এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা রমজানে এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

শাহরুখ-সালমানের আয়ু নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য

শাহরুখ-সালমানের আয়ু নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য বলিউডের দাপুটে দুই তারকা শাহরুখ খান ও সালমান খান। দুজনের বয়সই এখন ৫৯। তারপরও তাদের সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্ত-অনুরাগীরা। হঠাৎ এই দুই তারকার ক্যারিয়ার ও আয়ু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জ্যোতিষী সুশীল কুমার সিং। কয়েক দিন আগে সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দেন জ্যোতিষী সুশীল কুমার সিং। এ আলাপচারিতায় তিনি বলেন, “শাহরুখ খানের সময় ভালো যাচ্ছে, ২০২৭ পর্যন্ত তার সময় ভালো কাটবে। কিন্তু সালমানের সময়টা ক্রমাগত খারাপ হচ্ছে। ২০২৫, ২০২৬, ২০২৭— এই তিন বছরই তার খারাপ যাবে।” শাহরুখ-সালমানের আয়ু নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন সুশীল কুমার সিং। তার  ভাষায়— “দুজনের মধ্যে একটা মিল রয়েছে; একই বছরে মারা যাবেন সালমান খান ও শাহরুখ খান। ৬৭ বছর বয়সে তাদের মৃত্যু হবে। সালমান খান খুব দ্রুত গুরুতর রোগে আক্রান্ত হবেন, যে রোগের নাম উল্লেখ করছি না।” ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বর্তমানে তার বয়স ৫৯ বছর ৪ মাস। অন্যদিকে, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান খান। তার বর্তমান বয়স ৫৯ বছর ২ মাস। অর্থাৎ শাহরুখের চেয়ে ২ মাসের ছোট সালমান। তবে ব্যক্তিগত জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের।  দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। একই বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। এরপর শাহরুখের আর কোনো সিনেমা মুক্তি পায়নি। যার ফলে, প্রিয় তারকার নতুন সিনেমার জন্য মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। তার অভিনীত ‘কিং’ সিনেমা চলতি বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে হিট সিনেমা নেই সালমানের ঝুলিতে। বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

কঙ্গোয় নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু

কঙ্গোয় নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন মারা গেছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।  প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, “প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।” দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার (৭ মাইলেরও বেশি) পথ পাড়ি দেওয়ার পর নৌকাটি ডুবে যায়। মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি। মারাত্মক নৌকা দুর্ঘটনা কঙ্গোর নৌপথে সাধারণ ঘটনা। এর জন্য গভীর রাতের ভ্রমণ এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনকে প্রায়শই দায়ী করা হয়।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার (১১ মার্চ) তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।  ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার কঠোর বক্তব্যের জন্য পরিচিত। কিছুদিন আগেই তিনি হংকংয়ে যান। সেখান থেকে আজ মঙ্গলবার ফিলিপাইনে ফেরেন তিনি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুতের্তে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হয়েছেন। তিনি ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর ডাভাওয়ের মেয়র এবং দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেছিলেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন অফিস জানিয়েছে, ইন্টারপোল দুতের্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানার অফিসিয়াল কপি পেয়েছে ম্যানিলা।  গতকাল সোমবার হংকংয়ে থাকাকালীন সময়েই  দুতের্তে আভাস পেয়েছিলেন যে, তার বিরুদ্ধে ইন্টারপোল খুব শিগগির গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। তিনি সম্ভাব্য গ্রেপ্তারের জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন। ফিলিপাইনের আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের প্রচারণার জন্য সোমবার হংকংয়ে একটি সমাবেশ করেন দুতের্তে। তিনি তার নৃশংস মাদকবিরোধী অভিযানকে ন্যায্যতা প্রদান করে সমাবেশে বলেন, “ধরে নিচ্ছি, (গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাওয়ার) খবরটি সত্য। কিন্তু আমি কেন এটা করলাম? নিজের জন্য? আমার পরিবারের জন্য? তোমার, তোমার সন্তানদের জন্য এবং আমাদের জাতির জন্য।” “যদি এটা সত্যিই আমার জীবনের ভাগ্য হয়, তাহলে ঠিক আছে, আমি এটা মেনে নেব। তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, কারারুদ্ধ করতে পারে।” “আমার অপরাধ কী? আমি আমার সময়ে শান্তি এবং ফিলিপাইনের জনগণের শান্তিপূর্ণ জীবনের জন্য সবকিছু করেছি।” তিনি হংকংয়ের সাউথর্ন স্টেডিয়ামে সমাবেশে বলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন। সেখানে তিনি তার মেয়ে ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তেকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় গতকাল সোমবার জানিয়েছিল যে, ইন্টারপোলের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্টের কার্যালয় ইঙ্গিত দেয়, এরকম কিছু হলে দুতের্তেকে হস্তান্তর করা যেতে পারে। প্রেসিডেন্টের কমিউনিকেশন্স আন্ডারসেক্রেটারি ক্লেয়ার কাস্ত্রো সাংবাদিকদের বলেছিলেন, “ইন্টারপোলের অনুরোধের কারণে গ্রেপ্তারের পরোয়ানা জারি করার প্রয়োজন হলে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইন যা নির্দেশ করে তা অনুসরণ করতে প্রস্তুত।”দুতের্তে মাদকের বিরুদ্ধে তার নির্মম অভিযানের বিষয়ে গত বছর কংগ্রেসের শুনানির সময় বলেছিলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মামলাকে ভয় পান না এবং তদন্তে ‘তাড়াতাড়ি’ করতে বলেছিলেন। ২০১৯ সালে আইসিসি যখন দুতের্তের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত শুরু করে, তখন তিনি একতরফাভাবে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নেন। ওই সময়ে মানবাধিকারকর্মীরা এই কাজকে তার বিরুদ্ধে আনিত গণহত্যার বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে উত্থাপন করে। এছাড়া ২০২১ সালে দুতের্তের প্রশাসন আন্তর্জাতি অপরাধ আদালতের তদন্ত কার্যক্রম স্থগিত করার উদ্যোগ নেন। তখন তিনি যুক্তি দেখিয়েছিলেন, ফিলিপাইনের আদালতই এ বিষয়ে তদন্ত করছে।  পরবর্তীতে ২০২৩ সালে আইসিসির আপিল বিভাগ দুতের্তের বিরুদ্ধে আনিত অভিযোগ পুনরায় তদন্ত শুরু করা যেতে পারে বলে রায় দেন এবং দুতের্তের প্রশাসনের আবেদন খারিজ করে দেন। ফিলিপােইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ২০২২ সালে ক্ষমতায় আসেন। দুতের্তের সঙ্গে তার ব্যাপকভাবে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছিল। এর ফলে তার প্রশাসন থেকে বলা হয়েছিল, যদি আইসিসি ইন্টারপোলের মাধ্যমে দুতের্তেকে গ্রেপ্তার করতে রেড নোটিশ পাঠায় তাহলে তারা সহযোগিতা করবে।

চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ মার্চ ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ২৮ হাজার ৩৩৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৪ হাজার ৫০৯ জন। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দিন। তিনি আরো জানান, আগামী ১৫ মার্চ সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জে সবমিলিয়ে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১৯১ জন স্বাস্থ্যকর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সিভিল সার্জন বলেন- ১৫ মার্চ কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না। সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে। ব্রিফিংয়ে সিভিল সার্জন ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরেন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দিন। তিনি বলেন ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর ফলে কোনো কোনো শিশুর বমি ভাব বা পাতলা পায়খানা হতে পারে। তবে তাতে ভয়ের কোনো কারণ নেই।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর : সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিনসহ অন্যরা। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অুনষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব। এছাড়াও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়নের কার্য-সহকারী শাহিন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস কর্মী এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া প্রদর্শন করেন নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক। এছাড়া সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালন করা হয়।

জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হুজরাপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর আল মনসুর শোয়াইব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওবায়দুল হকসহ অন্যরা। দোয়া পরিচালনা করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ নিশান।

দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম রাজশাহীর পবা উপজেলার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। এ সময় একজন আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক সাদ্দাম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান

সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুষের বিনিময়ে শুদ্ধ ব্যতীত ব্যবসায়ীদের পণ্য ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এর সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় ৩ সদস্যের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়েছে। সোমবার দিনব্যাপী দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের গঠিত ৩ সদস্যের প্রতিনিধি দলটি এ অভিযানে আসে। দলটি বিভিন্ন দপ্তরে অভিযান চালায় এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। কমিটির সদস্যরা হলেন- দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন; উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং অপর উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান। সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে তারা সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে অবস্থিত কাস্টমস কার্যালয়, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় এবং বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটিডের কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথি যাচাই-বাছাই ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। এ নিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ম্যানেজার মঈনুল ইসলাম জানান, দুদকের একটি দল তাদের কাছে বিগত বছরগুলোর পণ্য আমদানির বিভিন্ন তথ্য দেখতে চান এবং যাচাই-বাছাই করেন। পরে তারা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পৃথক আয়োজনে এমন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, যুগ্ম আহ্বায়ক আকিব মিয়া, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, সদস্য সচিব সাব্বির আহমেদ, শিক্ষার্থী সীমা খাতুন, ফরহাদ হোসেন, মাহিনুল ইসলাম, রাহাত আলী, মাহিন খান, খাতিজা খাতুন মীম, বায়োজিদ ইসলাম জীবন, শারমীন জান্নাত মিষ্টি। অন্যদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজার নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদস্য জাকির আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মিরাজ আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।