ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র মার্কিন মালিকানায় নেওয়ার প্রস্তাব ট্রাম্পের

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র মার্কিন মালিকানায় নেওয়ার প্রস্তাব ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার একদিন পর, বুধবার (১৯ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টার এই আলাপচারিতা ‘বেশ ভালো ছিল’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির। অপরদিকে জেলেনস্কি জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, ট্রাম্পের নেতৃত্বে এই বছরই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব হতে পারে। ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপ শেষে হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়েও এসময় আলোচনা হয়েছে, তবে জেলেনস্কি এসময় জোর দিয়েছেন এটা কেবল রাশিয়ার নিয়ন্ত্র থাকা জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেই ঘটতে পারে। গত মাসের শুরুতে হোয়াইট হাউজে জেলেনস্কির সফরের সময় ট্রাম্পের সঙ্গে তার বাদানুবাদকে ঘিরে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, ফোনালাপের পরের পরিস্থিতি তার থেকে ভিন্ন বলে মনে করা হচ্ছে। ওভাল অফিসে বৈঠকের পর বুধবারই প্রথমবারের মতো দুই প্রেসিডেন্ট সরাসরি কথা বললেন। যদিও এর আগে সৌদি আরবে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেন রাজিও হয়। যদিও ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় তা প্রত্যাখ্যান করেছেন। বুধবার ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় জেলেনস্কি বলেছেন, জ্বালানি অবকাঠামো, রেল ও বন্দর সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় হামলা বন্ধ সংক্রান্ত আংশিক যুদ্ধবিরতিতে রাজি আছেন তিনি। তবে তিনি এই সতর্কবার্তাও দিয়েছেন যে মস্কো যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে তার দেশ প্রতিশোধ নেবে। “আমার মনে হয় যতক্ষণ না আমরা (রাশিয়ার সঙ্গে) একমত হচ্ছি এবং যতক্ষণ না আংশিক যুদ্ধবিরতির বিষয়ে একটি সংশ্লিষ্ট নথি পাওয়া যাচ্ছে, সব কিছুই আসলে ভাসমান,” ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে এই কথা বলছিলেন জেলেনস্কি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেন ও রাশিয়াকে একটা সমান্তরালে নিয়ে আসার প্রচেষ্টা ছিল এই ফোনকল। দুই পক্ষের ‘অনুরোধ ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে’ এটা করা হয়েছে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা সঠিক পথেই চলছে বলেও জানান তিনি। পরে আরো বিশদ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প ইউক্রেনকে, বিশেষ করে ইউরোপে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে সহায়তা করতে সম্মত হয়েছেন।  ‘যুদ্ধ পরিস্থিতি ঘণিভূত হওয়ায়’ দুই নেতা তাদের প্রতিরক্ষা কর্মীদের মধ্যে ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময়ের বিষয়েও সম্মত হয়েছেন বলে রুবিও জানান। তার বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্রাম্প ও জেলেনস্কি ট্রাম্পের ‘ইউক্রেনের বৈদ্যুতিক সরবরাহ এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ নিয়ে আলোচনা করেছেন; ‘যুক্তরাষ্ট্র তার বিদ্যুৎ এবং ইউটিলিটি দক্ষতার ব্যবহার করে এই বিদ্যুৎকেন্দ্রগুলো আরো ভালোভাব চালাতে পারে’ বলেও ট্রাম্প উল্লেখ করেছেন। রুবিওর বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘আমেরিকান মালিকানা এই বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোত্তম সুরক্ষা দেবে এবং ইউক্রেনীয় শক্তি অবকাঠামোর জন্য সহায়ক হবে।’ জেলেনস্কি বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু তারা শুধু জাপোরিঝিয়ার বিদ্যুৎকেন্দ্রের কথাই উল্লেখ করেছে। জেলেনস্কি বুধবার সাংবাদিকদের সঙ্গে একটি অনলাইন ব্রিফিংয়ের সময় ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনকে ‘ইতিবাচক’, ‘খোলামেলা’ এবং ‘খুবই তাৎপর্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করেন। ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আগামী কয়েকদিনের মধ্যে সৌদি আরবে বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেনে মার্কিন হামলায় ১৬ হুতি সদস্য নিহত

ইয়েমেনে মার্কিন হামলায় ১৬ হুতি সদস্য নিহত ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, মার্কিন বিমান হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। তবে বিদ্রোহী এই গোষ্ঠীটি মার্কিন হামলায় হতাহতের পরিস্থিতি, সময় বা স্থান সম্পর্কে কিছু জানায়নি। বৃহস্পতিবার (২০ মার্চ) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুতি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি হুতিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন। লোহিত সাগরে জাহাজ চলাচলে হুতিদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে গোষ্ঠীটির বিরুদ্ধে এই অভিযান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইয়েমেনে তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। গত শনিবার মার্কিন হামলায় ৫৩ জন এবং ১০৭ জন আহত হন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের বিরুদ্ধে ২৪/৭ অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। এদিকে হুতি গোষ্ঠী বলেছে, ইসরায়েল গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে এবং তাদের বাহিনী হামলার জবাব দেবে।

লি‌বিয়া থেকে ফিরলেন আরো ১৬১ বাংলাদেশি

লি‌বিয়া থেকে ফিরলেন আরো ১৬১ বাংলাদেশি লিবিয়ার বেনগাজী থেকে বিপদগ্রস্ত আরো ১৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্প‌তিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অব্যাহত প্রচেষ্টা এবং আইওএমের সহায়তায় বেনগাজী থেকে বিপদগ্রস্ত ১৬১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়েছে। আইওএম থেকে ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (ইউজেড২২২) বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৯ মার্চ ২০২৫ বিকেল সাড়ে ৫টায় উড্ডয়ন করে। দূতাবাস আরো জানায়, আগামী ২৬ মার্চ দেশ‌টি থেকে আরও ১৬০ জনের মতো বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। এসব বাংলাদেশিকে নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৩ এপ্রিলসহ সরকারি ছুটি টানা ৯ দিন

৩ এপ্রিলসহ সরকারি ছুটি টানা ৯ দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদে টানা ছুটির সুযোগ করে দিতে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে এবার ঈদে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এ অনুমোদনের কথা জানান। এবার আগেই ঈদে টানা পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ছুটি মূলত শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দুদিন অফিস খোলা ছিল। তবে ‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুটি ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না। মাঝখানে ছুটি নিলে টানা ছুটি হয়ে যায়। এ পরিস্থিতিতে আগামী ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এখন ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা-৬’র প্রচার ও সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের আইহাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সহযোগিতায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এই মাঠ দিবসের আয়োজন করে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আজাদুল হকের সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. বাবুল আকতার,  ঢাকা বিআরসি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নুমেরী আশফাকুল হক, রাজশাহী হটিকালচার সেন্টারের এডিডি সাবিনা বেগম, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, গোদাগাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম আযম। মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বর্তমানে গোদাগাড়ী উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে ধানের চাষাবাদ কমিয়ে পানি সাশ্রয়ী ফসল, ছোলা, মসুর, গম, সরিষা, আলু, ভুট্টাসহ বিভিন্ন উন্নত জাতের ফসল চাষাবাদের পরামর্শ দেন। মাঠ দিবসে জানানো হয়, বিনা ছোলা-৬ জাতের বৈশিষ্ট্য হচ্ছে এর জীবনকাল ১২২-১২৬ দিন, বীজের দানা বড়, উজ্জ্বল বর্ণ, বীজ বপনের উপযুক্ত সময় ১৫ অক্টোবর হতে ১৫ নভেম্বর (কার্তিক মাস), রোগপ্রতিরোধী অতি খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করা যায় এবং গড় ফলন পাওয়া যায় প্রতি বিঘায় ৫ থেকে সাড়ে ৫ মণ। এই জাতটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, রাজশাজীর গোদাগাড়ীসহ খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে র‌্যাবের অভিযানে ১৬ পিস নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেনসহ রফিক নামে এক ব্যাক্তি আটক হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডেও বালুবাগান মহল্লায় অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়। আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযানটি চালানো হয়। মামলা দিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার (১৯ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এইচ এম খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বৎসর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করলো।

এসএসসি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন, পেছাল গণিত পরীক্ষা

এসএসসি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন, পেছাল গণিত পরীক্ষা পরীক্ষা শুরুর তারিখ অপরিবর্তিত রেখে চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, গণিত পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগের সূচিতে ২০ এপ্রিল ইস্টার সানডে-তে এই পরীক্ষা ছিল। গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১৯ ফেব্রুয়ারি নতুন সূচি প্রকাশ করা হয়। সে অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। এই বিষয়ের পরীক্ষাটি ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল। বৈসাবি উৎসব উপলক্ষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।বুধবার (১৯ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। সংশোধিত রুটিনে আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এরমধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এরমধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি ও প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ৬৩টি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এরমধ্যে ছাত্র এক লাখ আট হাজার ৩৮৫ জন ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

কোন হিট সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেন ঐশ্বরিয়া?

কোন হিট সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেন ঐশ্বরিয়া? নব্বই দশকের অন্তিমকালে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপের দ্যুতিতে মুগ্ধ ভক্তরা। সিনেমার পাত্র-পাত্রীদের চরিত্র অনুযায়ী সাজাতে সাধারণত মেকআপ ব্যবহার করা হয়। কিন্তু সুভাষ ঘাই পরিচালিত একটি সিনেমায় মেকআপ ছাড়াই অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে হাজির হয়ে এ তথ্য জানান নির্মাতা। সুভাষ ঘাইয়ের বক্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুভাষ ঘাই বলেন, “সীমিত মেকআপ ব্যবহারের জন্য আমি আমার নায়িকাদের সবসময়ই অনুরোধ করেছি। কারণ এতে করে সত্যিকারের আবেগ প্রকাশিত হয়। ‘তাল’ সিনেমার ‘কাহি আগ লাগে লাগ যায়ে’ গানের শুটিংয়ে প্রথমবার মেকআপ নেন ঐশ্বরিয়া রাই। চরিত্রটির জন্য ঐশ্বরিয়াকে যখন নির্বাচন করি, তখন সরল, নিষ্পাপ একটি মেয়ের জীবন চিত্রিত করতে চেয়েছিলাম, যে প্রাকৃতিকভাবে সুন্দর।” ‘তাল’ সিনেমায় ঐশ্বরিয়ার মেকআপের জন্য দায়িত্ব দেওয়া হয় মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টরকে। এ তথ্য উল্লেখ করে পরিচালক সুভাষ ঘাই বলেন, “আমি তাকে (মিকি কন্ট্রাক্টর) বলেছিলাম, ‘তুমি যত টাকা চাও আমি দেব। কিন্তু আমার অনুরোধ, ঐশ্বরিয়াকে মেকআপ দেবে না।’ মিকি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হওয়ায় তাৎক্ষণিকভাবে আমার বক্তব্য বুঝতে পারে এবং বলেছিল, ‘এটি আরো কঠিন কাজ।” মিউজিক্যাল-রোমান্টিক-ড্রামা ঘরানার ‘তাল’ সিনেমায় মেকআপ ছাড়াই অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— অনিল কাপুর, অক্ষয় খান্না, অমরিশ পুরি, অলক নাথ, সুষমা শেঠ প্রমুখ। ১৯৯৯ সালের ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ১৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫১ কোটি ১৬ লাখ রুপির বেশি।

কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান

কার বায়োপিকে অভিনয় করতে চান শাকিব খান বাংলা চলচ্চিত্রের ‘কিং খান’ খ্যাত চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে তার আপকামিং সিনেমা ‘বরবাদ’এর গান ‘দ্বিধা’। সাইকো, থ্রিলার, রোমান্টিকসহ নান ঘরানার সিনেমাতে অভিনয় করেছেন এই সুপারস্টার। তবে বায়োপিকে দেখা যায়নি তাকে। শাকিব খান কার বায়োপিকে অভিনয় করতে চান, জানেন? একটি ভিডিও সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘‘ কবি কাজী নজরুলের বায়োপিক এখনও করা হয়নি, নায়ক রাজ রাজ্জাকের বায়োপিক এখনও হয়নি, হুমায়ুন ফরিদীর বায়োপিক এখনও হয়নি; এদের যেকারওটা করতে আমি ইন্টারেস্টেড।’’ শাকিব খানের ভালো লাগার নানা বিষয়ও সম্পর্কেও জানা গেছে ওই সাক্ষাৎকার থেকে। জানা গেছে তার প্রিয় শুটিং স্পট সম্পর্কে। কক্সবাজার, বান্দরবান এবং সিলেট শাকিব খানের প্রিয় শুটিং স্পট। দেশের বাইরে লন্ডন, থাইল্যান্ড এবং ভারতে শুটিং করতে পছন্দ করেন তিনি। নিজের প্রিয় গান সম্পর্কে এই তারকা জানিয়েছেন, ‘‘অনেক গান আমার প্রিয়। সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথম যে গানটা চট করে মনে পড়ে, সারাদিন সেই গানটা গুনগুন করি।’’  আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। টিজার দেখে প্রশংসায় ভাসিয়েছেন দর্শক। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার; সেখানেও দেখছেন সফলতার মুখ।