হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে পূর্ণাঙ্গ পরিষেবা আজ শনিবার থেকে চালু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ-বিভ্রাটের কারণে গতকাল শুক্রবার দিনভর ফ্লাইট চলাচল বন্ধ ছিল। খবর বিবিসির। এতে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাপকভাবে ব্যাহত হয়। পরে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছয়টায় সীমিত আকারে উড়োজাহাজ চলাচল শুরু করে। হিথ্রো বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর। প্রায় ৮০টি দেশ থেকে এই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল করে। প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রী হিথ্রো দিয়ে যাতায়াত করেন। বিমানবন্দরটি বন্ধের কারণে গতকাল ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হওয়ার কথা ছিল। এতে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ২৩ মিনিটের দিকে হিথ্রো বিমানবন্দর থেকে প্রায় দেড় মাইল উত্তরে হেইস শহরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। ওই রাতেই ২টার দিকে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। আগুনের ফলে বিমানবন্দর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পরিষেবা স্বাভাবিক হতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে। তবে কর্মচারীরা সাধ্যমতো চেষ্টা করছেন। শুক্রবার সন্ধ্যা থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয় বিমানবন্দরে। অনুমতিপ্রাপ্ত ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে। বিমানবন্দরের সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, প্রাথমিকভাবে অল্প কিছু ফ্লাইটকে চলাচলের অনুমতি দিলেও পুরোপুরিভাবে বিমান চলাচল শুরু হবে স্থানীয় সময় শনিবার। শুক্রবার রাতে বিমানবন্দরের কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কর্মীবাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই ফের চালু করা সম্ভব হয়েছে ফ্লাইট পরিচালনা। কীভাবে বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে লন্ডন পুলিশ জানিয়েছে, এতে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। লন্ডনের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, সাবস্টেশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা। এদিকে বিমানবন্দর বন্ধের ফলে কেবল যাত্রীদের দুর্ভোগই হয়নি, বরং বিমান সংস্থাগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যারা প্রশ্ন তুলেছে এত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কীভাবে ব্যর্থ হতে পারে। বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস উল্ডবাই জানিয়েছেন, জরুরি ব্যাকআপ ব্যবস্থা কাজ করলেও তা পুরো বিমানবন্দর চালানোর জন্য যথেষ্ট ছিল না। বিমান চলাচল বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউরোপীয় বিমানবন্দরগুলোতে শেষবার এত বড় আকারে বিঘ্ন ঘটেছিল ২০১০ সালে আইসল্যান্ডীয় আগ্নেয়গিরির ছাইয়ের মেঘের কারণে, যার ফলে প্রায় ১ লাখ ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

সরকারি চাকরিজীবীদের জন্য ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়

সরকারি চাকরিজীবীদের জন্য ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয় দেশের সরকারি অ-আর্থিক প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের ‘তৃপ্তি’ ও ‘সন্তুষ্টি’কে প্রাধান্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ‘আচরণ সংহিতা’ বা কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে। এতে বলা হয়েছে, সংস্থার প্রধানদের কর্মস্থলের অভ্যন্তরীণ পরিবেশ এবং সেবা প্রদানের পদ্ধতিগুলোকে আইন ও বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে এমনভাবে ডিজাইন ও রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে ওই পরিবেশ সেবাগ্রহীতাদের প্রয়োজনের নিরিখে দ্রুততম সময়ে সাড়া দিতে পারে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের প্রতি এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন তারা সেবা প্রাপ্তির পর তৃপ্তি ও সন্তুষ্টি অনুভব করে এবং তা প্রকাশ করার সুযোগ পায়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারিকৃত ‘অ-আর্থিক সরকারি সংস্থাসমূহের আচরণ সংহিতা (কোড অব কন্ডাক্ট)’ শীর্ষক প্রজ্ঞাপনে এসব নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কর্মক্ষেত্রে লৈঙ্গিক সমতা বজায় রাখতে হবে, নারীর প্রতি শালীন আচরণ, তৃতীয় লিঙ্গ কিংবা অন্য কোন সম্প্রদায়ের প্রতি কিংবা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে; কারো প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য, ঘৃণা, অবহেলা, অবজ্ঞা ইত্যাদি প্রদর্শন করা যাবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সকল অ-আর্থিক সংস্থায় পরিষেবা খাতে সকল ধরনের সেবা প্রদানকারীকে সদাচারী হতে হবে এবং তাদের অবশ্যই সততার সাথে অর্থাৎ সৎ, ন্যায়সঙ্গত ও বৈধ উপায়ে কাজ করতে হবে এবং শ্রদ্ধা ও মর্যাদার সাথে দায়িত্ব পালন করতে হবে। সংস্থায় নিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে এবং স্বীয় প্রতিষ্ঠানের কল্যাণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে ও সব ক্ষেত্রে স্বার্থের সংঘাত এড়িয়ে চলতে হবে। তাদের কর্মে সর্বদা অন্যের প্রতি যথাযথ সম্মান ও বিবেচনা প্রদর্শনপূর্বক জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এতে বলা হয়েছে, এটি পরবর্তীতে ‘আচরণ সংহিতা’ নামে অভিহিত হবে। এ আচরণ সংহিতা অ-আর্থিক প্রতিষ্ঠান ও অনুরূপ প্রতিষ্ঠানে নিয়োজিত বোর্ড সদস্যসহ সকল কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে এবং এ আচরণ সংহিতা স্ব স্ব সংস্থার জন্য প্রযোজ্য আইন ও বিধির আলোকে প্রণীত কর্মচারী আচরণ বিধিমালা বা অপরাপর বিধানসমূহের অতিরিক্ত বিধান হিসেবে গণ্য হবে। ‘আচরণ সংহিতা’ প্রণয়নের যৌক্তিকতা তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থিক ব্যবস্থাপনা সুসংহতকরণের লক্ষ্যে অ-আর্থিক সরকারি সংস্থাসমূহ বা সংস্থাসমূহের বোর্ড সদস্য বা এর বোর্ড কমিটির সদস্য, সকল কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং সংস্থাসমূহের সেবা প্রদানকারী ও গ্রহণকারীদের জন্য একটি সাধারণ বিধান প্রয়োজন।  অ-আর্থিক সরকারি সংস্থাসমূহের সকল কর্মচারী কর্তৃক তাদের ওপর ন্যস্ত দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন, নিয়মকানুনের পাশাপাশি একটি নির্দিষ্ট মানদণ্ড ও আন্তর্জাতিক সুচর্যা অনুসরণ করা বাঞ্ছনীয়; সেবা প্রদানকারী হিসেবে অ-আর্থিক সরকারি সংস্থাসমূহ কর্তৃক সেবা গ্রহণকারী এবং সব ধরনের অংশীদারদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি সমাজের বৃহত্তর স্বার্থ সংরক্ষণ আবশ্যক। এসব কারণে একটি ‘আচরণ সংহিতা’ থাকা প্রয়োজন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনগণের আস্থা, গ্রাহক বা ব্যবহারকারী বা অংশীজনদের বিশ্বাস অর্জনের জন্য সংস্থাসমূহকে তাদের প্রতিটি কর্মচারী কর্তৃক সর্বোচ্চ সততা এবং আন্তরিকতার সাথে নির্ধারিত দায়িত্ব পালন ও সর্বোচ্চ পেশাদারী মনোভাব ও দক্ষতা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যদিকে অংশীজনেরা সেবা প্রদান বা সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি পরিপালনের পাশাপাশি এ আচরণ সংহিতা অনুসরণ করবেন। প্রজ্ঞাপনে নিয়োগকারীর কর্তব্য প্রসঙ্গে বলা হয়েছে, সংস্থার প্রধানরা নিজ প্রতিষ্ঠানে একটি মনোরম কাজের পরিবেশ বজায় রাখবেন, যেখানে- উপযুক্ত ও সুসংহত ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে; সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং কর্মক্ষমতাভিত্তিক কাজের বিবরণ থাকবে; কর্মচারীদের পেশাগত ও কর্মজীবনে উন্নতির সুযোগের নিশ্চয়তা থাকবে; কর্মচারীদের বৈচিত্রকে মূল্য দেওয়া হবে এবং সম্ভাব্য সকল ক্ষেত্রে শতভাগ অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা হবে; হেনস্থা, বৈষম্য বা অন্য কোনো অস্বস্থিকর আচরণ মুক্ত পরিবেশ তৈরি করা হবে; সংস্থায় কর্মরত সকলের মধ্যে অংশীজন কর্তৃক প্রদত্ত পরামর্শ গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা হবে; সম্মানজনক আলোচনা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানে উৎসাহিত করা হবে। এছাড়া কর্মক্ষেত্রে সস্তায় শিশুশ্রম ব্যবহার (যেমন- চা, নাশতা আনা) করা যাবে না।  স্বার্থের সংঘাত প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যখন একজন কর্মচারী তার দাপ্তরিক অবস্থান থেকে ব্যক্তিগত স্বার্থকে বিবেচনায় নেয়, তখন স্বার্থের সংঘাতের পরিস্থিতির তৈরি হয়। কর্মসম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ থেকে নিজেকে দূরে রাখার বিষয়টি একটি আইনি এবং নৈতিক বাধ্যবাধকতা হিসেবে বিবেচনা করতে হবে। স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে এমন কারণ, যেমন- বেতন ও সুবিধা নিয়ে অসন্তুষ্টি, অস্বস্তিকর কাজের পরিবেশ, পদোন্নতির সুযোগের অভাব বা পদোন্নতির ক্ষেত্রে অবিচার, কর্মক্ষেত্রে অবৈধ প্রভাব বা চাপ, চাকরির নিরাপত্তার অভাব- ইত্যাদি বিষয়ে সংস্থার প্রধান ও বোর্ড সদস্যদের সচেতন থাকতে বলা হয়েছে । প্রজ্ঞাপনে অ-আর্থিক সরকারি সংস্থার সংজ্ঞায় বলা হয়েছে- এর অর্থ দেশের কোনো আইন দ্বারা সৃষ্ট বা পরিচালিত অথবা সরকার কর্তৃক কোনো আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থা অথবা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সংস্থা অথবা কমিশন বা কাউন্সিল বা বোর্ড অথবা পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশন বা স্বশাসিত কোনো সংস্থা অথবা কোনো সরকারি মালিকানাধীন কোম্পানি (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত) অথবা অনুরূপ কোনো সরকারি অ-আর্থিক সংস্থা।

ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস গত দুদিন ধরেই ঢাকার আকাশ মেঘলা। কমেছে তাপমাত্রা। আজ সকালেও ঢাকার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আগামীকালও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শনিবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি  বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে বরা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসে কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) গণমাধ্যম সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ‍্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে এ সময় আশস্ত করেন প্রধান উপদেষ্টা। “সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সেজন্য আমি চাইবো, সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক,” বলেন প্রধান উপদেষ্টা। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এই কাজকে অমূল্য হিসেবে অভিহিত করে এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি। দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না, কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।” কমিশন প্রধান কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। কমিশনের অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক কেজি নয়শ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় রিপন আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডের নতুন ইসলামপুর মিয়াপাড়া মহল্লার আব্দুল গফুরের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ৭ অক্টোবর বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে সড়কের উপর র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ আটক হন রিপন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় রিপনকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। ২০২১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক একমাত্র রিপনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রিপন আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশ

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আলহাজ¦ আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার এ.বি.এম.জি.কিবরিয়া, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চের প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আব্দুর রহিমসহ অন্যরা। বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।

যুবকের কু-মন্তব্য, ব্যবস্থা নেওয়ায় ফারিয়ার ধন্যবাদ

যুবকের কু-মন্তব্য, ব্যবস্থা নেওয়ায় ফারিয়ার ধন্যবাদ অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে কু-মন্তব্য করেন সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান নামে এক যুবক। বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ফারিয়া। এরপর রাকিবুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাওয়ার কথা জানায় সাজিদা ফাউন্ডেশন। বিষয়টি নিয়ে ফের ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটিতে ধন্যবাদ জানান ফারিয়া।  বুধবার (১৯ মার্চ) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১৮ মার্চ শবনম ফারিয়া ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান কু-মন্তব্য করেন। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই। এ ধরনের আচরণ (অফিস সময়ের ভেতরে বা বাইরে) সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমাদের সুরক্ষা কমিটির তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া এক পোস্টে লেখেন, “অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, আর জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।”

ধানমন্ডির বত্রিশের ভাঙা বাড়িতে ন্যানসি

ধানমন্ডির বত্রিশের ভাঙা বাড়িতে ন্যানসি গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আদতে বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার দেড় মাস পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া বাড়িতে গিয়েছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ‘দ্বিধা’খ্যাত এই গায়িকা। এ ছবির ক্যাপশন হিসেবে ন্যানসি ব্যবহার করেছেন শাহনাজ রহমতউল্লাহর গাওয়া বিখ্যাত গানের কয়েক চরণ। ন্যানসি লেখেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকল মুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।” ন্যানসির পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে সমালোচনা। কমেন্ট সেকশন বন্ধ থাকায় তার পোস্টটি শেয়ার করে ক্যাপশনে নানা ধরনের মন্তব্য করছেন। যার বড় একটি অংশে তাকে আক্রমণ করছেন। অনেককে আবার ন্যানসির পাশে দাঁড়াতে দেখা যায়।  ন্যানসির ছবির ক্যাপশন নিয়ে চলছে আলোচনা। কারণ শাহনাজ রহমতউল্লাহর গাওয়া দেশাত্মবোধক গানটি ১৯৭৯ সালে জাতীয় সংগীত করার প্রস্তাব করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপরও একাধিকবার এ প্রস্তাব উঠেছে। সর্বশেষ নানা কারণে এ প্রস্তাব বাস্তবে রূপ নেয়নি।  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত সরকারের আমলে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। দীর্ঘদিন কোণঠাসা ছিলেন এই শিল্পী।

বোলিং করার অনুমতি মিলেছে সাকিবের

বোলিং করার অনুমতি মিলেছে সাকিবের ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করার অনুমতি ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দুইবার পরীক্ষা দিয়ে করেছিলেন ‘ফেল।’ সময় নিয়ে, বোলিং অ‌্যাকশন নিয়ে কাজ করে সাকিব ইংল‌্যান্ডে দিয়েছিলেন তৃতীয় পরীক্ষা। তাতেই মিলল সুখবর। বুধবার গভীর রাতে সাকিব মুঠোফোন বার্তায় নিশ্চিত করেছেন, সকল ফরম্যাটে বোলিং করার অনুমতি মিলেছে তার। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে ৯ উইকেট নেন। কিন্তু প্রতিযোগিতা শেষে সাকিব শুনতে পান দুঃসংবাদ। সে ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু প্রথম দফায় উত্তীর্ণ হতে পারেননি। চেন্নাইতে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও মেলেনি ফল পাল্টায়নি।   প্রায় ২০ বছরের ক্যারিয়ারে সাকিব প্রথমবার এমন কিছুর সম্মুখীন হন। জানিয়ে রাখা ভালো, ম্যাচটিতে সাকিব দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার হাত ঘুরিয়েছেন। যা একেবারেই সাকিবের বোলিং পরিধির বাইরে। তার লম্বা বোলিংয়ে চাকিংয়ের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। কিন্তু দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিলন্স তাদের রিপোর্টে সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।  গত বছরের ৪ নভেম্বর সাকিবের নিষেধাজ্ঞার খবর আসে।  পরে ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে মোট চার ওভার বোলিং করেছিলেন। প্রথম তিন ওভার নিজের নিয়মিত অ‌্যাকশনে করলেও শেষ ওভার করতে হয়েছিল জোরের ওপর। যেটার কারণে তার অ্যাকশন নিয়ে সন্দেহ উঠেছিল। ১০ ডিসেম্বর সেই শেষ ওভার বোলিংয়ের কারণেই সাকিবের বোলিং অ‌্যাকশন অবৈধ ঘোষণা করা হয়।  ২১ ডিসেম্বর সাকিব পুনরায় চেন্নাইতে ৪ ওভার হাত ঘুরান। এবারও সেই একই ফল। পরপর দুই বার আশানুরূপ ফল না পাওয়া সাকিব সময় নেন। তবে চেন্নাইয়ের পরীক্ষায় কিছুটা ‘টেকনিক্যাল এরর’ এর কথাও বলা হয়েছিল। এজন‌্য সেই ফল বিবেচনায় আনা নিয়ে কথাও উঠেছিল। সাকিব ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে সময় নেন। এরপর ইংল‌্যান্ডে ফিরে কাজ শুরু করেন বোলিং অ‌্যাকশন নিয়ে। জানা গেছে, ইংল‌্যান্ডের সাবেক ক্রিকেটার গ‌্যারেথ বেটিকে নিয়ে সাকিব কাজ করেছিলেন। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। টি-টোয়েন্টি ক্রিকেট ও টেস্ট থেকে নিয়েছেন অবসর। ওয়ানডে ক‌্যারিয়ার ২০২৫ চ‌্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চালিয়ে ‍যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু তাকে নেওয়া হয়নি চ‌্যাম্পিয়নস ট্রফিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগেও হয়নি দলবদল। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লিগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল  ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকার বাছাই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেশ কিছু বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে কয়েকটি দলের বিশ্বকাপ খেলা নির্ধারিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবারের দুই রাউন্ড। শুক্রবার (২১ মার্চ, ২০২৫) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটার দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাছাইয়ে ব্রাজিল বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছে। প্রতিভায় পূর্ণ একটি স্কোয়াড থাকা সত্ত্বেও, তারা পয়েন্ট টেবিলের শীর্ষ তিনের বাইরে। ২০২৪ সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এবং কিছু খেলোয়াড়কে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে পৌঁছে। এসবের মাঝেই শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে সেলেসাওরা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১২ রাউন্ডের খেলা শেষে তাদের ৫ জয়ের পাশাপাশি আছে ৩টি ড্র। দরিভালের দল হেরেছে ৪ ম্যাচে। অন্যদিকে, কলম্বিয়া ভালো ছন্দেই রয়েছে। কোচ জেমস রদ্রিগুয়েজের অধীনে তারা কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছিল। যদিও আর্জেন্টিনার বিপক্ষে হারতে হয় তাদের। বিশ্বকাপ বাছাইয়েও তারা ভালো অবস্থানে আছে। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। ব্রাজিলিয়ান ভক্তরা এই আন্তর্জাতিক বিরতিতে নেইমারের জাতীয় দলে ফিরার আশা করেছিলেন। এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। এই চোটের কারণে এক বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। যদিও শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসা কিছু আশা জাগিয়েছিলেন নেইমার। তবে আবারও পেশীর চোটে পড়ায় জাতীয় দলে তার প্রত্যাবর্তনটা দীর্ঘায়িত হলো। নেইমারের অনুপস্থিতিতে দরিভাল আক্রমণভাগে রাখবেন ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনহাকে। ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোল বারের নিচে আলিসন বেকারের থাকাটা নিশ্চিত। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে ভান্ডারসন, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গুইলহেরমে আরানাকে। মধ্যমাঠে অবশ্যই থাকবেন ব্রুনো গুইমারায়েস ও জারসন। আক্রমণ ভাগে রাফিনহা, রদ্রিগো, সাভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের ২০২৫ সালের সূচি সব বড় ম্যাচে ঠাসা। শুক্রবার সকালে ঘরের মাঠ মানে গারিনচা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর, সেলেসাওরা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।