রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ

রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ ঘরের মাঠে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের কোনো ম‌্যাচ না জিতেই বাদ পড়েছে পাকিস্তান। টুর্নামেন্টে দলটির অধিনায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে ও অধিনায়কত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই এই উইকেট কিপার ব্যাটসম্যানকে ঘিরে ছিল নানান সমালোচনা। সেই রেশ কাটতে না কাটতেই রিজওয়ান জন্ম দিলেন আরেক বিতর্কের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ঘরোয়া প্রতিযোগিতার পরিবর্তে অংশ গ্রহণ করেছেন ক্লাব ক্রিকেটে। পাকিস্তানের সাদা বলের অধিনায়ক রিজওয়ান পিসিবি আয়োজিত জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলছেন না। তার পরিবর্তে ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। এই পদক্ষেপটি সমালোচিত হচ্ছে। পাকিস্তানের সাবেক পেসার সিকান্দর বখত পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভিকে পরামর্শ দিয়েছেন রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার জন্য। বখত বলেছিলেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা পিসিবির জন্য কাজ করেন এবং পিসিবি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ করতে বাধ্য। তিনি চান পিসিবি ‘অপরাধীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। বখত জিও সুপারকে এক সাক্ষতকারে বলেন, “পাকিস্তানি খেলোয়াড়রা প্রতি মাসে ৬০ লাখ রুপি পান এবং তাদের পিসিবি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত। পিসিবিকে নিশ্চিত করতে হবে যে  সমস্ত খেলোয়াড়দের এই আসরগুলোতে অংশগ্রহণ। যদি আপনি পিসিবি আয়োজিত টুর্নামেন্টের পরিবর্তে ক্লাব ক্রিকেট খেলেন, তাহলে আপনি পিসিবিকে অসম্মান করছেন।”  “এটা বন্ধ হওয়া উচিত এবং মোহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র ব্যক্তি, তবে তাকে তার রীতি পরিবর্তন করতে হবে। আপনি যা ঘটছে তা থামানোর জন্য কঠোর হতে হবে। আপনাকে তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করতে হবে।” – যোগ করেন বখত। রিজওয়ান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন। এই কিপার-ব্যাটার ও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমকে ছাড়া নিউ জিল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ খেলতে যায় পাকিস্তান।

তরুণদের প্রতি আস্থা রাখার আকুতি রাউফের

তরুণদের প্রতি আস্থা রাখার আকুতি রাউফের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর বড় পরিবর্তন এসেছে পাকিস্তান দলে। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে দলটি। তবে কিউইদের বিপক্ষে পরপর দুটি ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বীতা না গড়েই হারতে হয় পাকিস্তানকে। এরপরও দেশটির গতি তারকা হারিস রাউফ আহ্বান জানালেন তরুণদের প্রতি আস্থা ও ধৈর্য রাখার। এই পেসারের বিশ্বাস, নবাগতদের প্রতি আস্থা রাখলে ভবিষ্যতে পুরস্কৃত হবে দলই। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। এই সিরিজে আব্দুল সামাদ, হাসান নওয়াজ এবং মোহাম্মদ আলীর মতো ক্রিকেটাররা খেলেছেন প্রথম দুই ম্যাচেই। যারা আবার নিউ জিল্যান্ড সফরের মাধ্যমেই পাকিস্তান স্কোয়াডে প্রথম ডাক পেয়েছিলেন। এই ত্রয়ীকে সমর্থন জানিয়ে রাউফ সাংবাদিকদের বলেন, “আপনারা যদি সমালোচনার ব্যাপারে বলেন, আমি মনে করি এটা পাকিস্তানে সাধারণ হয়ে গেছে। এরা তরুণ খেলোয়াড়। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, যে কোনো দলের দিকে তাকান, তারা তরুণদের পুরো স্বাধীনতা দেয়। যদি তারা তরুণদের সুযোগ দেয়, তবে তারা ১০-১৫টি ম্যাচের জন্যই সুযোগ দেয়। এর মাধ্যমে তারা খেলোয়াড় হয়ে ওঠে।” রাউফের মতে তরুণরা সব সময়ই প্রথমে সংগ্রাম করেন। তবে তাদের সঙ্গে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকলে সে ব্যাপারটা কাটিয়ে উঠা সম্ভব। পাকিস্তানের এই দলে তরুণ এবং অভিজ্ঞতার সেই মিশ্রণটা আছে। রাউফ বলেন, “যে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে আসলে, শুরুতে সংগ্রাম করে। আপনি সমালোচনার কথা বলছেন, এটা এখন একটা প্রথা হয়ে গেছে। সবাই বসে থাকে এবং পাকিস্তান দল হারলে তারা সেই নিয়ে কথা বলে।” রাউফ আরও যোগ করেন, “সমালোচকদের মতামত আছে, কিন্তু আমরা আমাদের দল গড়ার চেষ্টা করছি। আমরা তরুণদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি, সিনিয়ররাও সেখানে আছেন। আমরা সিনিয়ররা আমাদের জুনিয়রদের অনুপ্রাণিত করি, এবং তাদের পরামর্শ দেই যে, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে কী কী দরকার। তারা যত দ্রুত শিখবে, তাদের জন্য ততো ভালো হবে।”প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হারার পর, পাকিস্তান মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) বৃষ্টিতে সংক্ষিপ্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারে। ১৫ ওভারে পাকিস্তানকে ১৩৫/৯ রানে সীমাবদ্ধ রাখার পর, ব্ল্যাক ক্যাপসরা ১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে। রাউফ বিশ্বাস করেন, পাকিস্তানের পেসাররা ডানেডিনে ভালো পারফর্ম করলেও ভাগ্য সহায় হয়নি, “সব খেলোয়াড়ই চেষ্টা করেছে। এখানে যে ধরনের মাঠ রয়েছে, সেখানে সাধারণত আমরা হাই স্কোরিং ম্যাচ দেখি। এমন না যে, আমরা ভালো বলিং করিনি, আমাদের ভাগ্য কিছুটা খারাপ বটে। কয়েকটি টপ এজ ছিল, যেগুলো ছক্কা হয়ে গেছে। মাঠ ছোট, সাথে বাতাসের কারণে বল ওভার বাউন্ডারি হয়ে গেছে। আমরা বোলিং ইউনিট হিসেবে চেষ্টা করেছি, কিন্তু আমরা চাওয়া অনুযায়ী ফল পাইনি।” রাউফ আশাবাদী যে, নবাগতদের প্রতি আস্থা রাখা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে। কারণ পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জনের দিকে তাকিয়ে রয়েছে, যা তরুণরাই এনে দিবে। রাউফ বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে, আমাদের ক্রিকেট ধীরে-ধীরে অবনতির দিকে গেছে। তবে আমরা একটি দল হিসেবে গড়ে উঠছি এবং একটি সমন্বয় তৈরি করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জিনিস চেষ্টা করছি। যখন নতুন কিছু চেষ্টা করবেন, তখন কিছু পরাজয় আসবেই। কিন্তু আমরা শিখব। ভবিষ্যতে এমন এক দিন আসবে যখন আপনি পাকিস্তান দলের ভালো ক্রিকেট দেখতে পাবেন।”

মার্কিন চাপ কিংবা ইরানের অনুরোধে মাথা নত করবে না হুতিরা

মার্কিন চাপ কিংবা ইরানের অনুরোধে মাথা নত করবে না হুতিরা ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পাল্টা হামলা চালাতে ‘পিছপা’ হবে না। ইয়েমেনি হুতিদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কিংবা ইরানের মতো মিত্রের কাছ থেকে আবেদনও তাদের হুতিদের হামলার গতি রোধ করতে পারবে না।  মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় একের পর এক হামলা শুরু করেছে। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উত্তেজনা প্রশমিত করার জন্য ইরান শুক্রবার তেহরানে হুথি দূতকে মৌখিক বার্তা দিয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার মাস্কাট সফরের সময় হুতিদের সাথে মধ্যস্থতাকারী ওমানকে একই বার্তা দিতে বলেছিলেন। উভয় কর্মকর্তাই নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। হুতিদের নতুন করে নেওয়া পদক্ষেপের বিষয়ে সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে ইরান প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তেহরান জানিয়েছে, এই দলটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, হুতিদের দ্বারা পরিচালিত যেকোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন। সোমবার রাতে হুতি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের রয়টার্সের সাথে কথা বলেছেন, “গাজায় ত্রাণ অবরোধ শেষ না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ করার কোনো আলোচনা হবে না। ইরান আমাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না, তবে যা ঘটছে তা হল তারা মাঝে মাঝে মধ্যস্থতা করে কিন্তু কিছু বিষয়ে নির্দেশ দিতে পারে না।” তেহরানে হুতি দূতকে ইরান কোনো বার্তা দিয়েছে কিনা সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি উল্লেখ করে আমের জানান, অন্যান্য পক্ষ থেকে ফোনে করে বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, “এখন আমরা দেখতে পাচ্ছি যে ইয়েমেন আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত এবং এর অর্থ হল আমাদের সকল সম্ভাব্য উপায়ে আত্মরক্ষার অধিকার রয়েছে, তাই উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা হয়েছে: ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় হামলা হয়েছে: ইসরায়েল গাজায় রাতারাতি হামলা চালানোর আগে ইসরায়েলি সরকার হোয়াইট হাউসকে জানিয়েছিল বলে মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। এর কিছুক্ষণ পরেই একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, যুদ্ধে ফিরে আসা ‘ওয়াশিংটনের সাথে সম্পূর্ণ সমন্বিত’ ছিল। হামলার ব্যাপারে ‘ইসরায়েলের প্রতি তাদের অদম্য সমর্থন’ এবং ‘ইসরায়েলের নিরাপত্তা জোরদার করার জন্য’ ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোট ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী।’ অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।  মঙ্গলবার (১৮ মার্চ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে চার শতাধিক ছাড়িয়েছে।   জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। মার্চে চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা চলছিল। অথচ মঙ্গলবারের হামলার প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েল গাজায় নতুন করে হামলার অনুমোদন দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছিল। ওই সময়ে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ কাতারে হামাসের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছিলেন। ট্রাম্প বরাবরই হামাসের প্রতি বিরক্ত ছিলেন। এছাড়া তিনি গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে উপত্যকাটিকে অবসরযাপন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ২৯ মার্চের টিকিট

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ২৯ মার্চের টিকিট আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। যারা আগামী ২৯ মার্চ ভ্রমণ করবেন তাদের আজ বুধবার (১৯ মার্চ) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। বুধবার সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী এ দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। এর আগে গত রবিবার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, এছাড়া ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে। ঈদযাত্রায় জন্য এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাত বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে একজোড়া ট্রেন চালানো হবে, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গত শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়।

চার বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় (২৫ শতাংশ এলাকা) ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এমন তথ্য জানান। তিনি বলেন, এই কয়েকদিন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরম কিছুটা কম থাকবে। তাপপ্রবাহ নিয়ে তিনি বলেন, দেশে আগামী ৭ দিনে তাপপ্রবাহের উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে দুয়েক জেলায় তাপপ্রবাহ হলেও সেটাকে তাপপ্রবাহের আওতায় সাধারণত ধরা হয় না। এদিকে সোমবার দেশে ৫ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চাঁদপুর ও নরসিংদী জেলায়। ঢাকা, নারায়ণগঞ্জ ও রাজশাহীর দুয়েক জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে।

আমি পাগলের মতো কেঁদেছিলাম: ঐশ্বরিয়া

আমি পাগলের মতো কেঁদেছিলাম: ঐশ্বরিয়া ১৯৯৭ সালে তামিল সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ঐশ্বরিয়া। একই বছর বলিউডে যাত্রা শুরু করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডের প্রথম সারির সব নায়কের সঙ্গে কাজ করেছেন ঐশ্বরিয়া। কাজের সুবাদে একাধিক নায়কের সঙ্গে সম্পর্কেও জড়ান এই প্রাক্তন বিশ্বসুন্দরী। কখনো কখনো অন্যের প্রেম ভাঙার অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এমন এক ঘটনা ঘটেছিল অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে। তারপর পাগলের মতো কেঁদেছিলেন ঐশ্বরিয়া। ১৯৯৫ সালে মুক্তি পায় মনীষা কৈরালা অভিনীত ‘বোম্বে’ সিনেমা। এতে তার অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। রাজীব মুলচান্ডানির সঙ্গে মনীষা কৈরালার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনের নারী ঐশ্বরিয়া। এ খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী। বেশ আগে শোটাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান ঐশ্বরিয়া।  ‘হাম দিল দে চুকে সনম’ তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, “আমি তামিল ভাষার ‘বোম্বে’ সিনেমা দেখে এটিকে অসাধারণ মনে হয়েছিল। ১ এপ্রিল বোম্বে পৌঁছাই। কাকতালীয়ভাবে রাজীব আমাকে ফোন করেন। ‘বোম্বে’ সিনেমায় মনীষা কতটা দুর্দান্ত অভিনয় করেছেন, তা আমি চিৎকার করে বলছিলাম। মনীষাকে অভিনন্দন জানাতে তাকে ফুলের তোড়া পাঠাতে চাই— এ কথাও রাজীবকে বলি।” পরের ঘটনা বর্ণনা করে ঐশ্বরিয়া রাই বলেন, “তারপর রাজীব আমাকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি খবরের কাগজ পড়েছো? মনীষা অভিযোগ করেছে, সে একটি প্রেমপত্র খুঁজে পেয়েছে, যা আমি তোমাকে (ঐশ্বরিয়া) লেখেছি।’ এটি আমাকে ভীষণভাবে আহত করে।” একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে ঐশ্বরিয়া রাই বলেন, “যদি এই প্রতিবেদনের কোনো সত্যতা থাকে, তাহলে ১৯৯৪ সালের জুলাই মাসে কেন বের হয়নি? কয়েক মাসের মধ্যে এই কারণে যদি রাজীবের সঙ্গে তার বিচ্ছেদ হয়, তাহলে পুরো নয় মাস ধরে এটি নিয়ে কেন চিন্তা করছিলেন? তারপর কেন এটি প্রকাশ্যে আনলেন?” এ ঘটনার পর পাগলের মতো কেঁদেছিলেন ঐশ্বরিয়া রাই। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মনীষার এই ঘটনা আমার উপরে গভীর প্রভাব ফেলেছিল। আমি পাগলের মতো কেঁদেছিলাম। যা কিছু ঘটেছিল তার জন্য সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। এতকিছু বলার পর সে (মনীষা) বারবার বলে, ‘তার উদ্ধৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’ সেই বিচ্ছেদের পর তার (মনীষা) অসংখ্য সম্পর্কের খবর প্রকাশ করে মিডিয়া।”

ট্রেনে ঈদযাত্রায় ২৮ মার্চের টিকিট মিলবে আজ

ট্রেনে ঈদযাত্রায় ২৮ মার্চের টিকিট মিলবে আজ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। যারা আগামী ২৮ মার্চ ভ্রমণ করবেন তাদের আজ মঙ্গলবার (১৮ মার্চ) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। আজ সকাল ৮টায় চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই যথারীতি বিক্রি হবে অনলাইনে। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। এর আগে, গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ ও ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে৷ এছাড়া, চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদ যাত্রা সব টিকিট অনলাইনে ক্রয় করতে হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গত শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়।

ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল: হোয়াইট হাউজ

ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল: হোয়াইট হাউজ ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অসংখ্য মানুষ। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অচলাবস্থার মধ্যে এ হামলা হলো। খবর আল জাজিরার। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের মতে, মঙ্গলবার (১৮ মার্চ) গাজায় ব্যাপক আকারে হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের এই মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান- যারা কেবল ইসরায়েলকে নয়, বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়- তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর সমগ্র নরক ভেঙে পড়বে।” ক্যারোলিন লিভিট আরো বলেন, “হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেয়া। কারণ ট্রাম্প বলছেন, তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।” উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ। গত ১৯ জানুয়ারি গাজায় হামাস  ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে আজকের হামলাটি গাজায় সবচেয়ে বড় হামলা।  ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, হামাস আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এটি করা হয়েছে।

গাজাজুড়ে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ২৩২

গাজাজুড়ে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের, নিহত ২৩২ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলী বাহিনী। আজ মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ইসরায়েলি বিমান ও ট্যাংক হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান নিহতের এ সংখ্যা জানিয়েছেন। খবর আল জাজিরার। সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশির ভাগই নারী ও শিশু।  গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি গাজায় সবচেয়ে বড় হামলা। গাজা যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, হামাস আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এটি করা হয়েছে। ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমান সামরিক শক্তির সঙ্গে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এতে আরোবলা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, হামলার পরিকল্পনা আইডিএফ সপ্তাহান্তে উপস্থাপন করেছে এবং রাজনৈতিক নেতৃত্ব কর্তৃক অনুমোদিত হয়েছে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, হামলা চালানোর আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভন্ডুল করেছে। আর এর মধ্য দিয়ে গাজায় এখনো আটক থাকা ৫৯ জন জিম্মির ভাগ্য অনিশ্চিত করে তুলেছে তারা।