আমার আবেদন এখন আরও বেশি: কারিনা

আমার আবেদন এখন আরও বেশি: কারিনা বলিউডের নায়িকা কারিনা কাপুর খান। ৪৫ ছুঁইছুঁই বয়সে নাকি ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন তার থেকে আরও বেশি ভালো আছেন। সম্প্রতি করিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরের। অনুষ্ঠান মঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন একে অপরকে। বেশ কয়েক বছরের সম্পর্ক তাদের ভেঙে গিয়েছিল ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার পর। হিসাব বলছে তখন করিনার ২৭ বছর বয়স। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খানকে। আর এবার করিনা বললেন, তখন আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী। সম্প্রতি হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক একান্ত কথোপকথনে পাওয়া যায় কারিনাকে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগৎ তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। তিনি বলেন, এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।  এ বিষয়েই কারিনা বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতেই ভালোবাসি। আমার মনে হয় এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে আরও বেশি সুখী মনে করি নিজেকে, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, আর আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি। গেল বছর কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহম আগেন’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমাতে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এদিকে কারিনা নিজেই জানিয়েছেন, বড় ব্যানারের দক্ষিণী সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী মাস থেকে ২৬ বিলিয়ন ইউরো মূল্যের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। তবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন এটাও বলেছেন যে, তারা আলোচনার জন্য উন্মুক্ত রয়েছেন এবং কারো স্বার্থে উচ্চতর শুল্ক বিবেচনা করেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক আজ বুধবার থেকে কার্যকর হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ বাতিল করবে এবং ১৩ এপ্রিল থেকে শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর করা হবে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন সাংবাদিকদের বলেন, “আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি তা শক্তিশালী কিন্তু সমানুপাতিক। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ২৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করছে, তাই আমরা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি।”  তিনি আরো বলেন, “ইইউকে অবশ্যই তার ভোক্তা এবং ব্যবসা রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে।” বর্তমানে বোট থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত শুল্ক স্থগিত রয়েছে। ইইউ জানিয়েছে, তারা এখন এসব পণ্যের পাশাপাশি শুল্ক আরোপের তালিকায় অন্যান্য মার্কিন পণ্য নির্বাচনের জন্য পরামর্শ শুরু করবে।   যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছেন, “আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত থাকব।”  তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভূ-অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় ভরা বিশ্বে, আমাদের অর্থনীতির ওপর এই ধরনের শুল্ক চাপানো আমাদের সাধারণ স্বার্থে নয়। আমরা একটি অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে প্রস্তুত।”

অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের এবার নিজে থেকেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার সুযোগ দিতে সিবিপি হোম নামে একটি ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। এই অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ত্যাগের ইচ্ছা প্রকাশ করতে পারবেন। আর সেক্ষত্রে তাদের কোনো ‘কঠোর পরিণতি’ হবে না বলে জানিয়েছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে ট্রাম্প প্রশাসন সোমবার (১০ মার্চ) থেকে এই নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, “সিবিপি হোম অ্যাপটি অনাকাঙ্ক্ষিতদের এখনই চলে যাওয়ার এবং স্বেচ্ছায় ফেরত যাবার বিকল্প দেবে, যাতে তারা ভবিষ্যতে বৈধভাবে ফিরতে পারে এবং আমেরিকান স্বপ্ন বাঁচাতে পারে। যদি তারা তা না করে তবে আমরা তাদের খুঁজে বের করব, নির্বাসন দেব এবং তারা আর কখনও ফিরে আসতে পারবে না।” এই অ্যাপটি অবশ্য নতুন নয়। এর আগে নাম ছিল সিবিপি ওয়ান, যা মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয় পেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য আবেদনের প্রক্রিয়া সহজতর করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু গত ২০ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সিবিপি ওয়ান অ্যাপটি বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে মেক্সিকোয় মার্কিন অভিবাসন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করা প্রায় ৩০ হাজার মানুষ চরম সমস্যায় পড়েছিলেন। সোমবার (১০ মার্চ), ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, এখন তারা এই অ্যাপটিকে ‘সেলফ ডিপোর্টেশন’ বা  ‘স্বেচ্ছা নির্বাসন’-এর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলছে। এর মাধ্যমে অবৈধ অভিবাসীরা সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজে থেকেই যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে পারবেন। অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন অন্যান্য পদক্ষেপও নিয়েছে যা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে চাপ দিতে পারে। ট্রাম্প প্রশাসনের একটি নিয়ম ১১ এপ্রিল কার্যকর হতে যাচ্ছে, যা অবৈধ অভিবাসীদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করতে বাধ্য করবে, অন্যথায় তাদের জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়তে হবে।

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডা.’ নয়: হাইকোর্ট

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডা.’ নয়: হাইকোর্ট এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডিপ্লোমাধারী কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট।  বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে, বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৫ ফেব্রুয়ারি পৃথক দুটি রিটের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের (ডিপ্লোমাধারী হিসেবে নিবন্ধিত) ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদাসহ অন্যরা ২০১৩ সালে একটি রিট করেন। ওই আইনের ২৯ ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। প্রথম রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ১১ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। দ্বিতীয় রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৫ নভেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে আইনের ২৯ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর একসঙ্গে শুনানি হয়।

লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি নিজেদের মাঠে প্রাণপণ লড়াই করেছে পিএসজি। তবে সফল হয়নি। পরে কামব্যাকের ঘোষণা দেয় তারা। সেটিরই প্রতিফলন ঘটলো অ্যানফিল্ডে। আক্রমণের স্রোত বইয়ে দিয়ে এগিয়েও গেল তারা। তবে বাকি সময়টা লিভারপুল লড়লো। আলিসন বেকার দাঁড়ান দেয়াল হয়ে। যদিও টাইব্রেকারে আর পারেননি। জিয়ানলুইজি দোন্নারুম্মাই নায়ক বনে গেলেন। দুটি সেভ দিয়ে জেতালেন পিএসজিকে। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নির্ধারিত সময়ে ওসমান দেম্বেলের একমাত্র গোলে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারায় পিএসজি। তবে দুই লেগ মিলিয়ে ১-১ ব্যবধানে ড্র হওয়ার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে টাইব্রেকার পর্যন্ত আসে। আর ৪-১ ব্যবধানে পরবর্তী পর্বের টিকিট কাটে লুইস এনরিকের শিষ্যরা। নিজেদের মাঠে শুরুতেই গোল হজম করে লিভারপুল। দ্বাদশ মিনিটে বার্কোলাকে বল বাড়িয়ে বক্সের দিকে এগিয়ে যান দেম্বেলে। বার্কোলার ফিরতি পাস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। সেখান থেকে পায়ের টোকায় জাল খুঁজে নেন সাবেক বার্সা ফরোয়ার্ড। গোল হজম করে পাল্টা আক্রমণ করতে থাকে লিভারপুল। তবে প্রথমার্ধে তারা আর সফলতা দেখেনি। বিরতির পর পিএসজির জালে বল পাঠায় লিভারপুল। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। তবে চেষ্টা থামায়নি স্বাগতিকরা। কিন্ত প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন দোন্নারুম্মা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পায়নি কেউই। টাইব্রেকারে পিএসজির সবাই সফল স্পট কিক নিলেও লিভারপুলের হয়ে কেবল পেরেছেন মোহামেদ সালাহ। দারউইন নুনেস ও কার্টিস জোন্সের পেনাল্টি ঠেকিয়ে উচ্ছ্বাসে ভাসেন দোন্নারুম্মা।

রোহিতকে ২০২৭ বিশ্বকাপ দলের অধিনায়ক দেখতে চান পন্টিং

রোহিতকে ২০২৭ বিশ্বকাপ দলের অধিনায়ক দেখতে চান পন্টিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। শিরোপা জয়ের পর অনেক আত্মবিশ্বাস নিয়েই এখন অবসর না নেওয়ার কথা জানান তিনি।  ধারণা করা হচ্ছে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন দলের সঙ্গে। ওই সময় পর্যন্ত দলের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখতে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিটি পন্টিংও।  আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী? আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে অবসর প্রসঙ্গে রোহিত শর্মা বলেছিলেন, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি। এখন শুধু এটুকুই গুরুত্বপূর্ণ। ’

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অব্যহত, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দ্বিতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ, ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শণ অব্যহত রয়েছে। সেই সাথে ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আজ সকালে ৪২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এ কর্মসূচীর আয়োজন করে। এতে যোগ দেন চিকিৎসক, নার্সিং শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ, শিশু রোগ বিশেষঞ্জ মাহফুজ রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিন খান, স্বেচ্ছাসেবী ওয়ালিদ হাসান, ওয়ালিদ হাসান মাইনুল, মশিউর রহমান, আবু সালেক , নার্সিং শিক্ষক রোকাইয়া খাতুন প্রমুখ । বক্তরা বলেন,ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। আর এই অপরাধের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। সাম্প্রতিককালে দেশে বিবেকহীন ধর্ষণকান্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তরা বলেন, দেশবাসী লজ্জায় ডুবে গেছে। তীব্র ঘৃনা প্রকাশ করছেন বহু মানুষ। এখন দরকার কঠোর ও জরুরী প্রশাসনিক পদক্ষেপ। এদিকে, মাগুড়াতে ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুরের সাধারণ শিক্ষার্থবৃন্দ ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রাসেল আলী, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্র শিবিরের সভাপতি নাজির উদ্দিন ,জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন গোমস্তাপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর যুব, সেচ্ছাসেবক, ছাত্রদল আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ, গোমস্তাপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, রহনপর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পিয়ারুল ইসলাম, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রতন, সাবেক উপজেলার যুগ্ন আহবায়ক আসিফ আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সুমাইল, যুবনেতা হৃদয় ও ছাত্রনেতা তন্ময়সহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই সব ধর্ষনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফঁসির রায় কার্যকর করতে হবে নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।

সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা

সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা সাত দফা দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতি। এরপরেও দাবি বাস্তবায়ন না হলে আগামী বছর থেকে দেশের সব ইট ভাটায় ইট উৎপাদন বন্ধের কথা জানিয়েছে তারা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা টাঙ্গাইল জেলা সদর এলাকায় জড়ো হন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারির মালিক সমিতির নেতারা। সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন, এই শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক জড়িত। সবকিছুই মিলিয়ে প্রায় ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে। এই খাতের মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে। ইট ভাটা বন্ধ হয়ে গেলে লোনের টাকা অনাদায়ী থেকে যাবে। হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। ঝিকঝ্যাক ইটভাটার ছাড়পত্র ও লাইন্স প্রাপ্তির জটিলতার নিরসনের জন্য বাংলাদেশের ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাত দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। দাবিগুলো হলো- ১। ২০১৩ সনের ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮ (৩) (ঙ) এবং ৮ (৩) (খ) উপ-ধারায় “দূরত্ব নির্দিষ্ট” করনের কারণে দেশের কিছু জিগজাগ ইট ভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলুন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারন করেছে, সুতরাং আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮ (৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দূরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদান। ২। জিগজাগ ইটভাটায় কোনো প্রকার হযরানী বা মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না, তা না হলে ভ্যাট টেক্স দেওয়া বন্ধ করে দেওয়া হবে। ৩। কোনো ইট ভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তা বন্ধ করতে হবে। ৪। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। ৫। পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ৬। ইট ভাটাকে শিল্প হিসাবে ঘোষণা দিতে হবে। ৭। ইট ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।

পাচার হওয়া অর্থ ফেরাতে শিগগিরই অধ্যাদেশ

পাচার হওয়া অর্থ ফেরাতে শিগগিরই অধ্যাদেশ বিদেশে পাচার হওয়া প্রায় কয়েক শ কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসেই এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এ জন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে। সালেহ উদ্দিন আরো বলেন, অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার। এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, পাচার হওয়া টাকা কিভাবে আনা যায় সেটা ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ আইন শিগগিরই অনুমোদন করা হবে। পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর জানিয়ে প্রেসসচিব বলেন, ‘প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কিভাবে আনা যায়।  সে জন্য গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়। তার নেতৃত্ব দিচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর।’