বিমান দুর্ঘটনায় নায়িকার মৃত্যু, ২২ বছর পর নায়কের নামে অভিযোগ

বিমান দুর্ঘটনায় নায়িকার মৃত্যু, ২২ বছর পর নায়কের নামে অভিযোগ ভারতের দক্ষিণী সুন্দরী সৌন্দর্যর মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। বিমান দুর্ঘটনায় অভিনেত্রী সৌন্দর্যের খুঁজে পাওয়া যায়নি দেহের অবশিষ্টাংশও। এমন মৃত্যুর ২২ বছর পার হয়ে যাওয়ার পর এবার নাম জড়াল বিখ্যাত অভিনেতার। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে। আর তাতে দাবি করা হয়েছে, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে এই অভিনেতার। সৌন্দর্যর মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খুনের নেপথ্য কারণ হিসেবে তুলে ধরা হয়েছে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি সংক্রান্ত বিবাদকে।  ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনা ঘটে। ওই বিমান দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডিও মারা যান। প্রাণ যায় সৌন্দর্যের ভাইয়েরও।  ৩১ বছর বয়সে প্রাইভেট বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। সেই সময়ই ভেঙে পড়ে বিমান। এমনকী সেই সময় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বাও ছিলেন। তবে এই দুর্ঘটনার পর অভিনেত্রীর পরিবার তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। মৃত্যুর আগে সবে বিজেপিতে যোগদান করেছিলেন সৌন্দর্য। মৃত্যুর কয়েক মাস আগে বিয়েও করেছিলেন তিনি। ২০০৩ সালে সফ্টওয়্যার এগজিকিউটিভ শ্রীধরকে বিয়ে করেন সৌন্দর্য। ২২ বছর পর দক্ষিণী সৌন্দর্যর মৃত্যুর জন্য কাঠগড়ায় তেলুগু সুপারস্টার মোহনবাবু। একব্যক্তি স্থানীয় থানায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, কন্নড় অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে। অভিযোগকারী ব্যক্তির দাবি, সৌন্দর্য হায়দরাবাদের জলপল্লি এলাকায় ৬ একর জমি কিনেছিলেন। ওই জমি নিয়ে তার এবং মোহনবাবুর মধ্যে অনেকদিন ধরে গোলমাল চলছিল। জমি বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। এমনকী তা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই অমরনাথও। অভিযোগ, অবৈধভাবে ওই জমি দখল করেন মোহনবাবু। প্রসঙ্গত, ১৯৯২ সালে কন্নড় ভাষার ‘রাজধি রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সৌন্দর্য। এরপর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেন। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে অমিতাভের বিপরীতে অভিনয় করেন সৌন্দর্য।

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাদেরসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ মার্চ থেকে আরও ৬০ দিন পর্যন্ত তারা সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরে তা আরও বাড়ানো হয়। সবশেষ দুই মাস বাড়ানো হলো।  প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

বেসরকারি চিকিৎসকদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো করবে সরকার

বেসরকারি চিকিৎসকদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো করবে সরকার বেসরকারি চিকিৎসকদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো তৈরি করার উদ্যোগ নেবে সরকার। বেসরকারি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের সর্বনিম্ন বেতন কাঠামো করে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান। তিনি বলেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসক-কর্মচারীদের পে স্কেলের দাবি করা হয়েছে। আসলে তাদের পে স্কেল দেওয়া দুরূহ বিষয়। কারণ এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে। সায়েদুর রহমান জানান, বেসরকারি যেসব চিকিৎসা প্রতিষ্ঠান আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই চিকিৎসক ও নার্সদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, পে স্কেল নয়, আমরা আশাবাদী, সর্বনিম্ন বেতন কাঠামো করে দিতে সক্ষম হব অল্প দিনের মধ্যে। স্বাস্থ্য সুরক্ষা আইনে সংস্কার কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, তাদের পরামর্শগুলো আগামী ১৮ তারিখে আসবে বলে আশা করি। পরামর্শ এলে সেগুলো আমরা যুক্ত করে আমরা একটি স্বাস্থ্য সুরক্ষা আইন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা জনসমক্ষে আনতে পারব।  তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে মানুষের জন্য আমরা একটি মানসম্মত, সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের যে পরিকল্পনা আমরা করেছি, তাতে দেশবাসী ও পেশাজীবীদের পাশে থাকা আহ্বান জানাচ্ছি।

পরপর তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট, শেষবার হৃৎস্পন্দন ফেরেনি শিশুটির

পরপর তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট, শেষবার হৃৎস্পন্দন ফেরেনি শিশুটির মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার হৃৎস্পন্দন ফিরে না আসায় মারা যায় শিশুটি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করে শিশুটি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে। সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। সমিতির চেয়ারম্যান প্রকৌশলী খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সদস্য আব্দুল হান্নান ও বাদল আলী, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষ ডা. রুমানা আফরোজ লিয়া ও ডা. ইমরান জাভেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী। বক্তারা বলেন- গ্লুকোমা রোগ হচ্ছে চোখের নীরব ঘাতক। আপনি বুঝতেই পারবেন না, ধীরে ধীরে আপনার চোখ নষ্ট হচ্ছে। তাই মাঝে মধ্যে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো ভালো।

নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক

নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন-আমার যে আয় তা হালাল করার জন্যই যাকাত আদায় করতে হবে। তা নাহলে আমার ধন সম্পদ হারাম হয়ে যাবে। তিনি বলেন ইসলামের যে ৫টি ফরজ স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম হলো যাকাত। কাজেই যাকাত আদায় না করলে আমার ফরজ আদায় হবে না। জেলা প্রশাসক বলেন-আমরা যেমন নামাজ ও রোজাকে গুরুত্ব দিচ্ছি তেমনি যাকাতকেও গুরুত্ব দিতে হবে। যাকাত যাদের হক তাদের জন্য আদায় করা ফরজ, এই ফরজ আমাকে আদায় করতেই হবে। তিনি বলেন-যাকাতের অর্থ দিয়ে দরিদ্রদের সেলাই মেশিন দেয়া হয়ে থাকে। আমরা এই অর্থ দিয়ে দরিদ্র মানুষের ভাগ্যপরিবর্তনের জন্য আয়বর্ধন মূলক কাজেও ব্যবহার করতে পারি। তিনি যাকাত আদায় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। অন্যদের মধ্যে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলু। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। একই অনুষ্ঠানে ৩ বিভাগে হেফজ প্রতিযোগিতার ৯ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই

গোমস্তাপুরে যাত্রীদের জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চার্জার অটোভ্যানের যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা ওই চার্জার অটোভ্যানে থাকা ৬-৭ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অটোভ্যানটি নিয়ে গেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নজরপুর বাজারের পাশে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল ওই অটোভ্যানটি দেশীয় ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় তারা যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালং র এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে যাত্রীদের উদ্ধার করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ওই চাজার্র অটোভ্যানের যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন।

হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। বুধবার (১২ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্ট এর জন্ম তারিখ থেকে ধরা হবে। উল্লিখিত ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক উপজেলা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহতিকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু মাসুদ খান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বর্মন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। উল্লেখ্য, উপজেলার ১৯৪ টিকা কেন্দ্রে আগামী ১৫ মার্চ থেকে ৬-১১ মাস বয়সের ৪ হাজার ৪৫৯ জন ও ১২-৫৯ মাস বয়সের ৩৩ হাজার ৯৩৭ জন শিশুকে এ-প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মা-বোনের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন পপি!

মা-বোনের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন পপি! পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি আলোচনায় আসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। বিরোধের সূত্রে এই নায়িকার নামে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন খেয়ালি। বাবার ছয় কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে পপির নামে গত ৩ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভিন। এরপর পপিও একই থানায় মা, ভাই ও বোনের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর এক মাস পেরিয়ে গেছে। সাধারণ ডায়েরির সর্বশেষ অবস্থা জানতে চাইলে পপি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা সাধারণ ডায়েরি তদন্তাধীন। আইনিভাবেই লড়াই করব। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাব। কিন্তু সব কিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়। মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে পপি বলেন, নিজের কোনো শখ-আহ্লাদও পূরণ করিনি। নিজের সবটা দিয়ে পরিবারকে দেখেছি। সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় ছোট করেছে। আমি চেয়েছিলাম সময়-সুযোগ বুঝে স্বামী-সন্তান নিয়ে কথা বলব। কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে। আমি বিয়ে করে সংসারী হয়েছি। আমার শেষ আশ্রয় যেটা ছিল, যে আমাকে আশ্রয় দিয়েছে; জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে। কিন্তু সেই মানুষটাকেও অসম্মান করেছে। সংসার নষ্ট করার চেষ্টা করছে। এটা পৃথিবীর কোনো মা করতে পারে না। যোগ করে পপি আরও বলেন, শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বলেছে। যাদের উপকার করেছি, তারা আমার ক্ষতি করছে। শ্বশুরবাড়িতে যে সম্মানে থাকব তা-ও দিচ্ছে না। প্রতিনিয়ত অসম্মানিত করছে। এ জন্য উঠতে-বসতে কথা শুনতে হয়। বিয়ে করেছি, সামনে আনিনি। এটা আমার ব্যক্তিগত বিষয়, অন্যায় কিছু করিনি। প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত বিষয় থাকে। আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসুক।