম্যাচ শেষে ফারহান বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে যেমন খেলেছি, এবারও একইভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই।’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। ফারহান জানান, অনুশীলন থেকেই নিজের ছন্দ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এমনকি ম্যাচসেরা হওয়ার লক্ষ্যও আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। বিশ্বকাপে অন্তত দুই থেকে তিনটি ম্যাচসেরা হওয়ার ব্যক্তিগত লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, দল রান তাড়া করা এবং আগে ব্যাট করা—দুই পরিস্থিতিতেই প্রস্তুত। ‘আমরা চেষ্টা করি আগে ব্যাট করে গড়ের চেয়ে বেশি রান তুলতে এবং তা রক্ষা করতে। আমাদের ব্যাটিং অর্ডার নমনীয়। পরিস্থিতি অনুযায়ী যে কেউ উপরে বা নিচে খেলতে পারে,’ বলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেক বেশি গুছানো পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। ১৯০ রানের সংগ্রহ দাঁড় করিয়ে সেটি সফলভাবে রক্ষা করে দলটি। তবে অধিনায়ক স্বীকার করেছেন, পাওয়ারপ্লে বোলিংয়ে আরো উন্নতির সুযোগ আছে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এখন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটাই এখন দেখার অপেক্ষা।
আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ আলবেনিয়ার রাজধানী তিরানায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির বর্তমান উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। গত ডিসেম্বর থেকে আলবেনিয়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। দেশটির বিশেষ প্রসিকিউশন ইউনিট উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে সরকারি বড় প্রজেক্টগুলোতে স্বজনপ্রীতি এবং নির্দিষ্ট কিছু কোম্পানিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ আনে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী এডি রামার সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে একটি সরকারি ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।নিরাপত্তা রক্ষায় সরকারি ভবনগুলোর সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্নীতি দমনকারী বিশেষ অফিস বাল্লুকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তার সংসদীয় দায়মুক্তি বাতিলের অনুরোধ জানিয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী এডি রামার দলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায়, সংসদ আদৌ তার বিরুদ্ধে ভোট দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী রামার জন্য এই আন্দোলনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে আমেরিকা : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে আমেরিকা : ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত সামরিক সম্পদ মোতায়েনের কথা বিবেচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণমাধ্যমকে মঙ্গলবার এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন এবং তেহরান বর্তমানে আলোচনায় রয়েছে। উভয় পক্ষই সামরিক পদক্ষেপ এড়াতে একটি চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া উচিত নয়।’ ট্রাম্প এর আগে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার দিকে ইঙ্গিত করে বলেন, তেহরান তার পদক্ষেপ নেওয়ার ইচ্ছাকে অবমূল্যায়ন করেছে। ইসরায়েলের চ্যানেল ১২ মার্কিন প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘গতবার তারা বিশ্বাস করেনি যে আমি এটা করব। তারা তাদের হাত বাড়িয়ে দিয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার সময় এই হামলাগুলো করা হয়েছিল। ট্রাম্প বলেছেন, বর্তমান আলোচনা খুবই আলাদা, যা ইঙ্গিত দেয় যে ইরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে আরো আগ্রহী। তিনি আরো বলেন, ‘হয় আমরা একটি চুক্তি করব, নয়তো গতবারের মতো আমাদের খুব কঠিন কিছু করতে হবে।’ মার্কিন প্রেসিডেন্ট আরো নিশ্চিত করেছেন, তিনি বৃহত্তর সামরিক প্রস্তুতির অংশ হিসেবে এই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন। সূত্র : আলআরাবিয়া।