প্রধান উপদেষ্টার চীন সফর অন্যদের জন্য বার্তা: পররাষ্ট্র সচিব

প্রধান উপদেষ্টার চীন সফর অন্যদের জন্য বার্তা: পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়া অন্যদের জন্য একটি বার্তা উল্লেখ করেছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। তিনি বলেন, “এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হবে। যার মধ্যে অন্যতম মানবসম্পদ উন্নয়ন, অর্থনীতি ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি ও ক্রীড়া, গণমাধ্যম, অর্থনৈতিক অঞ্চল ও স্বাস্থ্য খাত। এছাড়া, স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা প্রকল্প ইস্যু।” মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন ও থাইল্যান্ড সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে সচিব এ কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফরকালে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়েও আলোচনা হবে। এছাড়া, দুই দেশের নদী ব্যবস্থাপনার আওতায় তিস্তা ইস্যু নিয়ে আলোচনা উঠতে পারে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, “চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আমি মনে করি, চীনকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে আমরা ধারণ করি, চীনও আমাদের ধারণ করে।” এক প্রশ্নের উত্তরে সচিব জানান, চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক কোনো এজেন্ডাভিত্তিক নয়, নদী ব্যবস্থাপনার আওতায় তিস্তা ইস্যু উঠতে পারে। “চীন সফরে রোহিঙ্গা নিয়ে মিয়ানমার ইস্যুতে চীনের ভিউ আমরা নেবো।” এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চীনের সঙ্গে আমাদের স্বাস্থ্য খাতে সহযোগিতা বেড়েছে। কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য চারটি বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। বাংলাদেশেও তারা একটি বিশেষায়িত হাসপাতাল করবে।” আগামী বুধবার (২৬ মার্চ) চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এটাই হবে প্রধান উপদেষ্টার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। চীন থেকে ফিরে আসার পর আগামী ৩ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি থাইল্যান্ড যাবেন। পররাষ্ট্র সচিব জানান, পরের দুই বছরের জন্য বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিমসটেকে ভারতের সরকারপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি-না জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ বৈঠকের জন্য প্রস্তুত আছে। ভারত থেকে ইতিবাচক সাড়ার প্রত্যাশা করা হচ্ছে।  বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে আগামী ৩ এপ্রিল প্রধান উপদেষ্টা  বিমসটেক ইয়াং জেনারেশন ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন।  সচিব বলেন, “আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানগণ বিমসটেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন এবং বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা দেবেন। বিমসটেকের আওতায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ, প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবিলায় প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনাপূর্বক শীর্ষ সম্মেলনে রাষ্ট্র বা সরকার প্রধানগণ সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণা জারি করবেন। ”তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এবারের সম্মেলন বাংলাদেশ এবং অন্যান্য বিমসটেক সদস্য রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় এবং গভীর করবে এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলন শেষে আগামী ৪ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ রফিকুল আলম।

গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ

  গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লবেলাতলা গ্রামের গরিব নারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলার নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। সংগঠন সূত্রে জানা যায়, গ্রামের ৪০ জন নারীর মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, সেমাই-চিনি ও মশলা। সংগঠনের সদস্যদের চাঁদা ও ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেনÍ সংগঠনে সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সহ-সাধারণ সম্পাদক ছবিরাণী সাহা, কোষাধ্যক্ষ মনসুরা বেগম, সদস্য ডলিয়ারা বেগম, লিপি রায়, উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।  

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুদের নতুন পোশাক ও দরিদ্র মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ কর্মসূচি পালন করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেয়া চাঁদার টাকায় কেনা হয় এসব পোশাক ও খাদ্যসামগ্রী। ১৭ জনকে পোশাক ও ৪৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- খিল সেমাই, লাচ্চা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, নুডুলস ও পাপড়। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান ও আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলঈ জ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ ও আসেফ উৎসসহ অন্যরা।  

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ নাচোলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নওগাঁ জোনের (গোমস্তাপুর, পোড়শা ও মহাদেবপুর অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রয়াসের ইউনিট-২২ নেজামপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ এবং সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সমাবেশে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সিয়াম, বুবলীর রসায়ন পুরাই মধু মধু’

‘সিয়াম, বুবলীর রসায়ন পুরাই মধু মধু’ ঈদ সামনে রেখে নতুন সিনেমা প্রচারে একে একে টিজার ও গান প্রকাশিত হচ্ছে। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে এম. রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এই জুটির ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হয়েছে শুক্রবার বিকালে। ‘এ আমার কি হলো/পাগল পাগল লাগে/হাওয়া এসে জানিয়ে দিলো এমনতো হয়নি আগে’—এমন কথামালায় সাজানো গানে দর্শক বুঁদ হয়েছেন, আর মুগ্ধতা প্রকাশ করেছেন এই জুটির রসায়ন দেখে। কেউ কেউ সিয়াম, বুবলী জুটিকে সালমান শাহ, শাবনূর জুটির সঙ্গে তুলনা করছেন। রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।  কেউ লিখেছেন, ‘‘লোকেশন, মিউজিক, লিরিক্স,গায়ক,গায়িকা,অভিনয় সব কিছু মিলে অসাধারণ।’’ আবার কেউ লিখেছেন, ‘‘এই ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে সেরা গান,ভালোবাসা ইমরান-কনা, সিয়াম-বুবলী।’’ সজীব দে নামের একজন লিখেছেন, ‘‘মনে হচ্ছে, এন্ড্রু কিশোর আর কনকচাঁপার কণ্ঠে ঠোঁট মিলিয়েছে সালমান শাহ, শাবনূর’’। শ্রাবণ আহমেদ নামের একজন লিখেছেন, ‘‘পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলি সিয়াম। গানের কথা, গায়কী, সুর লোকেশন, ২ জনের কম্বিনেশন জমে ক্ষীর।’’ এই গানের স্রষ্টা প্রিন্স মাহমুদকে নিয়ে একজন লিখেছেন, ‘‘প্রিন্স মাহমুদের গানে আলাদা শান্তি লাগে’’ এর পর একটি হার্ট সাইন যুক্ত করে দিয়েছেন তিনি। দর্শক প্রতিক্রিয়া দেখে জংলি সিনেমার কেন্দ্রীয় চরিত্র সিয়াম আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুগো শোনো’ ভালোবাসা কুড়াচ্ছে দর্শকের। এই ভালোবাসা অকল্পনীয়, এই ভালোবাসা মায়াময়।’’ উল্লেখ্য, সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

‘কন্যা’ দিয়ে প্রশংসিত সজল

‘কন্যা’ দিয়ে প্রশংসিত সজল আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন’ ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ‘জ্বীন-৩’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদকে কেন্দ্র করে ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গান ও টিজার। পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল— এমন মিষ্টি কথায় ‘কন্যা’ শিরোনামের গানটি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে রঙের আধিক্য। দৃশ্যায়নে উৎসবের ছাপ যেন জাঁকজমক করে তুলেছে চারপাশ। গানটি প্রকাশের পর প্রশংসায় মেতেছেন সবাই। এই সকলের মধ্যে সাধারণ দর্শক থেকে শুরু করে আছেন শোবিজ তারকারাও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। গানটি অনলাইনে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে আছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির সঙ্গে সাধারণ দর্শকরা নেচে নানা ভিডিও বানাচ্ছে। গানটিতে এক ভিন্ন অবতারে হাজির হয়েছেন অভিনেতা সজল। হরর সিনেমা হলেও গানটির প্রতিটি সিনে চোখে, মুখে তার রোমান্টিকতা প্রকাশ পেয়েছে। যেনো গানটির কথা ও পরিবেশের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে ছিলেন তিনি। শুধু তাই নয় নাচেও কম যাননি এই অভিনেতা। নুসরাত ফারিয়ার সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে নেচে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। অল্প সময়েই গানটি নিয়ে সবার এত ভালোবাসা পেয়ে বেশ আপ্লুত সজল।  এই অভিনেতা বলেন, ‘‘আসলে এত অল্প সময়ে দর্শকদের এতো এতো ভালোবাসা পাবো গানটি দিয়ে তা বুঝতে পারিনি। আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন ছবিটি সবাই মিলে দলবলে হলে গিয়ে ছবিটি দেখে ভালো-মন্দ মতামত দিবেন।’’প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পায় ‘জ্বীন’। সেটির সাফল্যে পরের বছর আসে এর দ্বিতীয় কিস্তি ‘মোনা : জ্বীন-২’। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে আসছে ‘জ্বীন ৩’। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় উরুগুয়ের মাঠে আর্জেন্টিনাকে লড়াই করতে হয়েছে বেশ। জালের খোঁজে থাকতে হয়েছে লম্বা সময় ধরে। বিরতির পর ত্রাতা হয়ে আসলেন থিয়াগো আলমাদা। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।বিশ্বকাপ বাছাইপর্বে আজ সকালে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বিরতির পর একমাত্র গোলটি করেন আলমাদা। এতে বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। আগামী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট আদায় করতে পারলেই বিশ্বকাপে যাবে তারা। লিওনেলে মেসি ছাড়া উরুগুয়ের মাঠে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন পারেদেস। তবে সেটি সফল হয়নি। ৩৩তম মিনিটে সুযোগ পায় উরুগুয়ে। তবে জর্জিয়ান দে আরকায়েস্তার দ্রুতগতির শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। বিরতির পর ৪৮তম মিনিটে এগিয়ে যেতে পারত বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আলমাদার শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। তিন মিনিট পর ফেদে ভালভার্দে শট নেন। তবে সেটিও প্রতিহত হয়। ৬৮তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন আলমাদা। হুলিয়ান আলভারেস থেকে পাওয়া বল দারুণ শটে জালে পাঠান তিনি। পরে আর কেউ ভালো সুযোগ তৈরি করতে পারেনি। যোগ করা সময়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।   ১৩ ম‍্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে।

আলিসনকে হারাল ব্রাজিল

আলিসনকে হারাল ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার। ব্রাজিল থেকে তাই তিনি ফিরে গেছেন লিভারপুলে। এদিকে চোটের কারণে নেই এদারসনও। অভিজ্ঞ দুই গোলরক্ষককে হারিয়ে বিপদেই পড়েছে ব্রাজিল।  বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। দুজনকেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় কিছু সময়। পরে চিকিৎসকরা এসে দেখভাল করেন। সানচেস স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও আলিসন শুশ্রুষা নিয়ে হেঁটে মাঠ ছাড়েন। ম্যাচের পর জানা যায় আলিসনের চোট কতখানি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন। ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।

এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

এবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন। গত ডিসেম্বরের পর এই প্রথম বৈরুত থেকে ইসরায়েলের মেটুলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে।  শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।  ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ মার্চ) লেবাননের দিক থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি রকেট সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বাকি দুটি লেবাননের ভেতরেই পড়ে গেছে। তবে রকেট হামলার জন্য হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করেনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেটুলায় রকেট হামলার পর আইডিএফ দক্ষিণ লেবাননের বিরুদ্ধে কামানের গোলাবর্ষণ করে জবাব দিচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, “আমরা লেবানন থেকে গ্যালিলি সম্প্রদায়ের ওপর গুলি চালাতে দিতে পারি না। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে হামলার জন্য দায়ী। আমি সেনাবাহিনীকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি। আইডিএফ আরো জানিয়েছে, একই দিনে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর বলছে, এই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।  হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে বলেছেন, তাদের গোষ্ঠী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে আগের মতোই সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ক্রমবর্ধমান সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, লেবানন ও ইয়েমেন থেকে আসা হামলা ইসরায়েল ও তার বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।

দাম কমাতে তুরস্ক-দ. কোরিয়া থেকে ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র

দাম কমাতে তুরস্ক-দ. কোরিয়া থেকে ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ডিমের দাম অনেকটা বেড়ে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই হইচই চলছে। আর এবার পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।  শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ট্রাম্প প্রশাসন তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে এবং আমেরিকান ভোক্তাদের জন্য ডিমের দাম হাতের নাগালে রাখতে অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা চলছে। দেশটির কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স শুক্রবার (২১ মার্চ) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা স্বল্পমেয়াদে লাখ লাখ ডিম আমদানির কথা বলছি। বার্ড ফ্লুর বিধ্বংসী প্রাদুর্ভাবের কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ডিমের উৎপাদন হ্রাস পেয়েছে এবং সেখানে ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে সেখানে চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য রাখা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন এই খাতে সম্প্রতি ১ বিলিয়ন ডলার বাজেট ঘোষণার দেওয়ার পর, এবার ডিম আমদানিরও ঘোষণা দিলো।  প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দাম কমানোর প্রতিশ্রুতি সত্ত্বেও, গত এক বছরে ডিমের দাম ৬৫ শতাংশেরও বেশি বেড়েছে এবং ২০২৫ সালে এটি ৪১ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী রোলিন্স বলেছেন, তার দপ্তর নতুন সরবরাহ নিশ্চিত করার জন্য অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করছে। তবে কোন দেশগুলো তা নির্দিষ্ট করে তিনি বলেননি। পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার পোল্ট্রি সমিতিগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ডিম রপ্তানির বিষয়ে মার্কিন দূতাবাসগুলোও তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ফেব্রুয়ারিতে, মার্কিন কৃষি বিভাগ ডিমের দাম মোকাবেলায় ১ বিলিয়ন ডলারের একটি পাঁচ-দফা পরিকল্পনা ঘোষণা করেছে, যার বাজেট জৈব নিরাপত্তা ব্যবস্থার জন্য ৫০০ মিলিয়ন ডলার, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার এবং কৃষকদের আর্থিক ত্রাণ কর্মসূচির জন্য ৪০০ মিলিয়ন ডলার। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বাণিজ্যিক ডিম খামারগুলোকে বিনামূল্যে প্রশিক্ষণ ও পরামর্শ পরিষেবা দেবে। বার্ড ফ্লুর বিস্তার রোধে দুর্বলতা মোকাবেলায় খরচের ৭৫ শতাংশ পর্যন্ত সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে সেখানে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পর ১৬ কোটি ২০ লাখ মুরগী, টার্কি এবং অন্যান্য পাখি নিধন করা হয়। যার ফলে ডিসেম্বর দাম আকাশছোঁয়া হয়ে গেছে। গত বছর ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলতি মাসের শুরুতে কংগ্রেসে ট্রাম্প তার প্রথম ভাষণে পূর্বসূরী জো বাইডেনকে ডিমের দাম বৃদ্ধির জন্য দায়ী করেন। ট্রাম্প দাবি করেন, “বিশেষ করে জো বাইডেন ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিয়েছিলেন। আমরা দাম কমাতে কঠোর পরিশ্রম করছি।”